পদ্মার দুই ইলিশ বিক্রি ১৭ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া দুটি ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ১৭ হাজার টাকায়। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে মাছ দুটি কেনেন স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

প্রথমে তিনি মাছ দুটি প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে কিনে নেন, যার মোট দাম দাঁড়ায় ১৫ হাজার ৯৬০ টাকা। পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন ক্রেতার কাছে মাছ দুটি পুনরায় বিক্রি করেন তিনি। এ সময় প্রতি কেজি ৪ হাজার ২০০ টাকা দরে মাছ দুটি বিক্রি হয়, যার মোট মূল্য দাঁড়ায় ১৭ হাজার ৬৪০ টাকা।

মাছ দুটির মধ্যে একটি ওজন ছিল ২ কেজি ২০০ গ্রাম এবং অন্যটির ওজন ২ কেজি।

ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, “নিলামে মাছ দুটি কেনার কিছুক্ষণ পরই প্রবাসী একজন ক্রেতা আগ্রহ প্রকাশ করেন। পরে তার কাছে আমি মাছ দুটি ১৭ হাজার ৬৪০ টাকায় বিক্রি করি।”

স্থানীয় বাজারে এমন উচ্চমূল্যে ইলিশ বিক্রি হওয়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দের পাশাপাশি আলোচনা চলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বিচার সংস্কারের রোডম্যাপ এখন বাস্তবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ জানিয়েছেন, বিচার বিভাগ সংস্কারের ঘোষিত রোডম্যাপ এখন বাস্তবে রূপ নিয়েছে। এর ফলে আদালতের কার্যপ্রণালী, জনগণের আস্থা এবং প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতায় ব্যাপক পরিবর্তন এসেছে।

বৃহস্পতিবার বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কে সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে আয়োজিত “জুডিশিয়াল ইনডিপেনডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল, তার বাস্তবায়নের মাধ্যমে আদালতের সংস্কৃতি নতুন মাত্রা পেয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে বিচারপতি নিয়োগের জন্য ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল অর্ডিন্যান্স-২০২৫’ ইতোমধ্যে কার্যকর হয়েছে। এই প্রক্রিয়ায় বিচারপতি নিয়োগ সম্পন্ন হওয়ায় জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় হচ্ছে।

তিনি আরও জানান, পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের ভিত্তি প্রায় সম্পূর্ণ, যা বিচার বিভাগের প্রকৃত স্বায়ত্তশাসন নিশ্চিত করবে। দীর্ঘদিন স্থবির থাকা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত হওয়ায় বিচারপতিদের শৃঙ্খলা ও অপসারণ প্রক্রিয়া সাংবিধানিকভাবে পুনঃস্থাপন হয়েছে।

বিচারপ্রার্থীদের সুবিধার্থে সুপ্রিম কোর্টসহ বিভাগীয় শহর ও ৬৪ জেলায় হেল্পলাইন সার্ভিস চালু করা হয়েছে। দেওয়ানি ও ফৌজদারি বিচারব্যবস্থার পৃথকীকরণ এবং জেলা পর্যায়ে ২৩২টি নতুন বিচারিক পদ সৃষ্টির মাধ্যমে মামলা জট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫ খসড়া আকারে তৈরি করা হয়েছে। এতে প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া ও দক্ষ বিচারকদের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ আরও শক্তিশালী হবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।

সেমিনারের সভাপতিত্ব করেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সেমিনারে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সরকারি কৌসুলি, পাবলিক প্রসিকিউটর এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নৌকা স্থগিত, নতুন গেজেটে ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে গেজেটে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালার আলোকে এবার ১১৫টি প্রতীক প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। এর মধ্যে রয়েছে— আপেল, আনারস, আম, আলমিরা, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুমির, কম্পিউটার, কুড়াল, কুলা, কোদাল, খাট, খেজুর গাছ, গাভী, গরুর গাড়ি, ঘুড়ি, ঘণ্টা, গোলাপ ফুল, ঘোড়া, চাকা, চেয়ার, ছাতা, জাহাজ, টেলিভিশন, টেলিফোন, রিকশা, ট্রাক, লাঙ্গল, মাছ, মোমবাতি, মোবাইল ফোন, হাতুড়ি, হাতি, হাতঘড়ি, সেলাই মেশিন, ফুটবল, প্রজাপতি, বাইসাইকেল, বৈদ্যুতিক পাখা, মশাল, সিংহ, মোরগ, হাঁস, হাতপাখা, রকেট, হেলিকপ্টারসহ অন্যান্য প্রতীক।

প্রজ্ঞাপনে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত দল বা তাদের প্রতীক কোনোভাবেই নির্বাচনে ব্যবহার করা যাবে না। এ কারণে আওয়ামী লীগের প্রতীক নৌকাকে স্থগিত করা হয়েছে। ফলে নতুন করে কোনো প্রতীক নির্ধারণ না হওয়া পর্যন্ত তারা এ প্রতীকে নির্বাচন করতে পারবে না।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নৌকা প্রতীক স্থগিত হওয়ায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য বড় ধরনের রাজনৈতিক চাপ তৈরি হলো। অন্যদিকে, বিকল্প প্রতীক বেছে নেওয়ার সুযোগ থাকলেও সেটি কতটা গ্রহণযোগ্য হবে— তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই প্রতীকের তালিকা সংশোধন ও নৌকা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গাজায় যুদ্ধবিরতির নতুন ২১ দফা পরিকল্পনা দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলমান সংঘাত নিরসনে নতুন উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে তিনি গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত ২১ দফা পরিকল্পনা উপস্থাপন করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

উইটকফ জানান, বৈঠকে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমরা খুব ফলপ্রসূ আলোচনা করেছি। প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে একদিকে গাজায় সহিংসতা বন্ধ হবে, অন্যদিকে ইসরায়েল এবং প্রতিবেশী দেশগুলোর উদ্বেগও কমবে।” তিনি আরও আশা প্রকাশ করেন, আগামী কয়েক দিনের মধ্যেই পরিকল্পনার অগ্রগতি সম্পর্কে ঘোষণা আসতে পারে।

ট্রাম্পের পরিকল্পনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে— গাজায় আটক সব জিম্মিকে অবিলম্বে মুক্তি দেওয়া, স্থায়ী যুদ্ধবিরতির ব্যবস্থা করা, গাজার প্রশাসনকে হামাসের প্রভাবমুক্ত করা এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা।

বৈঠকে উপস্থিত আরব নেতারা পরিকল্পনাটিকে সমর্থন করলেও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব যোগ করার পরামর্শ দিয়েছেন। সেগুলো হলো— পশ্চিম তীরে ইসরায়েলের দখল বন্ধ করা, জেরুজালেমের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা, গাজায় যুদ্ধের দ্রুত অবসান, বন্দি সব ইসরায়েলি জিম্মির মুক্তি নিশ্চিত করা এবং মানবিক ত্রাণ কার্যক্রমে অবাধ প্রবেশাধিকার দেওয়া।

বৈঠকে অংশ নেওয়া এক কূটনীতিক সিএনএনকে বলেন, “এটি ছিল একটি অসাধারণ ও কার্যকর বৈঠক। আমরা মনে করি, এই প্রক্রিয়া শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।”

এর আগে, সোমবার জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ফ্রান্স ও সৌদি আরব আয়োজিত সেই সম্মেলনের ধারাবাহিকতায়ই ট্রাম্প এই বৈঠকে যোগ দেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




অঘোষিত সেমিফাইনাল আজ: বাংলাদেশ না পাকিস্তান, কে যাবে ফাইনালে?

এশিয়া কাপে আজকের ম্যাচটি বাংলাদেশের সামনে এক সরল অথচ কঠিন সমীকরণ হাজির করেছে। জয় মানেই ফাইনালের টিকিট, আর হার মানেই বিদায়। ভারতের বিপক্ষে হারের ধাক্কা কিছুটা পিছিয়ে দিলেও এখনো ফাইনালের স্বপ্ন টিকে আছে টাইগারদের হাতে।

বুধবার দুবাইতে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ৪১ রানে হেরে যায়। ১৬৯ রানের জবাবে পুরো দল গুটিয়ে যায় ১২৭ রানে। কেবল সাইফ হাসান একাই ব্যাট হাতে আলো ছড়ান, করেন ৬৯ রান। অন্যদিকে ভারতের জয় নিশ্চিত করেছে তাদের ফাইনাল এবং একই সঙ্গে বিদায় হয়েছে শ্রীলঙ্কার।

এখন সবকিছু নির্ভর করছে আজকের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে। দুই দলেরই সমান ২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে আছে পাকিস্তান (+০.২২৬), আর পিছিয়ে বাংলাদেশ (-০.৯৬৯)। তাই শুধু জয় নয়, বাংলাদেশকে জিততে হবে দৃঢ়তায়।

তবে টাইগারদের সাম্প্রতিক টি-টোয়েন্টি রেকর্ড কিছুটা আত্মবিশ্বাস যোগাচ্ছে। শেষ পাঁচ দেখায় পাকিস্তান তিনটিতে জয় পেলেও বাংলাদেশ জিতেছে দুই ম্যাচে। সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজেও লিটন দাসের নেতৃত্বে পাকিস্তানকে হারিয়েছিল টাইগাররা।

সব মিলিয়ে দুবাইয়ের আজকের ম্যাচ হয়ে উঠেছে অঘোষিত সেমিফাইনাল। জয়ী দল সরাসরি উঠবে ভারতের সঙ্গে ফাইনালে। আর পরাজিত দল বিদায় নেবে এবারের এশিয়া কাপ থেকে। ক্রিকেটপ্রেমীদের নজর তাই আজ দুবাইয়ের দিকে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাংলাদেশে বিনিয়োগে মার্কিন কোম্পানিগুলোকে আহ্বান ইউনূসের

বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।

অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মেটলাইফ, শেভরন, এক্সেলেরেটসহ যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানিগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরেন। তিনি মার্কিন কোম্পানিগুলোকে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতাকে সভায় উপস্থিত মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যাতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।

প্রধান উপদেষ্টা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন। আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শিগগিরই বিএনপির মনোনয়ন চূড়ান্ত হবে: জাহিদ হোসেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি খুব দ্রুত দলীয় মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, প্রায় দেড় বছর আগ থেকেই নির্বাচনকে ঘিরে বিএনপি প্রস্তুতি নিচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে সরাসরি মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। তিনি জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

এ সময় তিনি নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাঠে নেমে জনগণ এ ধরনের হামলাকারীদের প্রতিহত করবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না বিএনপি। জনগণকে সঙ্গে নিয়ে দলের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নির্বাচন কমিশনের ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ, নেই শাপলা

চন্দ্রদ্বীপ নিউজ: নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে তালিকায় নেই শাপলা প্রতীক। এ ছাড়া প্রতীকের তালিকায় দাঁড়িপাল্লা সংযুক্ত করা হয়েছে
প্রজ্ঞাপনে জানানো হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্স অর্ডার নং ১৫৫ অব ১৯৭২) এর আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এ এই সংশোধনী এনেছে নির্বাচন কমিশন।

১১৫টি প্রতীকের মধ্যে রয়েছে

আপেল, আনারস, কোদাল, খাট, টেবিল ঘড়ি, ফ্রিজ, মোড়া, ট্রাক, বক, মোরগ, আম, খেজুর গাছ, টেলিফোন, বাঘ, রকেট, আলমিরা, গরুর গাড়ী, টেলিভিশন, বই, রিক্সা, ঈগল, গাভী, ডাব, বটগাছ, লাউ, উটপাখি, গামছা, ঢেঁকি, বাঁশি, লিচু, উদীয়মান সূর্য, গোলাপ ফুল, তবলা, বেঞ্চ, লাঙ্গল, একতারা, ঘণ্টা, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, বাইসাইকেল, সোনালী আঁশ, কবুতর, কলম, ঘোড়া, থালা, বালতি, সেলাই মেশিন, চাকা, দাঁড়িপাল্লা, বেলুন, সোফা, কলস, চার্জার লাইট, দালান, বৈদ্যুতিক পাখা, সিংহ, কলার ছড়ি, চাবি, দেওয়াল ঘড়ি, মই, কাঁঠাল, চিংড়ি, দোয়াত কলম, মগ, সুটকেস, হরিণ, কাঁপ-পিরিচ, চেয়ার, দোলনা, মাইক, হাত (পাঞ্জা), কাস্তে, চশমা, ধানের শীষ, মটরগাড়ি (কার), হাতঘড়ি, কেটলি, ছড়ি, নোঙ্গর, মশাল, হাতপাখা, কুমির, ছাতা, দাঁড়িপাল্লা, ময়ূর, হাঁস, কম্পিউটার, জগ, প্রজাপতি, মাছ, কলা, কুড়াল, জাহাজ, ফুটবল, মাথাল, টিউবওয়েল, ফুলকপি, মিনার, কুলা, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মোমবাতি, কুঁড়ে ঘর, টেবিল, ফুলের মালা, মোবাইল ফোন, হাতি, হাতুড়ী, হারিকেন, হক্কা ও হেলিকপ্টার।

ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে ইসিতে নিবন্ধিত দল রয়েছে মোট ৫১টি। ১১৫টি প্রতীকের মধ্যে ৫১টি থাকবে নিবন্ধিত দলগুলোর জন্য। আর অন্য প্রতীকগুলো থাকবে ভবিষ্যতে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য।




শাপলা প্রতীক এর জন্য পুনরায় এনসিপির আবেদন

চন্দ্রদ্বীপ ‍নিউজ:জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও নির্বাচন কমিশনের (ইসি) কাছে শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে। বুধবার এনসিপি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দল হিসেবে নিবন্ধনের প্রক্রিয়ায় থাকা এনসিপি  দল হিসাবে এখনো স্বীকৃতি পায়নি।

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর সংশোধন করে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা- এই তিনটি প্রতীককে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা হোক। এরপর যেন এই প্রতীকগুলোর যে কোনো একটি এনসিপিকে বরাদ্দ দেওয়া হয়।

এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে এই আবেদনটি করা হয়েছে।

নির্বাচন কমিশন বলছে, তালিকায় শাপলা না থাকায় এনসিপি ওই প্রতীক পাচ্ছে না। নিবন্ধন পেলে তাদের ১১৫টি নির্ধারিত প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে হবে।

নিবন্ধন প্রত্যাশী এ দলটি ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছে।

এনসিপি নেতারা বলছেন, নিবন্ধন পাওয়ার বিষয়ে তারা আশাবাদী। আবার শাপলা প্রতীকের দাবিও ছাড়ছেন না।




দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পালে হাওয়া বর্তমান রিজার্ভ ৩১.২৮ বিলিয়ন ডলার

চন্দ্রদ্বীপ ‍নিউজ:দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.২৮ বিলিয়ন ডলার।

বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.২৮ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৬.৩৯ বিলিয়ন মার্কিন ডলার।