গ্রেফতার হলেন ঢাকা-১০ আসনের সাবেক এমপি মহিউদ্দিন

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে তার উত্তরা চার নম্বর সেক্টরের বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার মামলা রয়েছে।

মহিউদ্দিন ২০২০ সালের ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একজন প্রভাবশালী ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমইএ’র সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




বরিশালে চাল ও তেলের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান

বরিশালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাল ও তেলের বাজারে অভিযান চালিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বরিশাল নগরীর ফড়িয়া পট্টি এলাকার পাইকারি চালের বাজারে এ অভিযান শুরু হয়। এ সময় আড়ত মালিকদের চাল ক্রয়-বিক্রয়ের রশিদ রাখার নির্দেশ দেওয়া হয় এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম না বাড়ানোর ব্যাপারে সতর্ক করা হয়।

ফড়িয়া পট্টির আড়তদার আনোয়ার হোসেন জানান, সরু চালের দাম কিছুটা বেড়েছে, তবে বৈশাখ মাসের পরে দাম স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি দাবি করেন, বরিশালে চালের কোনও সিন্ডিকেট নেই এবং এসব গুজব।

অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, চালের বাজার পর্যবেক্ষণ চলবে। সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শহরের বাজার রোড, বাংলাবাজারসহ অন্যান্য বাজারে নজরদারি অব্যাহত থাকবে।

এছাড়া, বাজার রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ সরিষার তেল বিক্রির দায়ে একটি দোকানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২৮৮ লিটার তেল জব্দ করে ধ্বংসের জন্য বাজার কমিটির জিম্মায় রাখা হয়েছে।

অপূর্ব অধিকারী আরও জানান, অভিযোগের ভিত্তিতে মেসার্স অন্নদাতা স্টোরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ তেল বিক্রির প্রমাণ পাওয়া গেছে। ৮ লিটার তেলের পাত্র বাবদ ক্রেতাকে ৩ হাজার ২২০ টাকা ফেরত দেওয়া হয়।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




৭ বছর পর মায়ের দেখা পেলেন তারেক রহমান

দীর্ঘ ৭ বছরের অপেক্ষার পর লন্ডনে মায়ের সঙ্গে দেখা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছালে বুধবার (৮ জানুয়ারি) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান তারা।

বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয় এবং তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করার জন্য প্রস্তুতি নেওয়া হয়।

এর আগে, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের দোহা হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে। দোহায় সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম তার শারীরিক খোঁজখবর নেন।

খালেদা জিয়ার লন্ডন যাত্রার সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় নেতাকর্মীরা মায়ের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছালেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এরপর তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করার প্রক্রিয়া চলমান রয়েছে। জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। দীর্ঘ আট ঘণ্টার ভ্রমণে কাতারের দোহায় যাত্রাবিরতির সময় কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

খালেদা জিয়ার লন্ডন যাত্রা উপলক্ষে বিকেল থেকেই বিএনপির নেতাকর্মীরা গুলশানের বাসভবনে জড়ো হতে থাকেন। সন্ধ্যার পর সেখানে উপস্থিত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুই পাশে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা ভিড় জমান। দলের কর্মী-সমর্থকরা তার সুস্থতার জন্য প্রার্থনা করেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য হলেন আইটি বিশেষজ্ঞ শরফুদ্দিন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মো. শরফুদ্দিনকে তিন বছরের জন্য মনোনয়ন দিয়েছে সরকার।

পবিপ্রবি আইন, ২০০১ এর ধারা ১৮ (১)(ট) ও ১৮ (৪) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে সরকার কর্তৃক শিল্প ও ব্যবসা বাণিজ্যে নিয়োজিত ব্যক্তি হিসেবে ইনোভা আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. শরফুদ্দিনকে তিন বছরের জন্য মনোনয়ন দেয়া হয়।

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা মো. শরফুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিনিউয়েবল এনার্জি টেকনোলজি বিষয়ে এমএস এবং এপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিকস এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (বর্তমানে ত্রিপলি) এ বিএসসি ডিগ্রী অর্জন করেছেন।

দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন প্রকল্পে গবেষণা সহকারি হিসেবে কাজ করেছেন।তার রচিত `Physics Panacea’ নামে এইচএসসি এবং এ লেভেল শিক্ষার্থীদের পাঠ্যবই এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি গাইড বেশ সুনাম অর্জন করেছে। একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির জন্য টেলিভিশন সাংবাদিকতা ও লিডারশিপ ম্যানেজমেন্টসহ বিভিন্ন ইস্যুতে প্রশিক্ষণ-ও নিয়েছেন।

কর্মজীবনে তিনি এমজিআরএস টেক এন্ড ট্রেড, প্যানাসিয়া প্রিন্টিং এন্ড পাবলিকেশন, এনিপন্য গ্লোবাল বিজনেস, জিজাজো বাংলাদেশ, এবিএস ইন্টারন্যাশন্যাল, এবিসি লার্নিং, ফোকাস স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড, সেন্টার ফর মিডিয়া রিচার্সসহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি তিনি এমআই ইউ এর ত্রিপলি বিভাগের এডজাসেন্ট ফ্যাকাল্টি হিসেবে আছেন।

ছাত্রজীবন থেকেই তিনি বির্তকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড এবং জনসেবায় সক্রিয় অংশ অংশগ্রহণ করে আসছেন। মো. শরফুদ্দিন ঢাকা বিশ্বব্যিালয়ের ফজলুল হক মুসলিম হল ডিবেটিং ক্লাব ও বাধন ব্লাড ব্যাংকের সাবেক নির্বাহী সদস্য, এসএএম ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশমিনা স্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এবং সেন্টার ফর ইয়োথ ভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর নির্বাহী পরিচালক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ সিদ্দিক

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০১৬ সালে গুম হয়েছিলেন মীর আহমেদ বিন কাসেম। জামায়াত নেতা মীর কাসিমের ছেলে আহমেদ বিন কাসেম ব্যারিস্টার আরমান হিসেবেও পরিচিত। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে দীর্ঘ আট বছর পর বাড়ি ফেরেন তিনি। ওই সময় দেখা যায়, সুস্বাস্থ্যের অধিকারী আরমান রুগ্ন হয়ে গেছেন। তাকে চেনাও যাচ্ছিল না।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস বুধবার (৮ জানুয়ারি) জানিয়েছে, নিখোঁজ আরমানের ব্যাপারে ২০১৭ সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপকে প্রশ্ন করেছিলেন এক ব্রিটিশ সাংবাদিক। টিউলিপ যেহেতু ব্রিটেনের নাগরিক ও এমপি ছিলেন। তাই ওই সাংবাদিক মনে করেছিলেন, হাসিনার কাছে একটি ফোন করলে আরমান হয়ত মুক্তি পেতে পারেন।

তবে চ্যানেল-৪ এর ওই সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হন টিউলিপ। তিনি পরবর্তীতে তার ক্ষমতা ও প্রশাসনকে দিয়ে আরমানের স্ত্রীকে হেনস্তা করান বলে অভিযোগ রয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসকে ব্যারিস্টার আরমান বলেছেন, “চ্যানেল-৪ প্রতিবেদনটি প্রচার করার কয়েক ঘণ্টা আগে আইনশৃঙ্খলাবাহিনী আমার বাড়িতে যায়। আমার স্ত্রীকে চুপ থাকতে বলে। বাইরের দেশের কার কার সঙ্গে আমার স্ত্রীর যোগাযোগ আছে এ ব্যাপারে প্রশ্ন করে। তাকে এমনভাবে হেনস্তা করে যেন কোনো সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমার ব্যাপারে টিউলিপকে জিজ্ঞেস করার বিষয়টি কোনোভাবে যেন শেখ পরিবারকে আঘাত করেছিল। এ কারণে প্রশাসন থেকে এমন আচরণ করা হয়েছিল।”

চ্যানেল-৪ এর সাংবাদিক ২০১৭ সালের ২৫ নভেম্বর টিউলিপ সিদ্দিকের কাছে যান। তাকে ব্যারিস্টার আরমান সম্পর্কে অবহিত করে বলেন, ‘আপনার একটি ফোন কল অনেক পার্থক্য গড়ে দিতে পারে’। তখন ওই সাংবাদিকের ওপর চড়াও হন টিউলিপ। তিনি তাকে উল্টো জিজ্ঞেস করেন, ‘আরমান কী তার সংসদীয় আসনের কেউ? তিনি কী ব্রিটিশ’? জবাবে সাংবাদিক বলেন, ’আরমান বাংলাদেশি। তার পরিবার আপনার কাছে একাধিকবার অনুরোধ করেছে কিছু করার জন্য।’

তখন টিউলিপ বলেন, ’আপনি কী জানেন আমি ব্রিটিশ এমপি এবং আমার জন্ম হয়েছে লন্ডনে।’ চ্যানেল-৪ এর সাংবাদিক বলেন, ’কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে আপনার গভীর সম্পর্ক আছে। আপনি নিজেই বলেছেন আপনি আওয়ামী সরকারের মুখপাত্র। আপনার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী।’ ওই মুহূর্তে টিউলিপ আরও ক্ষিপ্ত হয়ে বলেন, ’আপনি কী বলতে চান আমি বাংলাদেশি রাজনীতিবিদ? আমি ব্রিটিশ এমপি। আমাকে বাংলাদেশি রাজনীতিবিদ বলার ব্যাপারে সতর্ক থাকুন। এটি বলে তিনি চলে যেতে থাকেন। তখন ওই সাংবাদিক বলতে থাকেন, ’আপনি আরমানের ব্যাপারে একটি ফোন দিতে পারবেন না? কেন পারবেন না।’

ব্যারিস্টার আরমান লন্ডনে পড়ালেখা করেছেন। ২০১৬ সালে যুদ্ধাপরাধের অভিযোগে তার বাবার বিচার চলাকালে তিনি তার আইনজীবীর ভূমিকা পালন করছিলেন। ঠিক তখনই তাকে গুম করা হয়।

আরমানের ব্রিটিশ আইনজীবী মাইকেল পলক বলেছেন, “চ্যানেল- ৪ কে যেন ব্যারিস্টার আরমানের স্ত্রী বলেন, প্রতিবেদনটি প্রকাশ না করতে, সেজন্য তার বাড়িতে ওইদিন র‌্যাবের সদস্যরা গিয়েছিল। দেখুন, আপনি একজন ব্রিটিশ এমপিকে একটি বিষয়ে জিজ্ঞেস করেছেন, এরপরই র‌্যাবের মতো বাহিনীর কাছ থেকে হুমকি পেয়েছেন। যেটি হত্যা ও গুমের সঙ্গে জড়িত।”

ফিন্যান্সিয়াল টাইমস টিউলিপ সিদ্দিক এবং তার দল লেবার পার্টির সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু কেউই কোনো কথা বলেননি। তবে টিউলিপের এক সহযোগী বলেছেন, ২০১৭ সালের ডিসেম্বরে ব্যারিস্টার আরমানের বিষয়টি নিয়ে ফরেন অফিসে পত্র পাঠিয়েছিলেন তিনি।




লবণাক্ত জমিতে কেনাফ চাষে সম্ভাবনার নতুন দিগন্ত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা গ্রামের কৃষক শহিদুল ইসলামসহ কয়েকজন কৃষক কেনাফ চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন। এটি পাটের বিকল্প একটি আঁশজাতীয় ফসল, যা লবণাক্ত জমিতে ভালো ফলন দেয়।

বরিশাল বিভাগের চার জেলায় প্রায় ৩ লাখ ৪০ হাজার হেক্টর লবণাক্ত জমি বছরের অধিকাংশ সময় পতিত থাকে। এসব জমিকে ফসলি জমিতে পরিণত করতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্যোগ নিয়েছে কেনাফের আবাদ সম্প্রসারণের।

২০২৩ সালে বিজেআরআই-এর বিজ্ঞানীরা উদ্ভাবন করেন লবণসহিষ্ণু ও জলবায়ু-সহনশীল কেনাফের নতুন জাত। কেনাফ ফসলটি জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকতে সক্ষম এবং পাটের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।

পটুয়াখালীর পাখিমারা গ্রামের শহিদুল ইসলাম জানান, ২০ শতাংশ জমিতে পরীক্ষামূলক কেনাফ চাষ করে প্রতি শতাংশে ১২ কেজি আঁশ উৎপাদন সম্ভব হয়েছে। প্রথম সফলতার পর তিনি বীজ উৎপাদনের জন্য কেনাফের আবাদ করেছেন। জানা গেছে, ধানের তুলনায় কেনাফ চাষে খরচ কম এবং লাভ বেশি।

পটুয়াখালীর পাট গবেষণা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আফলাতুন কবির বলেন, “কেনাফ চাষ সম্প্রসারিত হলে উপকূলীয় প্রায় ১০ লাখ হেক্টর অনাবাদি জমি চাষের আওতায় আসবে।” একইসঙ্গে এটি মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করবে এবং লবণাক্ততা কমাবে।

লবণাক্ততা, খরা ও অপ্রত্যাশিত বৃষ্টি সহনশীল। রোগবালাই প্রতিরোধক্ষমতা বেশি। পাটের চেয়ে ফলন বেশি ও পরিচর্যার খরচ কম। এই সম্ভাবনাময় উদ্যোগ বাস্তবায়ন হলে উপকূলীয় কৃষিতে এক নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




নৌকাই একমাত্র ভরসা: পিরোজপুরের দেউলবাড়ী দোবড়া

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩ নম্বর দেউলবাড়ী দোবড়া ইউনিয়নটি যোগাযোগ বিচ্ছিন্ন ও অবহেলিত একটি অঞ্চল। উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত এই ইউনিয়নের মূল যোগাযোগব্যবস্থা খালের ওপর নির্ভরশীল।

বর্ষা ও শীতকালে ভোগান্তি চরমে ::
গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া অসংখ্য খাল বর্ষা মৌসুমে পানিতে নিমজ্জিত থাকে। তখন এই এলাকার মানুষের একমাত্র ভরসা নৌকা। অন্যদিকে শীতকালে খাল ও নদীগুলো কচুরিপানায় এমনভাবে আটকে যায়, নৌকা বা ট্রলারে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া তো দূরের কথা, এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাপনও থমকে যায়।

শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ: এলাকার মানুষ বছরের প্রতিটি মৌসুমেই বৈঠা বেয়ে ঝুঁকি নিয়ে চলাচল করেন। বিশেষত শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিনিয়তই এই যোগাযোগব্যবস্থার চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসী উন্নত রাস্তাঘাটের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানালেও এখনো কোনো সমাধান আসেনি।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




ভোলায় পুকুরে ডুবে ১৫ মাসের শিশুর মৃত্যু

ভোলার চরসামাইয়া ইউনিয়নে পুকুরে ডুবে মো. জাবেদ নামে ১৫ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু জাবেদ ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বিল্লাল হোসেন ও তাসলিমা দম্পতির সন্তান।

নিহত শিশুর স্বজনদের বরাত দিয়ে জানা যায়, ১১ দিন আগে জাবেদ তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার সময় তার মা তাসলিমা ধান গোলানোর কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি সবার অগোচরে হামাগুড়ি দিয়ে ঘর থেকে বের হয়ে যায়।

একপর্যায়ে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পাশে পুকুরে জাবেদকে ভাসতে দেখা যায়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে গেলেন যারা

চন্দ্রদ্বীপ ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি।

সফরে বিএনপি চেয়ারপারসনসহ তার চিকিৎসক, পরিবার ও তার কাজের সহকারী রয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে গেছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। দীর্ঘদিনের গৃহকর্মী ফাতিমা বেগম। চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য, তারা হলেন- মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন।

এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও প্রটোকল অফিসার এস এম পারভেজ।

এদিন বিমানবন্দরে উপস্থিত হয়ে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সেলিম রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

এদিকে পথে পথে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান। এসময় কর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, খালেদা জিয়ার ছবি সম্বলিত ফেস্টুন শোভা পায়।

সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হবে। লন্ডনে ছেলের বউ জুবাইদা রহমান ও নাতনি জায়মা জারনাজ রহমানও খালেদা জিয়াকে স্বাগত জানাবেন।