বরিশাল-৫ আসনে প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে প্রার্থী হয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেত্রী ডা. মনীষা চক্রবর্ত্তী। তিনি বাসদের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব এবং ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি হুইলারের বৈধতা চেয়ে গড়ে ওঠা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিসেবে খ্যাত। স্থানীয়ভাবে তাকে ‘টেসলা নেত্রী’ হিসাবেই বেশি চিনে থাকেন।

২০১৮ সালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের মাধ্যমে আলোচনায় আসেন ডা. মনীষা। তবে বরিশালে তার আন্দোলনের মূল ক্ষেত্র ছিল ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চালকদের অধিকার রক্ষা। সে সময় অবৈধ এসব যানবাহনের বৈধকরণ নিয়ে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে তার অবস্থান মুখোমুখি ছিল। পরবর্তীতে তিনি থ্রি হুইলার চালকদের বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং বরিশালের সমসাময়িক বিষয়েও সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন।

সংসদ-সদস্য প্রার্থী হওয়ার বিষয়ে আলাপকালে ডা. মনীষা বলেন, “আমি ও আমার পরিবার সবসময় সাধারণ মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করে আসছি। নির্বাচিত হলে বরিশালের উন্নয়নের জন্য কাজ করব।”

বরিশাল সদর পাঁচ আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির মজিবর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফয়জুল করিম, জামায়াতে ইসলামীর মোয়াজ্জেম হোসেন হেলাল এবং এনসিপির লিপু প্রার্থী হয়েছেন। বরিশাল সদর উপজেলার দশটি ইউনিয়ন ও সিটি শহরের মোট ৪ লাখ ৬৮ হাজার ৬৭৯ জন ভোটার এই আসনে ভোট দেবেন।

বিশ্লেষকরা মনে করেন, বামধারার ভোটার ও টেসলা চালকদের সমর্থন ডা. মনীষার জন্য উল্লেখযোগ্য সুবিধা হতে পারে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মেঘনায় জেলের জালে ২ কেজি ৭৫ গ্রামের রাজা ইলিশ, নিলামে বিক্রি

ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে একটি বড় রাজা ইলিশ। মাছটির ওজন ২ কেজি ৭৫ গ্রাম এবং এটি নিলামে ৮ হাজার দুইশত টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে তুলাতলি মৎস্যঘাটে আড়তে মাছটি বিক্রি করা হয়। ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের জেলে মো. মনিরুল ইসলাম ও তার সহযোগীরা মেঘনার তুলাতলি ও মদনপুরের মাঝামাঝি নদীতে মাছটি শিকার করেন। স্থানীয় জেলেরা বড় ইলিশকে ‘রাজা ইলিশ’ নামে সম্বোধন করেন।

তুলাতলি ঘাটের আড়তদার ইউনুছ ব্যাপারী জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলেরা মাছটি আড়তে নিয়ে আসেন। পরে আড়তদার, মৎস্য ব্যবসায়ী ও খুচরা ক্রেতাদের উপস্থিতিতে নিলামে মাছটি বিক্রি করা হয়। সর্বোচ্চ ৮ হাজার ২০০ টাকায় এটি ক্রয় করেন আড়তদার মো. জসিম উদ্দিন ব্যাপারী।

জসিম ব্যাপারী বলেন, বড় আকারের ইলিশের চাহিদা বরিশাল ও ঢাকার পাইকারি আড়তে অনেক বেশি। তাই তিনি এই মাছটির জন্য বেশি দাম দিয়ে ক্রয় করেছেন। বরিশাল বা ঢাকার পাইকারি বাজারে এটি ৯ থেকে সাড়ে ৯ হাজার টাকায় বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, প্রতিবছর ইলিশের প্রজনন মৌসুম সফল হওয়ায় নদীতে বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। ইলিশ সারাবছর সাগর থেকে নদীতে ডিম ছাড়ার জন্য আসে, তবে সবচেয়ে বেশি ডিম ছাড়ে অক্টোবর থেকে নভেম্বর মাসে। মাছটি সাগর থেকে ডিম ছাড়ার জন্য নদীতে উঠে এসেছে এবং জেলের জালে ধরা পড়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতক অসুস্থ, শেবাচিমে ভর্তি

বরিশালে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতক ঠাণ্ডাজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত কয়েকদিন ধরে শিশুরা ধাপে ধাপে অসুস্থ হয়ে পড়েন। পরিবার জানায়, তারা চিকিৎসা খরচ মেটাতে পারছেন না। বাবা মুদি দোকানি সোহেল হাওলাদার ও মা লামিয়া আক্তার পাঁচ বছরের বিবাহিত জীবনে জন্ম নেওয়া এই পাঁচ সন্তানের যত্নে হিমশিম খাচ্ছেন। প্রতিদিন কমপক্ষে ২ হাজার টাকা খরচ হয় শিশুদের খাবার, দুধ ও ডায়াপারের জন্য। শীতকালে পর্যাপ্ত উষ্ণ কাপড়ের অভাবে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।

তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ডায়াবেটিকস হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই একসাথে তিন পুত্র ও দুই কন্যা জন্ম দেন লামিয়া আক্তার। তাদের নাম রাখা হয়েছে হাসান, হোসাইন, মোয়াছিন, হাবিবা ও উমামা। জন্মের পর থেকে শিশুরা স্বাভাবিকভাবে সুস্থ ছিল, তবে শীতকালের আগমনের সঙ্গে সঙ্গে অসুস্থতা দেখা দেয়।

শেবাচিম হাসপাতালের শিশু বিভাগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বরিশাল জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার ও সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ শিশুরা চিকিৎসা পাচ্ছে কি না তা সরেজমিনে পরিদর্শন করেন। তারা হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ওষুধ এবং ১৫ দিনের জন্য দুধের ব্যবস্থা করেন।

উল্লেখ্য, শিশুরা জন্মের সময়ই ইভেন্ট ৮৪-এর উদ্যোগে একটি গাভিসহ অন্যান্য সহায়তা পায়। কিন্তু ক্রমবর্ধমান চিকিৎসা ও দৈনন্দিন খরচ মেটাতে পরিবার আজও সমন্বিত সহায়তার প্রত্যাশী।

একেএম আখতারুজ্জামান তালুকদার বলেন, “শিশুদের চিকিৎসার জন্য আমরা সহায়তা করেছি। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে নার্সদের আট দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

বরিশালে আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্স ও মিডওয়াইফরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) বরিশাল জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নার্সদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—স্বতন্ত্র নার্সিং অধিদপ্তর বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, ভিন্ন অধিদপ্তরের অধীনস্থ না রেখে স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বজায় রাখা, জাতীয় নার্সিং কমিশন গঠন, পেশাগত মর্যাদা রক্ষা, দক্ষতা উন্নয়ন, কাঠামোগত সংস্কার এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ।

কর্মসূচিতে অংশ নেওয়া নার্সরা কালো ব্যাজ ধারণ করেন এবং ব্যানার-ফেস্টুন নিয়ে হাসপাতাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার মূল ভরসা নার্সিং খাত আজ অবহেলিত। স্বতন্ত্র অধিদপ্তর বাতিলের সিদ্ধান্ত নার্সিং পেশার সম্মান, ভবিষ্যৎ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই কোনোভাবেই এ সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

বিএনএ বরিশাল জেলা শাখার সভাপতি আলী আজগর, সহ-সভাপতি মো. শাহআলম, সাধারণ সম্পাদক নূরে আলম তালুকদার, কোষাধ্যক্ষ শামীমা ইয়াসমিন, আনোয়ারা খানম, হাফিজা আক্তারসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বরিশাল নার্সিং কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নার্স ও মিডওয়াইফরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশাল-১ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে ইলিয়াস মিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির সদস্য মো. ইলিয়াস মিয়া। তিনি ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা কমিটির সভাপতি সোলায়মান তুহিন। তিনি জানান—তরুণ, সৎ ও গতিশীল নেতৃত্বের প্রতিনিধি হিসেবে মো. ইলিয়াস মিয়া এ এলাকার মানুষের মাঝে ইতোমধ্যেই গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

সোলায়মান তুহিন বলেন, বরিশাল-১ আসন বহুদিন ধরে উন্নয়ন বঞ্চনার শিকার। সাধারণ মানুষের মৌলিক দাবি ও অবকাঠামোগত প্রয়োজনের দিকে দীর্ঘদিন নজর দেওয়া হয়নি। এসব সমস্যা সমাধানে এবং উন্নয়নকে গতিশীল করতে ইলিয়াস মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেই দলের বিশ্বাস।

তিনি আরও বলেন, “আমরা আজ অত্যন্ত আনন্দিত। এলাকার প্রকৃত সমস্যাগুলো জানেন ইলিয়াস মিয়া। একজন সৎ, যোগ্য ও তরুণ নেতা হিসেবে তিনি উন্নয়ন ও পরিবর্তনের বার্তা নিয়ে ভোটের মাঠে নামছেন। আমি সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানাই—পরিবর্তনের প্রতীক ট্রাক মার্কাকে বিজয়ী করুন।”

দলের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকদের মাঝে মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনী এলাকায় প্রচারণা শিগগিরই শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় পৌরসভার গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় আসামি গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ভোলায় অবৈধ দখল উচ্ছেদ অভিযানের সময় পৌরসভার কর্মচারীদের ওপর হামলা ও পৌরসভার তিনটি গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার আসামিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পৌরসভার কর্মকর্তা–কর্মচারীরা। বুধবার (২৭ নভেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

গত এক মাসেও চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার না করায় মানববন্ধন শেষে তারা শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন। ভোলা পৌরসভা কর্মচারী সংসদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর বিকেলে ফুটপাতসহ পৌরসভার নিজস্ব ৩০.৭৫ শতাংশ জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শেষ পর্যায়ে অবৈধ দখলদার মো. দুলালের নেতৃত্বে হামলা চালিয়ে পৌরসভার কর্মচারীদের আহত করা হয় এবং পৌরসভার তিনটি গার্বেজ ট্রাক পুড়িয়ে দেওয়া হয়। এতে পৌরসভার প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়।

পরদিন ২৬ অক্টোবর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. ফারুক বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় মামলা করেন। মামলায় ২৪ জনকে আসামি করা হয়। তবে ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, দ্রুত আসামিদের গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেওয়া হবে। তারা হামলাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় স্কুলছাত্রী ধর্ষণে এক আসামির মৃত্যুদণ্ড

বরগুনার বেতাগীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহাসিন কাজী নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডিত মহাসিন কাজী বেতাগী উপজেলার সরিষা মুড়ি ইউনিয়নের মৃত ওহাব কাজীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সকালে মক্তবে যাওয়ার পথে নির্জন রাস্তা দিয়ে একা যাওয়ার সময় স্কুলছাত্রীকে গলায় চাকু ধরে জোরপূর্বক ধর্ষণ করে মহাসিন। ঘটনার পরদিন ভুক্তভোগীর মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা পেয়ে মহাসিন কাজীকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

বিচারপ্রক্রিয়ার সকল প্রমাণ, সাক্ষ্য ও নথি পর্যালোচনা শেষে আদালত ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মহাসিন কাজীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজুয়ারা সিপু বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়েছে। অনাদায়ে অতিরিক্ত ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডও প্রদান করা হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলেও জানান তিনি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আবেগ উসকানি বন্ধে নৈতিক নেতৃত্ব প্রয়োজন: ধর্ম উপদেষ্টা

বরিশালের চরমোনাই দরবারে তিন দিনব্যাপী ওয়াজ-মাহফিলের দ্বিতীয় দিনে শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সম্মেলনে বক্তব্য দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, কেবল একজন মন্ত্রী বা উপদেষ্টার মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। প্রয়োজন আদর্শিক, তাকওয়া ও সততা সম্পন্ন নেতৃত্ব।

তিনি বলেন, দেশের সংসদে যদি অন্তত দুইশ’ আসন নৈতিকতা ও আদর্শে বলীয়ান প্রতিনিধিতে পূর্ণ হয়, তাহলে রাষ্ট্রের সুষ্ঠু কাঠামো গঠন সহজ হবে। একইসাথে তিনি উল্লেখ করেন, বিদ্যমান বিধিনিষেধ ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হলে জনগণকে নৈতিক মূল্যবোধে বিশ্বাসী ও যোগ্য নেতৃত্বকে বেছে নিতে হবে।

ধর্ম উপদেষ্টা আলেম সমাজকে জাতির শক্তির প্রতীক আখ্যা দিয়ে বলেন, জনগণের সঙ্গে আলেমদের সম্পর্ক আরও দৃঢ় করা জরুরি। তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ক্রমেই অন্ধকার পেরিয়ে আলোর পথে অগ্রসর হচ্ছে এবং সামনে আরও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ইসলামের অপব্যাখ্যা প্রসঙ্গে তিনি কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, “জনগণের আবেগকে উসকে দেওয়ার অধিকার কারো নেই। ইসলাম নিয়ে মত প্রকাশ করতে হলে আলেমদের ঐক্যমতের ভিত্তিতেই করতে হবে, অন্যথায় সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশব্যাপী আগত উলামা, শিক্ষাবিদ, গবেষক এবং বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




টেকনাফে গভীর রাতে ভূমিকম্পের অনুভূতি

বঙ্গোপসাগরের গভীরে সৃষ্ট হালকা মাত্রার ভূমিকম্পে কক্সবাজারের টেকনাফ এলাকায় রাতের নীরবতা ভেঙে সামান্য কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। দুর্বল মাত্রার হওয়ায় অধিকাংশ মানুষ ঘুমের কারণে ঝাঁকুনি বুঝতে পারেননি।

ভূকম্পন বিশ্লেষণ প্ল্যাটফর্ম ভলকানো ডিসকভারি জানায়, টেকনাফ শহর থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে কম্পনটির উৎপত্তি হয় এবং এর মাত্রা ছিল ৪.০। তবে তাদের তথ্যে ভূমিকম্পটির গভীরতা উল্লেখ না থাকলেও ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, কম্পনটি মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরের নিচের সক্রিয় ফল্ট লাইনে প্রায়ই দুর্বল মাত্রার কম্পন দেখা যায়, যা বেশিরভাগ ক্ষেত্রেই বড় ধরনের প্রভাব ফেলে না। তবে ভূতাত্ত্বিক কাঠামোর নড়াচড়া ইঙ্গিত করে যে এ অঞ্চলে নিয়মিত সিসমিক পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়ভাবে কোনো ক্ষয়ক্ষতি, আতঙ্ক বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। এলাকাবাসীদের অনেকেই জানান—রাতের নিস্তব্ধতায় কেউ কেউ হালকা নড়াচড়ার অনুভূতি পেলেও তাৎক্ষণিকভাবে কারণ বুঝতে পারেননি। পরে অনলাইন ভূকম্পন পর্যবেক্ষণ সাইটগুলোতে তথ্য প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হয়।

প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগর ও তার আশপাশে নিয়মিত সিসমিক মুভমেন্ট দেখা যাচ্ছে। ভূমিকম্পের মাত্রা কম হলেও এসব ঘটনা আগাম সতর্কতা ও প্রস্তুতির প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে সবজির দাম কমলেও ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের

বরিশালে সরবরাহ বাড়ায় ১০-২৫ টাকা পর্যন্ত কমেছে সব ধরনের সবজির দাম। তবে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহে কাঁচামরিচ পাইকারি ১০০-১২০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে প্রকারভেদে ১৯০ টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে, তবে সরবরাহ বাড়লে কয়েকদিনের মধ্যেই কাঁচামরিচের দাম কমবে। সোমবার (২৪ নভেম্বর) সকালে বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট ঘুরে দেখা গেছে এমন চিত্র।

পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি বাজারে উঠায় সব ধরনের সবজির দাম কমেছে। গত সপ্তাহে শিম ৭০-৭৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৬০ টাকা পাইকারি বিক্রি হচ্ছে‌। বাঁধাকপি গত সপ্তাহে ৩৫-৪০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২৫ টাকা, ফুলকপি গত সপ্তাহে ৫৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৪০ টাকা, মুলা গত সপ্তাহে ৩৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২৫-৩০ টাকা, টমেটো গত সপ্তাহে ৬০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৪০-৪৫ টাকা বিক্রি হচ্ছে।

এছাড়াও অন্যান্য সবজির দামও কমেছে তুলনামূলকভাবে। এরমধ্যে পাইকারি বাজারে রেখা ৩০-৩৫ টাকা, পটল গত সপ্তাহে ৫০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩৫ টাকা, করলা গত সপ্তাহে ৬৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৫০ টাকা, শসা গত সপ্তাহে ৪৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩৫ টাকা, বরবটি গত সপ্তাহে ৬০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৪৫ টাকা, মিষ্টি কুমড়া গত সপ্তাহে ৩৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২৫ টাকা, লাউ আকার ভেদে গত সপ্তাহে ৪০-৪৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২০-২৫ টাকা, কাঁচাকলা হালি ১৫ টাকা, লেবু হালি ১০-১২ টাকা, বেগুন গত সপ্তাহে ৬৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৪০ টাকা বিক্রি হচ্ছে।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় সবজির দাম কিছুটা চড়া ছিল। এখন সব ধরনের সবজি বাজারে উঠেছে, তাই দামও কমেছে। সবজির দাম কিছু দিনের মধ্যে আরও দাম কমবে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে পাইকারি বাজার থেকে কিনে খুচরা বাজারে বিভিন্ন দোহাই দিয়ে কিছুটা বেশি দামে বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা। এদিকে পোর্ট রোড বাজার, বাংলাবাজার বাজার, সাগরদী বাজারসহ বেশ কিছু খুচরা বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ ১৫০-২২০ টাকা, পটল ৫০ টাকা, রেখা ৬০ টাকা‌, করলা ৬০ টাকা, শসা ৩০-৩৫ টাকা, বরবটি ৫৫ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৩০-৩৫ টাকা, লাউ ৩৫ টাকা, কাঁচাকলা হালি ২৫ টাকা, লেবু হালি ১৫-২০ টাকা, বেগুন ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এছাড়া মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৬০-২৭০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা দরে। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে বিভিন্ন মাছ গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাশ মাছ ১৮০-২২০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা। নগরীর বাংলাবাজারের খুচরা সবজি বিক্রেতা তৌহিদ জানান, পাইকারি বাজারের তুলনায় খুচরা সবজির দাম কিছুটা বেশি হবে। কারণ পাইকারি বাজার থেকে সবজি কিনে লেবার খরচ, ভ্যান ভাড়া দিয়ে সবজি আনতে হয়। তার মধ্যে বৃষ্টির কারণে সব জায়গাতেই খরচ কিছুটা বাড়িয়ে দিতে হয়েছে।

পরে বাজারে বিক্রি করতে হলে ইজারা, বিদ্যুৎ বিল দিতে হয়। তাই খুচরা বাজারে সবজি কিছুটা বেশি দামে বিক্রি করতে হয়। বরিশালে সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের প্রোপাইটর মো. আমিন শুভ জাগো নিউজকে জানান, বাজারে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। কিছু দিনের মধ্যে সবজির দাম আরও কমে আসবে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে সবজির দাম কিছুটা বেশি। খুচরা ব্যবসায়ীরা নানান খরচের দোহাই দিয়ে আরো বেশি দামে বিক্রি করছে।