বরিশালে তরমুজ খেত নিয়ে বিরোধ, যুবককে ‘ডেকে নিয়ে’ পিটিয়ে হত্যা

বরিশালের বাকেরগঞ্জে সোহেল খান (৩৫) নামের এক যুবককে ডাকাত আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকালে উপজেলার চর কবাই এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।
নিহত সোহেল ওই এলাকার নুর ইসলাম খানের ছেলে। তার স্ত্রী সাজেদা বেগম জানান, কয়েক দিন আগে স্থানীয় শাহিন হাওলাদার, তাঁর ভাই ফিরোজ হাওলাদারসহ কয়েকজন সোহেলের কাছে তরমুজ চাষের জন্য জমি চেয়েছিলেন। সোহেল তা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাঁকে রাতে ফোন করে ডেকে আনা হয়। এরপর গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরে মসজিদের মাইকে মাইকিং করে তাকে ডাকাত বলে প্রচার করা হয়।
নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, “আমার বাবার কী দোষ ছিল? বাড়ি থেকে ডেকে নিয়ে ডাকাতির অভিযোগ তুলে পিটিয়ে মেরেছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।” সোহেলের মা নিলুফা বেগমও দাবি করেন, “আমার ছেলেকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমি তার ন্যায়বিচার চাই।”
স্থানীয় বাসিন্দাদের মতে, শনিবার রাতে মসজিদের মাইকে সোহেলকে ডাকাত হিসেবে প্রচার করা হয়। পরে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়। নিহত হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি আরও জানান, তরমুজ খেত নিয়ে পূর্বশত্রুতার জেরে হত্যার অভিযোগ তুলেছে পরিবারের পক্ষ। তবে নিহত সোহেলের বিরুদ্ধে চুরি, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে, যা জামিনে ছিল।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








