নাহিদের আগুনে বোলিংয়ে রংপুরের টানা দ্বিতীয় জয়

বিপিএল ২০২৫-এর বর্তমান আসরে রংপুর রাইডার্স শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। গত ম্যাচে ঢাকা ডিনামাইটসের বিপক্ষে বড় জয় তুলে নেয়ার পর, তারা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও জয়ের ধারা বজায় রেখেছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রংপুর রাইডার্স সিলেটকে ৩৪ রানে পরাজিত করেছে, যা তাদের টানা দ্বিতীয় জয়।

এই ম্যাচে রংপুরের বোলাররা দারুণ কৃতিত্ব দেখিয়েছেন, বিশেষ করে নাহিদ রানা। তিনি একক হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। মাত্র ২৭ রানে ৪টি উইকেট নিয়ে রংপুরের জয় নিশ্চিত করেন। এছাড়া, মোহাম্মদ সাইফুদ্দিনও ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নেন, যা সিলেটের জন্য ছিল বড় ধাক্কা।

সিলেট স্ট্রাইকার্সের জন্য রনি তালুকদার ছিলেন একমাত্র আলো। তিনি ৩৬ বল খেলে ৪১ রান করেন। তবে জাকের আলি অনিকের মন্থর ইনিংস (৩৩ বলে ২৪) দলের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ১৫৬ রানের লক্ষ্য তাড়াতে সিলেট দল শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে। নাহিদ রানার ভয়ঙ্কর বোলিংয়ের সামনে তারা থমকে যায়, আর শেষ পর্যন্ত সিলেট দল ১২১ রানে থেমে যায়।

রংপুরের ইনিংসে ইফতেখার আহমেদ ৪২ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে নুরুল হাসান সোহান ২৪ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। শেখ মেহেদীও ৮ বলে ১৬ রান করে রংপুরের সংগ্রহে বাড়তি ভূমিকা রাখেন।

শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ ১৫৫ রানই যথেষ্ট প্রমাণিত হয়, এবং তারা সিলেটকে ৩৪ রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নেয়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




“এ মুহূর্তে সবচেয়ে প্রয়োজন সবার ঐক্য”: ধর্ম বিষয়ক উপদেষ্টা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “সংস্কার শেষে আমরা একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। তবে, এ মুহূর্তে সবচেয়ে প্রয়োজন সবার ঐক্য। আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করা।”

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বরিশালের ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। এ অধিকার ক্ষুণ্ন করতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ধর্ম উপদেষ্টা বলেন, “আমার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছি। ইসলামিক ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হয়েছে। সরকার কোনো অতিথিকে বিনা পয়সায় হজ করতে পাঠাবে না। কেবল হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই যাবেন।”

তিনি আরও জানান, “ইমাম-মুয়াজ্জিনদের জন্য একটি বেতন কাঠামো তৈরি হচ্ছে এবং দুটি উৎসব বোনাস প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। কল্যাণ ট্রাস্টের অর্থ ইমাম-মুয়াজ্জিনদের সুবিধার্থে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।”

ইমামদের স্বাবলম্বী করতে বিনা সুদে ঋণ প্রদানের ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি বলেন, “ইমাম-মুয়াজ্জিনরা প্রশিক্ষণ শেষে ছোট ব্যবসা করে আয় বৃদ্ধি করতে পারেন। এটি ইবাদত বলেই বিবেচিত হবে।”

ক্যান্সার, লিভার সিরোসিস ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ইমামদের এককালীন অনুদানের ব্যবস্থাও করা হয়েছে।

বিশেষ উদ্যোগ: ইমাম মিনারেল ওয়াটার প্রকল্প
ধর্ম উপদেষ্টা জানান, “আমরা ‘ইমাম’ নামে একটি মিনারেল ওয়াটার প্রকল্প শুরু করার পরিকল্পনা নিয়েছি। এর লাভ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ তহবিলে জমা হবে।”

মোবাইল অ্যাপের মাধ্যমে যাকাত গ্রহণের কার্যক্রম চালু করা হয়েছে, যা শিগগিরই পুরোপুরি কার্যকর হবে। যাকাত সংগ্রহে ইমামদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সমাজে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার
সবশেষে ধর্ম উপদেষ্টা বলেন, “সব ধর্মের মানুষের অধিকার সমান। বৈষম্যহীন একটি সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে হানাহানি থাকবে না। দেশের জন্য এ ঐক্য গুরুত্বপূর্ণ।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




‘বিটিভি নিউজ’-এর যাত্রা শুরু করল আজ সন্ধ্যা থেকে

দেশে সংবাদভিত্তিক নতুন টেলিভিশন চ্যানেল ‘বিটিভি নিউজ’-এর সম্প্রচার আজ শুরু করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে চ্যানেলটির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হবর বলে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়।

বাংলাদেশ টেলিভিশন থেকে আলাদা হয়ে সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করছে ‘বিটিভি নিউজ’। বিটিভি তাদের ফেসবুক পোস্টে লোগো প্রকাশ করে জানায়, সংবাদ পরিবেশনায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ‘বিটিভি নিউজ’ তার সম্প্রচার কার্যক্রম শুরু করবে।

বাংলাদেশ টেলিভিশন বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন চ্যানেল। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর এটি পাইলট প্রকল্প হিসেবে যাত্রা শুরু করলেও ১৯৭২ সালে এটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পরিণত হয়। বর্তমানে বিটিভি দেশের ৯৫ শতাংশ মানুষকে টেরিস্ট্রিয়াল সম্প্রচার সুবিধার মাধ্যমে অনুষ্ঠান উপভোগের সুযোগ করে দিচ্ছে।

‘বিটিভি নিউজ’ শুধুমাত্র সংবাদ পরিবেশনের জন্য বিশেষায়িত একটি চ্যানেল। এই চ্যানেলটির মাধ্যমে বিটিভি দেশের দর্শকদের জন্য নতুনভাবে সংবাদ পরিবেশনার প্রতিশ্রুতি নিয়ে এসেছে। এটি দর্শকদের কাছে নির্ভুল এবং গতিশীল সংবাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ১৪ দিন পর চালু

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট অবশেষে ১৪ দিন পর পুনরায় চালু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

গত ১৬ ডিসেম্বর, পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্দেশনায় সঞ্চালন লাইন সংস্থাপনের কাজের জন্য কেন্দ্রটি বন্ধ করা হয়। দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষে বর্তমানে প্রথম ইউনিট পুনরায় চালু করা হয়েছে।

তবে, এখনো কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বিদ্যুৎ উৎপাদনের বাইরে রয়েছে। সেটির রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর শিগগিরই দ্বিতীয় ইউনিট চালু হবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।

পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ প্রকল্প হিসেবে বিবেচিত। এটি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

 




১৫ বছর পর শিবিরের সদস্য সম্মেলন, নেতাকর্মীদের পদচারণায় মুখর সোহরাওয়ার্দী উদ্যান

চন্দ্রদ্বীপ নিউজ: সকাল আটটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সম্মেলন।

১৫ বছরের অধিক আওয়ামী শাসন পরবর্তী সময়ে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের সদস্যরা এতে অংশগ্রহণ করেছেন। এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এজন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে গতকাল (সোমবার) রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।

সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, সদস্য সম্মেলন উপলক্ষ্যে উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই উচ্ছ্বসিত। সারা দেশ থেকে আসা সদস্যরাও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য সম্মেলনে অংশ নিচ্ছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শিবিরের ঐতিহ্য অনুযায়ী শহিদের পিতা এ সম্মেলন উদ্বোধন করেন। দুটি সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকরী সেশন অনুষ্ঠিত হবে।




দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চন্দ্রদ্বীপ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চলতি মাসের শুরুতে আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন তিনি।

আর এই কারণেই কয়েকদিনের মধ্যে তাকে প্রেসিডেন্টের পদ থেকে অভিশংসিত ও পরে বরখাস্ত করা হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার একটি আদালত মঙ্গলবার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করেছে বলে দেশটির তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে। গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করার সিদ্ধান্তের কারণে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে অভিশংসন এবং ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়েছিল।




বিশ্বের ১১ শতাংশ স্বর্ণের মালিক ভারতীয় নারীরা

চন্দ্রদ্বীপ ডেস্ক: হাজারেরও অধিক বছর ধরে ভারতের নারীদের কাছে সম্পদ, ঐতিহ্য, আভিজাত্য এবং সাংস্কৃতিক তাৎপর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে স্বর্ণ। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতের নারীরা সঞ্চয় করে আসছেন এই সুন্দর মহামূল্যবান ধাতুটি।

সাধারণত অলঙ্কার প্রস্তুতের মাধ্যমে স্বর্ণ সঞ্চয় করেন ভারতীয় নারীরা। বছরের পর বছর ধরে এই প্রবণতার জেরে তাদের কাছে থাকা স্বর্ণের পরিমাণও রীতিমতো ফুলে-ফেঁপে উঠছে। স্বর্ণের বাজার নিয়ন্ত্রণকারী বৈশ্বিক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় নারীরা সামষ্টিকভাবে এই মুহূর্তে প্রায় ২৪ হাজার টন স্বর্ণের মালিক, শতকরা হিসেবে যা বিশ্বের মোট স্বর্ণের ১১ শতাংশ।

এমনকি বিশ্বের অনেক শিল্পোন্নত দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টেও এত পরিমাণ স্বর্ণ নেই। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে রয়েছে ৮ হাজার টন স্বর্ণ, জার্মানির রিজার্ভে রয়েছে ৩ হাজার ৩০০ টন স্বর্ণ এবং ইতালি, ফ্রান্স ও রাশিয়ার রিজার্ভে রয়েছে যথাক্রমে ২ হাজার ৪৫০ টন, ২ হাজার ৪০০ টন এবং ১ হাজার ৯০০ টন স্বর্ণ।

বিশ্বের শিল্পোন্নত এই ৫ দেশের রিজার্ভে থাকা স্বর্ণের মোট পরিমাণ ১৮ হাজার ৫০ টন। অর্থাৎ, ভারতীয় নারীদের কাছে থাকা স্বর্ণের পরিমাণ পৃথকভাবে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, ফ্রান্স ও রাশিয়ার চেয়ে বেশি তো বটেই উপরন্তু এই ৫ দেশের রিজার্ভে মোট যে পরিমাণ সঞ্চিত স্বর্ণ রয়েছে— তার চেয়েও প্রায় ৬ হাজার টন বেশি।

শুধু তাই নয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও জার্মানির রিজার্ভে থাকা স্বর্ণের মোট পরিমাণের থেকেই বেশি স্বর্ণের মালিক ভারতীয় নারীরা।




৪৩তম বিসিএসে নতুন করে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, বাদ পড়লেন ১৬৮ জন

চন্দ্রদ্বীপ ডেস্ক: ৪৩তম বিসিএসে ১৮৯৬ জন‌কে নিয়োগ দিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে নিয়োগের জন্য সুপারিশ করা ১৬৮ জন বাদ পড়েছেন নতুন প্রজ্ঞাপনে।

সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী প্রশাসন ক্যাডারে ২৬৭ জন (আগে নিয়োগ পেয়েছিল ২৯৩), পুলিশ ক্যাডারে ৮৮ জন (আগে নিয়োগ পেয়েছিল ৯৬), পররাষ্ট্র ক্যাডারে ২২ জন (আগে নিয়োগ পেয়েছিল ২৫) নিয়োগ পেয়েছেন।

নিয়োগপ্রাপ্তদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার পদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় কর্তৃক পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ওই মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগ বাতিল বলে গণ্য হবে।




সম্পূর্ণ বিনা মূল্যে ইউরোপের চার দেশে অধ্যয়নের সুযোগ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপগুলোর মধ্যে একটি হলো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। প্রতিবছর বাংলাদেশের শিক্ষার্থীসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে অধ্যয়নের জন্য পাড়ি জমান ইউরোপে। এটি এমন একটি স্কলারশিপ, যা ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেয়।
এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা প্ল্যান্ট হেলথ প্রোগ্রামে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ফুল-ফান্ডেড এ স্কলারশিপে অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন। এ স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের উদ্ভিদস্বাস্থ্য ও ফসল সুরক্ষা সম্পর্কে শেখার সুযোগ দেওয়া হবে। দুই বছর মেয়াদি এ স্কলারশিপে চার সেমিস্টারে ইউরোপের চারটি দেশে অধ্যয়ন করা যাবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৪।

গত বছর সবচেয়ে বেশি (১৯২টি) স্কলারশিপ পেয়েছেন পাকিস্তানের শিক্ষার্থীরা। ফলে দেশটি ছিল প্রথম স্থানে। স্কলারশিপের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে ভারত। দেশটির শিক্ষার্থীরা পেয়েছেন ১৭৪টি স্কলারশিপ। এরপরই মেক্সিকো ১১৮, নাইজেরিয়া ১০৯, ব্রাজিল ৯৬, স্পেন ৭৩, কলম্বিয়া ও ফিলিপাইন ৭২টি করে, মিসর ৭০, ইতালি ৬৯, ইন্দোনেশিয়া ৬৮, চীন ৬৫, যুক্তরাষ্ট্র ৬০, জার্মানি ও ইথিওপিয়া ৫৩টি করে, তুরস্ক ৫২ ও কাজাখস্তান ৫১টি করে স্কলারশিপ পেয়েছে।




১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করলো বিএফআইইউ

বৈধ আয়ের সাথে সঙ্গতিহীন সন্দেহে ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক চন্দ্রদ্বীপ ডেস্ক: বৈধ আয়ের সাথে সঙ্গতিহীন সন্দেহে ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ‌্যও দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।

সোমবার (৩০ ডিসেম্বর) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

হিসাব তলব করা সাংবা‌দিকরা হ‌লেন— সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন, বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিব, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দ্বীপ আজাদ, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাবেক প্রধান বার্তা সম্পাদক আবুল কালাম আজাদ, উপ-প্রদান বার্তা সম্পাদক মো. ওমর ফারুক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সাবেক মহাপরিচালক জাফর ওয়াজিদ, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হোসনে আরা মমতা ইসলাম সোমা, দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবাইদুল কবীর মোল্লা, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, ফ্রিল্যান্সার সাংবাদিক অজয় দাস গুপ্ত এবং গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশ‌তিয়াক রেজা।