পটুয়াখালীতে দীর্ঘ ৪০ বছর পর ওয়াকফা এস্ট্রেটের জমি নিয়ে সংঘাত

পটুয়াখালীতে দীর্ঘ ৪০ বছর পর হাইকোর্টের রায়ের ভিত্তিতে বাবু খা ওয়াকফা এস্ট্রেটের ১০ একর জমি বুঝে পাওয়ার পর সেই জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের দক্ষিণ বিরাজলা গ্রামে এ ঘটনা ঘটে। জমির মোতায়াল্লী নুর মোহাম্মদ রনি এ বিষয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ বিরাজলা গ্রামে শের আলী খান ছিলেন বাবু খা ওয়াকফা এস্ট্রেটের মোতায়াল্লী। তার মৃত্যুর পর তার মেয়ে ডলি আক্তার ও ভাই নুর মোহাম্মদ রনিকে মোতায়াল্লী হিসেবে দায়িত্ব দেন হাইকোর্ট। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি, পটুয়াখালী ওয়াকফা এস্ট্রেট পরিদর্শক লুৎফর রহমান ও জহিরুল ইসলাম তাদের জমি বুঝিয়ে দেন এবং জমির উপর সাইনবোর্ড ও নিশানা স্থাপন করেন।

তবে কিছুদিন পর মন্নান গাজী, আশ্রাব গাজী, মিলন গাজী, ফকু হাওলাদার, মিলন হাওলাদার, খবির হাওলাদার ও রফিক তালুকদারের মতো স্থানীয় ভূমিদস্যুরা জমি দখলের চেষ্টা শুরু করে। তারা বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকিও দিয়ে আসছেন।

ডলি আক্তার জানান, “দীর্ঘ ৪০ বছর পর হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন। পরিদর্শক এসে জমি বুঝিয়ে দিলেও ভূমিদস্যুরা সাইনবোর্ড সরিয়ে ফেলেছে এবং আমাদের জমির কাছে যাওয়া নিষেধ করেছে। তারা দাবি করছে তাদের পক্ষে রায় আছে। যদি তাদের রায় বৈধ হয়, তবে প্রশাসনের মাধ্যমে দাবি তুলুক। আমরা কোনো সংঘাত চাই না, শুধু আইনের সহযোগিতা চাই।”

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



অপরাধ কমাতে পুলিশের কাছে ম্যাজিক নেই: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অপরাধ কমানোর ক্ষেত্রে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। তবে সারা দেশের পুলিশ বাহিনী অপরাধ দমন ও প্রতিরোধে নিরলস কাজ করে যাচ্ছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ‘বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওয়া)’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, “ঢাকাসহ সারা দেশে চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড বেড়েছে। এসব অপরাধ কমাতে আমরা নানা ধরনের পদক্ষেপ নিচ্ছি। সারা দেশের পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আমাদের কাছে সেই ধরনের কোনো ম্যাজিক নেই। জনগণের সহযোগিতা ছাড়া এসব অপরাধ দমন কঠিন।”

তিনি আরও বলেন, “আমরা চাই জনগণের আরও কাছাকাছি যেতে। এজন্য জনগণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সহযোগিতা চাইছি। অপরাধ দমনে পুলিশ এককভাবে কাজ করতে পারে না। তবে আমরা প্রতিটি ঘটনার সুরাহার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সচিবালয়ে অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “এটি তদন্ত কমিটি দেখছে। বিষয়টি নিয়ে আমি মন্তব্য করতে পারবো না।”

ছাত্র সমন্বয়কদের হত্যার হুমকি প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিটি ঘটনা আমরা অ্যানালাইস করেছি এবং সমাধান করেছি। নারায়ণগঞ্জের একটি ঘটনা মোবাইল ছিনতাই, আর কালিয়াকৈরের ঘটনা ছিনতাইয়ের। এগুলো টার্গেট কিলিং নয়।”

আইজিপি বলেন, “পুলিশের মধ্যে আস্থা ও মনোবল ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। কিছু কর্মকর্তার চাকরি মাত্র ১০-১২ দিন বাকি থাকলেও তাদের পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বিদায়ের সময় যেন সম্মানের সঙ্গে যেতে পারি, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত আমিরের

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান বলেছেন, “আর যেন ইসলামী দলগুলোর মাথার ওপর কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।”

তিনি ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ছাত্রদের আমি স্যালুট জানাতে চাই। আগামীর বাংলাদেশ তাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে সহযোগিতা করতে চাই।”

সরকারের প্রতি সমালোচনা করে তিনি আরও বলেন, “আওয়ামী লীগের আমলে সাড়ে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। তারা জাতীয় নেতাদের অপমান করেছে, ওলামা একরামদের ওপর অমানবিক অত্যাচার চালিয়েছে। হাজার হাজার ওলামা ও হাফেজদের ওপর মিথ্যা মামলা দিয়ে লাঞ্ছিত করেছে। শাপলা চত্বরের ঘটনা দেশবাসী আজও ভুলতে পারেনি।”

তিনি অভিযোগ করেন, “২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মাত্র দুই মাসের মধ্যেই ৫৭ জন চৌকস সেনাবাহিনীর অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল। এরপর তারা জামায়াত ইসলামীকে লক্ষ্যবস্তু বানিয়ে ১১ জন নেতাকে হত্যা করেছে।”

দেশের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, “মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কারও ধর্মীয় স্বাধীনতা বাধাগ্রস্ত হবে না। আমরা ইসলামের দাওয়াত দিয়ে যাব, এটি আমাদের দায়িত্ব।”

তিনি ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধুমাত্র ঐক্যের মাধ্যমেই আমরা এই জাতির মুক্তি আনতে পারব।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



২০৩৯ সালে বিশ্বে ২১তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ: সিইবিআর

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৯ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২১তম বৃহৎ অর্থনীতি হিসেবে স্থান দখল করবে। একই সময়ে সুইজারল্যান্ড এবং সুইডেন যথাক্রমে ২২তম এবং ৩০তম স্থানে থাকবে।

২০২৪ সালে বাংলাদেশ ৪৩৪ বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে বিশ্বের ৩৭তম বৃহৎ অর্থনীতি। সিইবিআর’র প্রতিবেদন অনুযায়ী, ২০৩৯ সালে বাংলাদেশের অর্থনীতি ১৬ ধাপ এগিয়ে ২১তম অবস্থানে পৌঁছাবে।

সিইবিআর প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ২০২৫ এর তথ্য অনুযায়ী,

২০২৫ সালে বাংলাদেশ হবে ৩৫তম বৃহৎ অর্থনীতি।

২০২৯ সালে বাংলাদেশ অবস্থান করবে ২৭তম।

২০৩৪ সালে বাংলাদেশের স্থান হবে ২৩তম।

অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও মাথাপিছু জিডিপির দিক থেকে বাংলাদেশ এখনও পিছিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৯ সালের মধ্যে মাথাপিছু জিডিপি হবে ৮,০৬১ মার্কিন ডলার, যা ১৮৯টি দেশের মধ্যে ১২৩তম অবস্থানে রাখবে বাংলাদেশকে।

২০৩৯ সালেও বিশ্বের বৃহত্তম অর্থনীতি থাকবে যুক্তরাষ্ট্র। চীন এবং ভারত যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখবে।

বাংলাদেশের পোশাক খাতের পাশাপাশি ওষুধ এবং ইলেকট্রনিক্স শিল্পে সফল বহুমুখীকরণ, অবকাঠামো খাতে বিনিয়োগ, এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কার্যকর ব্যবহারের ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরিশালে থেমে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত

ঝালকাঠির নলছিটিতে থেমে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় মো. আবু হানিফ (৪৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষক এবং দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের মো. আমজাদ আলী মৃধার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আবু হানিফ মোটরসাইকেলে বরিশাল যাওয়ার পথে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় রাস্তার পাশে থামানো গাছভর্তি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম এ ঘটনা নিশ্চিত করে জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




বরিশালে যে কারণে ২০২৪ ছিলো আলোচনার বছর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতন, ভারসাম্যহীন বাজারদর, প্রাকৃতিক দুর্যোগ, নৌ ও সড়ক পথের দুর্ঘটনা নিয়ে ২০২৪ সাল ছিলো বরিশালের আলোচনার বছর।

সরকার পতনের আগে জুলাই মাসে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দক্ষিণাঞ্চল তথা বরিশালে সবচেয়ে বেশি সরব ছিল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে সময়ের সাথে সাথে যৌক্তিক এ আন্দোলনে নানা প্রতিকূলতার মধ্যেও বরিশালের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নামে, যাদের সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন শিক্ষক ও অভিভাবকরা।

যদিও প্রকাশ্যে অস্ত্রধারীদের মহড়া ও একাধিক হামলার ঘটনা রাজপথে আন্দোলনকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি করেছিলো। তবে শিক্ষার্থীদের কার্যক্রম কোনোভাবেই দমাতে পারেনি। কৌশলী আন্দোলনে পুলিশের বুলেট, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ, আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার মধ্য দিয়ে বরিশালে কোনো নিহত হওয়ার ঘটনা না ঘটলেও আহত হয়েছেন অনেকেই।

সব মিলিয়ে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন অব্যাহত রেখে ৫ আগস্ট বরিশালের রাজপথসহ সর্বত্র বিজয় উল্লাসে মেতে ওঠেন ছাত্র-জনতা।

এরইমধ্যে গত ৩ সেপ্টেম্বর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষে নগরবাসী কিছুটা আতঙ্কিত হয়ে পরেছিলেন।

রাজনৈতিক মামলা :
বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন নিয়ে বিএনপির বরিশালের নেতাকর্মীরা যেমন মামলার শিকার হয়েছেন, তেমনি ছাত্র-জনতার আন্দোলনে পাশে থাকায় হামলার শিকার হওয়ার পাশাপাশি জুলাইয়ে মামলার শিকার হন বিএনপির নেতাকর্মীরা।

অন্তর্র্বতী সরকার দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় ২২ আগস্ট প্রথম মামলা দায়ের করেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক।

যে মামলায় সাবেক প্রতিমন্ত্রী, দুইজন সাবেক সিটি মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, এফবিসিআই’র পরিচালকসহ ১ হাজার ৮১ জনকে আসামি করা হয়।

এছাড়াও জেলার প্রতিটি উপজেলার সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ওয়াকার্স পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে। ওইসব মামলার অধিকাংশ আসামিদের গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

যারমধ্যে বরিশাল-২, বরিশাল-৩, বরিশাল-৪, বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে নিজ দলীয় বিদ্রোহী প্রার্থী থাকায় আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের হিমশিম খেতে হয় নির্বাচন নিয়ে।

বিদ্রোহীদের দমাতে বরিশাল সদর আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী সমর্থকদের ওপর হামলা, বরিশাল-২ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী সমর্থকদের ওপর হামলা, ১২টি মোটরসাইকেল পুড়িয়ে ফেলার মতো ঘটনা ঘটিয়ে আলোচনার সৃষ্টি করেন নৌকার কর্মী-সমর্থকরা।

জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা ও পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ব্যাপক ভরাডুবির ঘটনাও ছিলো বরিশালজুড়ে আলোচিত।

এছাড়াও বছরজুড়ে আলোচনার মধ্যে ছিলো-বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে বা গোপনে রাজনৈতিক কর্মকান্ড না চালানো এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা ছিল উল্লেখযোগ্য।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 




চাকরির নিয়ম লঙ্ঘনকারী আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নাহিদ ইসলাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, প্রতিবাদের নামে চাকরির নিয়ম লঙ্ঘনকারী আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, আগের শাসনামলের দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধেও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, “আজও আমরা এ বিষয়ে একটি বৈঠক করেছি। আগামী সপ্তাহে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই নিয়ম লঙ্ঘন মেনে নেওয়া হবে না।”

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক জাতীয় সংলাপ ২০২৪-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “বিভিন্নভাবে লুকিয়ে থাকা আগের সরকারের আমলাদের আমরা চিহ্নিত করেছি। তারা নানা পন্থায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল। এদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সংস্কার কার্যক্রমের মাধ্যমে সবাই ন্যায়বিচার পাবে। আমলাদের মতামত শোনা হবে, তবে নিয়ম লঙ্ঘন মেনে নেওয়া হবে না। আমরা চাই, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবা ও গণতন্ত্র রক্ষায় কাজ করুক। গোষ্ঠীস্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য এসব প্রতিবাদ নয়।”

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এটি সাংবিধানিক বা বিপ্লবী সরকারের মধ্যে কোনোটি নয়, বরং একটি সমঝোতার সরকার।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সরকারের ভুলত্রুটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি জনগণের জন্য একটি সঠিক গণতান্ত্রিক উত্তরণের সময়।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কোটা পূরণ হয়নি, গতবারের তুলনায় আরও কমল হজযাত্রী

বাংলাদেশের জন্য সৌদি আরব থেকে প্রদত্ত ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ কোটা এবারও পূর্ণ হয়নি। গতবারের তুলনায় এবার আরও কমল হজযাত্রীর সংখ্যা, এবং এটি টানা তিন বছর ধরে এমন হচ্ছে। যদিও এবার হজের খরচ অনেকটাই কমানো হয়েছিল, তবুও কোটা পূর্ণ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

২০২৫ সালের হজের জন্য প্রাথমিক নিবন্ধন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শেষ হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের বিপরীতে প্রাথমিক নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৫৮৭ জন, যা গতবারের চূড়ান্ত নিবন্ধনের চেয়ে ১ হাজার ৬৭০ জন কম। প্রাথমিক নিবন্ধন শেষ হলেও, চূড়ান্ত নিবন্ধনের সংখ্যা আরও কমতে পারে।

হজ পোর্টালের তথ্যানুযায়ী, ৮৩ হাজার ৫৮৭ জনের মধ্যে ৪ হাজার ৯৮০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৮ হাজার ৫৪৭ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চান। নিবন্ধনকারীদের ১৫ জানুয়ারির মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

হজ অনুবিভাগের উপসচিব মামুন আল ফারুক জানান, “২০২৫ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা আর বাড়ানো হবে না। শিগগিরই সৌদি সরকারকে নিবন্ধিতদের তালিকা পাঠাতে হবে।”

এবার সরকারি প্যাকেজের খরচ কিছুটা কমানো হলেও, হজের খরচে বড় কোনো পরিবর্তন আসেনি। উড়োজাহাজ ভাড়া ২৭ হাজার টাকা কমানো হয়েছে, তবে খাবার খরচ হজ প্যাকেজে অন্তর্ভুক্ত হয়নি। সরকারি প্যাকেজ-১ এর খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২ এর জন্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা নির্ধারিত হয়েছে। এছাড়া, খাবার বাবদ আরও ৪০ হাজার টাকা এবং কোরবানি বাবদ ৭৫০ সৌদি রিয়াল খরচ হবে।

এদিকে, বেশ কয়েকজন বেসরকারি হজ এজেন্সির মালিক জানিয়েছেন, বড়দিনের ছুটির কারণে অনেক হজযাত্রী সময়মতো পাসপোর্ট পাননি, যার ফলে প্রায় ১০ শতাংশ হজযাত্রী নিবন্ধন শেষ করতে পারেননি। তারা সময়সীমা বাড়ানোর জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা নেই

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল, সেগুলোর নিষ্পত্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি জানান, আগামী নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, “যারা নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করেছে, সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকার হরণ করেছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। এসব অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত।”

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ১৯৭৩ সালে আওয়ামী লীগের ফ্যাসিবাদী কার্যক্রমের ধারাবাহিকতায় বিগত তিনটি নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। এই অপরাধে জড়িতদের কঠোর শাস্তি হওয়া উচিত।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। যারা এসব অপরাধ করেছে, তাদের বিচার করতে হবে।”

তিনি বলেন, “ভবিষ্যতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া উচিত:
১. বিতর্কিত নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্তদের বিচারের মুখোমুখি করা।
২. আরপিও সংশোধনের মাধ্যমে ইসিকে নির্বাচন বন্ধের ক্ষমতা পুনর্বহাল করা।
৩. দুর্নীতিবাজ ও ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা।”

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এসএম মোর্শেদ, এবং সাংবাদিক মনিরুজ্জামান মিশন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সাংবাদিক হত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘‘প্রতিটি সাংবাদিক হত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে।’’ তিনি এ মন্তব্য করেছেন বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ আয়োজিত এক অনুষ্ঠানে, যা শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

প্রেস সচিব জানান, ‘‘ভবিষ্যতে বাংলাদেশে সুষ্ঠু এবং স্বাধীন সাংবাদিকতা কার্যক্রম পরিচালিত হবে।’’ তিনি বলেন, ‘‘কোনো ধরনের ফ্যাসিস্ট শাসন যেন আবারও তৈরি না হয়, তার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’’

শফিকুল আলম আরো বলেন, ‘‘হাসিনার মতো একজন শাসকের উত্থানে সাংবাদিকদের ভূমিকা ছিল। তিনি বললেন, সাংবাদিকরা তার অপকর্মকে সাপোর্ট করার কারণে হাসিনা এখন ‘গুম জননী’তে পরিণত হয়েছেন।’’

এছাড়া, মিডিয়ার মালিকদের সমালোচনা করে প্রেস সচিব বলেন, ‘‘অনেক সাংবাদিক নিরাপত্তাহীনতার কারণে নিহত হয়েছেন। তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।’’ তিনি আরও বলেন, ‘‘গণমাধ্যমের মালিকদের উচিত সাংবাদিকদের উপযুক্ত বেতন দেয়া, শুধু কার্ড ধরিয়ে দিলে কাজ চলবে না।’’

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে নিহত হওয়া সাংবাদিকদের স্বজনরাও।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”