এআই দিয়ে তৈরি শহীদুল আলমের গ্রেফতারের ভাইরাল ছবি : রিউমর স্ক্যানার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমের কথিত গ্রেফতারের ছবিটি বাস্তব নয়—এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার

বুধবার (৮ অক্টোবর) রাতে প্রতিষ্ঠানটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি যাচাই করে জানায়, ছবিতে একাধিক অসংগতি পরিলক্ষিত হওয়ায় এটি সম্পূর্ণভাবে এআই জেনারেটেড বলে প্রমাণিত হয়েছে।

রিউমর স্ক্যানারের বিশ্লেষণে বলা হয়, ছবিতে থাকা চারজন সৈন্যের মুখমণ্ডল, শারীরিক গঠন ও উচ্চতায় অস্বাভাবিক মিল পাওয়া গেছে—যা বাস্তব ছবিতে সচরাচর দেখা যায় না। এছাড়া সৈন্যদের হাতে অস্ত্রধারণের ভঙ্গি ও অবস্থানেও বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা গেছে।

আরও উল্লেখ করা হয়, শহীদুল আলমের পূর্বে তোলা ছবিতে তার পাঞ্জাবিতে থাকা আবু সাইদের ছবির অবস্থান এআই ছবিতে উল্টো দেখা যায়। এটি মিরর ইমেজ বা ডিজিটাল রেন্ডারিংয়ের ফলাফল, যা বাস্তব ছবিতে অসম্ভব।

রিউমর স্ক্যানার জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ও ছবি ছড়ানোর প্রবণতা বাড়ছে। তাই যেকোনো ভাইরাল ছবি বা তথ্য শেয়ার করার আগে যাচাই-বাছাই করা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, শহীদুল আলম বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, শিক্ষক ও মানবাধিকারকর্মী। সম্প্রতি তার নাম ব্যবহার করে তৈরি এআই-নির্ভর বিভ্রান্তিকর কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




জিয়াউর রহমানের মাজারে খালেদা জিয়ার জিয়ারত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন। বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে তিনি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

দলীয় সূত্রে জানা যায়, মাজারে পৌঁছে বেগম খালেদা জিয়া কিছু সময় নীরবে অবস্থান করেন এবং পরে ফাতেহা পাঠ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন। সফর শেষে রাত ১১টা ১৫ মিনিটে তিনি গুলশানের নিজ বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছিলেন। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




রেমিট্যান্সে চাঙা সূচনা অক্টোবরের

চলতি অক্টোবরের প্রথম সাতদিনেই প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে এসেছে নতুন গতি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় দেশে এসেছে ৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৪৪২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে প্রবেশ করেছে ১০ কোটি ডলার করে রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে প্রবাসীরা পাঠিয়েছেন ৬৯ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। গত বছরের একই সময়ে এসেছিল ৬৮ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহে বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে মোট ৮২৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৬ শতাংশ

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সদ্য বিদায়ী সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, যা আগস্টের (২৪২ কোটি ১৯ লাখ ডলার) তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও এসেছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে সর্বাধিক রেমিট্যান্স এসেছিল মার্চ মাসে, তখন প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ডলার, যা ছিল পুরো অর্থবছরের সর্বোচ্চ। ওই অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি

অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। রেমিট্যান্সের ধারাবাহিক এই উত্থান প্রমাণ করছে—বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবাসী আয় এখনো সবচেয়ে বড় ভরসা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সরকার এখন প্রবাসী আয়ের গতি আরও বাড়াতে উৎসাহমূলক প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের ব্যবহার বাড়াতে কাজ করছে। এর ফলে রেমিট্যান্স পাঠানো প্রক্রিয়া আরও সহজ এবং নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুমের ঘটনায় শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আলোচিত এই মামলাগুলোর মধ্যে দুটি গুমসংক্রান্ত এবং একটি জুলাই আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগের মামলা অন্তর্ভুক্ত।

বুধবার (৮ অক্টোবর) প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামীম জানান, “আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুমের ঘটনায় দুটি এবং জুলাই আন্দোলনের সময় বিজিবির গুলির ঘটনায় একটি মামলা মিলিয়ে মোট তিনটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।”

প্রথম মামলায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও একই ব্যক্তিদের মধ্যে ১৩ জনকে আসামি করে আরও পাঁচটি অভিযোগ দাখিল করা হয়। এছাড়া জুলাই আন্দোলনে রামপুরায় গুলিবর্ষণের ঘটনায় বিজিবির চার কর্মকর্তার বিরুদ্ধে ছয়টি অভিযোগ গঠন করা হয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর চিফ প্রসিকিউটর জানান, “গুমের মামলা অনেকগুলো রয়েছে। প্রধান কয়েকটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে, খুব শিগগিরই তদন্ত রিপোর্ট দাখিল হবে।” তিনি আরও বলেন, “এটি জটিল মামলা হওয়ায় সব দিক যাচাই-বাছাই করে রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে।”

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, তদন্ত সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিক শুনানির সময় নির্ধারণ করবে আদালত।

 

আল-আমিন

 




‘সহজক্যাশ’ নামে ভুয়া প্রতিষ্ঠানে লেনদেনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নাগরিকদের সতর্ক করেছে ‘সহজক্যাশ’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে। কেন্দ্রীয় ব্যাংকের স্পষ্ট ঘোষণা—এই নামে কোনো প্রতিষ্ঠানকে দেশে আর্থিক লেনদেন বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। তাই এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন, বিনিয়োগ বা চাকরির প্রতিশ্রুতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি জাতীয় কিছু পত্রিকায় ‘সহজক্যাশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি নাকি প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালুর অনুমোদন পেতে যাচ্ছে।

কিন্তু বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট সিস্টেম বিভাগ জানায়, ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এমএফএস চালুর অনুমোদনের আবেদন পাওয়া যায়নি। এমনকি বর্তমানে এ ধরনের কোনো আবেদনও প্রক্রিয়াধীন নয়।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানায়, দেশে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস পরিচালনার অনুমোদন দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ হলো বাংলাদেশ ব্যাংক। তাই এই ভুয়া প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে কেউ যেন আর্থিক ক্ষতির মুখে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, সম্প্রতি কিছু প্রতারক চক্র এমএফএস বা ব্যাংকিং সেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই কোনো প্রতিষ্ঠান যদি বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত তালিকায় না থাকে, তবে তাদের সঙ্গে কোনো আর্থিক কার্যক্রম না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সাধারণ মানুষকে সচেতন করে বাংলাদেশ ব্যাংক বলেছে—যে কোনো সন্দেহজনক আর্থিক কার্যক্রম বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় কিংবা বাংলাদেশ ব্যাংকের অভিযোগ সেলে জানাতে হবে। এতে প্রতারণা রোধ ও জনস্বার্থ সুরক্ষিত রাখা সম্ভব হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ইউনেস্কোর সভাপতি নির্বাচিত বাংলাদেশি কূটনীতিক খন্দকার এম তালহা

বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। তিনি মাত্র তিন ভোটের ব্যবধানে জাপানের প্রতিনিধি রাষ্ট্রদূত টেকহিরো কানোকে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ পদে আসীন হয়েছেন।

প্যারিস ও ঢাকায় নিযুক্ত কূটনীতিক সূত্রে জানা গেছে, ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি পদে বাংলাদেশ, জাপান, ভারত ও উত্তর কোরিয়া প্রার্থীতা জমা দিয়েছিল। তবে গত সেপ্টেম্বর মাসে ভারত ও উত্তর কোরিয়া তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ ও জাপানের মধ্যে।

ভোটে খন্দকার এম তালহা পান ৩০ ভোট, আর জাপানের টেকহিরো কানো পান ২৭ ভোট। এই তিন ভোটের ব্যবধানেই প্রথমবারের মতো ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে প্যারিসে নিযুক্ত বাংলাদেশ মিশন এবং ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউনেস্কোর ৪৩তম সাধারণ অধিবেশন শুরু হবে চলতি বছরের ৩০ অক্টোবর, উজবেকিস্তানের ঐতিহাসিক সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন, যেখানে বিশ্ব সংস্কৃতি, শিক্ষা ও ঐতিহ্য সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইউনেস্কোর সদস্য হওয়ার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ এই সংস্থার সভাপতির মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হলো। এটি বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

খন্দকার এম তালহা একজন পেশাদার কূটনীতিক, তিনি বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) এর ১৫তম ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি নিউইয়র্ক, জেনেভা, তেহরান ও লন্ডনস্থ বাংলাদেশ মিশনে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তার এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিএনপি দেশের ৪০টি গণমাধ্যমে প্রভাব খাটাচ্ছে: সারজিস আলম

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, বিএনপি দেশের অন্তত ৪০টি টেলিভিশন ও পত্রিকায় প্রভাব বিস্তার করছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ফুডক্লাব অডিটোরিয়ামে এনসিপি জেলা শাখা আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “সম্প্রতি তথ্য মন্ত্রণালয় দুটি নতুন টেলিভিশনের অনুমোদন দিয়েছে। আমরা শুনেছি, এর মধ্যে একটি টেলিভিশনে এনসিপির এক নেতা মালিকানায় রয়েছেন। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে, শুধু এনসিপি নয়, বিএনপি ও জামায়াতের নেতারাও এই টেলিভিশনগুলোর সঙ্গে জড়িত। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধু এনসিপিকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই গণমাধ্যম তার নিরপেক্ষ অবস্থান ধরে রাখুক। সাংবাদিকদের পেশাগত কাজে কোনোভাবেই বাধা দেওয়া উচিত নয়। মিডিয়া যেন রাজনীতির হাতিয়ার না হয়, বরং সত্য ও জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করুক।”

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, “বাংলাদেশে আর আওয়ামী লীগ কখনো ফিরে আসবে না। যারা মনে করছেন দলটি আবার ক্ষমতায় ফিরতে পারবে, তারা বাস্তবতা বুঝতে পারছেন না। এসব স্বপ্ন দেখা বন্ধ করতে হবে, নয়তো তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।”

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জাতীয় রাজনীতিতে দলের অবস্থান আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




 হিজলায় মা ইলিশ অভিযানে কোস্টগার্ডের ওপর জেলেদের হামলা, আটক ৭

বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর জেলেদের অস্ত্রধারী হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমসহ কোস্টগার্ডের কয়েকজন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ৭ জন জেলে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকায় মূল মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, অভিযানের সময় জেলেরা অবৈধ কারেন্ট জাল ফেলে মাছ ধরছিল। খবর পেয়ে যৌথ দল অভিযান চালালে জেলেরা দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কর্মকর্তারা আহত হন এবং মৎস্য বিভাগের একটি স্পিডবোট ভাঙচুর করা হয়।

অভিযান শেষে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
আটকরা হলেন— জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ ঘরামী, সাদম মাঝি, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন বেপারী। এদের মধ্যে রায়হান পাটোয়ারীকে হামলার মূল নেতৃত্বদানকারী হিসেবে চিহ্নিত করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “অবৈধ মাছ ধরার খবর পেয়ে অভিযান চালাই। জেলেরা হামলা চালালেও আমরা অভিযান চালিয়ে যাই। মা ইলিশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি।”

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, “হামলায় কয়েকজন আহত হলেও অভিযান চলবে। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০সরকারি কাজে বাধা দেওয়ার ধারায় মামলা হচ্ছে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা আরও বাড়াবে ভারত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রদান কার্যক্রম আরও বিস্তৃত করা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ভিসা প্রদানের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং আগামীতেও তা ধারাবাহিকভাবে বাড়ানো হবে।

গত সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে ‘ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব)’ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান বিক্রম মিশ্রি।

পররাষ্ট্রসচিব বলেন, “বাংলাদেশ আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী। এখানকার মানুষের জন্য আমরা বিশ্বের অন্যতম বৃহৎ ভিসা কার্যক্রম পরিচালনা করি। সাম্প্রতিক নিরাপত্তাজনিত কারণে কিছু সময়ের জন্য কার্যক্রমে ধীরগতি দেখা দিলেও বর্তমানে তা প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।”

তিনি আরও বলেন, “গত বছরের আগস্টে কিছু নিরাপত্তাজনিত ঘটনার কারণে আমাদের কর্মীবিন্যাসে সামান্য পরিবর্তন আনতে হয়েছিল। তবে এখন ভিসা ইস্যুর সংখ্যা আবারও বাড়ছে, এবং ভবিষ্যতে তা আরও বৃদ্ধি পাবে।”

সাক্ষাৎকারে বিক্রম মিশ্রি সীমান্ত পরিস্থিতি ও সাম্প্রতিক কিছু ইস্যু নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “পুশইন একটি আইনি প্রক্রিয়ার অংশ। ভারত সবসময় আইন ও আন্তর্জাতিক প্রোটোকল মেনে এসব বিষয় পরিচালনা করে থাকে।”

এ ছাড়া সীমান্তে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রসচিব জানান, “ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনসহ নিরাপত্তা নিশ্চিত করাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আমরা চাই, দুই দেশের সীমান্ত যেন আরও শান্তিপূর্ণ ও স্থিতিশীল হয়। এজন্য পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিই সবচেয়ে প্রয়োজন।”

ভারতীয় কূটনীতিকদের মতে, ঢাকা-দিল্লি সম্পর্ক এখন এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনে দুই দেশের নাগরিকদের চলাচল সহজ করতে ভারত ভবিষ্যতে আরও প্রযুক্তিনির্ভর ভিসা পরিষেবা চালু করার পরিকল্পনা করছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির উদ্যোগ

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর জন্য এবার নতুন নির্দেশনা জারি করে বলা হয়েছে, তারা যেন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য এমন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করে যেসব সংস্থা পাচার করা সম্পদ শনাক্ত, উদ্ধার এবং ফেরত আনার ক্ষেত্রে আইনি সহায়তা দিতে সক্ষম।

গত সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর নির্বাহী পরিচালক মফিজুর রহমান খান চৌধুরী, গভর্নরের উপদেষ্টা ফারহানুল গনি চৌধুরী এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, পাচার হওয়া অর্থ উদ্ধারের প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিলে তা কার্যকরভাবে সম্পন্ন হবে। এসব প্রতিষ্ঠান পাচারকৃত অর্থের উৎস, গন্তব্য ও আইনি প্রতিবন্ধকতা চিহ্নিত করে সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ফেরাতে সহযোগিতা করবে। সফলভাবে অর্থ উদ্ধারে পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কমিশন হিসেবে নির্ধারিত অংশ পাবে।

বৈঠকে জানানো হয়, বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি, ব্যাংকগুলো চাইলে নিজেদের বিবেচনায় বিদেশে সম্পদ পুনরুদ্ধারে অভিজ্ঞ অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি করতে পারবে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্রে জানা গেছে, সরকার গঠিত ১১টি তদন্ত দল ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও শিল্পগোষ্ঠীর পাচার করা বিপুল অর্থের সন্ধান পেয়েছে। এসব অর্থের একটি বড় অংশ বিভিন্ন দেশে বিনিয়োগের আকারে রয়েছে বলে জানা গেছে।

একইসঙ্গে, পাচার হওয়া অর্থের মাধ্যমে বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তোলারও প্রমাণ পেয়েছে তদন্ত দল। ইতোমধ্যে প্রায় ৫৭ হাজার ২৬০ কোটি টাকার সম্পদ ও শেয়ার জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।

বৈঠক শেষে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান সাংবাদিকদের বলেন, “বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক আইন ও সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকটি ব্যাংক এ উদ্যোগের নেতৃত্ব দেবে এবং অন্যান্য ব্যাংক তাদের সঙ্গে সমন্বয় করবে।”

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, “অর্থপাচারের ঘটনায় ব্যাংকগুলোকে আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে বলা হয়েছে। প্রাথমিকভাবে ৬ থেকে ৭টি সম্ভাব্য প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, তবে ব্যাংকগুলো চাইলে নিজস্বভাবে যোগ্য অন্য প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা করতে পারবে।”

অর্থপাচার রোধ ও পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তকে অর্থনীতিবিদরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, আন্তর্জাতিক সহযোগিতা অর্থ ফেরানোর প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করবে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম