মেঘনা নদীতে ট্রলারডুবি: নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ধুলখোলা ইউনিয়নের মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন—মেহেন্দিগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭) ও আরিফ সিকদার (১৯)। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন শাহীন সিকদার (১৭) ও নয়ন ব্যাপারী (১৯)।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গৌতম চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১০ জানুয়ারি মেঘনা নদীর হিজলার গোবিন্দপুর এলাকার লাল বয়া সংলগ্ন স্থানে পাঁচ জেলেসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে যায়। ওই দুর্ঘটনায় চার জেলে নিখোঁজ হন।

তিনি আরও বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশের একটি দল মঙ্গলবার অভিযান চালিয়ে শাহীন মীর ও আরিফ সিকদারের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিখোঁজ অপর দুই জেলের সন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ। দুর্ঘটনার পর থেকে নিহতদের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় নৌবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান

বরগুনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা সদরের লাকুরতলা মোড় সংলগ্ন সড়কে এই অভিযান চালানো হয়।

অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্টের লেফটেন্যান্ট আসিফ মোস্তফা মুন বিএন (পি নং-৩৫০২) এর নেতৃত্বে নৌবাহিনীর সাত সদস্যের একটি দল এবং বরগুনা থানা ট্রাফিক পুলিশের দুই সদস্য অংশ নেন।

চেকপোস্টে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়ক আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযানকালে ৪৫টি মোটরসাইকেল, ৪টি বাস, ৩টি প্রাইভেটকার, ৪টি ট্রাক ও ৩টি মাইক্রোবাসের কাগজপত্র যাচাই করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১টি বাস ও ৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে লেফটেন্যান্ট আসিফ মোস্তফা মুন বলেন, “সড়কে চালকদের সচেতনতা বৃদ্ধি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করাই আমাদের মূল লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

এই যৌথ অভিযানকে ঘিরে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী তহবিলে ইনকিলাব মঞ্চের আর্থিক সহায়তা

আমার বাংলাদেশ (এবি) পার্টি ও দশ দলীয় জোটের বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী তহবিলে আর্থিক সহায়তা দিয়েছে ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টার।

ঢাকায় সন্ত্রাসী গুলিতে শহীদ ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীতে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে ব্যারিস্টার ফুয়াদের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।

এ সময় ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার রাত ৯টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,
“ইনকিলাব পরিবারের ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টারের পক্ষ থেকে শহীদ ওসমান হাদির বিশ্বস্ত সহযোদ্ধারা আমার নির্বাচনী তহবিলে অনুদান দিতে এসেছিলেন।”

তিনি আরও লেখেন, টাকার পরিমাণ যাই হোক না কেন, এর গুরুত্ব ‘হিমালয়ের মতো’। তবে কত টাকা সহায়তা দেওয়া হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

পোস্টে তিনি দোয়া করে বলেন,
“আল্লাহ তায়ালা যেন সবাইকে ইনসাফ ও আজাদির সংগ্রাম অব্যাহত রাখার তৌফিক দান করেন।”

রাজনৈতিক অঙ্গনে এই সহায়তাকে ব্যারিস্টার ফুয়াদের প্রতি সমর্থনের একটি শক্ত বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




হিজলায় জাটকা বিরোধী অভিযানে ১১ জনকে জরিমানা, আদায় ৬২ হাজার টাকা

বরিশালের হিজলা উপজেলায় জাটকা বিক্রি ও ধরার অপরাধে পৃথক অভিযান চালিয়ে ১১ জনকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিচালিত এই অভিযানে জাটকা সংরক্ষণে কঠোর বার্তা দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলার কাউরিয়া বাজারে অভিযান চালিয়ে পাঁচজন জাটকা বিক্রেতাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে বিভিন্ন অঙ্কের জরিমানা করে মোট ৫০ হাজার টাকা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ।

জরিমানা পাওয়া জাটকা বিক্রেতারা হলেন,মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর এলাকার মো. হাবীব, আন্ধারমানিক এলাকার মো. শাহে আলম, হিজলার শ্রীপুর এলাকার মো. মনির হোসেন বেপারী, একই এলাকার শাহে আলম দেওয়ান এবং আলীগঞ্জ এলাকার মো. রিপন।

এদিকে একই দিনে আরেক অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার সময় নদী থেকে ছয়জন জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

মঙ্গলবার রাতে অভিযানের তথ্য নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জাটকা রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে মোট ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁদের প্রাথমিকভাবে সতর্কও করা হয়েছে।

তিনি আরও বলেন, “ইলিশের ভবিষ্যৎ রক্ষায় জাটকা সংরক্ষণ অত্যন্ত জরুরি। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পটুয়াখালী-৪ এ চমক: জামায়াত জোটের প্রার্থী সাবেক আ.লীগ উপদেষ্টা!

রাজনীতিতে দল বদল নতুন নয়। তবে কখনো কখনো সেই পরিবর্তন এতটাই দ্রুত ও জটিল হয়ে ওঠে যে, প্রশ্ন ওঠে রাজনৈতিক পরিচয়ের বিশ্বাসযোগ্যতা নিয়েই। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ঠিক এমনই এক বিতর্কের কেন্দ্রে এখন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ।

খেলাফত মজলিসের মনোনয়নে জোটের প্রার্থী হিসেবে মাঠে নামা ডা. জহির একসময় রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সেই সময়েই তাঁর নাম যুক্ত হয় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সঙ্গে। যদিও বর্তমানে তিনি দাবি করছেন—তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু স্থানীয় রাজনৈতিক অঙ্গনে থাকা ভিডিও, ছবি ও একাধিক সূত্র বলছে ভিন্ন কথা।

১৯ ভোটে উত্থান, রাজনীতিতে দৃশ্যমানতা

২০১৯ সালের পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াতকলম প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে মাত্র ১৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন ডা. জহির উদ্দিন। ওই জয়ের পরই স্থানীয় রাজনীতিতে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘প্রভাবশালী স্বতন্ত্র’ হিসেবে।

২০২৪ সালের ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন। নির্বাচন চলাকালেই ৩ মে তাঁকে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করার ঘোষণা আসে। এর কিছুদিন পর তিনি নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।

ঘোষণা, ছবি ও ভিডিও নিয়ে বিতর্ক

কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিবের নির্দেশে ডা. জহিরকে উপদেষ্টা করার লিখিত ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর থেকেই তিনি নিয়মিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তিন শীর্ষ নেতা বলেন, ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাঁর আওয়ামী লীগ সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে ফেলা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেনের সঙ্গে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার আগের একান্ত বৈঠকের ছবিও তখন আলোচনায় আসে। তৎকালীন প্রতিমন্ত্রী মহিবের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি স্থানীয়দের।

৫ আগস্টের পর নতুন রাজনৈতিক ঠিকানা

রাজনৈতিক পরিবর্তনের পর ডা. জহির প্রথমে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। কিছুদিনের মধ্যেই দলটি ছাড়িয়ে যুক্ত হন খেলাফত মজলিসে। বর্তমানে তিনি জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ আসনে ‘দেয়ালঘড়ি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জোট সূত্র জানায়, এই আসনে আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে অধ্যাপক মোস্তাফিজুর রহমানের নাম আলোচনায় ছিল। দলটি জোট থেকে সরে যাওয়ার পর স্থানীয়ভাবে পরিচিত মুখ হিসেবে ডা. জহির উদ্দিনকেই চূড়ান্ত করা হয়।

সংশ্লিষ্টদের বক্তব্য

সব অভিযোগ অস্বীকার করে ডা. জহির উদ্দিন আহমেদ বলেন,
“আমি কখনো আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলাম না। স্বতন্ত্র প্রার্থী হিসেবেই চেয়ারম্যান হয়েছি। এমপি কখনো দলের পদ দিতে পারে না। জেলা কমিটি বা কাউন্সিল ছাড়া কোনো পদ বৈধ নয়। আমি কখনো সম্মতি দিইনি। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।”

জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন,
“জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতের প্রার্থী মুহাম্মদ আবদুল কাইউম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ডা. জহির উদ্দিন আহমেদই এখন পটুয়াখালী-৪ আসনে জোটের প্রার্থী। আমরা তাঁকে পূর্ণ সহযোগিতা করব।”

পটুয়াখালীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, চারটি আসনে পাঁচজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বৈধ প্রার্থীদের মধ্যে বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নির্বাচন প্রশ্নবিদ্ধের চেষ্টার বিরুদ্ধে কঠোর বার্তা তৌহিদ হোসেনের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপতৎপরতা রুখতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, দেশের ভেতরেই একটি অংশ আছে যারা চায় না নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক। তাদের যেকোনো অপচেষ্টা শক্ত হাতে মোকাবিলা করতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভাটি অনুষ্ঠিত হয় আসন্ন জাতীয় নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি মূল্যায়নের লক্ষ্যে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে বিতর্কিত করতে নানা কৌশলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনায় কোনো ধরনের শৈথিল্য দেখানোর সুযোগ নেই। তিনি জোর দিয়ে বলেন, একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের জন্য বড় পরীক্ষা।

তরুণ সমাজের ভূমিকার কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, গণতন্ত্রের ভবিষ্যৎ অনেকটাই তরুণদের হাতে। আগামী নির্বাচনে কী হবে আর কী হবে না, সে সিদ্ধান্তে তরুণদের অংশগ্রহণই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ভোটাধিকার প্রয়োগে তাদের এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনায় আসন্ন নির্বাচন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আন্তঃদপ্তর সমন্বয় এবং ভোটার উপস্থিতি বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের প্রস্তুতির কথা তুলে ধরেন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে মতামত দেন।

সভা শেষে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা এবং সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের লক্ষ্যে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




৩৫ বিলিয়ন ডলারের রিজার্ভের পথে বাংলাদেশ

বাংলাদেশ দ্রুত শক্তিশালী বৈদেশিক মুদ্রার রিজার্ভ গঠনের পথে এগোচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, দেশের সামষ্টিক অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে ফিরছে এবং রিজার্ভ পুনর্গঠনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত ‘সিস্টেমেটিক এফোর্টস টু আন্ডারস্ট্যান্ড ইকোনমিক পালস: ইমপোর্টেন্স অব পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই)’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর জানান, এক সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছালেও পরে তা কমে প্রায় ২০ বিলিয়ন ডলারে নেমে আসে। তার ভাষায়, অতীতে ঋণের অর্থ দিয়ে রিজার্ভ শক্তিশালী দেখানোর প্রবণতা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর অর্থ ছাড়াই বাংলাদেশ নিজস্ব সক্ষমতায় রিজার্ভ বাড়ানোর পথে রয়েছে। লক্ষ্য ধরা হয়েছে প্রায় ৩৫ বিলিয়ন ডলার।

তিনি আরও বলেন, মানি মার্কেট বর্তমানে তুলনামূলকভাবে স্বস্তির মধ্যে রয়েছে। ডিসেম্বর মাসে ব্যাংকিং খাতে আমানত বেড়েছে প্রায় ৬ শতাংশ। চলতি জানুয়ারির প্রথম ১৮ দিনেই রেমিট্যান্স প্রবাহে প্রায় ৬৯ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। এখন সরকারের মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং বৈদেশিক মুদ্রা বিনিময় হারকে স্থিতিশীল পর্যায়ে রাখা।

পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই নিয়ে গভর্নর বলেন, অর্থনীতির বাস্তব চিত্র বুঝতে রিয়েল টাইম ডাটা অত্যন্ত জরুরি। এই কাজকে অনেক সহজ করেছে পিএমআই সূচক। বাংলাদেশে এটি নতুন হলেও তিনি এই উদ্যোগকে স্বাগত জানান এবং এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মতে, এই সূচক দেশের অর্থনৈতিক উন্নয়ন বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান। তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি খাতে বড় সম্ভাবনা রয়েছে এবং যুক্তরাজ্যের বিনিয়োগ আগামীতেও অব্যাহত থাকবে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে আরও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এমসিসিআই চেয়ারম্যান কামরান তানভিরুর রহমান বলেন, বিশ্বব্যাপী অর্থনীতির গতি-প্রকৃতি বিশ্লেষণে পিএমআই একটি কার্যকর সূচক। বাংলাদেশেও এটি অর্থনীতির সক্ষমতা ও প্রবণতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সরকারকে ভবিষ্যৎ নীতি ও পরিকল্পনা নির্ধারণে সহায়তা করছে।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ। তিনি বলেন, সূচকের মাধ্যমে যে কোনো দেশের অর্থনীতির বর্তমান অবস্থা সহজে বোঝা যায়। পিএমআইয়ের ডাটা সবার জন্য উন্মুক্ত থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা পাচ্ছেন, যা বিনিয়োগ সিদ্ধান্তে সহায়ক হচ্ছে।

তিনি আরও জানান, এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে প্রতি মাসে পিএমআই সূচক প্রকাশ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশের সামগ্রিক পিএমআই মান দাঁড়িয়েছে ৫৪ দশমিক ২, যা নভেম্বর মাসে ছিল ৫৪। এতে বোঝা যায়, সামগ্রিকভাবে অর্থনীতি সম্প্রসারণের ধারায় রয়েছে, যদিও গতি তুলনামূলকভাবে মাঝারি।

ডিসেম্বর মাসে কৃষি খাতের পিএমআই সূচক ছিল ৫৯ দশমিক ৬, উৎপাদন খাতে ৫৮ দশমিক ২, সেবা খাতে ৫১ দশমিক ৮। তবে নির্মাণ খাতে সূচক নেমে এসেছে ৪৯ দশমিক ৮-এ, যা খাতটির সাময়িক সংকোচনের ইঙ্গিত দেয়। সূচকের মান ৫০-এর ওপরে থাকলে সম্প্রসারণ এবং ৫০-এর নিচে থাকলে সংকোচন বোঝানো হয়।

সার্বিকভাবে আলোচনায় উঠে আসে, অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে এবং রিজার্ভ, রেমিট্যান্স ও বিনিয়োগ প্রবাহ ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে ছাড়াল ২ লাখ ৩৮ হাজার

দেশের সোনার বাজারে নতুন রেকর্ড তৈরি হলো। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা কার্যকর হলে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হবে সোনা। ভরিতে সর্বোচ্চ চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের সোনার দাম দুই লাখ ৩৮ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) বাজুসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই মূল্যহার আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। বৈশ্বিক দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।

আন্তর্জাতিক স্বর্ণবাজার বিশ্লেষণকারী নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ৬৭০ ডলার ছাড়িয়েছে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বৈশ্বিক এই মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকায় দেশের বাজারেও দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা কিনতে লাগবে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে এক লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম এক ভরিতে দাঁড়িয়েছে এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৬ হাজার ২৪০ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৯ টাকা। ১৮ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা।

দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিয়ের মৌসুম ও উৎসব সামনে রেখে সোনা কেনার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব থাকায় এই দাম বৃদ্ধি আপাতত অনিবার্য।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দেশের ভবিষ্যৎ বদলের নির্বাচন: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়, এই নির্বাচন দেশ পাল্টে দেওয়ার নির্বাচন। এটি সুষ্ঠু হতেই হবে।”

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে এনসিপির পক্ষ থেকে নির্বাচন ঘিরে নানা পর্যবেক্ষণ, উদ্বেগ ও প্রস্তাব তুলে ধরা হয়।

এদিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বৈঠকে এনসিপি নেতারা বলেন, গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে তাঁদের দলের সর্বস্তরের নেতাকর্মীরা মাঠে কাজ করছেন। তবে নির্বাচনী পরিবেশ, সমান সুযোগ নিশ্চিতকরণ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে তাঁরা কিছু উদ্বেগের কথা প্রধান উপদেষ্টার নজরে আনেন। একই সঙ্গে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে সরকারের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা এনসিপি নেতাদের উদ্দেশে বলেন, “নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ বা পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানাবেন। সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে, যাতে কেউ আইন অমান্য করতে না পারে।”

তিনি আরও জানান, নিরপেক্ষতা নিশ্চিত করতেই লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল করা হয়েছে। “এ নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই,” উল্লেখ করে তিনি বলেন, “এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করাই সরকারের প্রধান লক্ষ্য।”

নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়াতে বড় ধরনের প্রযুক্তিগত প্রস্তুতির কথাও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অধিকাংশ ভোটকেন্দ্র জানুয়ারির মধ্যেই সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য থাকবে বডি ক্যামেরা, যা কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটর করা হবে।

গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে সরকারের প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, “আইনসম্মতভাবেই সরকার জনগণকে বোঝানোর চেষ্টা করছে—‘হ্যাঁ’ ভোট দিলে কী হবে এবং কেন তা প্রয়োজন। এ বিষয়ে সব রাজনৈতিক দলকেও আহ্বান জানিয়েছি।”

প্রধান উপদেষ্টা বলেন, “এবারের নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়—এই দায়িত্ব শুধু সরকারের নয়; নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসহ আমাদের সবার। দেশের ভবিষ্যৎ নির্ধারণের এই নির্বাচনে সকলের সহযোগিতা প্রয়োজন।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশাল হারালো প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চুন্নুকে

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক এ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু আর নেই। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে অয়ন।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় বরিশাল খেয়ালী গ্রুপ থিয়েটারে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর সকাল সোয়া ১০টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের নাগরিকরা শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ১১টায় মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হবে।

বেলা সোয়া ১১টায় মৃতদেহ বরিশাল জেলা আইনজীবী সমিতিতে নিয়ে যাওয়া হবে, যেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টায় তাকে প্রিয় সংগঠন বরিশাল প্রেসক্লাবে নিয়ে যাওয়া হবে। সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।

সবশেষ দুপুর ২টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে জানাজার নামাজ শেষে বগুড়া রোড মুসলিম গোরস্তানে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম চুন্নুর দাফন সম্পন্ন হবে।

নিহতের মৃত্যুতে বরিশাল মিডিয়া, আইনজীবী ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক নূরুল আলম ফরিদ বলেন, “বরিশালের সাংবাদিক অঙ্গন আরও একজন অভিভাবক হারালো। নজরুল ইসলাম চুন্নুর প্রয়াণ অপুরনীয় ক্ষতি। তিনি সততার সঙ্গে সাংবাদিকতা করেছেন এবং তরুণ সাংবাদিকদেরও আন্তরিকভাবে সহায়তা করেছেন।”

নজরুল ইসলাম চুন্নু বরিশালে স্থানীয় দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকা থেকে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি বাংলাদেশ বেতার বরিশাল শাখা এবং ঢাকার বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করেছেন। এছাড়াও তিনি বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সাংস্কৃতিক সংগঠন খেয়ালী গ্রুপ থিয়েটার এর সভাপতি ছিলেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫