ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড পেলেন বরিশালের সন্তান সিফাত ই মঞ্জুর রোমান

জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি অর্জন করলেন বরিশালের তরুণ স্বেচ্ছাসেবী মো: সিফাত ই মঞ্জুর রোমান। রাজধানীর মালিবাগের ফোর-স্টার হোটেল স্কাই সিটি-তে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫

সামাজিক পরিবর্তন, স্বেচ্ছাসেবক নেতৃত্ব এবং তরুণদের সমাজ উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পান তিনি। সিফাত প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা, যা দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক কার্যক্রম, পরিবেশ সচেতনতা এবং সমাজ উন্নয়নকেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃতি ব্যক্তিত্ব, সমাজকর্মী, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোট ২০টি ক্যাটাগরিতে ৫০ জনকে এ সম্মাননা প্রদান করা হয়। এর আগে সিফাত পেয়েছেন ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৩ এবং বাংলাদেশ ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড

পুরস্কার হাতে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করে রোমান বলেন,“এই স্বীকৃতি শুধু আমার নয়; বরং বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবীর। যারা নিরলসভাবে সমাজ পরিবর্তনের জন্য কাজ করছেন, এই সম্মান তাদের প্রত্যেকের জন্য। ঐক্যবদ্ধ তরুণরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিতে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে।”

প্রায় আট বছর ধরে স্বেচ্ছাসেবায় যুক্ত আছেন তিনি। স্থানীয় পর্যায় থেকে শুরু করে ধীরে ধীরে জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সাথেও কাজ করেছেন। বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ কমানো, সচেতনতা সেশন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টেকসই উন্নয়নকেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন দীর্ঘদিন।

পরিবার থেকেও পেয়েছেন অনুপ্রেরণা ও সমর্থন। পুরস্কার প্রাপ্তির পর পরিবারের প্রতিক্রিয়াও ছিল আবেগঘন। পরিবারের সদস্যরা বলেন,“এটি শুধু সিফাতের ব্যক্তিগত অর্জন নয়, বরং পরিবারের ও বরিশালের গর্ব। তরুণ প্রজন্মের জন্য এ সাফল্য অনুপ্রেরণার।”

ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে সিফাত বলেন,“আমি চাই তরুণদের আরও বেশি স্বেচ্ছাসেবায় সম্পৃক্ত করতে, নতুন নেতৃত্ব গড়ে তুলতে এবং জলবায়ু পরিবর্তনসহ সামাজিক সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজে পেতে। প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশনকে দেশের প্রতিটি জেলায় বিস্তৃত করতে চাই, যেন তরুণরা ঐক্যবদ্ধভাবে সমাজ উন্নয়নে অবদান রাখতে পারে।”

ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন করেছেন তিনি। পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত আছেন পুরোপুরি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




২২ দিনের নিষেধাজ্ঞা শুরু, তীরে ফিরেছেন ভোলার জেলেরা

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ নিশ্চিত করতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শুরু হয়েছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাত থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

সরকারি নির্দেশনা মেনে ইতোমধ্যেই জাল, নৌকা ও ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে তীরে ফিরে এসেছেন ভোলার হাজারো জেলে। শনিবার সকালে ভোলা সদর উপজেলার তুলাতুলি, শিবপুরের ভোলার খাল এলাকা ও মেঘনা নদীর তীরবর্তী জেলে পল্লীগুলোতে গিয়ে দেখা গেছে ব্যস্ততার চিত্র। কোথাও জেলেরা ট্রলার নোঙর করছেন, কেউ ইঞ্জিন খুলে বাড়ি নিয়ে যাচ্ছেন, আবার কেউ জাল গোছানো ও মেরামতে ব্যস্ত।

তুলাতুলি এলাকার জেলে ফিরোজ মাঝি ও আকবর মাঝি বলেন, মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত ইলিশ মেলেনি। সম্প্রতি মাছ ধরা শুরু হলেও নিষেধাজ্ঞা আসায় আবারও নদী থেকে ফিরতে হলো। তারা অভিযোগ করেন, বাজারে মাছ বিক্রি করলেও দাম বেশি মেলেনি।

এদিকে জেলে আলমগীর মাঝি ও ছগির মাঝি জানান, প্রতি বছরের মতো এবারও তারা সরকারি নিষেধাজ্ঞা মেনে চলবেন। তবে দাবি করেন—নিষেধাজ্ঞার সময় যেন অসাধু জেলেরা নদীতে না নামে এবং জেলেদের জন্য বরাদ্দকৃত চাল দ্রুত বিতরণ করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ভোলা জেলার সাত উপজেলায় প্রায় ১ লাখ ৭০ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৪৩৮ জন জেলেকে ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ২-৩ দিনের মধ্যে চাল বিতরণ শুরু হবে। আমাদের লক্ষ্য আগামী ১০ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ বিতরণ শেষ করা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গৌরনদীতে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় রশিদ মোহরী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত রশিদ মোহরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী ‘সেভেন স্টার পরিবহন’ বাসটি পথচারীকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছে এবং চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, মহাসড়কের অব্যবস্থাপনা এবং গাড়ির অতিরিক্ত গতি বারবার মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




২৭ লাখ টাকার সেতু, অথচ উঠতে হয় মই দিয়ে

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল এলাকায় ২৭ লাখ ৭৯ হাজার ৬১৮ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু ব্যবহার করতে এলাকাবাসী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের বাধ্য হয়ে বাঁশের মই ব্যবহার করতে হচ্ছে। সেতু নির্মাণের পরও সংযোগ রাস্তা না থাকায় তারা সেতুর পূর্ণ সুবিধা পাচ্ছেন না। বর্ষা মৌসুমে সেতুর নিচের অংশ পানির তলায় তলিয়ে যায়, আর শুকনো মৌসুমে দুইপাশের মই বেয়ে সেতু পারাপার করতে হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিদের। প্রায়ই মানুষ মই বেয়ে সেতু পারাপারে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

বাশাইল কলেজের ছাত্রী ফাতেমা আক্তার জানান, “মই বেয়ে সেতু পারাপার করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। তবুও অন্য কোনো উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হতে হচ্ছে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের গ্রামীণ রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০২৩ সালের ১২ এপ্রিল বাশাইল এলাকার ওয়াপদা খালের ওপর সেতু নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়। মুলাদী উপজেলার বান্দ রোডের মেসার্স পাপ্পু এন্টারপ্রাইজ নামের ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পেয়ে ২০২৩ সালের ৬ আগস্ট নির্মাণ কাজ শুরু করে। চলতি বছরের মার্চে কাজ শেষ করা হলেও সংযোগ রাস্তা নির্মাণ করা হয়নি।

স্থানীয় একাধিক জনপ্রতিনিধি জানান, সেতু নির্মাণের ছয় মাস অতিবাহিত হলেও দুইপাশের এ্যাপ্রোচ সড়ক নির্মাণ হয়নি। ফলে জনগুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন শিক্ষার্থী ও এলাকাবাসীকে বাঁশের মই বেয়ে পারাপার হতে হচ্ছে।

ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স পাপ্পু এন্টারপ্রাইজের মালিক মো. বাদল হোসেন বলেন, “আমার প্রতিষ্ঠানের নামে কাজ হলেও প্রকৃত কাজ করেছে অন্য কেউ। যারা কাজ করেছেন তাদের সাথে যোগাযোগ করে এ্যাপ্রোচ সড়ক নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা জানিয়েছেন, “সেতুর টেন্ডার আমার আগমনের পূর্বে হয়েছে। আমি সরেজমিন পরিদর্শন করে যত দ্রুত সম্ভব সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা করব।”

ভুক্তভোগী এলাকাবাসী ও শিক্ষার্থীরা দ্রুত সময়ে সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি ব্যবহার উপযোগী করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয় চীন: শি জিনপিং

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে চায় চীন—এমন বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বিনিময় করা শুভেচ্ছা বার্তায় এ মন্তব্য করেন তিনি।

শনিবার (৪ অক্টোবর) ঢাকার চীনা দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রেসিডেন্ট শি বার্তায় উল্লেখ করেছেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার ইতিহাস রয়েছে।

শি জিনপিং বলেন, “গত ৫০ বছরে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি যত পরিবর্তিতই হোক না কেন, চীন ও বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বজায় রেখেছে। এই সম্পর্ক দুই দেশের মধ্যে ‘উইন-উইন’ সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশ পারস্পরিক আস্থা সুসংহত করেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় অবকাঠামো, বাণিজ্য, প্রযুক্তি ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও গভীর হয়েছে। চীন বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে এবং যৌথ উন্নয়নের পথে একসঙ্গে কাজ করতে আগ্রহী।”

শি জিনপিং আশাবাদ ব্যক্ত করেন, “রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে একযোগে কাজ করে পারস্পরিক স্বার্থ ও জনগণের কল্যাণে চীন ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করা সম্ভব হবে। পাশাপাশি, দুই দেশ বিশ্ব শান্তি ও টেকসই উন্নয়নে বড় অবদান রাখতে পারবে।”

অন্যদিকে, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার শুভেচ্ছা বার্তায় বলেন, “চীন ও বাংলাদেশের বন্ধুত্ব পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। গত ৫০ বছরে দুই দেশ কেবল রাজনৈতিকভাবে নয়, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও ঘনিষ্ঠ সহযোগিতা করেছে, যা দুই দেশের জনগণের জীবনে বাস্তব সুবিধা এনেছে।”

রাষ্ট্রপতি আরও বলেন, “বাংলাদেশ আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি বাড়াতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি বাংলাদেশের টেকসই উন্নয়নে চীনের দীর্ঘমেয়াদি সহায়তা দেশের উন্নয়নযাত্রায় অমূল্য অবদান রাখছে।”

দুই দেশের নেতারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ফেব্রুয়ারির নির্বাচন প্রহসন হবে: জিএম কাদের

আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতিকে প্রহসন আখ্যা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, “এই নির্বাচন দেশের মানুষের জন্য নয়, ক্ষমতায় টিকে থাকার লড়াই।”

শনিবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় তিনি বলেন, “শেখ হাসিনার সময় ছিল দলের সঙ্গে দলের প্রতিযোগিতা, এখন হচ্ছে সরকারি ও আধা সরকারি দলের মধ্যে নির্বাচন। বর্তমান সরকার নির্বাচনের নামে নাটক সাজাচ্ছে। জামাতসহ অনেকেই সরকারের সুবিধা ভোগ করছে, অথচ বিএনপি আজ আধা সরকারি দলে পরিণত হয়েছে।”

জিএম কাদের অভিযোগ করে বলেন, “বর্তমান প্রশাসন নির্বাচনের নামে জনগণকে বিভ্রান্ত করছে। দেশের ৫০ শতাংশেরও বেশি মানুষকে বাইরে রেখে ভোট আয়োজন করা হচ্ছে। শেখ হাসিনা যেমন করেছিলেন, এখন তা প্রশাসনিক আদেশে করা হচ্ছে। সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, আর আধা সরকারি দল দ্রুত নির্বাচন চায়। উভয় পক্ষই দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চায়।”

তিনি আরও বলেন, “এই সরকার নিরপেক্ষ নয়। জনগণই ঠিক করবে কোন দল ক্ষমতায় আসবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া গ্রহণযোগ্য ভোট সম্ভব নয়। অন্যথায় দেশ অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়ের দিকে যাবে। আগামীতেও শেখ হাসিনার মতো বিপুল অর্থ ও শক্তি প্রয়োগ করে একতরফা নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।”

জাতীয় পার্টিকে নিয়ন্ত্রণের ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, “সরকার মনে করছে, জিএম কাদের ছাড়া জাতীয় পার্টি থাকলে নিয়ন্ত্রণ করা সহজ হবে। তাই যাদের দমন করা যাবে, তাদের দিয়ে পার্টি বানাতে চাইছে। কিন্তু জাতীয় পার্টি কারও দোসর নয়, চাপিয়ে দেওয়া রাজনীতি আমরা মানি না।”

ধর্ম ও নারী অধিকার প্রসঙ্গে জিএম কাদের বলেন, “বাংলাদেশের মানুষ ধার্মিক কিন্তু মধ্যপন্থী। ইসলাম কখনও নারীর প্রতি অবিচার সমর্থন করে না। কিছু দেশে মহিলাদের লেখা বই পড়া নিষিদ্ধ, তাদের অধিকার নিয়ে কথা বলাও নিষেধ। আমরা এমন সাম্প্রদায়িক চিন্তাধারা মেনে নেব না।”

মহিলা নেত্রীদের উদ্দেশে তিনি বলেন, “একটি দলের নেতা বলেছেন, তারা ক্ষমতায় গেলে মেয়েরা মেয়েদের সামনে নাচবে—এটা দেশের মানুষ কখনোই মেনে নেবে না। মহিলাদের চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর মতো ভয়ংকর চিন্তা এ দেশের সংস্কৃতির সঙ্গে যায় না। এখন থেকেই এসব প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে।”

একই সভায় জিএম কাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফ্যাসিবাদ অতীতে যেমন দমন করেছি, এবারও করব। জাতীয় পার্টির প্রতিটি কর্মী দেশের গণতন্ত্রের জন্য জীবন দিতে প্রস্তুত।”

সভায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক হেনা খান পন্নী। এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, আলমগীর শিকদার লোটন ও দপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে: রাশেদ খান

সংস্কারের নামে মূলত আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন নয়।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না — এমন শর্ত আরোপ করা সঠিক নয়। এই সনদের পূর্ণ বাস্তবায়ন বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয়, বরং এটি আগামী সরকারের দায়িত্ব হিসেবে দেখা উচিত।”

তিনি অভিযোগ করে বলেন, “সংস্কার এবং বিচারের ট্যাবলেট খাওয়ানোর নাম করে সরকার এখন আওয়ামী লীগের পুনর্বাসনের পথ তৈরি করছে। এই সরকার জনগণের কাঁধে নিজের দায় চাপাতে চায়, অথচ এই দায় সম্পূর্ণভাবে সরকারের নিজস্ব।”

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, “কিছু উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে ভুল সিদ্ধান্ত নিলে সেই দায় নিতে হবে বর্তমান সরকারকেই। পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনের লিয়াজো কমিটিকেও সেই দায় স্বীকার করতে হবে।”

ভারতের ভূমিকাকে উল্লেখ করে তিনি বলেন, “ভারত চায়, আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু এভাবে অপ্রকাশ্য রাজনীতি চালানো হলে দেশ আবারও বিরাজনীতিকরণের দিকে ধাবিত হবে। সবাইকে উন্মুক্তভাবে রাজনীতিতে অংশ নিতে হবে।”


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ইসরায়েলে আটক ফ্লোটিলা অভিযাত্রীদের অনশন কর্মসূচি শুরু

ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে গিয়ে ইসরায়েলের হাতে আটক হয়েছেন আন্তর্জাতিক ফ্লোটিলা অভিযাত্রীরা। আটককৃতরা অন্যায় আচরণের প্রতিবাদ জানাতে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযানগুলো জব্দ করে এবং ক্রু ও অভিযাত্রীদের আটক করে বন্দরে নিয়ে যায়। এর প্রতিবাদে আটক ব্যক্তিরা খাবার গ্রহণ না করে অনশনের সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এতে ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক অংশ নেন। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।

প্রথমে বুধবার রাতে ইসরায়েলি নৌবাহিনী ১৩টি নৌযান আটক করে। তবে বাকি নৌযানগুলো গাজার দিকে যাত্রা অব্যাহত রাখে। পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত আরও ২৯টি নৌযান জব্দ করা হয়। সর্বশেষ শুক্রবার সকালে শেষ নৌযানটিও আটক করে নিয়ে যাওয়া হয়।

এফএফসি জানায়, আটক অভিযাত্রীরা প্রথম দিন থেকেই অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মানবিক সহায়তার বহর আটকে দেওয়া হয়েছে, যা গণমানবাধিকারের চরম অবমাননা।

মানবিক এই অভিযানে অংশ নেওয়া নাগরিক সমাজের নেতৃবৃন্দ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে দ্রুত অভিযাত্রীদের মুক্তি দেওয়া হয় এবং গাজার মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গাজার উদ্দেশ্যে সুমুদ ফ্লোটিলা আটক, বিশ্বজুড়ে বিক্ষোভ

গাজার উদ্দেশ্যে রওনা হওয়া ‘সুমুদ ফ্লোটিলা’ আটক ও শতাধিক অধিকারকর্মী গ্রেফতারের ঘটনায় আন্তর্জাতিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্পেন, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বহু দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন।

ইসরায়েলি বাহিনী ১-২ অক্টোবরের মধ্যে গাজার কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে ফ্লোটিলার একাধিক নৌযান আটক করে এবং অন্তত ২৫০ জনকে আশদোদ বন্দরে নিয়ে যায়। গ্রেফতার হওয়াদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

স্পেনে শিক্ষার্থীরা ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভ করেছেন এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। ইতালির বিভিন্ন শহরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং শ্রমিক ইউনিয়নগুলো দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। লন্ডনে সংসদ ভবন থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজা অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মার্কিন নাগরিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে। ফ্লোটিলায় থাকা মার্কিন নাগরিকদের মধ্যে রয়েছেন সাবেক পাঁচ সেনা ও এক ন্যাশনাল গার্ড সদস্য।

পশ্চিম তীরের রামাল্লাতেও ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে থাকবেন এবং আন্তর্জাতিক মহলকে সচেতন করার চেষ্টা চালাবেন।

‘ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ’ প্রধান জাহির বিরাওয়ি বলেন, বিশ্বজুড়ে বিক্ষোভগুলো ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে একপ্রকার গণভোট হিসেবে কাজ করছে। তিনি আরও জানিয়েছেন, ‘ফ্রিডম ওয়েভস’ কর্মসূচির অংশ হিসেবে গাজার উদ্দেশে আরও একটি ফ্লোটিলা রওনা দিচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, সাইবার হামলার শঙ্কা

দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকের ভেরিফায়েড পেজ থেকে হ্যাকার গ্রুপের পক্ষ থেকে একটি বার্তা প্রকাশ করা হয়, যেখানে ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে বলে দাবি করা হয়। পাশাপাশি আসন্ন সময়ে ফেসবুক পেজ ও ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে সাইবার হামলার হুমকি দেওয়া হয়।

ফেসবুক পেজটি ঘুরে দেখা যায়, নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল ছবি ও কভার ফটো বদলে ফেলা হয়েছে। সেখানে হ্যাকার গ্রুপের নিজস্ব ছবি ও বার্তা সংযুক্ত করা হয়েছে। প্রকাশিত বার্তায় বিশেষভাবে ‘Team MS 47OX’ নামটি উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গে ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম জানান, “ভোরে ব্যাংকের অফিসিয়াল পেজ হ্যাক হয়েছে। বিষয়টি সমাধানে আমাদের আইটি বিভাগ দ্রুত কাজ শুরু করেছে।” তবে এ ঘটনায় ব্যাংকের অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয় বলে তিনি উল্লেখ করেন।

ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই জানান, হ্যাকের সময় পেজে অস্বাভাবিক কিছু পোস্ট দেখা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের আর্থিক খাতে সাইবার সুরক্ষা জোরদার করার এখনই উপযুক্ত সময়। অন্যথায় বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের সাইবার আক্রমণের এই ঘটনা কেবল আর্থিক খাতের জন্য নয়, বরং সাধারণ গ্রাহকদের জন্যও সতর্কবার্তা। প্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যাংকগুলোর সাইবার সিকিউরিটি কাঠামো আরও শক্তিশালী করা জরুরি।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম