সরকারের বুদ্ধি-বিবেকের সঙ্গে কাজ করা উচিত: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সরকারের বুদ্ধি ও বিবেকের সঙ্গে কাজ করা উচিত এবং পরিস্থিতি কন্ট্রোল করতে সরকারকে বুদ্ধিবৃত্তিক উপায়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর ৫ম নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফয়জুল করীম বলেন, “যদি সরকার ভুল সিদ্ধান্ত নেয়, তবে এর ফলে শুধু সরকারই নয়, পুরো জাতি সমস্যায় পড়বে।” তিনি আরও বলেন, “কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করে পরিস্থিতি কন্ট্রোল করা উচিত হবে না। শক্ত হাতে দেশ পরিচালনা করতে হবে, দুর্বলভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয়।”
তিনি সতর্ক করে বলেন, “সরকার যদি দুর্বলতা প্রকাশ করে, তবে পুরো জাতি বিপদে পড়বে, আশা-আকাঙ্ক্ষা সব কিছু হারিয়ে যাবে।” তিনি প্রশাসনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেন, কারণ “প্রশাসন কন্ট্রোল করতে না পারলে অবস্থা আরও খারাপ হতে পারে।”
ফয়জুল করীম আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এবং শিক্ষা, দক্ষতা ও আত্মোন্নয়নের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
তিনি সব তরুণদের আহ্বান জানান, “দেশের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার এই আন্দোলনে সকল সচেতন যুবক ও নাগরিকদের এগিয়ে আসার।”
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও কল কারখানা সম্পাদক এমদাদুল ফেরদৌস, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদার।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম









