১৫ অক্টোবর জাতীয় সংসদে স্বাক্ষরিত হবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’

আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। ঐতিহাসিক এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বৈঠকে সনদ বাস্তবায়নের উপায় ও কাঠামো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কমিশনের পাঁচ দফা আলোচনায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত মতামত এবং বিশেষজ্ঞদের পরামর্শ বিশ্লেষণ করা হয়।

বৈঠকে আশা প্রকাশ করা হয়, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের সমন্বয়ে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত শুরু করা সম্ভব হবে। কমিশন শিগগিরই বাস্তবায়ন-সংক্রান্ত সুপারিশ ও সনদের চূড়ান্ত খসড়া সরকারের কাছে জমা দেবে বলেও জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, এবং ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া ঐকমত্য প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা মনে করছেন, জুলাই সনদ ২০২৫ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচন করবে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আফগানিস্তানে তীব্র বিমান হামলা, পাকিস্তানের অভিযানে নিহতের আশঙ্কা

আফগানিস্তানের রাজধানী কাবুলে গভীর রাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। বৃহস্পতিবার গভীর রাত পেরিয়ে শুক্রবার (১০ অক্টোবর) ভোররাতের কিছুক্ষণ আগে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় রাতের আকাশে একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাবুল নগরী।

পাকিস্তানি গণমাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত এই বিমান হামলায় পাকিস্তান তেহরিক-ই-তালিবানের (টিটিপি) শীর্ষ নেতা নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ আরও কয়েকজন সহযোগীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। সাইফুল্লাহকে টিটিপির সম্ভাব্য পরবর্তী নেতা হিসেবে বিবেচনা করা হতো।

স্থানীয় সূত্রের দাবি, হামলাটি নূর ওয়ালি মেসুদের গাড়িকে লক্ষ্য করে চালানো হয়। এতে গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। যদিও আফগান সংবাদমাধ্যম এখনো তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি, তবে তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় প্রকাশ্যে রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন নূর ওয়ালি।

টিটিপি পাকিস্তানে নিষিদ্ধ একটি সন্ত্রাসী সংগঠন, যার নেতৃত্বে থাকা নূর ওয়ালি বহু বছর ধরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কাছে ওয়ান্টেড তালিকার শীর্ষে রয়েছেন।

এদিকে হামলার পর টিটিপি প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিতে পারে বলে ধারণা করছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ইতিমধ্যেই সেনা সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এর আগে গত সপ্তাহেও টিটিপির হামলায় ১২ পাকিস্তানি সেনা নিহত হয়, যার জেরে বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কঠোর হুঁশিয়ারি দেন।

তার হুঁশিয়ারির পরপরই এই বিমান হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে। খাজা আসিফ বলেছেন, “আর নয়, এখন প্রতিটি আক্রমণের জবাব দেওয়া হবে।”

কাবুলের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা একাধিক তীব্র বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপর বিমানগুলো আকাশে চক্কর দিতে থাকে, যা দেখে অনেকেই আশঙ্কায় ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও ভয়।

পাকিস্তান সামরিক বাহিনীর ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার সকালে পেশোয়ারে একটি জরুরি সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে, যেখানে কাবুলে চালানো অভিযানের বিস্তারিত জানানো হতে পারে।

অন্যদিকে আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “বিস্ফোরণ ঘটেছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” তবে স্থানীয় বাসিন্দাদের মতে, হামলার মাত্রা ছিল ভয়াবহ, যা কাবুলে গত কয়েক মাসে সবচেয়ে বড় বিমান হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শেষ মুহূর্তে ভেঙে গেলো বাংলাদেশের স্বপ্ন, সাত গোলের রোমাঞ্চে হংকংয়ের জয়

ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচটি যেন এক নাটকীয় ফুটবল থ্রিলার। সাত গোলের লড়াইয়ে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে হংকংয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ। এই হারেই এএফসি এশিয়ান কাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলো হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের নেতৃত্বাধীন দলের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। গ্যালারিভর্তি দর্শকদের সামনে ১৩ মিনিটেই দুর্দান্ত এক গোল করেন দলের সেরা তারকা হামজা দেওয়ান চৌধুরী। স্টেডিয়াম তখন উল্লাসে মুখর। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রক্ষণভাগের বিশৃঙ্খলা আর দুর্বল ডিফেন্সের কারণে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাংলাদেশ।

হংকংয়ের ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার এভারটনরাফায়েল শুরু থেকেই বাংলাদেশ রক্ষণভাগে চাপ সৃষ্টি করেন। বিশেষ করে সাদ উদ্দিনের দিক দিয়ে একের পর এক আক্রমণ গড়ে ওঠে। ম্যাচের ৪৫ মিনিটে এভারটনের গোলে সমতায় ফেরে হংকং। বিরতির পর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে রাফায়েলের গোলে প্রথমবার এগিয়ে যায় অতিথিরা।

৭৪ মিনিটে আবারও গোল করেন রাফায়েল। স্কোরলাইন তখন ৩-১, মনে হচ্ছিল ম্যাচ শেষ। কিন্তু বাংলাদেশ তখনও হার মানেনি। বদলি হিসেবে মাঠে নেমে দারুণ পারফরম্যান্স দেখান শামিত সোম, জামাল ভূঁইয়া, জায়ান আহমেদফাহামিদুল। ৮৪ মিনিটে মোরসালিনের গোলে ব্যবধান কমে ৩-২ হয়। ইনজুরি সময়ে শামিতের দারুণ এক গোল ম্যাচে ফেরায় বাংলাদেশকে, স্কোর ৩-৩!

পুরো স্টেডিয়াম তখন উত্তেজনায় ফেটে পড়ে। খেলোয়াড়দের সঙ্গে উল্লাসে মেতে ওঠে দর্শকরা। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। শেষ মুহূর্তে আবারও বাংলাদেশ রক্ষণের ভুলে রাফায়েল গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এবং ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করেন হংকংয়ের জন্য।

ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। সমর্থকদের অভিযোগ, কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ। শুরু থেকেই রক্ষণভাগ দুর্বল থাকলেও সাদ উদ্দিনকে পুরো ম্যাচ খেলানোয় হতাশা প্রকাশ করেন সবাই। অনেকে মনে করছেন, সময়মতো পরিবর্তন আনলে ফল অন্যরকম হতে পারতো।

বদলি হিসেবে নামা জামাল ভূঁইয়া দ্বিতীয় গোলের অন্যতম যোগানদাতা ছিলেন। জায়ান ও শামিতও নিজেদের সেরাটা দিয়েছেন। কিন্তু ডিফেন্সের বিশৃঙ্খলায় সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে নেমে গেছে বাংলাদেশ। ফলে এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার আশা এখন নিভে গেছে লাল-সবুজের জন্য।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




হয় শাপলা দিন, নয়তো ধান, সোনালি আঁশ প্রতীক বাদ :নাসীরুদ্দীন পাটওয়ারী

চন্দ্রদ্বীপ নিউজ : নির্বাচন কমিশনকে কঠিন শর্ত দিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে দুই ঘণ্টার  বৈঠকে   তারা বলেন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) হয় শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালি আঁশ বাদ দিতে হবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। তিনি বলেন, ‘শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না। এর পরেও যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে লড়াই চালিয়ে যাব। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না।’

শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে আইনি বা রাজনৈতিক বাধা নেই দাবি করে এনসিপির এই নেতা বলেন, অদৃশ্য শক্তির হাত রয়েছে। তিনি বলেন, কেন তারা শাপলা দেবে না, সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি। নির্বাচন কমিশনের সামনে পথ দুটি—হয় শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালি আঁশ বাদ দিতে হবে। এনসিপি নিবন্ধন মানবে না শাপলা ছাড়া। এ নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে।

আড়াই ঘণ্টার বৈঠকে প্রতীক প্রশ্নে সিইসি দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দুই ঘণ্টা আমরা ওনাদের প্রশ্ন করেছিলাম যে প্রতীক প্রশ্নে যদি না দিতে চান, সেটাতে আপনার ব্যাখ্যা কী? দুই ঘণ্টা উনারা নিশ্চুপ ছিলেন। কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। উনাদের যে ধৈর্যশক্তি, সেটার আমরা যথেষ্ট প্রশংসা করি কিন্তু আমরা এটা লাস্ট তাঁদের বলে এসেছি যে আপনি যদি শাপলা না দেন, তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে।’

 




দেশ ছাড়িয়ে উপমহাদেশেও জনপ্রিয় বরিশালের টক-মিষ্টি আমড়া

টক-মিষ্টি অনন্য স্বাদের জন্য বরিশালের আমড়া এখন শুধুই স্থানীয় পণ্যে সীমাবদ্ধ নয়—দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে উপমহাদেশের বিভিন্ন প্রান্তেও। ভারতের আগরতলা, কলকাতা, আসাম ও মেঘালয়ের বাজারে এখন বরিশালের আমড়ার উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। সম্প্রতি সরকার এই আমড়াকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা বরিশালের কৃষিকে এনে দিয়েছে নতুন মর্যাদা ও বাণিজ্যিক সম্ভাবনা।

বরিশাল অঞ্চলে বর্তমানে প্রায় ২,৫০০ হেক্টর জমিতে প্রতি মৌসুমে ২৫,০০০ টন আমড়া উৎপাদিত হয়। কৃষিবিদদের মতে, আবাদ বাড়িয়ে এটি যদি ১০,০০০ হেক্টরে সম্প্রসারণ করা যায়, তাহলে উৎপাদন লাখ টন ছাড়াতে পারে। স্থানীয় নার্সারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখন উন্নতমানের আমড়া চারা উৎপাদন ও সরবরাহ করছে, যা কৃষকদের আগ্রহ বাড়াচ্ছে।

বরিশালের আমড়া শুধু স্বাদের জন্য নয়, পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি ও আয়রন, যা রক্তস্বল্পতা দূর করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। এছাড়া এটি জ্বর, সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, দাঁতের স্বাস্থ্য রক্ষা, ব্রেন স্ট্রোক ও হৃদরোগ নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা রাখে।

স্থানীয় কৃষিবিদদের মতে, আমড়া চাষে বরিশালের আবহাওয়া অনুকূল। এ অঞ্চলের কৃষকরা এখন আমড়াকে আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে দেখছেন। প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুললে আমড়া থেকে জুস, জেলি ও আচার তৈরি করে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রফতানির সম্ভাবনা উজ্জ্বল।

ডিএই’র বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. নজরুল ইসলাম সিকদার বলেন, “আমড়ার আবাদ সম্প্রসারণে আমরা ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে আবাদ আরও বাড়ানো এবং রফতানি সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে।”

বরিশালের এই বিশেষ জাতের আমড়া এখন শুধু ফল নয়—এটি হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের কৃষি-অর্থনীতির এক নতুন সম্ভাবনার প্রতীক।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গৌরনদীতে অ্যাম্বুলেন্স চালকদের সংঘর্ষে চিকিৎসা সেবা বন্ধ, এক রোগীর মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালকদের দুই গ্রুপের সংঘর্ষে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে সাতজন আহত হন এবং চিকিৎসা সেবা বন্ধ থাকায় এক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে স্থানীয় দুই অ্যাম্বুলেন্স মালিক—জাবেদ সেলিম ও জামাল সিকদারের মধ্যে পার্কিং নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে হাসপাতাল প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় আধা ঘণ্টা চিকিৎসা সেবা বন্ধ থাকে।

এ সময় চিকিৎসা নিতে আসা রোগী হাফিজুর রহমান (৬০) মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার দিয়াশুর গ্রামের নুর মোহাম্মদ আকনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, চিকিৎসা বন্ধ থাকায় তার মৃত্যু হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান, হাফিজুর রহমানকে আনার আগেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ইসিজি পরীক্ষার মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন অ্যাম্বুলেন্স মালিক জাবেদ সেলিম, তার ভাই সালাম বেপারী, ইলিয়াস সরদারসহ অন্তত সাতজন। তাদের মধ্যে গুরুতর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহিন বলেন, “হাসপাতালের অভ্যন্তরে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। রোগীদের সেবা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাম্বুলেন্স পার্কিংয়ের অনিয়ম ও জায়গা দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণায় ‘University Entrepreneur Award & Expo 2025’ দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দিগন্ত

বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এবং তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে দেশের শীর্ষ তরুণ-নির্ভর প্রতিষ্ঠান Lynovexa Limited আয়োজন করতে যাচ্ছে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ — “University Entrepreneur Award & Expo 2025”।

এই আয়োজনের মূল উদ্যোক্তা ও প্রবর্তক Lynovexa Limited-এর ম্যানেজিং ডিরেক্টর এবং University Entrepreneur Award-এর ফাউন্ডার সাদাত শাহ আল মুইজ।

তিনি জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, তাদের বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদান এবং উদ্যোক্তা-নেটওয়ার্ক তৈরির লক্ষ্যেই এই আয়োজন করা হচ্ছে।

সাদাত শাহ আল মুইজ বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২২ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করে। বিদেশে কর্মসংস্থান, সরকারি-বেসরকারি চাকরি এবং অপ্রাতিষ্ঠানিক খাতে যুক্ত হওয়ার পরও প্রায় ১০ লাখ তরুণ শোভন কর্মসংস্থানের সুযোগ পায় না। যদি এই তরুণদের মাত্র ১০ শতাংশকেও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়, তবে তারা নিজেরাই বাকিদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারবে। University Entrepreneur Award & Expo 2025 তরুণদের সৃজনশীলতা, নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

ইভেন্টের Organizing Board Advisor হিসেবে যুক্ত হয়েছেন ইউএস-বাংলা গ্রুপের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম এবং রবি আজিয়াটা লিমিটেডের কর্পোরেট গভর্নেন্স ও প্রসেস ডিজিটালাইজেশন বিভাগের জেনারেল ম্যানেজার আহমাদ জাওয়াদ।

তারা দুজনই তরুণ উদ্যোক্তাদের সহায়তা, দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে আয়োজনের কাঠামো ও পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

কামরুল ইসলাম বলেন, এই আয়োজন তরুণ উদ্যোক্তাদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। আজকের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই আগামী দিনের সফল উদ্যোক্তা ও দেশের অগ্রযাত্রার পথপ্রদর্শক হবে।

আহমাদ জাওয়াদ বলেন,বর্তমানে তরুণরা সীমাবদ্ধতায় আবদ্ধ থাকতে চায় না। তারা নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায় গণ্ডি পেরিয়ে। University Entrepreneur Award & Expo 2025 হবে সেই স্বপ্নকে বাস্তবায়নের অনন্য এক প্ল্যাটফর্ম।”*

১৪ অক্টোবর ২০২৫ শান্তা মারিয়াম ইউনিভার্সিটি, ঢাকা আয়োজক:Lynovexa Limited ফাউন্ডার ও কনসেপ্ট ইনিশিয়েটর: সাদাত শাহ আল মুইজ, ম্যানেজিং ডিরেক্টর, Lynovexa Limited ইভেন্ট পার্টনার: Bangladesh & Powered by Sales Machine সহযোগী প্রতিষ্ঠান: ইউএস-বাংলা গ্রুপ, পোলার আইসক্রিমসহ অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠান ।

প্রথম ধাপে দেশের ৪টি বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যা পরবর্তীতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শুধু উদ্যোক্তা ধারণার সঙ্গে পরিচিত হবেন না, বরং নিজেরা স্টার্টআপ উদ্যোগ তৈরি ও বাস্তবায়নেরও সুযোগ পাবেন।




পটুয়াখালীতে ব্যাটারিচালিত রিকশার ঝুঁকিপূর্ণ রাজত্ব

পটুয়াখালী পৌর শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক পর্যন্ত ব্যাটারিচালিত রিকশার সংখ্যা গত এক বছরে কয়েকগুণ বেড়ে গেছে। শহরের মূল সড়কগুলো যেমন ফৌজদারীপুল, জেলা স্কুল মোড়, পুরান বাজার, নতুন বাজার, সবুজবাগ—সব জায়গাতেই প্রতিদিন শত শত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে।

শহরের ট্রাফিক পুলিশ জানায়, এই রিকশার চালকরা প্রায়ই ট্রাফিক সিগন্যাল অমান্য করে, দ্রুত গতিতে চলাচল করেন। এর ফলে ব্যস্ত মোড়ে যানজট সৃষ্টি হচ্ছে এবং ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এক ট্রাফিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এদের কেউ কোনো নিয়ম মানে না। গুরুত্বপূর্ণ মোড়ে যানবাহন চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।”

পটুয়াখালী সদর হাসপাতালের নার্স লক্ষী রানী জানিয়েছেন, বিপর্যয়জনকভাবে বাড়ছে আহত রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে। তিনি বলেন, “গত কয়েক মাসে অনেক রোগী পেয়েছি যাদের দুর্ঘটনার কারণ ছিল ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া চালনা।”

অন্যদিকে, বেকারত্বের কারণে অনেকেই এই পেশায় যুক্ত হচ্ছেন। ২৮ বছর বয়সী কামরুল হাসান বলেন, “আগে দোকানে কাজ করতাম, এখন ব্যাটারিচালিত রিকশা চালাই। দিনে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আয় হয়। এটি প্যাডেল রিকশার চেয়ে সহজ।”

শহরের বিভিন্ন ওয়ার্ডে দেখা গেছে, পুরনো প্যাডেল রিকশাগুলোর অনেকটিতেও এখন ব্যাটারি বসানো হয়েছে। এসব রিকশার ব্রেক সিস্টেম দুর্বল, অনেকের বৈদ্যুতিক তারের সংযোগ এলোমেলো, ফলে অগ্নিকাণ্ডের আশঙ্কা বাড়ছে।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, একটি ব্যাটারিচালিত রিকশা ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার গতিতে চলতে পারে, যা সরু শহুরে সড়কের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিশেষজ্ঞরা বলছেন, রিকশার নকশা এমনভাবে করা উচিত যাতে সর্বোচ্চ গতি ২০ কিলোমিটারের বেশি না হয়

পটুয়াখালী পৌরসভা প্রশাসক জুয়েল রানা বলেন, “আমরা ইতোমধ্যেই ব্যাটারিচালিত রিকশার তথ্য সংগ্রহ করছি। খুব শিগগিরই নিবন্ধন ও ফিটনেস সনদ বাধ্যতামূলক করা হবে। নিবন্ধন ছাড়া কেউ ভবিষ্যতে সড়কে চলতে পারবে না। ধীরে ধীরে অবৈধ রিকশা বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে, পাশাপাশি রিকশা চালকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”

পৌরসভা সূত্রে জানা গেছে, ‘ইলেকট্রিক থ্রি-হুইলার ম্যানেজমেন্ট গাইডলাইনস ২০২৫’ বাস্তবায়ন হলে শহরে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে আসবে। তবে ততদিন পর্যন্ত নাগরিকদের দুর্ঘটনার ঝুঁকি ও ভোগান্তি থেকে রেহাই পাওয়া কঠিন হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ব্ল্যাক কফি: সুস্থ শরীর ও সতেজ মনের জন্য প্রতিদিনের প্রিয় পানীয়

কাজের চাপে ক্লান্তি কাটাতে, বন্ধুদের সঙ্গে আড্ডায় প্রাণ জোগাতে বা শুধু কিছু মুহূর্তের প্রশান্তি পেতে অনেকে খোঁজেন এক কাপ ব্ল্যাক কফি। দুধ-চিনি ছাড়া খাঁটি কফির স্বাদ ও গন্ধ যেন এক ধরনের নেশার মতো। শুধু স্বাদের জন্য নয়, নিয়মিত ব্ল্যাক কফি খাওয়া আমাদের শরীর ও মনের জন্য উপকারী, বলছেন পুষ্টিবিদরা।

নিয়মিত ব্ল্যাক কফি পান করার কিছু উল্লেখযোগ্য উপকারিতা হলো:

১. শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি:
ব্ল্যাক কফিতে থাকা ক্যাফেইন স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এবং অ্যাড্রেনালিনের মাত্রা বৃদ্ধি করে। এর ফলে শরীর আরও কার্যকরভাবে কাজ করে। যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদের জন্য এটি প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে কাজ করতে পারে।

২. মস্তিষ্কের কার্যকারিতা উন্নয়ন:
ক্যাফেইন নিউরোট্রান্সমিটার যেমন ডোপামিন ও নোরেপাইনফ্রিনের মাত্রা বাড়ায়। ফলে মনোযোগ, স্মৃতিশক্তি এবং সৃজনশীলতা বাড়ে। পরীক্ষার প্রস্তুতি বা অফিসের গুরুত্বপূর্ণ কাজের সময় এটি এক ধরনের গোপন শক্তি হিসেবে কাজ করে।

৩. ওজন নিয়ন্ত্রণে সহায়ক:
প্রায় ক্যালোরিমুক্ত ব্ল্যাক কফি বিপাকীয় হার বাড়ায় এবং ক্ষুধা কমাতে সাহায্য করে। তাই ওজন কমানোর ডায়েটে এটি কার্যকরভাবে অন্তর্ভুক্ত হতে পারে। তবে এটি অবশ্যই সুষম খাদ্যের সাথে খাওয়া উচিত।

৪. অ্যান্টিঅক্সিডেন্টের উৎস:
ক্লোরোজেনিক অ্যাসিড ও পলিফেনলে ভরপুর ব্ল্যাক কফি ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি রোধ করে। এটি শরীরের কোষ সুরক্ষার পাশাপাশি ত্বকের বার্ধক্য রোধেও সাহায্য করে।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
নিয়মিত কফি পান করলে টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ, পার্কিনসন এবং কিছু ক্যান্সারের ঝুঁকি কমে। এছাড়া লিভারের কার্যক্ষমতা উন্নত করে ফ্যাটি লিভার ও সিরোসিস প্রতিরোধে সহায়ক।

৬. মানসিক স্বাস্থ্যের উন্নতি:
ব্ল্যাক কফি হতাশা কমাতে এবং মানসিক চাপ হ্রাস করতে সাহায্য করে। যারা নিয়মিত মন-মেজাজ খারাপ অনুভব করেন, তারা সীমিত পরিমাণে কফি খেলে মানসিক সতেজতা বজায় রাখতে পারেন।

৭. আলঝাইমার ও ডিমেনশিয়ার ঝুঁকি হ্রাস:
নিয়মিত ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ স্নায়ু সুরক্ষায় সাহায্য করে। ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আলঝাইমার ও ডিমেনশিয়ার ঝুঁকি কমে যায়।

তবে সব ভালো জিনিসের সীমা আছে। দিনে ২-৩ কাপের বেশি ব্ল্যাক কফি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত ক্যাফেইন ঘুমে সমস্যা, উচ্চ রক্তচাপ এবং গ্যাস্ট্রিকের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। তাই সুস্থতা ও সতেজতার জন্য পরিমিত পরিমাণে ব্ল্যাক কফি ডায়েটের অংশ হওয়া উচিত।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বাংলাদেশির

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ৭ জন রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় প্রবাসীরা সাগর থেকে মাছ ধরে ফেরার পথে প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাকের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়, যার মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, গাড়িতে মোট ১১ জন ছিলেন। এর মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে।”

নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি এবং রাউজানের আলাউদ্দিন

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী সজীব চৌধুরী, যিনি নিজেও সন্দ্বীপের বাসিন্দা, জানান—
“আমরা সবাই একই এলাকায় থাকতাম। প্রতিদিনের মতো তারা মাছ ধরে গাড়িতে করে ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সবাই মারা যান। অনেকের দেহ বিকৃত হয়ে গেছে।”

দুর্ঘটনার পর ওমান পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে দুকুম হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

নিহতদের মৃত্যুতে তাদের পরিবার ও এলাকার মানুষ শোকাহত। প্রবাসী সহকর্মীদেরও মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ওমানস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম