ট্রলার চালক অপহরণ বরিশাল -ঢাকা মহাসড়কে ৩ ঘণ্টা মানববন্ধন

বরিশালের উজিরপুরের সন্ধ্যা নদীতে ট্রলার চালক মাহাবুব হাওলাদার অপহৃত হওয়ার পর তার সন্ধানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে এলাকাবাসী ও স্বজনদের উদ্যোগে এই মানববন্ধনটি আয়োজন করা হয়, যেখানে তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. শহীদুল ইসলাম খান, সদস্য সচিব মো. রোকুনুজ্জামান টুলু, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মাসুম সহ আরো অনেক স্থানীয় নেতা। বক্তারা মাহাবুবের খোঁজ পেতে পুলিশ প্রশাসনের তৎপরতা বাড়ানোর আহ্বান জানান।

নিখোঁজ মাহাবুবের বড় ভাই মো. জামাল হোসেন বলেন, “আমার ভাই নিরীহ মানুষ। তাকে বিনা কারণে অপহরণ করা হয়েছে। আমরা তাকে জীবিত অবস্থায় ফিরে চাই।” তিনি আরও বলেন, অপহরণের ঘটনা সাম্প্রতিক সময়ে বাড়তে থাকা মৌসুমি চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অংশ হতে পারে। এসব চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে তীব্র আহ্বান জানান বক্তারা।

এলাকার স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতা অথবা চাঁদাবাজদের কাছ থেকে চাঁদা না দেওয়ার কারণে মাহাবুবকে অপহরণ করা হয়েছে। মাহাবুব হাওলাদার ৩১ জানুয়ারি রাতে তার ট্রলার নিয়ে শিকারপুর থেকে মুন্ডপাশার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নদীর মাঝখানে হঠাৎ চিৎকার শোনা যায় এবং ট্রলারটি নিখোঁজ হয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় পুলিশ একটি সাধারণ ডায়েরি ও পরে একটি মামলা দায়ের করেছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য বাবুগঞ্জ ও উজিরপুর থানা যৌথভাবে অভিযান চালাচ্ছে।

মানববন্ধনের শেষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ও সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদ পরিবারের সাথে কথা বলে মানববন্ধন স্থগিত করার অনুরোধ জানান এবং দ্রুত সময়ের মধ্যে মাহাবুব হাওলাদারকে উদ্ধার করার প্রতিশ্রুতি দেন। প্রশাসনের আশ্বাসের পর মানববন্ধন প্রত্যাহার করা হয় এবং যানবাহন চলাচল শুরু হয়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




 বরিশালে ‘অপারেশন ডেভিল হান্ট’’: জনমনে স্বস্তি, আটক ২

বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান চালানো হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর মরকখোলার পুল এলাকায় কাউনিয়া থানার পুলিশ সদস্যরা একযোগে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন।

অভিযান চলাকালে বিভিন্ন প্রাইভেটকার, মাইক্রোবাস এবং মোটরসাইকেলসহ নানা ধরনের যানবাহনে তল্লাশি করা হয়। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, “বরিশালেও অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া এ ধরনের অভিযান সফল করা সম্ভব নয়, তাই তাদের সাহায্য কামনা করছি।”

এদিকে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোতোয়ালি থানায় ২ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। পুলিশ এই অভিযান আরও জোরদার করার পরিকল্পনা করেছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে জনপ্রিয় হয়ে উঠছে ক্যাপসিকাম চাষ

বরিশালে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে এ সবজি চাষে। জেলার বিভিন্ন স্থানের বিস্তৃত চরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এ সবজি এবং আশানুরূপ ফলন পাচ্ছেন কৃষকরা। তারা বলছেন, সরকারি সুযোগ-সুবিধা পেলে ক্যাপসিকাম চাষে কৃষি অর্থনীতির সোনালি ইতিহাস হতে পারে দক্ষিণাঞ্চল।

বরিশাল সদর উপজেলার লড়াইপুর চর ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি, তরমুজ, ফুট বা বাঙ্গির পাশাপাশি কয়েক একর জমিজুড়ে ক্যাপসিকামের চাষ হয়েছে। আবাদের সময় অনুসারে দুইবার ফলন সংগ্রহও করা হয়েছে প্রতিটি গাছ থেকে। আরও কয়েক থোকা ক্যাপসিকাম বড় হচ্ছে গাছে।

ক্যাপসিকাম চাষি মো. ইব্রাহিম বলেন, “লড়াইপুরে প্রায় ৩ বিঘা জমিতে ক্যাপসিকাম চাষ করেছি। যা থেকে এখন পর্যন্ত দুইবার ফলন তুলেছি। আরও ২-৩ বার ফলন উত্তোলন করা যাবে।”

তিনি বলেন, “প্রায় ১২ বছর ধরে ক্যাপসিকাম চাষ করছি। চাষের উপযোগী স্থান চরের জমি। চরে রোদ বেশি পাওয়ায় খুব ভালো ফলন দেয়। প্রচুর পানিও দিতে হয়। চরে রোদ আর নিকটবর্তী খাল থেকে পানি সহজেই সরবরাহ করা যায়। তাই ভালো ফলন পাওয়া যায়।”

চাষি মুনছুর মিয়া বলেন, “ক্যাপসিকাম চাষ খুবই ব্যয়বহুল। ১ কেজি বীজ কিনতে ২ লাখ ৮০ হাজার থেকে ৩ লাখ টাকা লাগে। প্রতি বিঘা জমিতে চাষ করতে ৬-৭ লাখ টাকা খরচ হয়। বাজারে যে দাম আছে, সে অনুসারে কৃষক দাম পান না। প্রতি কেজি ৮০-৯০ টাকা দরে আড়তে দিয়ে আসি। বাজারে প্রতি কেজি ১৫০-২২০ টাকা বিক্রি হয়।”

তিনি আরও বলেন, “কৃষি অফিস থেকে কখনোই সহায়তা করে না। খোঁজ-খবরও নেয় না। নিজেদের টাকায় জমি ভাড়া নিয়ে উৎপাদন করে বিক্রি করি। সরকার যদি বীজ বা স্বল্প সুদে ঋণ দিতো, তাহলে হয়তো কৃষিকাজ করে টিকে থাকা যেত।”

শুধু লড়াইপুর চরেই নয়; মেহেন্দীগঞ্জ, হিজলা, মুলাদীর চরেও চাষ হচ্ছে ক্যাপসিকাম। বরগুনার আমতলী, তালতলী ও পাথরঘাটার চরে, পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্যাপসিকাম চাষ শুরু হয়েছে। পটুয়াখালী ও ভোলায় আগে থেকেই চাষ হচ্ছে।

বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বরিশাল বিভাগে ২০২৩-২৪ অর্থবছরে ৭৬ হেক্টর জমিতে মোট ১,৩৫৩ মেট্রিক টন ক্যাপসিকাম উৎপাদন হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে ২ হেক্টর এবং ভোলায় ৭৪ হেক্টর জমিতে ক্যাপসিকাম চাষ হয়েছে। গড়ে প্রতি হেক্টরে ৭.৮০ মেট্রিক টন উৎপাদন হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের উদ্যান বিশেষজ্ঞ জিএমএম কবীর খান বলেন, “দক্ষিণাঞ্চলের জেলাগুলোয় ক্যাপসিকাম চাষ আশাব্যাঞ্জক। অনেক চাষি বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা পেয়েছেন। আমরা চাষিদের পরামর্শ দিয়ে পাশে থাকি। এলাকা ও মৌসুমভিত্তিক ফসল চাষে উদ্বুদ্ধ করি। স্বল্প পরিসরে ক্যাপসিকাম চাষ করে সফলতা পাওয়ায় পরিমাণ আরও বাড়বে। সঠিক মূল্য পেলে চাষ করে দক্ষিণাঞ্চলে কৃষি অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে পারে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




তালতলীতে ব্রিজ ভেঙে খালে, ১০ হাজার মানুষের ভোগান্তি

বরগুনার তালতলী সদরের মাছ বাজার ও খোট্রারচর এলাকার সাথে সংযোগকারী বগীরদোনা খালের উপর দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকা ব্রিজটি ভেঙে খালে পড়েছে। ব্রিজটি ভেঙে পড়ায় দুই পাড়ের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রায় ৯-১০ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে।

শুক্রবার রাতে হঠাৎ করে এই ব্রিজটি খালে ধসে পড়ে। তবে এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জানা গেছে, ২০০০ সালের দিকে এলজিইডি কর্তৃক খোট্রারচর মাছ বাজার এলাকায় বগীরদোনা খালের ওপর এই ব্রিজটি নির্মাণ করা হয়। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ব্রিজটির কয়েকটি স্থান দেবে যায়। তারপর থেকে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, কিন্তু কোনো সংস্কার হয়নি। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও স্থানীয়রা দীর্ঘদিন ধরে এখানে চলাচল করছিলেন। হঠাৎ শুক্রবার ভোর রাতে খালের তীব্র স্রোতে ব্রিজটি ধসে পড়ে। এতে ঐ এলাকায় প্রায় ৮ হাজার মানুষসহ বিভিন্ন গ্রাম এবং খোট্রারচরের পর্যটন স্থানগুলোর বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন।

এ এলাকায় ১টি প্রাথমিক বিদ্যালয়, ২টি এতিমখানা, ২টি মাদ্রাসা, একটি বাজার এবং একটি পর্যটন স্থল রয়েছে। বর্তমানে, ছোট একটি ডিঙি নৌকায় মানুষ ঝুঁকি নিয়ে পারাপার করছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রিজটি সম্পূর্ণ ধসে খালের পানির মধ্যে পড়ে রয়েছে। দুই পাড়ের স্কুল শিক্ষার্থী ও ব্যবসায়ীরা যাতায়াতের জন্য পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।

খালের অপর পাড়ের ব্যবসায়ী মোশারেফ, আমির হোসেন এবং আল আমিনসহ একাধিক স্থানীয়রা জানিয়েছেন, তারা ব্রিজের কাছে বসবাস করেন এবং ভোর রাতে হঠাৎ বিকট শব্দ শুনে গিয়ে ব্রিজটি ভেঙে খালে পড়তে দেখেন। তারা জানান, ব্রিজটি প্রায় ১৬-১৭ বছর ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ছিল, তবে স্থানীয়রা দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন।

তারা আরও বলেন, একাধিক বার নতুন ব্রিজ নির্মাণের আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রকৌশল বিভাগ। তাই দ্রুত নতুন ব্রিজ নির্মাণের প্রয়োজন।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা জানিয়েছেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিকল্প হিসেবে চলাচলের জন্য আপাতত একটি কাঠের ব্রিজ তৈরি করা হবে। পরবর্তীতে নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রতিবেদন পাঠানো হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ঝালকাঠির ২ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ঝালকাঠির দুই সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

রোববার (৯ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে অধ্যাপক ডা. মাওলানা হেমায়েত উদ্দিন এবং ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে শেখ নেয়ামুল করিমের নাম ঘোষণা করা হয়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশাল মহানগর মহিলা আ.লীগ নেত্রী সোমা গ্রেপ্তার

বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমাকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর পুলিশ লাইন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন এই গ্রেপ্তারির বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, “সারাদেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত অভিযানে রবিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তারকৃত সাবিনা ইয়াসমিন সোমার বিরুদ্ধে বরিশাল বিএনপির অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করার পর বিচারক সোমাকে জেল হাজতে পাঠান।

উল্লেখ্য, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের পর সারাদেশে যৌথ বাহিনীর “ডেভিল হান্ট” অভিযান শুরু হয়। ওই ঘটনার পর শনিবার থেকে বরিশাল নগরীতে অভিযান চালানো হচ্ছে। শনিবার রাতে নগরীতে রাতভর অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, “ডেভিল হান্ট অপারেশন এখনও শুরু হয়নি, তবে রবিবার সন্ধ্যায় যৌথ বাহিনীর সাথে সভা শেষে পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে।” তিনি আরও জানান, বরিশাল নগরীতে অভিযানিক টিমের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালের সমর্থকদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে না পারায় তামিমের দুঃখ প্রকাশ

বিপিএল ২০২৫ চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দলের খেলোয়াড়রা যখন তাদের ট্রফি জয়ের আনন্দ ভাগাভাগি করতে বরিশালে আসেন, তখন বেলস পার্কে লাখো মানুষের সমাগম হয়। এই বিপুল মানুষের ভিড়ের কারণে তামিম ইকবালসহ দলের সদস্যদের মঞ্চ থেকে তাড়াতাড়ি বের হতে হয়, কারণ নিরাপত্তা টিম পরিস্থিতি অনুকূল মনে করেনি।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাটার্ড বিমানে করে ফরচুন বরিশাল দলের বেশিরভাগ সদস্য বরিশালে পৌঁছান। তাদের সঙ্গে ছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিকসহ টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরা। মূলত ট্রফি জয়ের আনন্দ বরিশালবাসীর সঙ্গে ভাগ করে নিতে এই আয়োজন করা হয়।

তামিম ইকবাল এবং দলের অন্যান্য ক্রিকেটারদের পরিকল্পনা ছিল, বেলস পার্কে সমর্থকদের সঙ্গে বেশ কিছু ভালো মুহূর্ত কাটাবেন, তবে মানুষের অতিরিক্ত ভিড়ের কারণে তা সম্ভব হয়নি। এক ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করে তামিম বলেন, ‘আপ্লুত আপনাদের (বরিশালবাসী) ভালোবাসা ও উন্মাদনা দেখে। লাখো মানুষের এমন জোয়ার জীবনে দেখিনি আমরা। দুঃখিত আপনাদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে না পেরে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝবেন। এবারই শেষ নয়। আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া সঙ্গে থাকলে, দেখা হবে আবার।’

তামিম আরও বলেন, ‘আমি দেশে-বিদেশে অনেক দলে খেলেছি। কিন্তু ফরচুন বরিশালের ফ্যানবেজ কোথাও দেখিনি। আপনারা যা দেখিয়েছেন, আমরা আপ্লুত।’

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মাকে গাছে বেঁধে ঘরে আগুন দিলেন চাকরিচ্যুত সেনা সদস্য

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরনী পত্তাশী গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটে, যেখানে চাকরিচ্যুত সেনা সদস্য মো. আল-আমীন তার মাকে সুপারি গাছে বেঁধে বসতঘরে আগুন দিয়ে দেয়। ঘটনার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পত্তাশী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন এ ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে আল-আমীনের প্রথম স্ত্রী নারী ঘটিত অভিযোগ আনলে তাকে সেনাবাহিনী থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর তার দ্বিতীয় স্ত্রীর সাথে সম্পর্কের সমস্যা তৈরি হয়, যা তার ডিভোর্সে পরিণত হয়। এসব ঘটনার জন্য আল-আমীন তার বাবা জয়নাল কাজীকে দোষারোপ করতে থাকে।

রোববার সকালে, আল-আমীন চট্টগ্রাম থেকে বাড়ি ফিরে তার বাবাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরছিলেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ইন্দুরকানী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আল-আমীন পালিয়ে যায়। এরপর তিনি আরও উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে নিয়ে সুপারি গাছে বেঁধে বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেন।

ইন্দুরকানী থানার (ওসি) মো. মারুফ হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত চাকরিচ্যুত সেনা সদস্য মো. আল-আমীনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পানি সংকটে নাকাল পিরোজপুর পৌরবাসী

নদী শুকিয়ে যাওয়ায় পিরোজপুর পৌরসভায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে, যা পিরোজপুর পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কর্তৃপক্ষের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দুই লাখেরও বেশি মানুষের বসবাসকারী এই পৌরসভায়, দিনে দুই বেলা দুই ঘণ্টা পানি দেওয়ার কথা থাকলেও, বর্তমানে এক ঘণ্টাও পানি পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে একদিন পর একদিন পানি দেওয়া হচ্ছে, যার ফলে স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন।

পানির সংকট নিয়ে ব্যাপক হতাশা প্রকাশ করেছেন এখানকার বাসিন্দারা। জেসমিন বেগম, দুই সন্তানের মা, পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি জানান, প্রতি দিন আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে এসে পানি না পেয়ে খালি হাতে ফিরতে হয়। পানির অভাবে গোসল করা, রান্নাবান্না করা, এমনকি দৈনন্দিন কাজকর্ম চালানো তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

অন্য এক বাসিন্দা সাহেদ শেখ বলেন, কয়েক বছর ধরে পানির সমস্যা চরম আকার ধারণ করেছে। স্থানীয় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সঠিকভাবে পানি সরবরাহ হচ্ছে না। তাদের অভিযোগ, প্রতিদিন সকাল-বিকাল এক ঘণ্টা করে মোট দুই ঘণ্টা পানি দেওয়ার কথা থাকলেও, তা পাওয়া যাচ্ছে মাত্র ৫০ মিনিট। এর ফলে তাদের জীবন প্রায় অচল হয়ে পড়েছে।

পিরোজপুর পৌরসভার পানি ও পয়ঃনিষ্কাশন সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান জানিয়েছেন, “নদী শুকিয়ে যাওয়ায় পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। আশা করি নদী পুনঃখননের মাধ্যমে সমস্যার সমাধান হবে।”

তবে পিরোজপুর পৌরসভার বর্তমান পরিস্থিতি অনেকটা চ্যালেঞ্জিং। পৌরসভা কর্তৃপক্ষ জানায়, তাদের পানির চাহিদা প্রতি ঘণ্টায় ১০ লাখ লিটার, অথচ বর্তমানে উৎপাদিত হচ্ছে মাত্র আড়াই থেকে তিন লাখ লিটার।

এ বিষয়ে পিরোজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বনি আমিন জানান, “এ মৌসুমে নদী, খাল-বিল শুকিয়ে যাওয়ায় পানির সরবরাহ কমে যাচ্ছে। তবে পানির সমস্যা সমাধানে একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া চলছে।”

এদিকে, পানির সংকটের কারণে পিরোজপুর পৌরসভার বাসিন্দারা আশাবাদী যে, কর্তৃপক্ষ শিগগিরই কার্যকরী পদক্ষেপ নেবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালের বিপিএল উৎসবে হট্টগোলে ১০ সাংবাদিক আহত, থানায় জিডি

বরিশালের বেলস পার্কে অনুষ্ঠিত বিপিএল শিরোপা উদযাপন অনুষ্ঠানে ভাঙচুর এবং হুড়োহুড়ির ঘটনা ঘটে, যেখানে ১০ জনেরও বেশি সাংবাদিকসহ বেশ কিছু দর্শক আহত হন। একইসাথে সাংবাদিকদের বিভিন্ন সরঞ্জাম যেমন ক্যামেরা, ট্রাইপড, মাইক্রোফোন এবং মোবাইল ফোনও ক্ষতিগ্রস্ত বা খোয়া যায়।

রোববার বিকেল ৪টার দিকে ফরচুন বরিশালের ট্রফি প্রদর্শনী চলাকালে দর্শকরা মঞ্চের কাছে আসতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এই সময় এক সাংবাদিক, নিকুঞ্জ বালা পলাশ, মাটিতে পড়ে গিয়ে তার ব্যক্তিগত সরঞ্জাম হারান। তিনি জানান, চাপাচাপির মধ্যে দিয়ে বের হয়ে আসা তার জন্য সৌভাগ্যের বিষয় ছিল, যদিও শরীরের ব্যথা এখনো বেড়ে চলেছে।

এছাড়া, চ্যানেল ২৪ এর কাওছার হোসেন রানা জানান, ধাক্কাধাক্কির কারণে তিনি গুরুতর আহত হন এবং তার ট্রাইপড ভেঙে যায়। মাই টিভির পারভেজ রাসেলও জানান, তার বুম ছিনতাই হয়েছে এবং তিনি মারধরের শিকার হন। অপর সাংবাদিকদের মধ্যে অনেকেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

এদিকে, সাংবাদিকদের সরঞ্জাম ও ক্যামেরা ভেঙে যাওয়ার কারণে পরিস্থিতি আরও তীব্র হয়। টেলিভিশনের ফটো সাংবাদিক আমিনুল ইসলাম বলেন, ট্রাইপড ভেঙে যাওয়ার পরও তিনি জীবিত ফিরেছেন, তবে নিরাপত্তাহীনতার বিষয়টি অত্যন্ত দুঃখজনক ছিল।

এ ঘটনায় সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানান, তার আইফোন, মানিব্যাগ এবং ব্যাংক কার্ডগুলো হারিয়ে গেছে।

এদিকে, বিপিএল উৎসবে সংঘটিত এই বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে বরিশালে বিপিএল খেলা আয়োজনের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন দর্শকরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দর্শকদের উপস্থিতি প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল এবং তাদের উৎসাহে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তবে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম