প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে একটি বিশেষ কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বকশ চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, পুলিশ, বিজিবি, র্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও বিশেষ শাখার প্রধানরা।
প্রধান উপদেষ্টা বলেন, “নিরাপত্তা বাহিনীগুলোকে আধুনিক যোগাযোগ ব্যবস্থা কাজে লাগিয়ে একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার গঠন করতে হবে। এটি সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে সমন্বয় করবে এবং সারাদেশের থানাগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করবে।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি আমাদের জন্য সংকটময়। বিশৃঙ্খলা ও নৈরাজ্য রোধে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।”
ড. ইউনূস জানান, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি চক্র বিপুল অর্থ ব্যয় করছে। তিনি নিরাপত্তা বাহিনীকে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অনলাইন এফআইআর ব্যবস্থা চালুরও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি পুলিশ প্রধান বাহারুল আলমকে দ্রুত এ কার্যক্রম শুরু করার নির্দেশ দেন এবং জানান, “৯৯৯-এর মতো একটি বিশেষ নম্বর চালু করে অনলাইনে মামলার আবেদন গ্রহণের ব্যবস্থা করতে হবে। এটি জনগণের হয়রানি কমাবে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “বর্তমানে এফআইআর দাখিলের জন্য থানায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। অনলাইন এফআইআর চালু হলে জনগণের হয়রানি কমবে এবং অপরাধ দমন আরও কার্যকর হবে।”
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম