রবীন্দ্র সংগীতশিল্পী সাদী মোহাম্মদ আর নেই

চন্দ্রদীপ ডেস্ক : কিংবদন্তি রবীন্দ্র সংগীতশিল্পী সাদী মোহাম্মদ আর নেই। আজ বুধবার রাতে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে তিনি স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিয়েছেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদমাধ্যমকে সাদী মোহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী ও শিল্পীর পারিবারিক বন্ধু শামীম আরা নীপা।

নীপা বলেন, আমরা খবর পেয়ে মাত্র বাসায় এসেছি। পরে বিস্তারিত জানাতে পারব।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, সাদী মোহাম্মদ রবীন্দ্রসঙ্গীতের ওপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়। এছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল আই। ২০১৫ সালে বাংলা একাডেমি তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে।

১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি তার বাবা সলিমউল্লাহকে হত্যা করে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। সাদী মোহাম্মদের ভাই শিবলী মোহাম্মদ একজন নৃত্যশিল্পী।




ডিএনএ রিপোর্টে শনাক্ত হলো অভিশ্রুতির পরিচয়

চন্দ্রদীপ ডেস্ক : রাজধানীর বেইলি রোডের ভয়াবহ আগুনে নিহত গণমাধ্যমকর্মী অভিশ্রুতি শাস্ত্রি ওরফে বৃষ্টি খাতুনের পরিচয় শনাক্ত হয়েছে। ডিএনএ পরীক্ষা প্রতিবেদনে বেরিয়ে এসেছে তার বাবা সবুজ শেখ ওরফে শাবলুল আলম এবং মা বিউটি খাতুন।

শনিবার (৯ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ফরেনসিক ল্যাবে তার পরিচয় শনাক্ত হয়। রোববার (১০ মার্চ) সিআইডি থেকে ওই প্রতিবেদন থানায় পাঠানো হয়েছে।

সিআইডি ডিআইজি (ফরেনসিক) এ কে এম নাহিদুল ইসলাম বলেন, অভিশ্রুতি ওরফে বৃষ্টি খাতুনের বাবা-মা দাবিদার সবুজ শেখ ও বিউটি খাতুনের কাছ থেকে ডিএনএ নমুন সংগ্রহ করা হয়েছিল। পাশাপাশি নিহত নারীর মৃতদেহ থেকেও ডিএনএ নমুনা নেওয়া হয়। তা সিআইডি ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে, অভিশ্রুতি বা বৃষ্টির বাবা সবুজ শেখ ও মা বিউটি খাতুন।

ডিআইজি নাহিদুল বলেন, রোববার ওই ডিএনএ প্রতিবেদনে স্বাক্ষর করে তা থানায় তদন্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। মরদেহ বাবা-মা দাবিদারের কাছে হস্তান্তরের জন্য বলা হয়েছে।

২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের নিহত ৪৬ জনের মধ্যে একজন এই বৃষ্টি খাতুন। বৃষ্টি তার বন্ধু ও সহকর্মীদের কাছে অভিশ্রুত শাস্ত্রি নামে পরিচিত ছিলেন। কিন্তু অভিশ্রুতি শাস্ত্রি নামে নিজেকে পরিচয় দেওয়ার কারণে তার তার লাশ হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয়। মৃত্যুর পর মন্দিরের পুরোহিত তাকে নিজেদের ধর্মালম্বী দাবি করেন। উল্টোদিকে সবুজ শেখ ও বিউটি খাতুন বাবা-মা দাবি করে জানান, নিহত তরুণী অভিশ্রুতি নয়, তার নাম বৃষ্টি খাতুন। বৃষ্টি তাদের সন্তান। এমন পরিস্থিতিতে পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয় পুলিশ।

বৃষ্টির গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রাম গ্রামের প‌শ্চিমপাড়ায়। কলেজের সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রেও অভিশ্রুতি শাস্ত্রীর নাম বৃষ্টি খাতুন। তবে তার বন্ধু সহকর্মীরা জানতেন তার নাম অভিশ্রুতি। মৃত্যুর পর এই নাম নিয়েই ঝামেলা হয়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলামের ডিএনএ পরীক্ষাতেও তার পরিচয় শনাক্ত হয়েছে।




হয়রানিমূলক কারাদন্ডাদেশ’র নিন্দা, দুমকিতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

পটুয়াখালী প্রতিনিধি : তথ্য চাওয়ায় শেরপুরের নকলা উপজেলার দৈনিক দেশ রূপান্তর’র সাংবাদিক শফিউজ্জামান রানা’কে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬মাসের কারাদন্ড দেয়ার প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীর দুমকিতে প্রতিবাদ সমাবেশ করেছেন গণমাধ্যমকর্মীরা।

রবিবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব দুমকির সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মোঃ হারুন অর রশীদ মৃধার সভাপতিত্বে ও দেশ রূপান্তর প্রতিনিধি মোহাম্মাদ মজিবুর রহমানের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জনকন্ঠ প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ টিভি সাংবাদিক মোঃ মিজানুর রহমান, মানবকন্ঠ প্রতিনিধি সৈয়দ আতিকুল ইসলাম, পর্যবেক্ষন প্রতিনিধি মোঃ সুমন মৃধা, কালবেলা প্রতিনিধি মোঃ রাজিবুল ইসলাম রন্টি প্রমূখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, অনিয়মের তথ্য চাইতে গেলেই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়াসহ নানা ধরণের হয়রানি করা হচ্ছে।অবিলম্বে সাংবাদিক রানা’র বিরুদ্ধে দায়ের করাা মিথ্যা মামলা প্রত্যাহার করে রানা’র নি:শর্ত মুক্তি দাবি করেছেন।সেই সাথে সাংবাদিকরা বিচার বিভাগীয় তদন্ত করে দোষিদের শাস্তি দাবি করেছেন। না হলে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী করে দেওয়া হয়।




প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আর নেই

চন্দ্রদীপ নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব  ইমরুল কায়েস যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

ইহসানুল করিমকে ২০১৫ সালের ১৫ জুন প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগের মেয়াদ ২০১৬ সালের ১৬ জুন তিন বছরের জন্য বাড়ানো হয়।

২০১৯ সালের ১৮ জুন আরও তিনবছর তার নিয়োগের মেয়াদে বাড়ানো হয়। সর্বশেষ ২০২২ সালের জুনে আরও একদফায় তার নিয়োগের মেয়াদ দুবছরের জন্যে বাড়ানো হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে, তিনি রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০৯-২০১৩ সালে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাসসে তিনি ১৯৭২ সালে স্টাফ রিপোর্টার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

ইহসানুল করিম তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিবিসি (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন) ও পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া)-সহ কয়েকটি বিদেশী সংবাদ মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) সদস্য হিসেবে দেশের পশ্চিমাঞ্চলের রণাঙ্গনে যুদ্ধ করেন।

ইহসানুল করিম কুষ্টিয়া জেলার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম ডিগ্রি লাভ করেন।

তিনি বাসসের নয়াদিল্লি সংবাদদাতা হিসেবে ভারতে পাঁচ বছর কাজ করেন।

ইহসানুল করিমের সহধর্মিণীর নাম মমতাজ শিরিন করিম। তাদের এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে।




সাংবাদিককে কারাদণ্ড: সুষ্ঠু তদন্তের ওপর জোর তথ্য প্রতিমন্ত্রীর

চন্দ্রদীপ নিউজ: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দৈনিক দেশ রুপান্তরের শেরপুর জেলার নকলা উপজেলা সংবাদদাতা শফিউর রহমান রানাকে কারাদণ্ড প্রদানের ঘটনার সুষ্ঠু তদন্তের ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। পাশাপাশি তিনি বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রধান তথ্য কমিশনার মো. আব্দুল মালেকের সঙ্গে কথা বলেন এবং বিষয়টির খোঁজ-খবর নেন। এ সময় ঘটনাটির সুষ্ঠু তদন্তের ওপর জোর দেন প্রতিমন্ত্রী।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ঘটনাটির খোঁজ নিলে প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রীকে জানান, তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী উক্ত বিষয়ে তদন্তের জন্য তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ১০ মার্চ শেরপুর জেলার নকলা উপজেলা ও সংশ্লিষ্ট এলাকায় যাবেন। আগামীকাল সোমবার (১১ মার্চ) তথ্য কমিশনে তার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে বলে প্রতিমন্ত্রীকে অবহিত করেন প্রধান তথ্য কমিশনার।

এর আগে গত ৭ মার্চ একটি জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায় ‘তথ্য চেয়ে আবেদন করে দেশ রুপান্তরের সাংবাদিক জেলে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তথ্য কমিশন থেকে তথ্য অধিকার আইনের ২৫(৫) ধারা অনুযায়ী বিষয়টি তদন্তের জন্য তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুককে দায়িত্ব দেওয়া হয়।

প্রকাশিত সংবাদে বলা হয়, শেরপুর জেলার নকলা উপজেলার দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা শফিউজ্জামান রানা একই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করার কারণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।




ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

চন্দ্রদীপ নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির নির্বাচন শুক্রবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান রনি।

ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যম ব্যক্তিত্ব অধ্যাপক ড. গোলাম রহমান।

কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কবীর মাহমুদ, ইসলামী ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট কামাল উদ্দীন জসিম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্যসচিব মানস ঘোষ ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক গিয়াস উদ্দিন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক হাসান উল্ল্যাহ খান রানা, আরটিভির সংবাদ উপস্থাপক শারমিন ইফফাত শামস তুলি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। সাংগঠনিক সম্পাদক পদে শাকিল হাসান নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, কোষাধ্যক্ষ বিবিসি বাংলার সাংবাদিক রাকিব হাসনাত সুমন, প্রকাশনা সম্পাদক ঢাবির যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন শারমিন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক উন্নয়নকর্মী মোস্তফা মোহাম্মদ তাহান, যোগাযোগ সম্পাদক ডেইলি সানের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান ও দপ্তর সম্পাদক তারেক হাসান নির্ঝর।

এ ছাড়া ১৫ জনের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—তরিকুল ইসলাম খান রবিন, মো. আলী আসিফ শাওন, মহিউদ্দিন মুজাহিদ মাহী, মুহাম্মদ জাহিদুল ইসলাম (সজল জাহিদ), কে এম শাখাওয়াত মুন, নাজমুল আলম নবীন, মাজহারুল আনোয়ার খান শিপু, লোপা হোসাইন, শওকত আহমেদ ফরিদী, রেজা ফরহাদ, শারমিন আখতার, মাসউদ বিন আবদুর রাজ্জাক, আমিনা ইসলাম, রফিকুল ইসলাম এবং অলিউর রহমান।

অন্যান্য নির্বাচন কমিশনাররা হলেন সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি কাজি রওনাক হোসেন, বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান এবং সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।




হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১১টায় কলাপাড়া ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকতা (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রাহমন।

এসময় বাংলাদেশ প্রেস কাউন্সিল এর অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা হলুদ সাংবাদিকতা থেকে উত্তরণের বিষয় ও সাংবাদিকতার নানান প্রতিবন্ধকতা নিয়ে প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম এর নিকট তুলে ধরেন।

 




অধিকার আদায়ের আন্দোলনে বরিশালের নারী সমাজের অগ্রণী ভূমিকা ছিল

বরিশাল অফিস:: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির বলেছেন, ভাষা আন্দোলনসহ প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে বরিশালের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আর এদের মধ্যে অগ্রণী ভূমিকায় ছিল বরিশালের নারী সমাজ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে তিন দিনব্যাপী ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারি শুধুমাত্র ভাষা আন্দোলনের জন্য বাঙালি জাতীয় জীবনে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ নয়; বরং একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা আন্দোলনেরও সূতিকা ঘর।

ভাষা আন্দোলন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে আমাদের তরুণ সমাজের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে দেশের এ ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সন্তানদের কীভাবে গড়ে তুলবো সেটা আমাদেরই ভাবতে হবে। মাতৃভাষা ও দেশকে ভালোবাসার বিষয়ে তাদের প্রলুব্ধ করতে হবে। মা, মাতৃভাষা ও মাতৃভূমি তিনটি শব্দের শুরুই মা দিয়েই। আমরা মাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি। আমি যেখানে জন্ম নিয়েছি সেই দেশটাকে আমার ভালোবাসতে হবে, সম্মান করতে হবে এবং শ্রদ্ধা করতে হবে। সেই সঙ্গে যে ভাষায় আমি কথা বলছি তাকেও একইভাবে ভালোবেসে সম্মান ও শ্রদ্ধা করতে হবে।

এ সময় তিনি বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বাটি-প্লেট না দিয়ে উপহার হিসেবে বই দেওয়ার আহ্বান জানান। আর এ কাজে বরিশাল রিপোর্টার্স ইউনিটিসহ সংবাদকর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কবি অরুপ তারুকদার ও তপংকর চক্রবর্তীকে সংবর্ধনা স্মারক দেওয়া হয়। এছাড়া মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পরে তিনি প্রদর্শনী ঘুরে দেখেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে তিনি বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম প্রমুখ।




কলাপাড়ায় শ্রমিক লীগ নেতা জুয়েলকে হত্যার পর সদস্যদের গৃহছাড়া

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিক লীগের সহ-সভাপতি জুয়েল প্যাদাকে হত্যার পর তার ও স্বজনের চারটি পরিবারের সদস্যদের গৃহছাড়া করেছে মামলার আসামিরা। মামলার আসামিরা জামিনে এসে এখন মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে দুটি বাড়ি কুপিয়ে সব মালামাল তছনছ করে। চারটি বাড়ির মালামাল ও পুকুরের মাছ পর্যন্ত লুট করে নেয়।

কলাপাড়া থানা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গত ১৭ ফেব্রুয়ারি রাতে খোকন ও তুহিন প্যাদার ঘরে কুপিয়ে তছনছ করে মালামাল লুট করলেনও পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি।
এর আগে জুয়েলের স্বজন সিদ্দিকুর রহমান, খোকন, তুহিন ও মধুর ঘরে হামলা করে মালামাল লুট করে নেয়।

আজ (সোমবার) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত জুয়েল প্যাদার স্ত্রী মনিরা বেগম তাদের পরিবারের উপর ঘটে যাওয়া এ নির্যাতনের কথা জানান।

তিনি বলেন, জুয়েল হত্যা মামলার আসামী মিজানুর রহমান, বশির চৌকিদার, সোহেল হাওলাদার, দেলোয়ার মৃধা, শিপন চৌকিদার, ইদ্রিস প্যাদার নেতৃত্ব সন্ত্রাসীরা এ হামলা ও লুটপাট চালায়। তাদের নির্যাতনে চারটি পরিবারের ১৯ সদস্য ঘরবাড়ি ছেড়ে জীবন বাঁচাতে এখন কলাপাড়া ও চট্টগ্রামে অবস্থান নিয়েছে।

তাদের আর্তি দফায় দফায় এ হামলা ও লুটপাট চললেও পুলিশ এখন পর্যন্ত ঘটনাস্থলে যায়নি। থানায় অভিযোগ দায়ের করতে এলেও তারা অভিযোগ গ্রহণ করেনি। জুয়েলের মতো তারাও এখন জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন বলে জানান।

এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আলী আহমেদ জানান, বসত ঘরে হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। আর এ বিষয়ে এখনও থানায় অভিযোগ দায়ের হয়নি বলে জানান।




যুক্তরাষ্ট্রে সাংবাদিক ইলিয়াস গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় রোববার নিউইয়র্কের অদূরে একটি দ্বীপ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জ্যামাইকার ১১৩ প্রেসেন্ট হাজতে নেওয়া হয়েছে। সোমবার ইলিয়াসকে জামিনের জন্য আদালতে তোলা হবে।

পুলিশের ডিটেকটিভ ব্রায়ান গ্রানশো জানান, নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় ভিডিও করার পর থেকে তাঁর খোঁজ শুরু করে পুলিশ। পরে ফোন ট্র্যাকিং করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সম্প্রতি মামলার বাদীর বাড়িতে বোমা হামলার হুমকিসহ আদালত অবমাননার অভিযোগে ইলিয়াসের নামে হুলিয়া (পলাতক আসামিকে হাজিরের নোটিশ) জারি করে পুলিশ। অনলাইন অ্যাক্টিভিস্ট মিল্টন জ্যাকব ও প্রিমা রব্বনীর করা মামলায় ১ ফেব্রুয়ারি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাঁকে আটক করা হয়। তবে ছেড়ে দেওয়া হয় ছয় ঘণ্টা পর।

অভিযোগ রয়েছে, ২০ জানুয়ারি দুপুরে মামলার বাদী মিল্টন জ্যাকবকে ফোন করে তার বাড়িতে বোমা নিয়ে আসবেন বলে হুমকি দেন ইলিয়াস। জ্যাকব মিল্টন ও প্রিমা রব্বনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেন ইলিয়াস, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ধানমন্ডি থানায় পালিয়ে থাকা সাংবাদিক ইলিয়াস ও বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন।