এক সঙ্গে তিন ছেলে, দুশ্চিন্তায় দিনমজুর বাবা

একদিকে নতুন প্রাণের আগমনে খুশি, অন্যদিকে সংসারের ব্যয় সামলাতে দুশ্চিন্তায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক গরিব দম্পতি। দিনমজুর অলি মিয়ার স্ত্রী হাছেনা বেগম একসঙ্গে তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আগেই তাদের তিন ছেলে রয়েছে।
রবিবার (২৯ জুন) রাতে কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের হলিটাচ মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতালে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে হাছেনা বেগম (৩২) তিন নবজাতকের জন্ম দেন। চিকিৎসকরা জানান, মা ও সন্তানরা সুস্থ রয়েছেন।
হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. শফিকুল ইসলাম বলেন, “সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নিরাপদে প্রসব করানো হয়েছে। মা ও তিন নবজাতক সবাই ভালো আছেন।”
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল আলম জানান, “একসঙ্গে তিন সন্তানের জন্ম আমাদের হাসপাতালের জন্যও একটি ব্যতিক্রমী ঘটনা। আমরা তাদের যতটা সম্ভব সহযোগিতা করছি।”
তবে খুশির পাশাপাশি দুশ্চিন্তাও ঘিরে ধরেছে পরিবারটিকে। পেশায় দিনমজুর অলি মিয়া বলেন, “একদিকে আনন্দ, কিন্তু অন্যদিকে চিন্তা থামছে না। আগে থেকেই তিন সন্তান, এখন নতুন করে আরও তিন জন। দিন আনি দিন খাই, খরচ সামলানো কঠিন হয়ে যাচ্ছে।”
হাছেনার শাশুড়ি আওলিয়া বেগম বলেন, “আল্লাহর রহমতে তিন নাতি পেয়েছি। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে আমার ছেলে অন্যের বাড়িতে খেটে সংসার চালায়। এখন তার কাঁধে চাপ আরও বেড়ে গেল।”
স্থানীয় প্রশাসন কিংবা সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে এই দরিদ্র পরিবারের মুখে কিছুটা হলেও হাসি ফোটতে পারে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম







