পিরোজপুরে কিশোর গ্যাং ও ইভ টিজিং নির্মূলে ছাত্রদলের অভিযান

পিরোজপুর জেলা ছাত্রদল কিশোর গ্যাং নির্মূল ও কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য বিশেষ অভিযান পরিচালনা করেছে। রবিবার সকালে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা বিদ্যালয় চলাকালীন সময়ের বাইরে আড্ডায় থাকা শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে দেন এবং কিশোর গ্যাংয়ে জড়ানো থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেন।
সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, “কিশোর গ্যাং দেশের জন্য বড় সমস্যা। আজকের কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি সঠিক পথে রাখা না যায়, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্ব নিতে হবে। আমরা আমাদের সামাজিক দায়িত্ববোধ থেকে এই অভিযান চালাচ্ছি এবং এটি চলমান থাকবে। কেউ যদি শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার আগে রাজনৈতিক কার্যক্রমে জড়াতে উৎসাহ দেয়, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।”
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “কিশোর গ্যাং প্রতিরোধে জেলা ছাত্রদলের এ উদ্যোগ প্রশংসনীয়। আমরা পুলিশের পক্ষ থেকে সমন্বিতভাবে অভিযান চালাচ্ছি এবং তা আরও জোরদার করা হবে।”
এদিকে জেলা ছাত্রদলের এই উদ্যোগে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, “এ ধরনের সামাজিক দায়িত্বশীল উদ্যোগ কিশোর সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করবে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








