যৌক্তিক দাবিতে সরকারের ইতিবাচক মনোভাব: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার যেকোনো যৌক্তিক দাবির প্রতি ইতিবাচক ও সংবেদনশীল। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সকলের জন্য ইতিবাচক সমাধানের আশ্বাস দেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিতুমীর কলেজের চলমান আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সরকার সবসময় সহানুভূতিশীল। তবে আন্দোলনের সময় এমন কিছু করা উচিত নয় যাতে জনগণের ভোগান্তি হয়।” তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার পরামর্শ দেন এবং বলেন, “সরকার শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল। যদিও তাৎক্ষণিকভাবে সবকিছু করা সম্ভব নয়, তবে সমাধান আসবেই।”
৭ কলেজের সমস্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বিগত সময়ের একটি ভুল সিদ্ধান্তের কারণে হাজারো শিক্ষার্থী ভুক্তভোগী হয়েছে। সরকার এই সমস্যা সমাধানের জন্য শুরু থেকেই কাজ করে যাচ্ছে এবং প্রতিটি কলেজকে প্রাধান্য দিচ্ছে। দ্রুতই এর সমাধান হবে।”
এদিকে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিসহ ৭ দফা দাবিতে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন। সোমবার সকাল থেকে চলমান এই অবস্থান কর্মসূচির ফলে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অনশন, সড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








