শর্ত মেনে বিচার দেখালে ফেব্রুয়ারির নির্বাচনে এনসিপি অংশ নেবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ আইনি ভিত্তি পেলে এবং গুরুত্বপূর্ণ হত্যা-সংবলিত মামলার দৃশ্যমান বিচার বাস্তবায়ন হলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তাদের দল অংশগ্রহণ করতে কোনো আপত্তি থাকবে না। তিনি এই মন্তব্য করেন সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজশাহীর একটি সমন্বয় সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে।

সারজিস বলেন, জুলাই সনদ যদি আইনগত স্বীকৃতি পায় এবং প্রশাসন নির্ধারিত বিচারিক রায়গুলো কার্যকর করে, বিশেষ করে যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িয়ে আছে বলে অভিযোগ রয়েছে—তাদের বিরুদ্ধে যথাযথ সিদ্ধান্ত দেখানো হয়, তখনই তারা নির্বাচনে যেতে রাজি হবেন। তিনি আরো বলেন, হাজার হাজার মামলার ফলাফল একেবারে একবারে দেওয়া সম্ভব নয়; তবে রাজনৈতিকভাবে গুরুতর মেসাজ বহন করা কিছু মামলার রায় ও বাস্তবায়নই জনরোষ নিবারণ করতে পারে।

তিনি জানিয়েছিলেন, যারা অভ্যুত্থানের সময় দায়িত্ব নিয়েছিলেন—বিশেষ করে উপদেষ্টারা—তাদের উচিত দায়িত্বের মাত্রা ধরে সাহসী পদক্ষেপ নেওয়া; নাহলে নির্বাচন নিয়ে ‘সেফ এক্সিট’ ভাবনা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। সারজিস অভিযোগ করে বলেন, কিছু প্রশাসনিক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এখনও অনিয়ম, বৃহৎ পরিসরে টাকার বিনিময়ে কাজ, এবং অপরাধীদের বিরুদ্ধে সুষ্ঠু ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে। তিনি প্রশ্ন তুলেন, গোয়েন্দা তথ্য থাকলেও কেন এমন অনিয়ম রোধ করা হয়নি।

সারজিস আরও বলেন, অভ্যুত্থানের পর থেকে সরকারি দফতর, পুলিশ-প্রশাসন ও বিভিন্ন সংস্থায় অনেকে পরিবর্তিত আচরণ দেখালেও অনেক জায়গায় পুরনো ‘দলীয়’ মানসিকতা এখনও টিকে আছে। তিনি দাবি করেন, এসব কপারক্রিয়াকাণ্ড যারা করছে তাদের বিরুদ্ধে দৃশ্যমান বিচার না হলে ঘটনা পুনরাবৃত্তির আশঙ্কা আছে এবং সাধারণ মানুষ কোনোভাবেই ওই সব অবস্থা মেনে নেবে না।

সভায় তিনি বলেন, এনসিপি জুলাই সনদ বাস্তবায়নের অগ্রাধিকার চাইছে এবং যদি সরকার ও রাজনৈতিক দলগুলো একযোগে এগুলো বাস্তবায়ন করে তবে দলের অংশগ্রহণে বাধা থাকবে না। একই সঙ্গে তিনি নির্বাচনী পরিবেশকে যথাযথভাবে নিরপেক্ষ ও দায়বদ্ধ করার ওপর জোর দিয়েছেন।

এনসিপি রাজশাহী জেলা ও মহানগর সমন্বয় সভায় উপস্থিত ছিলেন জেলা-ফিল্ড কমান্ডগুলো ও বিভাগীয় নেতারা। সভার আগে সারজিস এক প্রেস ব্রিফিংয়ে আরও জানান যে, শাপলা প্রতীক বিষয়ে আইনি কোনো বাধা না থাকলে এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষায় জোর তাগাদা থাকবে।

সভায় অনুষ্ঠানিকভাবে উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহীর বিভাগীয় ও স্থানীয় নেতৃত্বরা, যারা সারজিসের বক্তব্যকে সমর্থন জানিয়েছে ও ঐ শর্তগুলো পূরণ হলে দলের সিদ্ধান্ত বাস্তবসম্মত বলে মন্তব্য করেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সেপ্টেম্বরে সামান্য বেড়েছে মূল্যস্ফীতি, সবচেয়ে বেশি চাপ গ্রামীণ জনগণের ওপর

আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মাসিক ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশ, যা গত আগস্ট মাসে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ

বিবিএসের তথ্য অনুযায়ী, এ হার মানে হচ্ছে—২০২৪ সালের সেপ্টেম্বরে যে পণ্য ১০০ টাকায় কেনা যেত, এ বছর সেই একই পণ্যের দাম দাঁড়িয়েছে ১০৮ টাকা ৩৬ পয়সা। অর্থাৎ আগস্টের তুলনায় সেপ্টেম্বরে একই পণ্যের জন্য বেশি টাকা গুনতে হয়েছে ক্রেতাদের।

গত অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশেরও বেশি। যদিও চলতি ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে মূল্যস্ফীতিকে ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সে অনুযায়ী সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু অর্থনৈতিক বাস্তবতায় এই লক্ষ্য অর্জন এখন বেশ কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সিপিআই বিশ্লেষণে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ৬ শতাংশ। অপরদিকে, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশে, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৯ শতাংশ।

সরকারি বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না। বিশেষজ্ঞরা বলছেন, টাকার অবমূল্যায়ন, আমদানি ব্যয়ের চাপ, জ্বালানির দাম বৃদ্ধি এবং বাজারে সরবরাহ ঘাটতি—এই কারণগুলোই মূলত দাম বাড়ার জন্য দায়ী।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এখন মূল্যস্ফীতি সবচেয়ে বেশি। ভারতে বর্তমানে এই হার ২ দশমিক ০৭ শতাংশ, পাকিস্তানে ৫ দশমিক ৬ শতাংশ, শ্রীলঙ্কায় ১ দশমিক ৫ শতাংশ, নেপালে ১ দশমিক ৬৮ শতাংশ, আফগানিস্তানে ২ দশমিক ২ শতাংশ, মালদ্বীপে ৪ দশমিক ৬ শতাংশ এবং ভূটানে ৩ দশমিক ৬ শতাংশ

গ্রাম ও শহরের তুলনায় দেখা গেছে, গ্রামীণ জনগণের জীবনযাত্রার ব্যয় বেড়েছে বেশি। গ্রামে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৭ শতাংশ, আর শহরে ৮ দশমিক ২৮ শতাংশ। বিশেষ করে গ্রামে খাদ্যবহির্ভূত পণ্যে ব্যয় বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ, যা শহরের তুলনায় অনেক বেশি। শহরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৯৪ শতাংশ, আর খাদ্যবহির্ভূত খাতে ৮ দশমিক ৫১ শতাংশ

যদিও গত বছরের তুলনায় কিছুটা স্বস্তি এসেছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ, যার মধ্যে খাদ্যে ১০ দশমিক ৪০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৫০ শতাংশ

অর্থনীতিবিদদের মতে, পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে হলে বাজার মনিটরিং জোরদার করা, আমদানি ব্যয় কমানো, ভর্তুকি ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।


মো. আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ডিসি লেকপাড়কে আকর্ষণীয় করতে জেলা প্রশাসনের উদ্যোগ

বরিশাল নগরীর অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র ডিসি লেকপাড়কে আরও আকর্ষণীয় করে তোলার জন্য জেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। লেকপাড়ে নতুন দৃষ্টিনন্দন দেয়াল, বসার স্থান, হাঁটার ট্র্যাক, আধুনিক আলোকসজ্জা ও সবুজায়ন নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে লেকের নিরাপত্তা নিশ্চিত হওয়া ছাড়াও সৌন্দর্য বাড়ানো হবে এবং পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে। একই সঙ্গে বেলস পার্ক ও ডিসি লেককে নগরবাসীর অবসর যাপনের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলা হবে।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। নিয়মিত লেকপাড়ে হাঁটতে আসা সুখেন্দু এদবর বলেন, “কাজ শেষ হলে লেকপাড় আরও নিরাপদ ও সুন্দর হবে। পরিবার নিয়ে বিকেল কাটানোর জন্য বরিশালে এমন জায়গা প্রয়োজন।”
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী মাহিমুল হাসান এমদাদ বলেন, “ডিসি লেকে নতুন স্থাপনা যোগ হলে এটি শুধু স্থানীয় নয়, বাইরের পর্যটকদেরও আকর্ষণ করবে।”

সাংস্কৃতিক ও সাংবাদিক সমাজের মতে, লেকপাড়কে আধুনিক ও দৃষ্টিনন্দনভাবে গড়ে তোলার মাধ্যমে পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, “দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ডিসি লেকপাড়কে দৃষ্টিনন্দন করতে কাজ শুরু করা হয়েছে। পুরো কাজ শেষ হলে নগরবাসী সর্বাধিক সুবিধা পাবেন।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে মেধাবী ক্ষুদে ক্রিকেটার রিয়ানের পাশে জেলা প্রশাসক

বরিশালের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ক্ষুদে ক্রিকেটার রিয়ান খানের পাশে দাঁড়িয়েছেন। গত ৫ অক্টোবর নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত “প্রতিদিন ১০ কিলোমিটার হেটে অনুশীলনে যায় রিয়ান” শিরোনামের সংবাদটি জেলা প্রশাসকের নজরে আসে।

সোমবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে রিয়ানের জন্য নতুন বাইসাইকেল এবং ক্রিকেট সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, নয়া দিগন্ত পত্রিকার প্রতিবেদক খালিদ সাইফুল্লাহ ও রিয়ানের ক্রিকেট কোচ এজাজ মাহমুদ সুজন

রিয়ান খানের গল্পটি অনুপ্রেরণামূলক। তিনি বরিশাল শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। প্রতিদিন ১০ কিলোমিটার পায়ে হেঁটে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করতে যায়। ছেঁড়া জুতো, ভাঙা ব্যাট ও সীমিত খরচের মধ্যেও সে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনছেন। তার মা মিনজু বেগম সেলাইয়ের কাজ করে সংসারের খরচ চালান। এক বছর আগে তার বাবা মো. খোকনের ঢাকায় থাকা সিএনজি গাড়ি ছিনতাই হওয়ায় পরিবারের খোঁজ-খবরও কম।

রিয়ান ফাস্ট ফুডের দোকানে দেড় মাস কাজ করে অর্জিত অর্থে কিছু ক্রিকেট সামগ্রী সংগ্রহ করেছেন। বর্তমানে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৬ গ্রুপে কোচিং নিচ্ছেন এবং নিয়মিত ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।

উপহার পেয়ে রিয়ান বলেন, “নয়া দিগন্ত পত্রিকার সংবাদ প্রকাশের ফলে জেলা প্রশাসক বরিশালের সহযোগিতায় আজ আমার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আশা করি, এমন মানবিক সংবাদ দেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিভাবানদের পাশে দাঁড়াবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




 বরিশালে কাঁচামরিচ ৫০০, সবজি-মাছেও ক্রেতারা হতাশ

গত এক সপ্তাহ ধরে বরিশালে কাঁচামরিচের দাম ৪০০ থেকে ৫০০ টাকা প্রতি কেজি পর্যন্ত পৌঁছেছে। একই সঙ্গে অন্যান্য সবজি ও মাছের দামও বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা হতাশ।

সোমবার (৬ অক্টোবর) শহরের পোর্ট রোড, বাংলাবাজার, সাগরদী সহ বিভিন্ন পাইকারি সবজির বাজারে দেখা গেছে, বেগুন (লম্বা) ৩৫-৪০ টাকা, বেগুন (গোল) ৫৫-৬০ টাকা, শসা ২৫-৩০ টাকা, বরবটি ৪৫-৫০ টাকা, করলা ৫০-৫৫ টাকা, টমেটো ইন্ডিয়ান ১২০ টাকা, গাজর ইন্ডিয়ান ১০০ টাকা, পটল ৫০-৬০ টাকা এবং লাউ ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এগুলোর দাম ২০-৩০ টাকা বেশি।

মাছ ও মাংসের বাজারেও দাম বৃদ্ধি লক্ষ্য করা গেছে। রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাশ ২০০-২৮০ টাকা, চিংড়ি ৫৫০-৮৫০ টাকা এবং ভেটকি ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা এবং গরুর মাংস ৭৫০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

স্থানীয় ক্রেতারা জানান, “এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে এখন পাঁচ জনের সংসারের একদিনের বাজার করা দায়। দুই ধরনের সবজি কিনতেও ৩০০-৩৫০ টাকা খরচ হয়।”

বহুমুখী সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের প্রোপাইটর মো. আমিন শুভ জানান, পূজার ছুটির কারণে সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে বাজার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে খুচরা বাজারে পাইকারি বাজারের তুলনায় দাম বেশি থাকায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আবারও বিসিবি সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ২৫ পরিচালক সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করেন। সহ-সভাপতি হয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ ও বরিশাল বিভাগের সাখাওয়াত হোসেন।

এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বুলবুল। এর আগে এনএসসি মনোনীত সভাপতি হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবার পূর্ণ মেয়াদে চার বছরের জন্য দায়িত্ব পেলেন সাবেক এই ক্রিকেটার।

নির্বাচনে ১৫৬ জন ভোটারের মধ্যে ১১৫ জন ভোট দেন, যা মোট ভোটের ৭৩.৭১ শতাংশ।

পরিচালক নির্বাচিত হয়েছেন যারা :
চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলী খান, ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদীন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত শামস, রাজশাহী থেকে মোখলেসুর রহমান এবং রংপুর থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন—ইশতিয়াক সাদেক, আদনান রহমান দিপন, আবুল বাশার, আমজাদ হোসেন, শাহনিয়ান তানিন, মকসেদুল কামাল, ফয়াজুর রহমান, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মঞ্জুর আলম, মেহরাব আলম চৌধুরী ও ইফতেখার রহমান মিঠু।

এছাড়া ক্যাটাগরি ‘সি’ থেকে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক হয়েছেন ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়য়াল আশিক।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




দুদকের মামলায় বরগুনা জেলা প্রশাসনের সাবেক নাজির কারাগারে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বরগুনা জেলা প্রশাসনের সাবেক নাজির মোহাম্মদ আল মাসুদ করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী খাদিজা আক্তারকে জামিন দেওয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুর রহমান এ আদেশ দেন। এর আগে পরোয়ানার পর তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাসুদ করিমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী সমন্বিত কার্যালয় থেকে মোহাম্মদ আল মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

দুদকের তদন্তে জানা যায়, মাসুদ করিমের বৈধ আয় ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা হলেও তার নামে রয়েছে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ২০২ টাকার সম্পদ এবং স্ত্রীর নামে ২২ লাখ ৭ হাজার ১৫৫ টাকার সম্পদ। সব মিলিয়ে দম্পতির অর্জিত সম্পদ ২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৫০৭ টাকা, যার মধ্যে ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকার উৎস অজানা। এছাড়া তিনি ৪১ লাখ ৬৭ হাজার ৮৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে দুদক প্রতিবেদনে উল্লেখ করেছে।

জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন বলেন, “আদালতে আত্মসমর্পণের পর শুনানি শেষে বিচারক মাসুদ করিমের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তার স্ত্রী খাদিজা আক্তারের জামিন মঞ্জুর করেন।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

“ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িবাঁধ” এমন স্লোগানে বিষখালি নদীর ভাঙন রোধ ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বরগুনার উপকূলীয় এলাকার শতাধিক মানুষ।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপধন এলাকার বিষখালি নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন স্থানীয় কৃষক, জেলে, নারী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা প্রতিনিয়ত ঝড়-জলোচ্ছ্বাস ও নদীভাঙনের সঙ্গে লড়াই করছি। সাধারণ জোয়ারেই ভেঙে যাচ্ছে বেড়িবাঁধ। আমাদের ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা ত্রাণ নয়, চাই টেকসই বেড়িবাঁধ, যাতে স্থায়ীভাবে রক্ষা পায় জান-মাল।”

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের প্রবল বৃষ্টি ও নদীতে পানির চাপ বৃদ্ধিতে এলাকার ফসলি জমি ও ঘরবাড়ি নদীতে তলিয়ে যাচ্ছে। বিষখালি নদীর পূর্ব-কালমেঘা খাল থেকে বধু ঠাকুরানী ব্লক পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।

তারা আরও বলেন, “সিডর, আইলা, নার্গিস, মহসেন, মিধিলি, রিমাল—প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হই আমরা। অথচ টেকসই বাঁধ নির্মাণে কোনো পদক্ষেপ নেওয়া হয় না।”

স্থানীয়রা সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ঝালকাঠিতে মোটরসাইকেল বাসের নিচে, মুহূর্তে আগুনে পুড়ল যানটি

ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসে আগুন লেগে যায়।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল সাকুরা পরিবহনের বাসটি। প্রতাপ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসের নিচে ঢুকে যায়। মুহূর্তেই আগুন ধরে পুরো বাসে ছড়িয়ে পড়ে। আতঙ্কে যাত্রীরা দ্রুত বাস থেকে বেরিয়ে আসেন, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো যায়।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের জেলা কর্মকর্তা শ্রীভাস বলেন, “দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। সৌভাগ্যবশত বাসের সব যাত্রী নিরাপদে আছেন।”

গুরুতর আহত মোটরসাইকেল আরোহীর পরিচয় এখনো জানা যায়নি। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




 ঢাকা-বরিশাল রুটে আবারও ফিরছে ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহসুদ’

নদীমাতৃক বাংলাদেশের একসময়ের ঐতিহ্যবাহী নৌযান প্যাডেল স্টিমার আবারও ফিরছে ঢাকার আকাশচুম্বী ব্যস্ততা থেকে শান্ত নদীপথে। দীর্ঘ তিন বছর পর ঢাকা-বরিশাল নৌপথে পুনরায় চালু হতে যাচ্ছে ঐতিহাসিক পিএস মাহসুদ স্টিমারটি। চলতি মাসের শেষের দিকেই শুরু হবে এর যাত্রা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ শেষ হয়েছে। আপাতত সপ্তাহে দুই দিন চলবে স্টিমারটি, যার গতি ঘণ্টায় প্রায় ১২ নটিক্যাল মাইল।

ইনল্যান্ড মাস্টার অফিসার সালাউদ্দিন আহমেদ বলেন, “তিন বছর পর আবার চালু হচ্ছে ব্রিটিশ আমলের প্যাডেল স্টিমার মাহসুদ। সংস্কারের পর এটি এখন পুরোপুরি যাত্রার উপযোগী।”

জুনিয়র ইঞ্জিন অফিসার সাইফুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিকভাবে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত স্টিমারটি নির্ধারিত রুটে নিয়মিত চলবে।

উপ-বাণিজ্য ব্যবস্থাপক খন্দকার মুহম্মদ তানভীর হোসেন বলেন, “পিএস মাহসুদ প্রায় ১০০ বছরের পুরনো। ১৯২৮ সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে এটি নির্মিত হয়। সংস্কারের সময় স্টিমারের ঐতিহ্যবাহী রূপ অক্ষুণ্ণ রাখা হয়েছে, যাতে যাত্রীরা পুরনো দিনের নৌভ্রমণের স্বাদ পায়।”

জানা গেছে, গত মে মাসে নৌপরিবহন মন্ত্রণালয় স্টিমার সার্ভিস পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়। সার্ভে, ফিটনেস রিপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হলেই যেকোনো দিন যাত্রা শুরু করবে এই ঐতিহাসিক স্টিমার।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫