ট্রেন রেখে পালিয়ে গেল চালক, স্টেশন সুপার অবরুদ্ধ

ময়মনসিংহ রেলস্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনের চালক পালিয়ে যাওয়ার ঘটনায় যাত্রীদের বিক্ষোভ। স্টেশন সুপারিন্টেন্ডেন্ট নাজমুল হক খানকে অবরুদ্ধ করেছে যাত্রীরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। জানা যায়, **মাইলেজ সুবিধা পুনর্বহালের দাবিতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ কর্মবিরতি শুরু করায় এই বিপত্তি।**
কীভাবে ঘটল ঘটনা? ::
মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ জংশনে পৌঁছায়। এর কিছুক্ষণ পরই ট্রেন চালক স্টেশনেই ট্রেন রেখে চলে যান। এতে ট্রেনের যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। যাত্রীরা তখন স্টেশন সুপার নাজমুল হক খানকে অবরুদ্ধ করে সমাধানের দাবি জানান।
হাওর এক্সপ্রেসের যাত্রী জোবায়ের আহমেদ বলেন, “রোগী নিয়ে ঢাকায় যাচ্ছিলাম চিকিৎসার জন্য। ট্রেন ময়মনসিংহ পর্যন্ত এসেছে কিন্তু চালক চলে গেছে। এখন অনিশ্চয়তায় আছি।” অপর যাত্রী শাকিল বলেন, “মোহনগঞ্জ থেকে যদি ঢাকায় না যায়, তবে ট্রেন ছাড়ল কেন? এখন আমাদের টিকেটের টাকাও ফেরত দিচ্ছে না।” স্টেশন সুপার নাজমুল হক খান বলেন, “যাত্রীরা আমাকে অবরুদ্ধ করেছে। বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তবে তাৎক্ষণিকভাবে কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না।”
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, “যাত্রীরা খুবই বিক্ষুব্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের বিকল্প পথে ঢাকায় পাঠানোর জন্য আলোচনা চলছে।” উল্লেখ্য, ট্রেনটিতে প্রায় পাঁচ শতাধিক যাত্রী ছিলেন।
মো: তুহিন হোসেন*
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








