বরিশালে প্রবাসীকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবি, আটক ১

বরিশাল নগরীর রুপাতলী এলাকার অস্ট্রিয়া প্রবাসী এক ব্যক্তিকে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মোঃ সাইদুল ইসলাম থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এজাহারে বাদী জানান, তাঁর ছোট ভাই মোঃ মুরাদুল ইসলাম (৩০) অস্ট্রিয়া প্রবাসী। তিনি গত ৫ নভেম্বর ছুটিতে দেশে আসেন। এর আগে, বাদী সাইদুল ইসলাম তাঁর ভাই মুরাদুলের পক্ষ থেকে বন্ধুত্বের প্রায় ১৪ বছরে সম্পর্কের জের ধরে প্রতারণায় বাউফলের সুর্যমনি ইউনিয়নের ছাত্রলীগ নেতা আসামী মোঃ বশির উদ্দিনের (৩০) বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে আদালতে একটি মামলা করেন।

বাদীর দাবি- সেই মামলা দায়েরের পর থেকে বশির উদ্দিন ক্ষুব্ধ হয়ে তাঁর ভাই মুরাদুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে পুর্ব-পরিচিত আসামী মোঃ রিয়াদ (২৩) ফোনে মুরাদুল ইসলামকে দেখা করার কথা বলে রুপাতলী সোনারগাঁও টেক্সটাইলের সামনে ডেকে নেয়। সকাল ১০টার দিকে মুরাদুল সেখানে পৌঁছালে রিয়াদ তাকে নিয়ে যায় শাওন পাম্পের বিপরীতে চৌধুরী ভিলা নামক একটি টিনসেড ভবনে, যেখানে আগে থেকেই অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত রিয়াদ, সুমন, লোকমান, সজল, রেজাউল, মাহি ও আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র প্রদর্শন করে প্রবাসী মুরাদুলকে হত্যার ভয় দেখিয়ে মাথা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি মারধর করে।

বাদী সাইদুল এজাহারে আরও জানান, আসামিরা এক পর্যায়ে একজন অজ্ঞাত প্রতিবন্ধী ছেলেকে এনে মুরাদুলকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করে এবং ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে। তারা ওই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় মুরাদুলের সঙ্গে থাকা ২৫ হাজার টাকা নগদ, একটি ডায়মন্ড রিং ও একটি রুপার ব্রেসলেট (মোট আনুমানিক মূল্য এক লাখ টাকা) ছিনিয়ে নেয় তারা।

পরে মুক্তিপণের অর্থ আদায়ের জন্য তারা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে ০১৭৩৩-২৪০১১২ নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর নির্দেশ দেয়। প্রাণের ভয়ে বাদীর শ্যালক মোঃ রানা ওই নম্বরে ৫ হাজার টাকা প্রেরণ করেন। তারপরও আসামিরা মুরাদুলকে অবরুদ্ধ অবস্থায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্যাতন চালায়। পরে তারা মুরাদুলকে সঙ্গে নিয়ে চাঁদার টাকা নিতে তার বাড়িতে আসে। তখন ৩ ও ৪নং আসামী (সুমন ও লোকমান) রিকশায় করে বাসায় গেলে, স্থানীয় লোকজনের সহায়তায় বাদী লোকমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন, তবে সুমন পালিয়ে যায়।

এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিস্তারিত জেনে আসামী লোকমানকে থানায় নিয়ে যায়। বাদী সাইদুল ইসলাম আরও জানান, আমার ভাই অস্ট্রিয়া প্রবাসী। টাকা আত্মসাতের মামলার প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা আইনের যথাযথ বিচার চাই। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে একজন আসামীকে আটক করা হয়েছে, বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।




দেশের চলমান সংকট উদ্দেশ্যপ্রণোদিত: মির্জা ফখরুল

চন্দ্রদ্বীপ ‍নিউজ :   বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের চলমান সংকট উদ্দেশ্যমূলক

 তিনি বলেন, দেশের একটা সংকট তৈরি হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। এটার কোনো প্রয়োজন ছিল না। আমি মনে করি, অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে সংকটটা তৈরি করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, উদ্দেশ্য হলো বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার, সে নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং জনগণের ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ। এই দিনের ফলে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান।

এসময় সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আমরা সবাই একমত হয়ে ঐক্যবদ্ধভাবে সব চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পথকে সুগম করি।

 




ঢাকায় ভারতীয় দূতকে তলব

চন্দ্রদ্বীপ নিউজ :  ভারত সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, পলাতক শেখ হাসিনাকে দেশটির মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করেছে বাংলাদেশ। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র বাসসকে এ খবর জানিয়েছে।

সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’।

ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।




গণভোট হবেই , বিএনপি রুখতে পারবে না: নাসীর উদ্দীন পাটওয়ারী

 চন্দ্রদ্বীপ নিউজ :   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট আটকে রাখতে পারবে না।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত স্বাস্থ্য সংস্থা ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে পাটওয়ারী এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে রাজনৈতিক প্রেক্ষাপট ও বর্তমান নির্বাচনী পরিস্থিতি নিয়েও তার মূল্যায়ন ছিল জনসাধারণের মনোযোগ আকর্ষণকারী।

পাটওয়ারী বিএনপির কাছে আহ্বান জানিয়ে বলেন, “জিয়া ও খালেদা জিয়া সময়োপযোগী রাজনৈতিক পালস বুঝে রাজনীতি করেছেন — এ কারণেই বিএনপি এক সময় বড় দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান নেতৃত্ব যদি জনগণের পালস না বুঝে সিদ্ধান্ত নেন তাহলে তারা হারবে। জনতার আকাঙ্ক্ষা মাথায় রেখে ফিরুন।”

তিনি আরও জানান, জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আট দলের পাঁচ দফা দাবির প্রতি এনসিপি একাত্মতা ঘোষণা করেছে। পাটওয়ারীর কথায়, “পাঁচ দফার দাবির সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। যদি তাদের ওপর কোনো আক্রমণ হয়, এ নিয়ে আমরা চুপ থাকবে না।”

পাটওয়ারী এককভাবে হাসনাত আবদুল্লাহর কথাও উল্লেখ করে বলেন যে, “আওয়ামী লীগকে প্রতিহত করতে হাসনাত আবদুল্লাহর মত নেতৃত্ব পর্যাপ্ত”—এই মন্তব্য অনুযায়ী তিনি শরিকদের প্রতি ঐক্যের আহ্বান জানান।

উল্লেখ্য, এনসিপি মুখপাত্রের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে সরাসরি প্রতিক্রিয়া জাগিয়েছে। দলটির পক্ষে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও ঐক্যর ওপর গুরুত্ব আরোপ করেছেন এবং জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।




চট্টগ্রাম বন্দর ও এপিএম টার্মিনালস এর মধ্যে ৩০ বছরের কনসেশন চুক্তি সই

চন্দ্রদ্বীপ নিউজ  : যেকোন দেশের অর্থনীতির চালিকা শক্তি নির্ভর করে সেই দেশের রপ্তাণী বাণিজ্যের উপর আর এই রপ্তানী কে গতিশীল রাখতে সুষ্ট বন্দর ব্যবস্থা পনা অতীব জরুরী । আর তাই এবার   চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। এপিএম টার্মিনালস বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান, যা ডেনমার্কের শীর্ষস্থানীয় শিপিং কম্পানি ম্যারস্ক গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান, দীর্ঘ আলোচনার পর সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, টার্মিনাল নির্মাণের জন্য প্রতিষ্ঠানটি ২৫০ কোটি টাকা সাইনিং মানি দেবে। এটি হবে একটি বিশ্বমানের টার্মিনাল, যেখানে বর্তমানে তুলনায় দ্বিগুণ জাহাজ ভিড়তে পারবে এবং ৪০ শতাংশ কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।

তিনি বলেন, লালদিয়া টার্মিনাল হবে একটি বিশ্বমানের, স্মার্ট ও গ্রিন পোর্ট। এটি সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা চালু থাকবে।

প্রকল্পে বিনিয়োগের পরিমাণ প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা, যা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে হবে। এতে সরকারের কোনো খরচ হবে না, বরং আগামী তিন বছরে এই অর্থ বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হিসেবে প্রবেশ করবে।

চৌধুরী আশিক আরো বলেন, এটি ইউরোপ থেকে বাংলাদেশের প্রথম বড় প্রত্যক্ষ বিনিয়োগ, যা দেশের জন্য একটি মাইলফলক। শুধু ইউরোপ নয়, চীন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো দেশের বন্দর পরিচালনার অভিজ্ঞতা নিয়ে এপিএম টার্মিনালস বাংলাদেশে আসছে। এর মাধ্যমে আধুনিক প্রযুক্তি, দক্ষতা ও কার্যকারিতা নিশ্চিত হবে।

বিডা চেয়ারম্যান জানান, টার্মিনাল চালু হলে বন্দরটির কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বছরে ৮ লাখ টিইইউ বাড়বে, যা বর্তমানের তুলনায় প্রায় ৪৪ শতাংশ বেশি। এটি ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি রাজস্ব ভাগাভাগি ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) প্রতি কনটেইনারে নির্দিষ্ট ডলারভিত্তিক রাজস্ব পাবে। পাশাপাশি কর, শুল্ক ও সামুদ্রিক সেবা খাত থেকেও সরকারের আয় বাড়বে।

এপিএম টার্মিনালস বিশ্বমানের স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ নীতি অনুসরণ করবে, যা দুর্ঘটনা হ্রাস ও কর্মীদের কল্যাণ নিশ্চিত করবে।
এ ছাড়া নির্মাণ ও পরিচালনা পর্যায়ে ৫০০ থেকে ৭০০ জনের সরাসরি কর্মসংস্থান এবং লজিস্টিকস, ট্রাকিং, স্টোরেজ ও স্থানীয় এসএমই খাতে হাজারো পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।

 




আগামী কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ : আগামীকাল বৃহ্সপতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

ভাষনে  প্রধান উপদেষ্টা   দেশের চলমান সংস্কার ও আগামী ফ্রেরুয়ারীতে জাতীয়  সংসদ নির্বাচন সম্পর্কে দেশবাসী কে দিক নির্দেশনা  দিবেন ।




এবার মিরপুরে বাসে আগুন

রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। ‎বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও ‎স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেয়।

এ সময় আশপাশের সবাই আতঙ্কে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি। এখনো আমরা বিস্তারিত জানতে পারিনি। এর আগে সকালে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকালে উত্তরার জসীম উদ্দীন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইঞ্জিন ওভার হিটের কারণে এ আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা শর্টসার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে যায়।

এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। চলন্ত অবস্থা ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন লেগেছে। পরে ড্রাইভার সড়কের পাশে গাড়ি রেখে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। আমরা ঘটনাস্থলে গিয়ে ড্রাইভারকে না পেলেও পরে তার সঙ্গে যোগাযোগ হয়েছে।




দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

চন্দ্রদ্বীপ নিউজ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী বৃহস্পতিবারেরঢাকা লকডাউনকর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশে চলমান সহিংসতা নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গতকাল মঙ্গলবার সংস্থার সদর দপ্তর থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, সব বিমানবন্দরে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি টহল কার্যক্রম মনিটরিং বাড়াতে বলা হয়েছে। সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাত্ক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে আগুন লাগার পর থেকেই বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আরো শক্তিশালী করা হয়। এখন সহিংসতার আশঙ্কায় যুক্ত হয়েছে বাড়তি সতর্কতা।




চরফ্যাশনে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে নবম শ্রেণির দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ভোলার চরফ্যাশন উপজেলায় ইঁদুর মারার ফাঁদে বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. জুবায়েদ (১৬) ও মো. জিহান (১৫) নামের নবম শ্রেণির দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ওমরপুর ইউনিয়নের মুখার বান্দা মেইন সড়কের পাশে তেলখালি ব্রিজ সংলগ্ন তৈয়ব মাষ্টারের বাড়ির সামনে জাহাঙ্গীর আলমের ধানক্ষেতে এই দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন-ওমরপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের আলিগাঁও গ্রামের রিয়াজের ছেলে মো. জুবায়েদ (১৬) এবং একই ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিনের ছেলে মো. জিহান (১৫)।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম তার ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছিলেন। বিকেল সাড়ে ৫টায় প্রাইভেট পড়াশোনা শেষে বাড়ি ফেরার পথে জুবায়েদ ও জিহান ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

‎নিহতের বন্ধু সামির জানান, জুবায়েদ আমি আলিগাঁও আব্দুল গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং বন্ধু জিহান চরফ্যাশন টিভি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আমরা ঘনিষ্ঠ বন্ধু। প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জনতা বাজারের মহাজনবাড়ির আরিফ মাস্টারের কাছে প্রাইভেট পড়াশোনা করি। সোমবারও পড়াশোনা শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হল আমার দুই বন্ধু।

‎নিহতের পরিবারসহ পুরো গ্রামের মানুষ শোকে স্তব্ধ। জিহানের মা রহিমা বেগম কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, আমার ছেলে আর ফিরবে না, আমি তাকে আর দেখতে পারব না। জুবায়েদের পরিবারও ধাক্কায় স্তব্ধ, আহাজারি ও শোকগ্রস্ত। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎ঘটনার পর কৃষক জাহাঙ্গীর আলম আত্মগোপনে চলে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

‎চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মিজানুর রহমান হাওলাদার বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




রাজধানীতে ভোরে দুই বাসে আগুন

রাজধানীতে ভোরে পৃথক স্থানে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে মেরুল বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসে এবং শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক নামের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে সেটি জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পরে পুলিশ বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেয়।