রাজধানী থেকে নিখোঁজ দুই বোন পটুয়াখালীতে উদ্ধার

রাজধানীর কদমতলী থেকে নিখোঁজ দুই বোনকে পটুয়াখালীর দশমিনা উপজেলা থেকে উদ্ধার করেছে র‍্যাব। বুধবার (১৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৮ এর ওয়ার্ড কমান্ডার এসএম হাসান সিদ্দিকী।

গত ১৪ ডিসেম্বর ঢাকার কদমতলী এলাকা থেকে নিখোঁজ হন দুই বোন। জানা যায়, অপহরণের শিকার হয়েছিলেন তারা। এ ঘটনায় র‍্যাবের একাধিক ব্যাটালিয়ন যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দশমিনা থেকে তাদের উদ্ধার করে এবং স্থানীয় থানায় হস্তান্তর করে।

র‍্যাব সূত্রে জানা যায়, নিখোঁজ দুই বোন জাপানি বাজার এলাকায় তাদের নানি ও খালাকে এগিয়ে দিতে গিয়েছিলেন। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পাওয়ায় তাদের বাবা কদমতলী থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর ঘটনাটি তদন্তে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং যৌথ অভিযানের মাধ্যমে দুই বোনকে উদ্ধার করে।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত দুই বোন বর্তমানে নিরাপদে আছেন। অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশাল সিটি কর্পোরেশনের প্ল্যান অনুমোদনে দীর্ঘসূত্রিতা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

বরিশাল সিটি কর্পোরেশনের (বসিক) প্ল্যান অনুমোদন বন্ধ থাকা এবং এতে সৃষ্ট হয়রানি ও দীর্ঘসূত্রিতার প্রতিবাদে বরিশাল এসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্টস ও বরিশাল নাগরিক অধিকার আন্দোলন এর আয়োজনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় নগর ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দীর্ঘদিন ধরে বসিক কর্তৃক প্ল্যান অনুমোদন প্রক্রিয়ার স্থবিরতা, হয়রানি এবং সংশ্লিষ্ট নীতিমালা বাস্তবায়নে উদাসীনতার তীব্র প্রতিবাদ জানান। তারা দ্রুত বরিশাল ইমারত বিধিমালা ২০২০ পুনর্বহালের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ইঞ্জি. মোঃ আবু ছালেহ, ইঞ্জি. আকতার হোসেন, ইঞ্জি. জাহিদুল ইসলাম, শ্রমিক সংগঠন থেকে মোঃ আলাউদ্দিন মোল্লা ও মোঃ সোহেল রানা, ব্যবসায়ী ও প্রোপার্টি ডেভেলপারদের মধ্যে মোঃ নাছির উদ্দিন ও মোঃ মিজানুর রহমান ভূইয়া।

মানববন্ধনে বিভিন্ন পেশার প্রতিনিধির উপস্থিতি বরিশালের নাগরিক সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে অটো বাইকের ধাক্কা, ট্রাকচাপায় প্রাণ গেল নারীর

বরিশাল নগরীর নতুল্লাবাদ মহাসড়কে একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী মাসুমা রহমান (৩৫), বরিশাল কাশিপুর ইউনিয়নের কলস গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি দ্রুতগতির হলুদ অটো বাইক মাসুমাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়েই যান এবং পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। দ্রুত ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির সিকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাউফলের কালাইয়া কলেজে হামলায় রিশাদ গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে বিজয় দিবসের অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ রিশাদকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আহত শিক্ষার্থীরা হলেন দ্বাদশ শ্রেণির সাব্বির হোসেন (১৭) ও জহিরুল ইসলাম (১৭)।

ঘটনার সূত্রপাত হয় কলেজের এক ছাত্রীকে ইভটিজিংকে কেন্দ্র করে। গত রোববার কলেজ প্রাঙ্গণে বহিরাগত কিশোর গ্যাং সদস্য আলভি, তাবজিল, হানিফ ও রিশাদ মিলে ওই ছাত্রীকে হয়রানি করে। বিষয়টি জানাজানি হলে তার সহপাঠীরা অভিযুক্তদের কলেজ থেকে বের করে দেয়। এর জের ধরে সোমবার বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে ১০-১৫ জন বহিরাগত কলেজে প্রবেশ করে সাব্বির ও জহিরুলকে ছুরিকাঘাত করে।

ঘটনার পর ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে রিশাদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের আগে তাকে থানায় নিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনার মূল পরিকল্পনাকারী একটি কিশোর গ্যাং। ‘কমরেড’ নামের এই গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছে। তাদের বিরুদ্ধে আগেও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। তবে স্থানীয় এক প্রভাবশালী যুবলীগ নেতার কারণে ভুক্তভোগী পরিবারগুলো মামলা করতে সাহস পায় না।

থানার ওসি মো. কামাল হোসেন জানান, রিশাদকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রখ্যাত আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আগামী ২৬ ডিসেম্বর প্রায় এক যুগ পর দেশে আসছেন।

বুধবার তার চেম্বারের জুনিয়র কাউন্সেল ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন।

জানা গেছে, তিনি সুপ্রিম কোর্টে আইনপেশায় নিয়মিত হবেন। তার দুই ছেলে সুপ্রিম কোর্টে আইনপেশা পরিচালনা করে l
শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে শুরু থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছরের ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান। এক পর্যায়ে তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন। পরে তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা হন।

এরপর গত সেপ্টেম্বরে এবি পার্টি থেকে পদত্যাগ করেন দলটির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।




মোটরসাইকেল না দেওয়ায় সৌদি প্রবাসীর ওপর হামলার অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বেদগর্ভ গ্রামে সৌদি প্রবাসী ভাষাই খানকে দাবিকৃত মোটরসাইকেল না দেওয়ার অভিযোগে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতার ছেলের নেতৃত্বে দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে আহত প্রবাসীর ছেলে টুটুল খান জানান, তার বাবা ভাষাই খান সম্প্রতি ছুটিতে দেশে আসেন। তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্ট থেকে সরিকল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার ছেলে যুবদল নেতা পলাশ মৃধা তাদের পরিবারের কাছে তিনটি পালসার মোটরসাইকেল কেনার দাবি জানিয়ে আসছিলেন।

টুটুল খান বলেন, “আমাদের পরিবারের পক্ষ থেকে দাবিকৃত মোটরসাইকেল কিনে দিতে অপারগতা প্রকাশ করলে, পলাশ মৃধা ও তার ৮-১০ জন সহযোগী আমাদের বাড়িতে ঢুকে আমার বাবাকে মারধর করে গুরুতর আহত করেন। আমার মা বাধা দিতে গেলে তাকেও আঘাত করা হয়।”

এ বিষয়ে সরিকল ইউনিয়নের বিএনপি আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার ছেলে যুবদল নেতা পলাশ মৃধা বলেন,“ভাষাই খান সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনেছেন। আওয়ামী লীগের শাসনামলে তিনি বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনে লিপ্ত ছিলেন। এখন আমাদের ভাবমূর্তি নষ্ট করতে এই অপপ্রচার চালাচ্ছেন।”

এদিকে, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন,“এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

এর আগে মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।




কুয়াকাটায় কৃষকের গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা, অভিযোগ আওয়ামী লীগ নেতা বিরুদ্ধে

পটুয়াখালীর কুয়াকাটায় কৃষকের ফল ও সবজি গাছ গভীর রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মো. ইউসুফ আলী (মহুরি) বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।

কুয়াকাটা পৌরসভার ৪নং ওয়ার্ডের মেলাপাড়ায় প্রায় দুই একর জমিতে কৃষক হাবিবুর রহমান মৃর্ধা ফলজ গাছ, লাউ, কুমড়া, বেগুন, টমেটো সহ বিভিন্ন সবজি চাষাবাদ করেন। কৃষক গত কয়েকদিন আগে সবজি বিক্রি শুরু করেছিলেন, কিন্তু সোমবার সকালে উঠে দেখেন তার ক্ষেতের প্রায় ৭০ শতাংশ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী কৃষক হাবিবুর রহমান মৃর্ধার বাবা আবু সালেহ মৃর্ধা বলেন, “গত রাতে আমি সবকিছু ঠিকঠাক দেখে ঘুমিয়ে পড়ি, কিন্তু গভীর রাতে কিছু লোকের আনাগোনার শব্দ শুনে আমি বের হইনি। সকালে উঠে দেখি আমাদের সম্পত্তি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। এখানে আমাদের কোনো শত্রু নেই, তবে ইউসুফ মহুরির লোকজন জমি দখলের চেষ্টা করছে।” তিনি ক্ষতির বিচার চেয়েছেন।

স্থানীয় বাসিন্দা সোলাইমান বলেন, “এদের সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব নেই। তারা কঠোর পরিশ্রম করে এই কৃষি কাজে নিয়োজিত ছিল, যা আমরা দেখেছি। এই ধরনের কাজ অমানবিক এবং দেশের জন্য ক্ষতিকর। এমন মানুষের কঠিন শাস্তি হওয়া উচিত।”

কৃষক হাবিবুর রহমান আরও বলেন, “আমার প্রায় পাঁচ লাখ টাকার সবজি ও ফল বিক্রি হতো। কিন্তু সব কিছু এক নিমিষে শেষ হয়ে গেলো। আমার এই ক্ষতি করেছে ইউসুফ মহুরির লোকজন। আমি থানায় অভিযোগ দিয়েছি এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছি।”

এ বিষয়ে অভিযুক্ত গাজী মো. ইউসুফ আলী (মহুরি) অভিযোগ অস্বীকার করে বলেন, “৫ তারিখের পরে আমরা পরিবারসহ এলাকায় ছিলাম না। এখন ষড়যন্ত্র করে আমার উপর দোষ চাপানো হচ্ছে। গাছগুলো কে কেটেছে, সেটা আমাদের জানা নেই।”

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়: ভোটাধিকার প্রতিষ্ঠায় অগ্রগতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ মন্তব্য করেছেন যে, পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি বলেন, এটি দেশবাসীর জন্য স্বস্তির খবর, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়েছে। তবে, তিনি আরও উল্লেখ করেন, শুধু তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিলেই হবে না, বরং সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার মাধ্যমে জাতীয় ঐক্য আরও শক্তিশালী হবে।

পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরোনো দলীয় কার্যালয়ে দলের যুগ্ম ও সহকারী মহাসচিবদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “এ রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় জনমনে স্বস্তি ফিরে এসেছে, কিন্তু শুধু এই ব্যবস্থারই প্রয়োজন নেই। আমাদের জাতি সত্তার রক্ষা কবচ সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনে দেশের জনগণের জন্য আরও ভালো কিছু করা সম্ভব হবে।”

তিনি আরো যোগ করেন, “এমনকি আওয়ামী আমলের সংশোধনীগুলো বাতিল করারও দাবি জনগণের। দেশের সংবিধানে ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদী প্রভাব প্রতিরোধের জন্য সেই সংশোধনীগুলো বাতিল করতে হবে।”

এছাড়া, গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে আরও স্পষ্ট বক্তব্য আসা উচিত ছিল। তিনি বলেন, “এখনো পর্যন্ত কোন নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি, ২০২৫ বা ২০২৬ সালেও হতে পারে, কিন্তু এমন সংশয়জনক কথা দেশের জনগণের জন্য শঙ্কার সৃষ্টি করছে।”

মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, “নির্বাচন শুধু তারিখ নির্ধারণের ব্যাপার নয়। নির্বাচন হবে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলপ্রসূ হতে হবে। আমরা চাই না গত ৫৩ বছরের মত নির্বাচন হোক, জনগণও চায় না। এই নির্বাচন একটি সুষ্ঠু পরিবেশে হতে হবে, যাতে জাতীয় সংহতি আরও শক্তিশালী হয়।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি করেছে

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হচ্ছে। এই চাল সরবরাহ করবে ভারতীয় প্রতিষ্ঠান মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। প্রতি কেজি চালের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪.৮০০৪ টাকা, যার ফলে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানিতে সরকারের ব্যয় হবে ২৭৪ কোটি ২০ হাজার টাকা।

এছাড়া, সরকার আগামী ২০২৪-২০২৫ অর্থবছরে আরও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করার উদ্যোগ নিয়েছে। সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে দেশের খাদ্য মজুত বাড়ানোর লক্ষ্যে মোট ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে, যা অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন করেছে। এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন চালের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে পাঁচটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়, যেগুলোর মধ্যে মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড সর্বনিম্ন দর দিয়ে চুক্তি পায়।

এছাড়া, সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থা সচল রাখতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয় করা হবে। মসুর ডালের প্রতি কেজির মূল্য ৯৫.৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যার মাধ্যমে মোট ব্যয় হবে ৯৫ কোটি ৪০ লাখ টাকা। ৪টি দরপত্র জমা পড়লেও শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ, ঢাকা চূড়ান্ত ভাবে জয়ী হয়।

তাছাড়া, সয়াবিন তেলও প্রয়োজনীয়তার মধ্যে অন্যতম, যেখানে সরকার স্থানীয়ভাবে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। প্রতি লিটার ১৭২.২৫ টাকা দরে ক্রয় করা হবে, এবং মোট ব্যয় হবে ১৮৯ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয় ২০২৪-২০২৫ অর্থবছরে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করেছিল, কিন্তু মাত্র ১ কোটি ১০ লাখ লিটার সরবরাহের জন্য ১টি দরপ্রস্তাব জমা পড়ে। সিটি এডিবল অয়েল লিমিটেড, ঢাকা এই তেল সরবরাহ করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম