গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠন ১৮ ডিসেম্বর, পেছাল আদেশ

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের তারিখ পিছিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৮ ডিসেম্বর এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন।

রোববার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ সিদ্ধান্ত দেন।

এর আগে জেআইসি-তে সংঘটিত গুমের ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনা ও অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। শুনানি শেষে ১৪ ডিসেম্বর আদেশ দেওয়ার কথা থাকলেও ট্রাইব্যুনাল তা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয় গত ৭ ডিসেম্বর এবং আসামিপক্ষের শুনানি শেষ হয় ৯ ডিসেম্বর।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে গত বছরের ৬ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে একাধিক ব্যক্তিকে গুম করার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ উত্থাপন করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন— শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লে. জেনারেল (অব.) তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল (অব.) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহাম্মদ এবং লে. কর্নেল (অব.) মখসুরুল হক।

এদের মধ্যে বর্তমানে তিনজন গ্রেফতার রয়েছেন। তারা হলেন— ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

ট্রাইব্যুনালের আদেশের মাধ্যমে এ মামলার বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপ এগিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




শ্রদ্ধা নিবেদন ঘিরে বরিশালে বিএনপির দুই পক্ষের উত্তেজনা ও সংঘর্ষ

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বরিশালে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা, হাতাহাতি ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ফুলের চাক ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির ব্যানারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস আক্তার জাহান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্থান ত্যাগ করছিলেন।

ঠিক একই সময়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন তাঁর অনুসারীদের নিয়ে একই ব্যানারে শ্রদ্ধা জানাতে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও উত্তেজনায় রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এ সময় আফরোজা খানম নাসরিনকে লক্ষ্য করে প্রতিপক্ষের কয়েকজন নেতাকর্মী চড়াও হন। তাঁকে হেনস্তা করা হয় এবং সঙ্গে আনা ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এছাড়া শ্রদ্ধা নিবেদনের জন্য আনা ফুলের চাক ভেঙে ফেলার ঘটনাও ঘটে। পরে ভাঙা ফুলের চাক দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এ বিষয়ে আফরোজা খানম নাসরিন বলেন, একই সময়ে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। তিনি জানান, এ ঘটনায় তিনি তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ না নিয়ে দলের সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের পথে হাঁটবেন।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান মুঠোফোনে বলেন, কর্মীদের মধ্যে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি দল গুরুত্বের সঙ্গে দেখছে এবং পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

চন্দ্রদ্বীপ নিউজ : আজ ১৪ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের আরেক শোকাবহ দিন।  বিজয়ের চূড়ান্তক্ষণে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ তার বিশিষ্ট ও শ্রেষ্ঠ সন্তানদের হারায়। সেসব ব্যক্তিত্বের প্রতি জাতির সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন ও তাদের স্মরণে প্রতি বছরই যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

উদয়ের পথে শুনি কার বাণী

ভয় নাই, ওরে ভয় নাই।

নিঃশেষে প্রাণ যে করিবে দান

ক্ষয় নাই তার ক্ষয় নাই।

কবিতার মতো করেই শহীদ বুদ্ধিজীবীরা বেঁচে আছেন, থাকবেন  আমাদের জাতীয় জীবনে। রক্তের আখরে, কষ্টের প্রস্রবণে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিবাহী দিনটি বছর ঘুরে আবার এলো।

এ উপলক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি   পালিত হবে ।

 




আজ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চন্দ্রদ্বীপ নিউজ  :  ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল আজ রবিবার (১৪ ডিসেম্বর) প্রকাশ করা হবে।

দুপুরের পর এ ফল প্রকাশ করা হতে পারে।

শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুয়েট ও ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে।

রবিবার দুপুরের পর ফল প্রকাশ করতে পারবো বলে আমরা আশাবাদী।




পিরোজপুরে ডুবোচরের কারণে ফেরি চলাচল ব্যাহত, হাজারো যাত্রীর ভোগান্তি

শীতকালে পিরোজপুরের টগরা–চরখালী ফেরিঘাটে ডুবোচরের কারণে ফেরি চলাচল স্থবির হয়ে হাজারো যাত্রী ও চালক সমস্যার মুখে পড়ছেন। নদীর ভাটার সময় জেগে ওঠা ডুবোচর ফেরি চলাচল বাধাগ্রস্ত করছে, ফলে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা নদীর পাড়ে অপেক্ষা করতে হয়।

দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের এ ফেরিঘাট বরগুনা, পাথরঘাটা, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, পিরোজপুর, বাগেরহাট ও খুলনা থেকে ঢাকাগামী অন্তত ৮–১০টি রুটের যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অপরিহার্য। শীতকালে বলেশ্বর ও কঁচা নদীর মোহনায় ডুবোচর জেগে ওঠার ফলে ফেরি থমকে যায়, আর এর প্রভাবে অফিস, বাজার ও পণ্য পরিবহন ব্যাহত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা নদীর পাড়ে অপেক্ষা করতে হয়। ভাটার সময় ফেরি মাঝ নদীতে আটকে গেলে যাত্রীদের জীবনযাত্রা ও ব্যবসা বিপর্যস্ত হয়। ট্রাকচালক রফিকুল ইসলাম বলেন, “মালামাল সময়মতো পৌঁছাতে না পারলে আর্থিক ক্ষতির মুখে পড়ি। কর্তৃপক্ষ দ্রুত নদী খনন করে সমস্যার সমাধান করুন।”

যাত্রী আউয়াল শেখ বলেন, “দিনে দুইবার ভাটার সময় নদীতে ডুবোচর জেগে ওঠে। দুই ভাটায় আমাদের পাঁচ-ছয় ঘণ্টা বসে থাকতে হয়। আয় অর্ধেক হয়ে গেছে, সংসার চালাতে কষ্ট হচ্ছে।”

পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু জাফর মো. রাশেদ খান জানান, টগরা–চরখালী ফেরিঘাটের দুই পাশের নদী খননের জন্য মেকানিক্যাল ডিভিশনে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা দাবি করছেন, নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বজায় রাখতে হবে, নাহলে এ রুটে চলাচলকারীদের দুর্ভোগ আরও বৃদ্ধি পাবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বর্গীর লাল চোখের খেলায় পাত্তা দেবে না জনগণ: মাস্টার আঃ মান্নান

বরিশালের উজিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান বলেছেন, এবার জাতীয় সংসদ নির্বাচনে কোন বর্গীর বড় বড় লাল চোখকে জনগণ পাত্তা দেবে না। যদি কেউ অবাধ ও সুষ্ঠ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করে, তা জনগণ নিজ উদ্যোগে রুখে দেবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উজিরপুরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রার্থী এসব কথা বলেন। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মাস্টার আব্দুল মান্নান বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার নৈতিক উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া জনগণের অধিকার আদায়ে জাতীয় সংসদে সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। চাঁদাবাজি, ভূমি দখল, প্রশাসনের জবাবদিহিতা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে আলোচনায় প্রার্থী দায়িত্বশীল ভূমিকা পালনের আশ্বাস দেন। তিনি সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিও অঙ্গীকার করেন।

সভায় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল খালেক, উপজেলা সেক্রেটারি মো. খোকন সরদার, অধ্যক্ষ মোশাররফ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট আজম খান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহমেদ খান, জেলা মিডিয়া বিভাগের সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, জেলা ওলামা ও ধর্ম বিষয়ক সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসেন, পৌর আমীর মো. আল আমিন সরদার, বড়াকোঠা ইউনিয়ন আমীর আনোয়ার হোসেনসহ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা শাখার অন্যান্য নেতাকর্মীরা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বঙ্গোপাধ্যায়: জামায়াতকে সতর্ক করলেন বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের দলীয় প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পথে যারা দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের জন্য চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। তিনি জামায়াতকে সরাসরি সতর্ক করে বলেন, ‘আপনারা যদি চরিত্র পরিবর্তন না করেন, তাহলে বাংলাদেশের মাটিতে চিরদিনের জন্য আপনারা কবর পাবেন।’

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় বরগুনা জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব সংলগ্ন সদর রোডে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নজরুল ইসলাম মোল্লা এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের কিছু নেতৃস্থানীয় শিক্ষার্থী নিরীহ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে। এ দায়ের কোনো উত্তরণ না হওয়ায় তারা আবার শিবির রূপে দেশে ফিরে এসেছে। এছাড়া কিছু ইসলামী মৌলবাদী দলও নির্বাচনের পথ বন্ধের চেষ্টা করছে। বর্তমানে জামায়াত-শিবির ভারতের ‘র’ এবং আওয়ামী লীগের সঙ্গে একত্রিত হয়ে জাতীয় নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত।

নজরুল ইসলাম মোল্লা আরও বলেন, বিএনপি হিংসায় বিশ্বাস করে না। আমরা শুধু চাই দেশে গণতন্ত্র অক্ষুণ্ণ থাকুক এবং নির্বাচন সুষ্ঠু হোক। তবে যারা বিএনপির সঙ্গে সংঘাত তৈরি করতে আসবে, তাদের পরিণতি ভয়াবহ হবে। তিনি বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সিনিয়র ও যুগ্ম আহ্বায়করা, জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনার পুরাকাটা ফেরিঘাটে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে খেয়ামাঝি নিহত

বরগুনার পুরাকাটা ফেরিঘাট এলাকায় কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মো. আনসার হাওলাদার (৩৫) নামে এক খেয়ামাঝি নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পুরাকাটা–আমতলী খেয়াঘাটে যাত্রী ওঠানামা নিয়ে খেয়ামাঝি আনসার হাওলাদারের সঙ্গে একই এলাকার মো. শাহীন নামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীন ক্ষিপ্ত হয়ে আনসারের বুকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত আনসারকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পোস্তগোলা ব্রিজ এলাকায় তিনি মারা যান।

নিহত আনসার হাওলাদার বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির বাসিন্দা ও মো. আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে (৭) ও এক মেয়ে (১০) রেখে গেছেন। অভিযুক্ত শাহীনও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুরাকাটা খেয়াঘাটের স্থানীয়রা জানান, খেয়াঘাটে শৃঙ্খলা রক্ষার জন্য আনসার শাহীনকে পাশে সরে দাঁড়াতে বললে তিনি অশালীন ভাষায় কথা বলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নদীভাঙনে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন, গরিবের খোঁজ নেই

নদীভাঙনে সব হারিয়ে আজ মানবেতর জীবনযাপন করছেন ভোলার লালমোহন উপজেলার এক অসহায় পরিবারপ্রধান। ৫৫ বছর বয়সী মো. সিরাজ একসময় স্বচ্ছল জীবনযাপন করলেও রাক্ষুসে মেঘনা নদীর ভাঙনে তার ঘরবাড়ি ও জমিজমা বিলীন হয়ে যায়। সব হারিয়ে প্রায় ২০ বছর আগে তিনি আশ্রয় নেন শ্বশুরবাড়ির জমিতে।

বর্তমানে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকায় শাশুড়ির জমিতে টিনের একটি ঘরে বৃদ্ধা মা, স্ত্রী, চার মেয়ে ও এক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বসবাস করছেন সিরাজ। তবে সেই ঘরটিও জরাজীর্ণ। বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ে, তাই বাধ্য হয়ে টিনের ছাউনির ওপর ত্রিপল টানিয়ে রেখেছেন তিনি। নিজের নামে কোনো জমি বা ঘর না থাকায় ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার।

জীবিকার তাগিদে সিরাজ একটি অটোরিকশা ভাড়ায় চালান। দৈনিক আয় হয় আনুমানিক ৬০০ থেকে ৭০০ টাকা। এর মধ্যে প্রতিদিন ৩০০ টাকা অটোরিকশার ভাড়া পরিশোধ করতে হয়। অবশিষ্ট অর্থ দিয়েই পরিবারের খাওয়া-পরা ও চিকিৎসার খরচ চালাতে হয়। ফলে সংসারে অভাব-অনটন লেগেই থাকে।

সিরাজ জানান, তার চার মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে দিয়েছেন। তবে তাদের স্বামীরা আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় বিয়ের পরও মেয়েরা বাবার বাড়িতেই থাকছেন। এতে পরিবারের সদস্যসংখ্যা আরও বেড়েছে। এর পাশাপাশি তিনি নিজেও নানা রোগে ভুগছেন, তার বৃদ্ধা মা-ও অসুস্থ।

তিনি আক্ষেপ করে বলেন, “আমার নিজের কোনো সম্পদ নেই। অথচ অনেক মানুষ সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছে। এত অসহায় হয়েও আমি এখনো একটি সরকারি ঘর পাইনি। সরকারি চালসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা থেকেও আমি বঞ্চিত। সত্যিই গরিবের খোঁজ কেউ রাখে না।”

সরকারের প্রতি আকুতি জানিয়ে তিনি বলেন, “জমিসহ একটি আশ্রয়ণের ঘর ও সরকারি চাল বরাদ্দ পেলে পরিবার নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারতাম। পাশাপাশি আমার বৃদ্ধা মায়ের জন্য একটি বয়স্ক বা বিধবা ভাতা খুব প্রয়োজন।”

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, “ভুক্তভোগী ব্যক্তি আমাদের সঙ্গে যোগাযোগ করলে বিধি অনুযায়ী তাকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কনসার্ট বন্ধের দাবিতে ববিতে গভীর রাতে ছাত্রদলের মিছিল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গভীর রাতে চলমান একটি সাংস্কৃতিক কনসার্টকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। কনসার্টে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে চারুকলা সংসদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার পরেও উচ্চস্বরে গান-বাজনা চলতে থাকায় শেরে বাংলা হল ও বিজয়-২৪ হলের প্রায় ৩৫ থেকে ৪০ জন আবাসিক শিক্ষার্থী অনুষ্ঠান বন্ধের দাবিতে মুক্তমঞ্চের দিকে যান। এ সময় মুক্তমঞ্চ এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে বাক্‌বিতণ্ডা শুরু হয়।

বিতণ্ডার একপর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মোশাররফ হোসেন মঞ্চে উঠে মাইকে বক্তব্য দেন। তিনি বলেন, কিছু শিক্ষার্থী আবাসিক শিক্ষার্থীর পরিচয় দিয়ে অনুষ্ঠানে বাধা দিতে এসেছে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে মুক্ত সাংস্কৃতিক চর্চা চলবে, এতে কোনো বাধা মেনে নেওয়া হবে না। তার এই বক্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর ছাত্রদল ও চারুকলা সংসদের পক্ষ থেকে ‘মবের বিরুদ্ধে’ স্লোগান দেওয়া হয়। পরে ছাত্রদল সভাপতি মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে টিএসসি চত্বরে গিয়ে শেষ হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কিছু শিক্ষার্থী হল থেকে এসে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। তবে তারা কারা, সেটি ক্যাম্পাসের সবাই জানে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে আয়োজকদের সঙ্গে কথা বলেন। তার নির্দেশের আধাঘণ্টার মধ্যেই কনসার্ট বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫