ঢাকাসহ বিভিন্ন জেলায় আরও ৬ যানবাহনে আগুন

বুধবার রাতে রাজধানীর কমলাপুরে, পল্লবীতে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে বুধবার (১২ নভেম্বর) দিনগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অন্তত ছয়টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুসারে, বুধবার দিনগত রাত ১২টা ১০ মিনিটের দিকে রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করা অবস্থায় ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস নামের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। তবে তার আগেই বাসটি পুড়ে যায়।

রাত পৌনে ৩টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে থেমে থাকা একটি হিউম্যান হলার বা লেগুনায় আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভায়।

রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে কেউ ছিলেন না। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভায়।

রাত সাড়ে ৩টার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ভ্যানটি পুড়ে যায়।




জাতীয় নির্বাচনের দিনই গণভোটের ঘোষণা ড. ইউনূসের

জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের অংশ হিসেবে জনগণের মতামত নেওয়া জরুরি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। এতে দেশের মানুষ তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারের সব কার্যক্রম জনগণের স্বার্থে পরিচালিত হচ্ছে এবং একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক চেতনায় ফিরে এসে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে জনতা গুলিস্তানে সমবেত হয়ে দলটির অফিসে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিত ছাত্রশিবিরের কর্মীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান দিতে দিতে কার্যালয়ের সামনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এর আগে, শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে দুপুরের দিকে গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

সেসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানারসহ নেতা-কর্মীদের মাথায় জাতীয় পতাকা বাঁধা ও হাতে লাঠি নিয়ে অবস্থান নিতে দেখা যায়। তাদের ব্যানারে লেখা ছিল সংগঠনের নাম ও কর্মসূচির আহ্বান।

গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। এরপর ভবনটি কয়েক মাস পরিত্যক্ত থাকার পর ‘জুলাই গণ-অভ্যুত্থানের’ পক্ষের শক্তিগুলো সেখানে স্থাপন করে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’।

এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে। আগামী ১৭ নভেম্বর এই মামলার রায় ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা। রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।




ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় সোমবার ঘোষনা করা হবে

চন্দ্রদ্বীপ ‍নিউজ : জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার (১৭ নভেম্বর)।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এ মামলার রায়ের এই দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী নামে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের ১২ মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।গত ১২ অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক শেষ হয় ২৩ অক্টোবর। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। তিনি যুক্তিতর্কে এ মামলা থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের খালাস আবেদন করেন। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনেরও খালাস আবেদন করেন তাঁর আইনজীবী যায়েদ বিন আমজাদ।




হাসপাতালে নারী রোগীর ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বরিশালের গৌরনদীতে চিকিৎসাধীন এক নারী রোগী ও তার স্বজনদের ওপর হামলার অভিযোগ উঠেছে বার্থী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কাইয়ূম খানের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় নারী রোগীসহ ৫ জন আহত হয়েছেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের ৩টি জানালার ৩টি গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার বিকালে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় কালাম ফকির ও লুৎফর শিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কালাম ফকিরের স্ত্রী নাসিমা বেগম ও লুৎফর শিকদার আহত হন। আহত ওই ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নাসিমা বেগমের ছেলে আরাফাত ফকির অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ লুৎফর শিকদারের শ্যালক বার্থী ইউনিয়ন যুবদলের নেতা কাইয়ূম খানের নেতৃত্বে ১০-১২ যুবক মঙ্গলবার রাত ৮টার দিকে হাসপাতালে ঢুকে আমাদের ওপর হামলা চালায়। এ হামলায় আমিসহ আমার বাবা কালাম ফকির, মা নাসিমা বেগম ও দুই বোন আহত হই।

চিকিৎসাধীন নাসিমার মেয়ে তানিয়া বেগম অভিযোগ করে বলেন, হামলার সময় প্রাণ বাঁচতে আমরা দৌড়ে হাসপাতালের বাথরুমে আশ্রয় নেই। তখন কাইয়ুম খান ও তার সহযোগীরা দরজা ভেঙে বাথরুমে ঢুকে আমাদের টেনে-হিঁচড়ে বের করে পুনরায় মারধর করে। এ সময় হামলাকারীরা হাসপাতালের ৩টি জানালার গ্লাস ভাঙচুর করে। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযুক্ত বার্থী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম খান অভিযোগ অস্বীকার করে বলেন, হাসপাতালে ভর্তি আমার ভগিনীপতি লুৎফর শিকদার। তাকে দেখতে হাসপাতালে গিয়ে দেখি, আমার ভাগ্নের সঙ্গে ২ যুবকের হাতাহাতি হচ্ছে। এ সময় আমি উভয়পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।

গৌরনদী থানার পবিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান বলেন, হাসপাতালের ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে বিকালের ঘটনায় উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তৌকির আহম্মেদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মারামারির ভিডিও ফুটেজ দেখে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।




আক্ষেপ নিয়ে ফিরলেন জয়-মুমিনুল, হাল ধরেছেন শান্ত

সকাল সকাল হোচট খেল বাংলাদেশ। নতুন দিনে থিতু হতে পারেননি মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। দু’জনেই ফিরেছেন আক্ষেপ নিয়ে। দ্বি-শতক পাওয়া হয়নি জয়ের, সেঞ্চুরি মিস করেছেন মুমিনুল।

আগেরদিন আয়ারল্যান্ডকে হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন জয়। দিন শেষ করেন ১৬৯ রান নিয়ে। ৮০ রান নিয়ে তার সাথে অপরাজিত ছিলেন মুমিনুল। তাদের ১৭০ রানের জুটিতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩৮/১।

অপরাজিত দুই ব্যাটার আজ বৃহস্পতিবার তৃতীয় দিনে খেলতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৯ বলের ব্যবধানে ফিরলেন মুমিনুল-জয় উভয়েই। ফলে দারুণ সব মাইলফলক হাতছাড়া করেছেন তারা।

ব‍্যারি ম‍্যাককার্থির বলে আউট হয়ে মুমিনুল ৮২ এবং জয় ক্যারিয়ারসেরা ১৭১ রানের ইনিংস খেলে ফিরেন।

গতকাল ৮০ ওভার শেষে নতুন বল নেয়ার সুযোগ থাকলেও নেননি দলটির অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। আজ সকালেই তারা নতুন বল নিয়েই আঘাত হানেন তারা। দ্বিতীয় ওভারেই ফেরান জয়কে।

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পথে থাকা এই ডানহাতি ব্যাটার ম্যাককার্থির বেশ বাইরের বল খেলতে গিয়ে উইকেটরক্ষক লরকান টাকারকে ক্যাচ দেন। ৮ বল পর ম্যাককার্থিই ফেরান মুমিনুলকেও।

এই মুহূর্তে বাংলাদেশকে টানছেন নাজমুল হোসেন শান্ত ও ক্যারিয়ারের ৯৯তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। শান্ত খেলছেন ওয়ানডে মেজাজে, ৪৮ বলে ৪৪ রানে ব্যাট করছেন তিনি। মুশফিক খেলছেন ১০ রানে।

এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ১০০ ওভারে ৩ উইকেটে ৩৯৮। লিড বেড়ে দাঁড়িয়েছে ১১২ রানে।




ঢাকা-গোপালগঞ্জ-মুন্সিগঞ্জ-টাঙ্গাইলে যানবাহনে আগুন

রাজধানীসহ চার জেলায় গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার সকালে জানান, আগুন লাগার ঘটনাগুলো ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে ঘটে।

তথ্য অনুযায়ী, রাত সোয়া ১২টার দিকে মিরপুর ১২ নম্বর ডিওএইচএসের সামনে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

এরপর রাত পৌনে ৩টার দিকে কমলাপুর রেলস্টেশনের সামনে একটি হিউম্যান হলারে আগুন দেওয়া হয়। একই সময়ের কাছাকাছি টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা আরেকটি বাসেও আগুন ধরিয়ে দেওয়া হয়। উভয় ক্ষেত্রেই ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে আগুন নেভায়।

রাত সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে ট্রাকে আগুন দেওয়া হয়, আর ভোর পৌনে ৫টার দিকে গোপালগঞ্জের গণপূর্ত কার্যালয়ের সামনে একটি পিকআপে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পিকআপটি পুড়ে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে গত কয়েক দিনে দেশে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে।




পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে। এতে সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। একপর্যায়ে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অবরোধকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছে পুলিশ। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়।

অবরোধের কারণে সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ৮টার পর কিছু যানবাহন পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে। এতে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ‘সকাল থেকে সড়কের এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন। পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ট্রাকে আগুন দেয়।’ তিনি জানান, আটকে পড়া যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পদ্মা সেতু পারাপারে সহায়তা করা হচ্ছে।

শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, ‘গতকাল ঢাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আজ পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। তাই আতঙ্কে সড়কে বাস চলাচল বন্ধ রেখেছি।’

পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হবে বলে জানিয়েছেন তিনি।




ঢাকাসহ আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে বুধবার থেকেই দায়িত্ব পালন করছেন তারা।

এদিকে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্দেহভাজন কাউকে দেখলে তল্লাশি করা হচ্ছে। বুধবার রাত থেকে এ পর্যন্ত নাশকতার চেষ্টাকালে কয়েকজনকে আটকও করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ১৩ নভেম্বর ঘিরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে বিমানবন্দর, রেলস্টেশন, মেট্রোরেল স্টেশন, নৌ ও বাস টার্মিনালসহ সব ধরনের গণপরিবহন কেন্দ্র বর্তমানে কড়া নজরদারিতে রয়েছে।

বিশেষ করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কমলাপুর রেলস্টেশন ও উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।




শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কবে সেই তারিখ ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন।

এদিন সকাল সাড়ে ৭টার দিকে হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে দেখা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যানও রয়েছে সেখানে।

এদিকে এই রায়কে ঘিরে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রায়ের তারিখ ও নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সম্ভাব্য নাশকতা রোধে আজ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ডিএমপির ১৭ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিটও নিরাপত্তা তৎপরতায় যুক্ত রয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, গত ১১ দিনে ১৫টি জায়গায় ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর গত দুই দিনে ৯টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় জনমনে ভয়ের সঙ্গে দেখা দিয়েছে কৌতূহল। তাদের প্রশ্ন, দেশের রাজনীতিতে নতুন করে আবার কী ঘটতে যাচ্ছে?

বৃহস্পতিবার সকালে ঢাকার সড়ক পরিস্থিতি ছিল মোটামুটি স্বাভাবিক। সকাল ৭টার পর মিরপুর থেকে হাইকোর্টমুখী পথে বিভিন্ন পয়েন্টে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় গাড়ির সংখ্যা কিছুটা কম ছিল। বাংলামোটর মোড়ে যৌথ বাহিনীর সদস্যদের টহল দিতেও দেখা যায়।