ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিচ্ছিন্ন হচ্ছে রাজধানীর সাত কলেজ

দীর্ঘদিনের উত্তেজনা ও আলোচনা শেষে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে রাজধানীর সাত কলেজের বিচ্ছেদ নিশ্চিত হলো। সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

এক প্রেস ব্রিফিংয়ে ঢাবি উপাচার্য বলেন, “ঢাবি-সাত কলেজের অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। সার্বিক বিষয় বিবেচনায় সাত কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই সাত কলেজের শিক্ষার্থীদের ঢাবির অধীনে ভর্তি বন্ধ থাকবে।”

বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:

১. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পৃথক কার্যক্রম: শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সাত কলেজের পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব গ্রহণ করবে।
২. বর্তমান শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত: বর্তমানে ঢাবির অধীনে থাকা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না।
৩. আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ: পরবর্তী শিক্ষাবর্ষ থেকে আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ করবে বিশেষজ্ঞ কমিটি।

উল্লেখ্য, ঢাবির অধীনে থাকা সাতটি কলেজ হলো:

ঢাকা কলেজ

ইডেন কলেজ

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

কবি নজরুল সরকারি কলেজ

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

সরকারি তিতুমীর কলেজ

মিরপুর সরকারি বাংলা কলেজ

সাত কলেজের অধিভুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে বিরোধ ও আন্দোলন চলছিল। এই কলেজগুলো ঢাবির সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সময়ে অধিভুক্ত হয়। এরপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাধিকবার এই অধিভুক্তি বাতিলের দাবি তোলে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দিল্লি নির্বাচনে জিতলে দুই বছরের মধ্যে অবৈধ বাংলাদেশী মুক্ত করার ঘোষণা অমিত শাহের

ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে দুই বছরের মধ্যে দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, রবিবার (২৬ জানুয়ারি) প্রজাতন্ত্র দিবসে নির্বাচনী প্রচার চালিয়ে তিনি ক্ষমতাসীন আম আদমি পার্টিকে (আপ) ‘অবৈধ আমদানিওয়ালি পার্টি’ আখ্যা দেন। তার অভিযোগ, আম আদমি পার্টি অবৈধ অভিবাসীদের ভোটের ভিত্তিতে নির্বাচন জিতে এসেছে।

অমিত শাহ বলেন, “দিল্লিতে আম আদমি পার্টির ১০ বছরের শাসন দুর্নীতি ও মিথ্যা প্রচারে পরিপূর্ণ। বিজেপি দিল্লিকে বিশ্বের সেরা রাজধানী বানানোর প্রতিশ্রুতি দিচ্ছে। বিজেপি নির্বাচনে জয়ী হলে অবৈধ অভিবাসীদের উচ্ছেদ করা হবে।”

তিনি আরও অভিযোগ করেন, আম আদমি সরকার অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। এর ফলে দিল্লির শাসনব্যবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে।

প্রসঙ্গত, দিল্লি বিধানসভার ৭০ আসনে আগামী ৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে মামলা পরিচালনায় আইনজীবীদের আবেদন আহ্বান

কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) তালিকাভুক্ত আইনজীবীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

২৬ জানুয়ারি আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহা. আমীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের আদেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপিল বিভাগের রুলস ১৯৮৮ এর আওতায় কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মামলা পরিচালনার জন্য আগ্রহী আইনজীবীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে।

আগ্রহী আইনজীবীরা নির্ধারিত ফরম পূরণ করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আপিল বিভাগের প্রশাসন শাখায় আবেদন জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রুলস অনুযায়ী, কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কারা কর্তৃপক্ষের মাধ্যমে আপিলের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। এই আবেদন রেজিস্ট্রার গ্রহণ করার পর সরকারকে অবহিত করা হবে এবং মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত থাকবে। প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর রেজিস্ট্রার আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের মধ্য থেকে একজন আইনজীবী নিয়োগ করবেন এবং আদালতে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করবেন।

 

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া যাবে সারা বছর

চন্দ্রদ্বীপ ডেস্ক: ব্যক্তি করদাতারা সারা বছর অনলাইনে রিটার্ন দিতে পারবেন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তবে ৩১ জানুয়ারির পর রিটার্ন দিলে ২ শতাংশ হারে সুদ দিতে হবে। রোববার কাস্টমস দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

এসময় নিত্যপণ্যের চড়া দামের কথা স্বীকার করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বাজারে সব জিনিসের দাম একসাথে কমবে, এমন আশা করা যাবে না।

আগামী ৩১ জানুয়ারি রিটার্ন জমার সময়সীমা শেষ হচ্ছে। এ বছর দুই দফা এক মাস করে সময় বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত ১২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।

আন্তর্জাতিক কাস্টমস দিবসের সেমিনারে এনবিআর চেয়ারম্যান জানান, ব্যক্তিশ্রেণির করদাতারা সারা বছর অনলাইনে রিটার্ন দিতে পারবেন। তবে সে জন্য ২ শতাংশ হারে সুদ দিতে হবে। সর্বোচ্চ ২৪ মাসের জন্য ৪৮ শতাংশ পর্যন্ত এই সুদ আরোপিত হবে।

মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, ‘সারা বছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে। একই ভাবে আমাদের কাস্টমসের যে সিস্টেমগুলো আছে, আমরা সবচেয়ে বেশি কমপ্লেই শুনি আমাদের বন্ড ম্যানেজমেন্ট নিয়ে, আমরা বন্ডকে ফুল অপারেশনালাইজ করার জন্য রেডি হয়েছি।’

এ সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান জানান, ভ্যাট-ট্যাক্স আরোপের সময় ব্যবসায়ীদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করা প্রয়োজন।

এফবিসিসিআই প্রশাসক বলেন, ‘ব্যবসায়ীদের সম্মিলিত করে আপনাদের সাথে আলোচনার করে, তাদের মতামতটা শুনে বাজেট প্রণোয়নের আগে যদি তাদের মতামতটা শোনা হয়, তাহলে হয়ত তারা অনেকটা কমফোর্ট ফিল করবে এবং ট্যাক্স-ভ্যাট প্রদানে আরও উৎসাহ বোধ করবে।’

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, রাজস্ব আহরণ ও ব্যয় যেন যৌক্তিক হয়, সে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। কিন্তু এই মুহুর্তে বড় চ্যালেঞ্জ অর্থনীতির সংস্কার। ভোগ্যপণ্যের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে বলেও স্বীকার করেন অর্থ উপদেষ্টা।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এই মুহুর্তে সবচেয়ে বড় সমস্যা, অর্থনীতির সমস্যা। অর্থনৈতিক সমস্যা খুব কঠিন আবার সহজও বটে। কঠিন যে অনেকগুলো ফান্ডামেন্টাল ল, অনেকগুলো আইন কানুন… একটু সময় লাগবে।’

এসময় রাজস্ব আদায়ে সহায়তা করতে ব্যবসায়ীদের অনুরোধ জানান অর্থ উপদেষ্টা।




হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ, সাবেক র‌্যাব মহাপরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চন্দ্রদ্বীপ ডেস্ক:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গণ–অভ্যুত্থানের সময় র‌্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় র‌্যাবের তৎকালীন মহাপরিচালক মো. হারুন অর রশিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ‘কমান্ড রেসপন্সিবিলিটি’র অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে এক আবেদনের পরিপ্রেক্ষিতে হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এই পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।




ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ২০ জন আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে গত রাত (২৬ জানুয়ারি) সংঘর্ষ অব্যাহত ছিল। রাত ২টা পর্যন্ত চলতে থাকা এই সংঘর্ষে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষ শুরু হওয়ার সাড়ে তিন ঘণ্টা পরও উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

নীলক্ষেত মোড় এলাকায় রাত পৌনে ২টা পর্যন্ত সংঘর্ষের ঘটনাটি ঘটে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাত কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ করে। আহত শিক্ষার্থীদের সঠিক সংখ্যা জানা না গেলেও, উভয়পক্ষের শিক্ষার্থীরা ২০ জনের বেশি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

এদিকে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করলেও, সংঘর্ষ থামানো সম্ভব হয়নি। শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সংঘর্ষস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। তবে, তিনি উভয়পক্ষের তোপের মুখে পড়েন। হাসনাত আবদুল্লাহ নীলক্ষেত এলাকায় রাত সাড়ে ১২টার দিকে উপস্থিত হলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তার সাথে কথা বলতে অস্বীকার করেন।

এর আগে, রাত ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে পৌঁছান। সেসময়, স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেন এবং রাত সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে ধাওয়া দিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত পার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পুলিশ দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুমকিতে সড়কের পাশে ব্যবসায়ীদের দখলে বিপদে পথচারীরা

পটুয়াখালীর দুমকিতে বরিশাল-পাগলা-দুমকি-বাউফল মহাসড়কের দুই পাশে এক শ্রেণির ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সড়কের জায়গা দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন, যা স্থানীয়দের জন্য বেশ বড় ধরনের সমস্যা সৃষ্টি করেছে। বিশেষ করে পথচারীরা নিয়মিত দুর্ঘটনায় পড়ছেন এবং এই সড়কটি ব্যবহারে অনেক সময় ও মানসিক চাপের শিকার হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, সড়কের পাশের সরকারি জমিতে গাছ ব্যবসায়ীরা লাকড়ি-গাছ রাখছেন, ফরিয়াদের তুষ-কুড়া-ধান, নির্মাণসামগ্রী ব্যবসায়ীরা রড-সিমেন্ট-ইট রাখছেন, এবং চেরাই কাঠের ব্যবসায়ীরা সাজানো কাঠ রেখে যাচ্ছেন। বরিশাল-পাগলা-দুমকি-বাউফল মহাসড়কের বিশেষ কিছু এলাকা, যেমন বিশ্ববিদ্যালয় স্কয়ার, নতুন বাজার, থানাব্রিজ, রাজাখালী বাজার, তালতলী বাজার, বোর্ড অফিস বাজার এবং চরগরবদি ফেরিঘাটের এলাকাগুলোতে জায়গা দখল করা হয়েছে। এসব জায়গায় দিন-রাত চলছে ব্যবসায়িক কার্যক্রম এবং সড়কটি দখল হয়ে গেছে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, স্থানীয় প্রশাসনের সহায়তায় সওজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এসব ব্যবসা বাণিজ্য চলছে। এতে সড়কের যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনা বাড়ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাস্তার ওপর ট্রাক থামিয়ে মালামাল ওঠানো নামানো হচ্ছে, যা একদিকে সময় অপচয় ঘটাচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার সম্ভাবনা বাড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দা মোঃ জিহাদ জানান, “রাস্তায় ট্রাক থামিয়ে গাছ ওঠানামা করা আমাদের জন্য অনেক সমস্যা তৈরি করছে। সময় নষ্ট হচ্ছে, আর দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।” পথচারী হৃদয় দাস বলেন, “রাস্তার পাশে ট্রাক থামিয়ে রাখার কারণে চলাচলে অসুবিধা হচ্ছে, ছোট ছোট শিশুদের স্কুলে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটতে পারে।”

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জানান, “আমাদের ইউনিভার্সিটির সামনে সড়কটি খুবই চিকন, এখানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ফলে প্রতিদিন শিক্ষার্থীদের চলাচল করে। সেনাবাহিনী ক্যান্টনমেন্ট স্কুলের ছাত্র-ছাত্রীদের বাসগুলোও এখানে থামানো থাকে। রাস্তার পাশে ট্রাক থামিয়ে গাছ উঠানো-নামানো হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন মাহমুদ জানান, “আমরা এ বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেব। যাতে এসব ট্রাকগুলো রাস্তার পাশে না থেমে মাঠে গিয়ে মালামাল লোড আনলোড করে। এর মাধ্যমে রাস্তা দখল করে ব্যবসা চালানো বন্ধ হবে এবং অভিযুক্তদের মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।”

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে, ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার : উপ-প্রেস সচিব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নির্বাহী আদেশে আগামী ৯০ দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তবে, এ অবস্থায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা অব্যাহত আজ রোববার, রাজধানী ঢাকার হেয়ার রোডে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ডের দাভোস সফর সম্পর্কে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। অপূর্ব জাহাঙ্গীর বলেন, “রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা বন্ধ হবে না।” তিনি আরও বলেন, এই বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

মার্কিন দূতাবাসের সাথে আলোচনা মার্কিন দূতাবাসের কর্মকর্তারা প্রধান উপদেষ্টার প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। এই বৈঠকের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য মার্কিন সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

রোহিঙ্গা সঙ্কট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রোহিঙ্গা সঙ্কট নিয়ে এই বছরই একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ সম্মেলনে ১৭০টি দেশ অংশগ্রহণ করবে, এবং জাতিসংঘ এর সহ-আয়োজক হিসেবে অংশগ্রহণ করবে।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




প্রধান উপদেষ্টার দাভোস সফর বাংলাদেশের জন্য ঐতিহাসিক অর্জন: প্রেস সচিব

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে গুরুত্বপূর্ণ ৪৭টি বৈঠক করেছেন। এই বৈঠকগুলোতে রোহিঙ্গা সঙ্কট, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, বাণিজ্য সম্প্রসারণ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ নানা বিষয়ের উপর আলোচনা হয়। প্রধান উপদেষ্টা শফিকুল আলমের মতে, এই সফর বাংলাদেশের জন্য ঐতিহাসিক অর্জন।

রোহিঙ্গা সঙ্কট এবং আন্তর্জাতিক সহযোগিতা অধ্যাপক ইউনূস তার সফরে বিশ্ব সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সঙ্কট সমাধানে সহযোগিতা কামনা করেন। তিনি জানান, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ রোহিঙ্গা সঙ্কট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যেখানে ১৭০টি দেশের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

পাচার হওয়া অর্থ ফেরত আনা শফিকুল আলম বলেন, ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, যা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অর্থ। এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে, এবং সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে এই বিষয়টির গুরুত্ব দিয়েছে। তিনি জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, এবং এর জন্য টাস্কফোর্স ও পুনরুদ্ধার কমিটি গঠন করা হয়েছে।

বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ অধ্যাপক ইউনূস দাভোসে বৈঠককালে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে জানিয়ে তাদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। শফিকুল আলম জানান, বর্তমানে বাংলাদেশে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বড় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।

পদত্যাগ ও গুজব প্রসঙ্গে ড. ইউনূসের পদত্যাগ ও পালিয়ে যাওয়া নিয়ে গুজব প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “যারা গুজব ছড়াচ্ছে, তারা প্রকৃতপক্ষে পালিয়ে গেছে।” তিনি জানালেন, আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে ব্যবস্থা নেবে।

বিশ্ব নেতাদের সাথে বৈঠক বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে, অধ্যাপক ইউনূস জার্মানির চ্যান্সেলর ওলাপ শোলৎজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার ষ্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করেছেন।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাংলাদেশিদের চিকিৎসার জন্য কুনমিংয়ে চীনের হাসপাতাল সুবিধা : পররাষ্ট্র উপদেষ্টা

চিকিৎসার জন্য ভারতীয় ভিসা পেতে সমস্যায় পড়া বাংলাদেশিদের জন্য একটি নতুন সমাধানের পথ উন্মুক্ত করেছে চীন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ঢাকার নিকটতম চীনা শহর কুনমিংয়ে বাংলাদেশিদের চিকিৎসার জন্য দুই থেকে তিনটি হাসপাতাল মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি চীন সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “ভারতে ভিসা সমস্যা দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। এ কারণে আমরা বিকল্প গন্তব্য খুঁজছিলাম। চীন থেকে প্রাপ্ত এই সমর্থন অত্যন্ত কার্যকর হবে।”

চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা বলেন, ইউনানের ডেপুটি গভর্নর সরাসরি বেইজিংয়ে এসে বাংলাদেশি রোগীদের জন্য হাসপাতাল মনোনীত করার বিষয়ে তাদের প্রস্তুতি জানিয়েছেন।

তিনি আরও জানান, চীন বাংলাদেশি রোগীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে এবং ভিসা ফি কমানোর বিষয়ে আন্তরিক। পাশাপাশি, ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে সরকারি জমিতে একটি বৃহৎ সরকারি হাসপাতাল নির্মাণে চীন সম্মতি জানিয়েছে। এটি সরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে আরও একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও তৈরি হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা গত ২০-২৪ জানুয়ারি চীন সফরে যান। বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও সাংহাইয়ে চীনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, “আমরা উন্নয়ন প্রকল্প, ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।”

ঢাকা চীনের কাছে ঋণের সুদের হার কমানোর এবং পরিশোধের সময়কাল ২০ বছর থেকে ৩০ বছর পর্যন্ত বাড়ানোর অনুরোধ করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

সফরে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণ এবং এর প্রভাব নিয়ে বাংলাদেশের উদ্বেগও চীনের কাছে তুলে ধরা হয়। এ বিষয়ে চীনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে তাদের পদক্ষেপ বাংলাদেশের জলপ্রবাহে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।

তিস্তা নদীর প্রকল্প নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন উপদেষ্টা। তবে দ্বিপাক্ষিক জলসম্পদ ব্যবস্থাপনা চুক্তি নবায়ন নিয়ে দুই দেশই সম্মত হয়েছে। তিনি বলেন, “বেইজিং এবং আমরা খসড়া নিয়ে কাজ করছি। এটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে।”

সফরের সময় ‘ইয়ালুজাংবু-যমুনা’ নদীর ওপর জলবিদ্যুৎ-সম্পর্কিত তথ্য বিনিময়ে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম