“তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর চূড়ান্ত আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি”

দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর চূড়ান্ত আপিল শুনানি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পর্যন্ত মুলতবি করেছে।

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়।  শুনানি করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে। তবে চতুর্দশ সংসদ নির্বাচন হলে তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।

এর আগে ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন সর্বোচ্চ আদালত মঞ্জুর করেন এবং আপিলের অনুমতি দেন। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।

২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেন তৎকালীন আপিল বিভাগ। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য নতুন আইনি লড়াই শুরু হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




“পিরোজপুরে নতুন সংযোগ সেতুর উদ্বোধন”

দীর্ঘ ১৩ বছর ধরে ভাঙা সংযোগ সেতুর দুর্ভোগ শেষ হয়েছে। স্থানীয় উদ্যোগে নির্মিত মল্লিকবাড়ী-বাদুরা সংযোগ সেতুটি শুক্রবার সন্ধ্যায় পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত জাহান উদ্বোধন করেন। সেতুটি সদর উপজেলার বাদুরা খালের উপর নির্মিত।

উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড এস. এম. আল আমীন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সরকারী কৌশুলী (জিপি) অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো: মনিরুজ্জামান নাসিম আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শংকরপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মল্লিক নাসিরসহ জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেতু উদ্বোধন উপলক্ষে স্থানীয়রা একটি সভার আয়োজনও করেন।

স্থানীয়রা জানান, প্রায় ১৩ বছর আগে বাদুরা খালের উপর নির্মিত সংযোগ সেতুটি ভেঙে যাওয়ার পর খালের দু’তীরের অন্তত দশ গ্রামের লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছিলেন। বিগত সময়ে সরকার সেতুটি পুনঃনির্মাণ না করায়, এলাকাবাসী পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় নিজেদের উদ্যোগে ১২ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে।

সেতুর উদ্বোধনের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জানিয়েছেন, সেতুটি নির্মাণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আগের অবস্থায় ফিরেছে এবং সড়ক ও যোগাযোগের সমস্যা কমেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




“আড়িয়াল খাঁ নদীতে অবাধে ইলিশ শিকার, প্রশাসন সতর্ক”

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আড়িয়াল খাঁ নদীর মিয়ারচর অংশে ইলিশ শিকার অব্যাহত রয়েছে। জেলেরা শিকারের পর নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে মাছ বিক্রি করছে।

উপজেলা মৎস্য বিভাগের অভিযানের মধ্যেও জেলেরা কৌশলে নদীতে মাছ শিকার চালিয়ে যাচ্ছে। স্থানীয় সচেতনরা জানিয়েছেন, উপজেলা মৎস্য দপ্তরের ঢিলেঢালা অভিযানই তাদের প্রকাশ্য শিকারের সুযোগ দিচ্ছে। যদিও অভিযান নাম সর্বস্ব হলেও এর সুফল প্রায় পাওয়া যাচ্ছে না।

মিয়ারচর এলাকার বাসিন্দারা জানান, নিষেধাজ্ঞার প্রথম দুইদিন নদীতে জাল নিয়ে কেউ নামেনি। তবে পরিস্থিতি অনুকূলে আসার পর জেলেরা আবার প্রকাশ্য শিকারে নেমেছে। দিনের বেলায় কম সংখ্যক জেলে নদীতে নেমে শিকার করছে, কিন্তু রাতের সময় জেলেদের সংখ্যা বেড়ে যায়। অভিযানিক ট্রলার দেখা মাত্র তারা সরু খালে ঢুকে পড়ছে, ফলে প্রশাসন তাদের ধরতে পারছে না।

গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ বলেন, “নিষেধাজ্ঞা শুরুর পর থেকেই প্রতিদিন অভিযান চলছে। যেকোনো জেলে যদি নদীতে মাছ শিকারে নামে এবং অভিযানিক দলের হাতে আটক হয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




দুমকিতে শহীদ জসিমের কন্যাকে ধর্ষণের মামলায় তিন কিশোরের ১০ বছরের কারাদণ্ড

পটুয়াখালীর দুমকি উপজেলার বহুল আলোচিত জুলাই অভ্যুত্থানকালে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া আক্তারকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন কিশোরকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১০ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় পর্নোগ্রাফি আইনে দুই আসামি—সাকিব মুন্সী ও সিফাত মুন্সীকে অতিরিক্ত তিন বছর করে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক পর্যালোচনা শেষে এই রায় প্রদান করেন।

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ১৮ মার্চ সন্ধ্যায় পাংগাশিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে কিশোরী লামিয়া আক্তার সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরদিন তিনি নিজেই বাদী হয়ে দুমকি থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ: ১৯ মার্চ ২০২৫)।

তদন্ত শেষে ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম আদালতে অভিযুক্ত হিসেবে তিন কিশোরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন—
১. সাকিব মুন্সী ওরফে সাকির আল হাসান (১৫), পিতা মৃত মামুন মুন্সী, সাং নলদোয়ানী ২নং ওয়ার্ড, দুমকি;
২. সিফাত মুন্সী (১৭), পিতা মো. সোহাগ মুন্সী, সাং নলদোয়ানী ২নং ওয়ার্ড, দুমকি;
৩. ইমরান মুন্সী (১৭), পিতা মো. আব্দুল মালেক মুন্সী, সাং নলদোয়ানী ২নং ওয়ার্ড, দুমকি, পটুয়াখালী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল্লাহ আল নোমান জানান, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে আদালত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন, যা ভবিষ্যতে একই ধরনের অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, শহীদ জসিম উদ্দিন ছিলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ। চলতি বছরের ২৬ এপ্রিল ঢাকার শেখেরটেক এলাকায় জসিম উদ্দিনের কন্যা লামিয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত বছরের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে শহীদ জসিম উদ্দিন মারা যান।


আল-আমিন




পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প, রাজধানীসহ একাধিক শহরে কম্পন

পাকিস্তানে আবারও আঘাত হেনেছে মাঝারি মাত্রার ভূমিকম্প। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, চিত্রাল, সুয়াত, দির ও মালাকান্দসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। দেশটির আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩।

পিএমডির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল, যার গভীরতা ছিল প্রায় ২৩৪ কিলোমিটার। গভীর ভূমিকেন্দ্রের কারণে কম্পনটি দেশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হলেও বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই দেশজুড়ে জেলা প্রশাসন ও জরুরি প্রতিক্রিয়া ইউনিটগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন এলাকার তথ্য সংগ্রহ করে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করছে।

ভূকম্পবিদদের মতে, পাকিস্তান পৃথিবীর অন্যতম ভূমিকম্প-প্রবণ অঞ্চলগুলোর একটি। দেশটি হিমালয় ফল্ট লাইনের নিচে অবস্থান করায় প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পাথরঘাটায় ঝুঁকিতে ৩৯ সেতু, দুর্ভোগে লাখো মানুষ

বরগুনার পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো মানুষ। পুরোনো ও ভগ্নদশাগ্রস্ত এসব সেতু যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে। ফলে স্থানীয়দের পাশাপাশি স্কুল শিক্ষার্থী, কৃষক ও রোগী পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

সংস্কারের অভাবে উপজেলার বিভিন্ন এলাকার সেতুগুলোর বেশিরভাগই এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক সেতু ভেঙে খালে পড়ে আছে, তবুও বিকল্প না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয়রা। কোথাও কোথাও স্থানীয়রা নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করেছেন।

পাথরঘাটা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট প্রায় শতাধিক সেতুর মধ্যে ৩৯টি সেতু ঝুঁকিপূর্ণ। এসব সেতুর বেশিরভাগ নির্মিত হয়েছে ১৯৯৭ থেকে ২০০৫ সালের মধ্যে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেগুলোর লোহার কাঠামো মরিচা পড়ে দুর্বল হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ এসব সেতুর মোট দৈর্ঘ্য প্রায় দুই হাজার ৩৫৮ মিটার।

রূপধন এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সোহেল রানা বলেন, “বছরের পর বছর ধরে সেতুটি ভাঙা অবস্থায় পড়ে আছে। কোনো সংস্কার না হওয়ায় আমরা নিজেরাই বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করছি। আমাদের দাবি, দ্রুত সেতুটি নতুন করে নির্মাণ করা হোক।”

চরদুয়ানীর বাসিন্দা জামান জানান, “রোগী পারাপার করতে গিয়ে অনেক কষ্ট হয়। বাচ্চারা স্কুলে যেতে গিয়ে ঝুঁকি নেয় প্রতিদিন। এখনই ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে পাথরঘাটা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সমীরন মন্ডল বলেন, “উপজেলার ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতুর তালিকা করা হয়েছে। পুনর্নির্মাণের জন্য মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, এসব সেতুর কোথাও সতর্কবার্তা দেওয়া হয়নি। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই পার হতে হচ্ছে সবাইকে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




সাঁকো দিয়ে ব্রিজ পারাপার, ছয় বছর ধরে দুর্ভোগে হাজারো মানুষ

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের তালুকদার হাট সংলগ্ন সন্ধ্যা নদীর ওপর ভেঙে পড়া ২২৫ ফুট দীর্ঘ আয়রন ব্রিজটি ছয় বছরেও সংস্কার বা পুনর্নির্মাণ হয়নি। ফলে স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা এখনো সীমিত একটি অস্থায়ী সাঁকোর ওপর নির্ভরশীল। এতে করে অন্তত ৩০টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন।

২০১৯ সালের ১১ ডিসেম্বর ভোরে গাছবাহী নৌকার ধাক্কায় ব্রিজটির মাঝের অংশ নদীতে ভেঙে পড়ে। এরপর থেকেই রাজাপুর, পাশের কাউখালী ও ঝালকাঠি সদর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

যাত্রীবাহী গাড়ি ও মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় মানুষজন বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার করছেন। বিশেষ করে এলাকার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন গড়ে পাঁচ-ছয় শ মানুষ যাতায়াত করতেন। এই পথে কৃষিপণ্য, বাজারের মালামালসহ প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহন করা হতো।

বাসিন্দা জাহিদুল ইসলাম, আবু ইউসুফ, আনোয়ার মিলন ও মামুন জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করলেও এখনো স্থায়ী সমাধান মেলেনি। তারা দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি জানান।

রাজাপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, “ব্রিজ নির্মাণের জন্য স্কিম তৈরি করে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তজুমদ্দিনে দুই লাইটার জাহাজের সংঘর্ষে বিপদ, ১৩ ক্রু উদ্ধার করলো কোস্টগার্ড

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে দুটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষের পর একটি জাহাজ চরে আটকে যায়। পরে বাংলাদেশ কোস্টগার্ডের দ্রুত অভিযানে ১৩ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক

তিনি জানান, সোমবার রাত আনুমানিক ২টার দিকে তজুমদ্দিন থানার বরিশাল বাজার লালঘাট আইল্যান্ড সংলগ্ন এলাকায় ‘এমভি উম্মে হাবিবা’ ও ‘এমভি মডার্ন মেরিন-১৯’ নামের দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। এতে ‘মডার্ন মেরিন-১৯’-এর তলদেশ ফেটে পানি ঢুকতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে পড়ে।

সংঘর্ষের পর জাহাজের ক্রুরা বিপদের মুখে পড়ে কোস্টগার্ডের কাছে সাহায্য চায়। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন রামগতি থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সব ১৩ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করে। পরে উদ্ধারকৃত নাবিকদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান,“বাংলাদেশ কোস্টগার্ড সবসময় মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত। যেকোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে তারা সবসময় জনগণের পাশে থাকবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মেঘনায় অবৈধভাবে মা ইলিশ ধরায় ১৪ জেলে আটক

মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদী থেকে ১৪ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম

তিনি জানান, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে মেঘনা নদীতে অবৈধভাবে মাছ ধরার খবর পেয়ে কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনের যৌথ টিম অভিযান চালায়। এসময় ১৪ জন জেলেকে আটক করা হয় এবং পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, আটক জেলেদের মধ্যে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৩ জনকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি ৫ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অভিযানে ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান সিনিয়র মৎস্য কর্মকর্তা।

মৎস্য কর্মকর্তারা বলেন, মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক কথিত দুই সাংবাদিক

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বরিশালে দুই যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর বেলস পার্ক এলাকার একটি রেস্টুরেন্ট থেকে স্থানীয় সাংবাদিকদের গঠিত অপসাংবাদিকতা প্রতিরোধে অ্যাকশন কমিটি তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

আটকরা হলেন — মারুফ ও রাসেল। তাদের মধ্যে মারুফ নিজেকে ঢাকায় প্রকাশিত একটি দৈনিক পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান বলে দাবি করেন, আর রাসেল স্থানীয় এক সংবাদমাধ্যমের কর্মী পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন।

ভুক্তভোগী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মার্টিন সৌরভ চৌধুরী জানান, কয়েকজন যুবক সাংবাদিক পরিচয়ে তার কোচিং বাণিজ্যের অভিযোগ তুলে ভয়ভীতি দেখান এবং টাকার জন্য চাপ সৃষ্টি করেন। পরে তারা আলোচনার জন্য বেলস পার্ক এলাকায় দেখা করতে বলেন। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই যুবককে জিজ্ঞাসাবাদ করেন এবং অসংলগ্ন বক্তব্যের কারণে তাদের হাতেনাতে ধরে ফেলেন।

বরিশাল প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক খান রুবেল বলেন, “বরিশালে অপসাংবাদিকতার নামে প্রতারণা দিন দিন বাড়ছে। এই প্রবণতা রোধে মূলধারার সাংবাদিক সংগঠনগুলো একত্রিত হয়ে অ্যাকশন কমিটি গঠন করেছে।”

অ্যাকশন কমিটির আহ্বানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাওসার হোসেনসহ গণমাধ্যমকর্মীরা। তারা দুই যুবককে চাঁদাবাজির সময় ধরে পুলিশে দেন।

খালিদ সাইফুল্লাহ বলেন, “সাংবাদিকতা পেশা সেবামূলক। কিন্তু কেউ যদি এই পরিচয়ে চাঁদাবাজি বা প্রতারণা করে, আমরা তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেব। বরিশাল থেকে অপসাংবাদিকতার সিন্ডিকেট নির্মূল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “দুই ভুয়া সাংবাদিককে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছেন প্রকৃত সাংবাদিকরা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ ও রাসেলের নেতৃত্বে আরও কয়েকজনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বরিশালে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করছিল। পুলিশের তদন্তে সিন্ডিকেটের অন্যান্য সদস্যদেরও খুঁজে বের করা হচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫