রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি: তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনি এখনো কোনো রাজনৈতিক দল গঠনের বা পদত্যাগের সিদ্ধান্ত নেননি। যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
‘সরকারে থেকে রাজনৈতিক দলে থাকব না’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “সরকারে থেকে রাজনৈতিক দলে থাকব না। যদি পদত্যাগের সিদ্ধান্ত নিই, তাহলে তা আমি নিজেই জানাব। রাজনৈতিক দলে যোগ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে, আমরা সরকার ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেব। আমার বা আসিফের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা সরকারের কার্যক্রম পরিচালনাতেই ব্যস্ত আছি।”
এদিকে, একটি দৈনিক পত্রিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফের পদত্যাগের খবর প্রকাশিত হয়।
‘প্রতিবেদনটি কোথা থেকে এসেছে, পরিষ্কার নয়’
এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, “প্রতিবেদনটি আমি দেখেছি এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এর প্রচার হয়েছে। তবে পত্রিকাটি কোথা থেকে এমন তথ্য পেয়েছে, তা পরিষ্কার নয়।”
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








