বাংলাদেশ কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না: মাহফুজ আলম

বাংলাদেশ কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (২৭ নভেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন। পোস্টে তিনি চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আইনি সহিংসতায় আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলেন।

মাহফুজ আলম বলেন, “হঠকারিতা, নেতিবাচকতা ও ভাঙনের মানসিকতা থেকে বের হয়ে আমাদের সৃজনশীল ও ইতিবাচক মানসিকতায় এ রাষ্ট্রকে গড়তে হবে। এ রাষ্ট্র পরিগঠন করলেই কেবল শহিদ আলিফের শাহাদাতসহ শহিদানদের রক্তের মূল্য হতে পারে।”

পোস্টে তিনি ছাত্র-জনতাকে অভিবাদন জানিয়ে বলেন, “দায়িত্ব ও দরদের নজির দেখিয়ে আপনারা বাংলাদেশকে গর্বিত করেছেন। বাংলাদেশ আর কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না। ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমাদের ব্যক্তি ও সমষ্টির ‘শক্তি’ সাধনায় দরদি ও দায়িত্ববান হয়ে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা মোক্ষ। আমাদের এই অভ্যন্তরীণ শক্তি যেকোনো বহিঃশত্রুকে পরাজিত করবে। আমরা আর উপনিবেশযোগ্য (Colonizable) হবো না।”

দেশের ‘প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের’ ‘বিশেষ ধন্যবাদ’ প্রাপ্য উল্লেখ করে মাহফুজ আলম লিখেছেন, “আপনারা এ গণঅভ্যুত্থানের পক্ষে বাঙালি মুসলমানকে দায়িত্বশীল আচরণে অনুপ্রাণিত করেছেন। ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আপনাদের আজ ও আগামীর প্রাজ্ঞ উদ্যোগ বাংলাদেশ রাষ্ট্রে আপনাদের ইজ্জত ও শরিকানা নিশ্চিত করবে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ওজন কমাতে ফলের স্মার্ট পছন্দ

ওজন কমানো এবং পুষ্টি পাওয়ার সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত ফল খাওয়া। ফলে থাকা উচ্চ ফাইবার, কম ক্যালোরি এবং পুষ্টি উপাদানগুলো ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলকে সুষম খাদ্যের অংশ বানিয়ে ফিটনেস বজায় রাখা যায়। আসুন জেনে নিই এমন কিছু ফল, যেগুলো আপনার ওজন কমানোর সঙ্গী হতে পারে—

পেয়ারা
ফাইবার, ভিটামিন সি এবং পটাসিয়াম সমৃদ্ধ পেয়ারা ওজন কমাতে দারুণ সহায়ক। প্রতি ১০০ গ্রামে এটি মাত্র ৬৮ ক্যালোরি সরবরাহ করে। এর উচ্চ ফাইবার ক্ষুধা কমায় এবং অতিরিক্ত খাওয়া রোধ করে। সকালে বা দুপুরের নাস্তায় এক চিমটি বিট লবণ দিয়ে কাঁচা পেয়ারা খেলে বেশি উপকার পাওয়া যায়।

পেঁপে
পেঁপেতে ক্যালোরি কম (১০০ গ্রামে ৪৩ ক্যালোরি) এবং পাপাইন এনজাইম হজমে সহায়তা করে। এর ফাইবার এবং পানির মাত্রা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। সকালের নাস্তায় পেঁপে খান বা খাবারের পরে মিষ্টি হিসেবে তাজা টুকরো খেতে পারেন। স্মুদিতেও এটি যোগ করা যায়।

তরমুজ
৯০ শতাংশ পানি দিয়ে তৈরি তরমুজ হাইড্রেশন বাড়ায় এবং কম ক্যালোরি গ্রহণে সাহায্য করে। প্রতি ১০০ গ্রামে মাত্র ৩০ ক্যালোরি সরবরাহ করা তরমুজে থাকা সিট্রুলাইন ফ্যাট মেটাবলিজম বাড়ায়। এটি প্রাক-লাঞ্চ স্ন্যাক হিসেবে আদর্শ। তরমুজের রস বানিয়ে খেতে পারেন, তবে চিনি যোগ করা থেকে বিরত থাকুন।

আপেল
প্রতি ১০০ গ্রামে ৫২ ক্যালোরি রয়েছে এমন আপেল ফাইবারে সমৃদ্ধ। এটি ক্ষুধা নিবারণ করে এবং অতিরিক্ত স্ন্যাকিং এড়াতে সহায়তা করে। সকালে বা সন্ধ্যায় একটি আপেল খান। কাঁচা খাওয়ার পাশাপাশি ওটমিল বা দইয়ের সঙ্গে আপেল স্লাইস যোগ করেও খেতে পারেন।

কমলা
কমলায় প্রতি ১০০ গ্রামে ৪৭ ক্যালোরি থাকে এবং এটি ভিটামিন সি, পটাসিয়াম ও ফাইবারের চমৎকার উৎস। কমলা পরিপূর্ণ রাখে এবং চর্বি পোড়াতে সহায়ক। সকালের বা বিকেলের নাস্তায় এটি খান। তাজা কমলার রস খেতে পারেন, তবে চিনি মেশাবেন না।

ওজন কমানোর জন্য ফল হলো একটি স্বাস্থ্যকর, টেকসই এবং পুষ্টিকর পছন্দ। সঠিক সময়ে ও সঠিক উপায়ে ফল খাওয়া আপনার ফিটনেস যাত্রাকে সহজ করতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মাতৃত্বে প্রথমবার: শিশুর যত্নে করণীয়

প্রতিটি নারীর জন্য মাতৃত্ব একটি আবেগময় অধ্যায়। বিশেষত, প্রথমবার মা হলে সেই আনন্দ ও দায়িত্বের অনুভূতি দ্বিগুণ হয়ে যায়। তবে নবজাতকের সঠিক যত্নের অভাবে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সমস্যা দেখা দিতে পারে। তাই নতুন মায়েদের কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

শিশুর যত্নে যে বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে:

প্রথমত, নবজাতকের চোখে কাজল লাগানো এড়িয়ে চলুন। বিশেষজ্ঞরা বলছেন, কাজল শিশুর চোখের টিয়ার নালি আটকে দিতে পারে এবং ধুলো-ময়লা জমিয়ে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। তাই এই অভ্যাস থেকে বিরত থাকুন।

ছয় মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ান। বুকের দুধ শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করে। তবে যদি দুধ উৎপাদনে সমস্যা হয় বা শিশুর হজমে অসুবিধা হয়, তবে চিকিৎসকের পরামর্শ নিন।

শিশুর ত্বক সংবেদনশীল হওয়ায় দীর্ঘ সময় ডায়াপার ব্যবহার না করাই ভালো। এর বদলে তুলো বা নরম কাপড়ের ন্যাপি ব্যবহার করুন। ত্বক ফুসকুড়ি থেকে বাঁচাতে কয়েক ঘণ্টা পরপর ডায়াপার পরিবর্তন করুন।

নবজাতকের জন্য ব্যবহৃত শ্যাম্পু, লোশন, বডি অয়েল ইত্যাদি পণ্য খুব সাবধানে নির্বাচন করুন। কেনার আগে মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং উপাদান পরীক্ষা করুন। প্রাকৃতিক উপাদানযুক্ত পণ্য ব্যবহার করাই ভালো।

শিশুর যত্নে আরও কিছু বিষয় গুরুত্বপূর্ণ। নবজাতককে স্পর্শ করার আগে হাত ভালোভাবে পরিষ্কার করুন। ঠান্ডা থেকে সুরক্ষার ব্যবস্থা নিন। শিশুর কান্নার কারণ শনাক্ত করার চেষ্টা করুন এবং খাওয়ানোর পরে পিঠে হালকাভাবে চাপ দিন, যাতে শিশুর আরাম হয়।

নতুন মায়েদের জন্য এই ছোট ছোট বিষয়গুলির যত্ন নেওয়া খুবই প্রয়োজনীয়। সঠিক যত্নই শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



লবঙ্গ: মুখের দুর্গন্ধ ও মাড়ির সমস্যার প্রাকৃতিক সমাধান

মুখের দুর্গন্ধ বা মাড়ির সমস্যার কারণে অনেকেই অস্বস্তিতে পড়েন। এর সহজ সমাধান হতে পারে পরিচিত মসলা লবঙ্গ। এটি শুধু রান্নার স্বাদ বাড়ায় না, পাশাপাশি প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে।

মুখের দুর্গন্ধ দূর করে

লবঙ্গের ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান মুখের দুর্গন্ধ দূর করতে কার্যকর। কয়েকটি লবঙ্গ চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ কমে যায় এবং মুখের স্বাস্থ্য ভালো থাকে। এটি নিয়মিত ব্যবহার করলে মুখে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ হয়।

মাড়ির সমস্যায় উপকারী

দাঁতের মাড়ির যন্ত্রণা বা ক্ষয়রোধে লবঙ্গ অত্যন্ত কার্যকর। মাড়ি থেকে রক্ত পড়া বা যন্ত্রণা হলে কয়েকটি লবঙ্গ চিবিয়ে খেলে উপশম হয়। এছাড়া লবঙ্গের তেলও দাঁতের যন্ত্রণায় ব্যবহার করা যেতে পারে।

হজম শক্তি উন্নত করে

হজমের সমস্যা থেকেও মুখে দুর্গন্ধ হতে পারে। লবঙ্গ হজমে সহায়ক এনজাইম ক্ষরণ করে এবং গ্যাস, পেট ফাঁপা দূর করতে সাহায্য করে। নিয়মিত লবঙ্গ চা পান করলে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

পুষ্টিবিদের পরামর্শ:

মুখের দুর্গন্ধ বা মাড়ির সমস্যায় দ্রুত সমাধানের জন্য লবঙ্গ একটি সহজলভ্য উপায়।

লবঙ্গ তেল প্রয়োগের সময় সরাসরি মাড়িতে লাগানোর আগে পেশাদার পরামর্শ নেওয়া ভালো।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ভাত খাওয়ার নিয়ম: ওজন নিয়ন্ত্রণের সহজ উপায়

বেশিরভাগ মানুষ মনে করেন, ভাত খেলে ওজন বেড়ে যায়। ফলে যারা ওজন কমাতে চান, তারা ডায়েট থেকে ভাত বাদ দেন। কিন্তু পুষ্টিবিদেরা বলছেন, পরিমাণমতো ভাত খেলে ওজন বাড়ার ভয় নেই। ভাতে রয়েছে আয়রন, ফাইবার, প্রোটিন এবং সামান্য ফ্যাট। এটি প্রোবায়োটিক হিসেবে কাজ করে এবং ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে।

ভাত হজমের জন্য অত্যন্ত উপকারী। তবে অতিরিক্ত ভাত খেলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এজন্য ভাত খাওয়ার নিয়ম জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সঠিক নিয়মে ভাত খাওয়ার পদ্ধতি

১. কার্বোহাইড্রেটের ভারসাম্য বজায় রাখুন:
ভারসাম্যপূর্ণ ডায়েটে ভাত বা রুটির মতো কার্বোহাইড্রেটযুক্ত খাবার রাখা উচিত। সকাল এবং দুপুরে ভাত খাওয়া যেতে পারে। তবে ওজন কমাতে চাইলে রাতে ভাত এড়িয়ে চলুন।

২. বয়সভিত্তিক পরিমাণ ঠিক করুন:

১৭-৩০ বছর বয়সে: আড়াই থেকে তিন কাপ ভাত পুষ্টির জন্য যথেষ্ট।

৩৬ বছরের বেশি হলে: সারাদিনে আড়াই কাপের বেশি ভাত না খাওয়াই ভালো।

৪২ বছরের পর: দিনে দুই কাপ ভাত খাওয়াই যথেষ্ট।

৩. প্রোটিনের সঙ্গে মিল রাখুন:
ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম, সয়া, ডাল বা পনিরের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার যোগ করুন। এতে পুষ্টি নিশ্চিত হবে।

4. ফাইবারযুক্ত শাক-সবজি খান:
ভাতের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ শাক-সবজি খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

পুষ্টিবিদের পরামর্শ

পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান পুষ্টিবিদ নিশাত শারমিন বলেন, “ভাত খাওয়ার অন্তত ২০ মিনিট পরে পানি পান করুন। এতে হজমশক্তি উন্নত হয়। খাবারের মাঝে প্রয়োজন ছাড়া অতিরিক্ত পানি পান করবেন না।”

ভাত সঠিক নিয়মে এবং পরিমিত পরিমাণে খেলে এটি শরীরের জন্য উপকারী হতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



খারাপ বসের অধীনে কাজ: কর্মজীবনে বিপদ

চাকরিজীবনে একজন খারাপ বসের অধীনে কাজ করার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এই অভিজ্ঞতা কেবল কর্মক্ষেত্রেই নয়, ব্যক্তিগত জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে। একজন খারাপ বস সাধারণত কর্মীদের কাজের প্রশংসা করেন না এবং অনেক সময় তাদের সাফল্যের কৃতিত্ব নিজের বলে দাবি করেন। নেতৃত্ব উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল অর্থ ব্যয় হলেও কর্মক্ষেত্রে এখনও খারাপ বসের অধীনে কাজ করতে হয় বহু কর্মীকে।

এক গবেষণায় দেখা গেছে, ৫৬ শতাংশ আমেরিকান কর্মী খারাপ বসের অধীনে কাজ করেন। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের জরিপে বলা হয়, ৭৫ শতাংশ কর্মী শুধুমাত্র বসের কারণে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ অনুভব করেন। গ্যালাপের আরেক গবেষণায় দেখা যায়, প্রতিজন কর্মীর মধ্যে অন্তত একজন বসের কারণেই চাকরি ছেড়ে দেন।

জাতীয় কর্মক্ষেত্র বিশেষজ্ঞ লিন টেলর বলেন, “একজন খারাপ বস শুধু কর্মজীবনে সমস্যার সৃষ্টি করেন না; এটি ব্যক্তিগত জীবনেও ক্ষতিকর প্রভাব ফেলে।” গবেষণায় আরও বলা হয়, খারাপ বসের অধীনে কাজ করা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

স্বাস্থ্যঝুঁকি

সুইডেনের এক জরিপে দেখা যায়, খারাপ বসের অধীনে কাজ করা কর্মীরা স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কার্ডিওভাসকুলার সমস্যায় আক্রান্ত হওয়ার ৬০ শতাংশ ঝুঁকিতে থাকেন। ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথ-এর গবেষণায় বলা হয়েছে, ক্ষতিকর কাজের পরিবেশে দীর্ঘ সময় কাজ করলে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং ডায়াবেটিসের ঝুঁকিও বেড়ে যায়।

এছাড়া, খারাপ বসের সঙ্গে কাজ করার মানসিক প্রভাবও গুরুতর হতে পারে। চাকরি ছেড়ে দেওয়ার পরেও সেই মানসিক চাপ কাটিয়ে উঠতে একজন কর্মীর প্রায় ২২ মাস সময় লেগে যেতে পারে।

করণীয়

খারাপ বসের সঙ্গে কাজের প্রভাব এড়াতে নিজেকে মনে করিয়ে দিন, এটি একটি সাময়িক অবস্থা। কাজের বাইরে আনন্দের উৎস খুঁজুন এবং যোগব্যায়াম কিংবা ধ্যানের মতো শিথিলকরণ প্রক্রিয়া চর্চা করুন। পর্যাপ্ত ঘুম ও ব্যায়ামের মাধ্যমে শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন।

একইসঙ্গে কর্মক্ষেত্রে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলুন। একজন ভালো পরামর্শদাতা বা প্রশিক্ষক খুঁজে নিন, যিনি আপনাকে সমস্যা সমাধানের পথ দেখাতে পারেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ধার নিয়ে ফেরত দিচ্ছে না? জেনে নিন কী করবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: ধার দেওয়া টাকা ফেরত পাওয়া না গেলে তা উদ্ধার করা কখনো কখনো বেশ কঠিন হতে পারে। যদি ঋণগ্রহিতা সত্যিই অসমর্থ হন তবে সেক্ষেত্রে সময় দেওয়া বা ক্ষমা করে দেওয়া উত্তম। তবে যদি এমন হয় যে সামর্থ্য থাকার পরেও ইচ্ছাকৃতভাবে টাকা ফেরত দিচ্ছে না, তখন কিছু পদক্ষেপ নিতে হবে। বন্ধু, পরিবারের সদস্য বা সহকর্মীই হোক না কেন, এই জাতীয় বিষয়ে সম্পর্ক সুন্দর রেখে কাজ করতে হবে। অর্থাৎ, ধার দেওয়ার পর যেন সম্পর্ক নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। চলুন জেনে নেওয়া যাক, এক্ষেত্রে কী করবেন-

স্পষ্টভাবে কথা বলুন

আপনার টাকা ফেরত পাওয়ার জন্য ঋণগ্রহিতার সঙ্গে কথা বলুন। শান্তভাবে তার সঙ্গে ব্যক্তিগতভাবে বা ফোনে কথা বলুন। চাইলে মেসেজেও লিখতে পারেন। অনেক সময় ভুলে যাওয়ার কারণে টাকা বা ঋণের বস্তু ফেরত দেওয়া হয় না, তাই মনে করিয়ে দেওয়ার প্রয়োজন হতে পারে। যে পরিমাণ অর্থ বা যে বস্তুটি ধার দেওয়া হয়েছিল এবং কখন তা ধার দেওয়া হয়েছিল তা স্পষ্টভাবে উল্লেখ করুন এবং কখন তা ফেরত পাবেন সে সম্পর্কে আপনার প্রত্যাশা জানান। এমনভাবে বলুন, যেন ঝগড়া না বাঁধে বা ভুল বোঝাবুঝি না হয়।

সময়সীমা নির্দিষ্ট করে দিন

যদি ঋণগ্রহীতা আপনাকে পরিশোধের তারিখ না করে দেন, তাহলে আপনি তাকে টাকা বা জিনিস ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট তারিখ দিতে পারেন। ভদ্রভাবে ঋণগ্রহীতাকে জানান যে কেন আপনার এটি নির্দিষ্ট তারিখে ফেরত প্রয়োজন। তার লক্ষ্য ঠিক থাকলে সে নির্দিষ্ট সময়ের মধ্যেই ধারের টাকা বা বস্ত ফেরত দিতে পারবে।

ভাগ ভাগ করে নিন

যদি ঋণগ্রহিতা একবারে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে না পারে তাহলে টাকাটা ভাগ ভাগ করে নিতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি দশ হাজার টাকা পান তবে তা একবারে না দিতে পারলে প্রতি মাসে দুই হাজার করে পাঁচ মাসে সমস্ত টাকাটা ফেরত দিতে পারেন। আপনি কিছুটা নমনীয় হলে হয়তো তা ঋণগ্রহিতার জন্য উপকারী হবে। তাই এভাবে বিবেচনা করতে পারেন।

লিখিতভাবে রাখুন

বড় অঙ্কের অর্থ বা মূল্যবান সম্পদ ধারও দেয়ার ক্ষেত্রে লিখিতভাবে ঋণপত্র তৈরি করুন। পরিশোধের শর্তাবলী এবং সে সময়সীমা মিস করলে যেকোনো জরিমানা প্রাপ্ত হবে কি না সে বিষয়ে বিবরণ দিয়ে একটি প্রাথমিক চুক্তি করুন। চুক্তি নিশ্চিত করার জন্য উভয়ের স্বাক্ষর করা উচিত। লিখিত কাগজ থাকা একটি ভালো অনুস্মারক এবং ঋণগ্রহীতাকে আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে এটি আইনি সুরক্ষা প্রদান করে। পদ্ধতির এই ধাপটি আনুষ্ঠানিক, যার অর্থ হলো বাধ্যবাধকতা গুরুতর এবং পরিশোধ করা খুবই গুরুত্বপূর্ণ।




কোমর ব্যথা: কারণ, প্রতিকার ও সতর্কতা

দেশের ৯০ শতাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময়ে কোমর ব্যথায় ভুগে থাকেন। এটি হতে পারে স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি। সঠিক চিকিৎসা ও নিয়ম মেনে চললে অধিকাংশ ক্ষেত্রে এই ব্যথা দ্রুত উপশম হয়। তবে অবহেলা করলে সমস্যা জটিল আকার ধারণ করতে পারে।

কোমর ব্যথার কারণ

কোমরের ব্যথা সাধারণত বয়স, বংশগত সমস্যা, বা আঘাতের কারণে হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো লাম্বার স্পনডোলাইসিস। এটি বয়সের কারণে কোমরের হাড় ক্ষয়ে যাওয়ার ফল। এছাড়া পিএলআইডি (পোস্টারিওর লম্বার ইন্টারভেন্ট্রাল ডিস্ক) নামের সমস্যাটি ২৫-৪০ বছর বয়সীদের মধ্যে বেশি দেখা যায়। ডিস্ক সরে গিয়ে স্নায়ুর ওপর চাপ ফেললে এটি কোমর থেকে পায়ে ব্যথা ছড়িয়ে দিতে পারে।

সতর্ক সংকেত

কোমর ব্যথার সঙ্গে যদি নিচের লক্ষণগুলো দেখা দেয়, তবে তা অবহেলা করা উচিত নয়:

কোমর ব্যথার পাশাপাশি জ্বর, ওজন হ্রাস বা অতিরিক্ত ঘাম।

ব্যথা পায়ের দিকে ছড়িয়ে পড়া।

প্রস্রাব বা পায়খানার সমস্যা।

মলদ্বারের আশপাশে বোধশক্তি কমে যাওয়া।

পায়ে অবশ ভাব বা মাংসপেশির দুর্বলতা।

করণীয়

প্রাথমিক পর্যায়ে কোমর ব্যথা নিয়ন্ত্রণে রাখতে যা করবেন:

শক্ত ও সমান বিছানায় ঘুমান।

ফোমের বিছানা ও নরম সোফায় দীর্ঘক্ষণ বসা এড়িয়ে চলুন।

ভারী জিনিস তোলার সময় কোমরে চাপ না দিয়ে সঠিক ভঙ্গিতে তুলুন।

নিয়মিত হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন।

ওজন নিয়ন্ত্রণে রাখুন।

ঘুম থেকে ওঠার সময় সোজা হয়ে ওঠার পরিবর্তে কাত হয়ে উঠুন।

চিকিৎসা ও ফিজিওথেরাপি

হালকা ব্যথা হলে প্রাথমিক চিকিৎসায় গরম ভাপ বা মলম ব্যবহার করা যেতে পারে, তবে মালিশ করবেন না। ব্যথা দীর্ঘস্থায়ী হলে অর্থোপেডিকস বা ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিন। ব্যথার জন্য ফিজিওথেরাপি কার্যকর হলেও সঠিক নির্দেশনা মেনে নেওয়া জরুরি।

ওষুধের সঠিক ব্যবহার

ব্যথানাশক ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, এমন কোনো ওষুধ নেই যা মাংসপেশি শক্তিশালী করতে পারে। সুতরাং, ওষুধের পরিবর্তে সঠিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করাই শ্রেয়।

লেখক- অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, অর্থো সার্জন, নিটোর, ঢাকা।
“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 




ভেপিং: সিগারেট ছাড়ার সমাধান নাকি নতুন ঝুঁকি?

ধূমপানের আসক্তি থেকে মুক্তি পেতে ভেপিং অনেকের জন্য কার্যকর মনে হলেও এটি কিশোর ও তরুণদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

ভেপের কাজের প্রক্রিয়া

ভেপ বা ই-সিগারেটে তামাকের পরিবর্তে থাকে নিকোটিন সমৃদ্ধ তরল পদার্থ। এটি গরম হয়ে ধোঁয়া তৈরি করে, যা সিগারেটের মতো ক্ষতিকারক উপাদান থেকে মুক্ত বলে অনেকে মনে করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভেপ সিগারেটের তুলনায় কম ক্ষতিকর, কারণ এতে কার্বন মনোক্সাইডের মতো উপাদান নেই।

স্বাস্থ্যঝুঁকি ও নিষেধাজ্ঞা

দীর্ঘমেয়াদে ভেপিংয়ের ক্ষতি নিয়ে সুনির্দিষ্ট প্রমাণ না থাকলেও বিশেষজ্ঞরা এর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তরুণদের মধ্যে এটি সিগারেট আসক্তির প্রবণতা বাড়াতে পারে। এ কারণে বিশ্বের প্রায় ৩০টি দেশ ভেপ নিষিদ্ধ করেছে।

ধূমপান ছাড়ার বিকল্প, কিন্তু সতর্কতা জরুরি

চেইন স্মোকারদের জন্য ভেপ ধূমপান ছাড়ার একটি কার্যকর মাধ্যম হতে পারে। তবে তরুণ ও কিশোরদের এর প্রতি আসক্তি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। সচেতনতা বাড়িয়ে তাদের এ অভ্যাস থেকে দূরে রাখা প্রয়োজন।

করণীয়

ভেপিং নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং এর সীমিত ও সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। ধূমপান রোধে এটি উপকারী হতে পারে, তবে এর যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”



আয়রন বাড়ানোর সহজ উপায়: প্রাকৃতিক পানীয়

আয়রন আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি হিমোগ্লোবিন উৎপাদনে ভূমিকা রাখে, যা শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয়। আয়রনের অভাবে শরীরে ক্লান্তি, দুর্বলতা এবং রক্তস্বল্পতা দেখা দিতে পারে। তবে এই ঘাটতি পূরণের জন্য সাপ্লিমেন্টের ওপর নির্ভর না করে প্রাকৃতিক কিছু পানীয় গ্রহণ করেও সমস্যার সমাধান সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য স্বাভাবিক হিমোগ্লোবিনের মাত্রা ১৩.৮-১৭.২ জি/ডিএল এবং নারীদের জন্য ১২.১-১৫.১ জি/ডিএল হওয়া উচিত। এই মাত্রা বজায় রাখতে নিম্নোক্ত পানীয়গুলো কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিটরুট এবং গাজরের রস:
বিটরুট এবং গাজর আয়রন এবং ভিটামিন এ-এর চমৎকার উৎস। বিটরুট রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কার্যকর, আর গাজরের ভিটামিন এ আয়রন শোষণে সাহায্য করে। এই পানীয়তে এক চামচ লেবুর রস মেশালে তা ভিটামিন সি-এর মাধ্যমে আয়রনের কার্যকারিতা আরও বাড়িয়ে তোলে।

পালং শাক স্মুদি:
পালং শাক আয়রনের একটি প্রাকৃতিক উৎস। এতে থাকা নন-হিম আয়রন হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়ক। কমলা বা আনারসের মতো ভিটামিন সি সমৃদ্ধ ফলের সঙ্গে পালং শাক ব্লেন্ড করলে আয়রন শোষণের মাত্রা বেড়ে যায়। স্মুদির ক্রিমি টেক্সচার পেতে এর সঙ্গে বাদাম যোগ করা যেতে পারে।

ডালিমের রস:
ডালিমে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি রক্ত ​​সঞ্চালন বাড়ায় এবং হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করে। ডালিমের রসের সঙ্গে খেজুর বা কিশমিশ যোগ করলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায়।

কুমড়ার বীজ স্মুদি:
কুমড়ার বীজে প্রচুর আয়রন এবং জিঙ্ক থাকে, যা শক্তি উৎপাদন এবং রক্ত তৈরির জন্য প্রয়োজনীয়। কুমড়ার বীজ, কলা, দই এবং মধু মিশিয়ে একটি পুষ্টিকর স্মুদি তৈরি করা যায়। এটি শরীরকে সতেজ রাখার পাশাপাশি ক্লান্তি দূর করে।

শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে প্রাকৃতিক উপায়ে আয়রনের ঘাটতি পূরণের জন্য এই পানীয়গুলোকে আপনার খাদ্যতালিকায় যোগ করুন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম