বরগুনায় নিম্নমানের বীজে কৃষকের সর্বনাশ .চারা গাছেই ধান, ক্ষতির মুখে শতাধিক পরিবার

বরগুনার পাথরঘাটা উপজেলায় নিম্নমানের ধানের বীজ রোপণের কারণে শতাধিক কৃষক পড়েছেন চরম বিপর্যয়ে। চারা গাছে আগেভাগেই শীষ আসায় ফলন আসেনি প্রত্যাশিতভাবে। ফলে প্রায় ৯০ একর জমির ধান নষ্ট হয়ে গেছে, ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০ লাখ টাকারও বেশি।
জানা গেছে, পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের কৃষকরা চলতি মৌসুমে স্থানীয় বীজ ডিলার নাসির উদ্দিন সরদার এর কাছ থেকে ‘সাউথ এশিয়ান সিডস’ কোম্পানির উচ্চ ফলনশীল বি.আর-২২ জাতের বীজ কিনে জমিতে রোপণ করেন। কিন্তু রোপণের মাত্র ১৫-২০ দিনের মধ্যেই বীজতলায় চারা গাছে শীষ দেখা যায়। পরে ক্ষেতজুড়ে আগেই ধান ধরলেও অধিকাংশ শীষেই ছিল চিটা— ফলে কৃষকের মাথায় হাত।
কৃষকরা জানান, প্রতি কুড়া জমিতে তাদের খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা, অথচ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে মাত্র ৫ হাজার টাকা।

কৃষক সাকিব বলেন, “ডিলার আমাদের উচ্চ ফলনশীল জাতের বীজ দিয়েছে বলে জানিয়েছিলেন। পরে সমস্যা দেখা দিলে তারা ভিডিও করে নিয়ে যায়, পরে মাত্র ৫ হাজার টাকা দিয়ে কাগজে স্বাক্ষর নেয়। আমরা গরিব মানুষ, এখন নিঃস্ব।”
আরেক কৃষক আব্দুল কাদের বলেন, “গতবার যে জমিতে ৪০ মণ ধান পেয়েছিলাম, এবার সেই জমিতে চিটা ছাড়া কিছুই পাইনি। কৃষি অফিসাররা ডিলারের পক্ষ নিয়েছে।”
পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. হিমেল আল ইসলাম বলেন, “কৃষকের অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। ডিলারকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল, তিনি কিছু ক্ষতিপূরণ দিয়েছেন। কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমাদের নেই, তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
এদিকে, ক্ষতিগ্রস্ত কৃষকরা দাবি করেছেন— কোম্পানি ও ডিলারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কেউই কৃষিতে টিকে থাকতে পারবে না।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫








