ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে সরকারের তরফে চিন্তাভাবনা হচ্ছে: প্রেস সচিব

চন্দ্রদ্বীপ ডেস্ক ; চলতি বছর ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কাজ চলছে বলে বিএনপিকে আশ্বস্ত করেছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে আমাদের জানিয়েছেন (প্রধান উপদেষ্টা)। আশা করব, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং একটি রোডম্যাপ (রূপরেখা) দেওয়া হবে।’ এ ব্যাপারে রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বৈঠকে জাতীয় নির্বাচন বিএনপির পক্ষ থেকে দ্রুত চাওয়া হয়েছে– চলতি ডিসেম্বরেই চেয়েছেন তারা। সরকারের তরফে চিন্তাভাবনা হচ্ছে। এ বিষয় উপদেষ্টা পরিষদ দেখবেন, সিদ্ধান্ত হলে জানাবেন।’ সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছে কিনা– এ প্রশ্নে প্রেস সচিব বলেন, ‘এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আপনারা জানবেন।’

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। অন্যদিকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।




জেদ্দায় কাবার পুরো গিলাফ দেখার সুযোগ

প্রথমবারের মতো সৌদি আরবের মক্কা নগরী ছাড়া জেদ্দায় প্রদর্শিত হচ্ছে পবিত্র কাবার গিলাফ (কিসওয়া) পুরো অংশ। এর আগে সৌদি আরবসহ বিভিন্ন দেশে কাবার গিলাফের অংশবিশেষের প্রদর্শনী হয়েছিল, তবে এবার দর্শকদের জন্য পুরো গিলাফ একসঙ্গে দেখার সুযোগ রয়েছে।

জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের ইসলামিক শিল্পকলা প্রদর্শনীতে এটি প্রদর্শিত হচ্ছে, যেখানে দর্শকরা কাবার গিলাফের সূক্ষ্ম কারুকাজ, অলংকরণ এবং তার নকশা কাছ থেকে দেখতে পারছেন। প্রদর্শনীটি ২৫ মে পর্যন্ত চলবে এবং এর উদ্দেশ্য হলো ইসলামিক শিল্পকলার সৌন্দর্য ও তার ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা।

এ প্রদর্শনীতে দর্শকদের কিসওয়া তৈরির প্রক্রিয়া এবং শতাব্দীকাল ধরে তার বিবর্তনও দেখানো হচ্ছে। কিসওয়া তৈরি করা হয় উৎকৃষ্ট মানের প্রাকৃতিক সিল্ক দিয়ে, যা হাতে বোনা হয় এবং তাতে স্বর্ণ ও রৌপ্য সূচিকর্মের মাধ্যমে নকশা করা হয়।

জানা গেছে, কিসওয়াতে প্রায় ১২০ কেজি স্বর্ণের সুতার কাজ করা হয়, এবং এটি তৈরির জন্য কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হলি কাবায় ২০০-এরও বেশি দক্ষ কারিগর ও প্রশাসনিক কর্মী নিয়োজিত আছেন ।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ক্রিকেটার সংকটে মাঠে নামলেন ফিল্ডিং কোচ!

ত্রিদেশীয় সিরিজের নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে দর্শকরা দেখেছে দুটি অসাধারণ সেঞ্চুরি। ম্যাথিউ ব্রিজটেকের প্রথম ইনিংসে করা সেঞ্চুরি এবং কেন উইলিয়ামসনের দ্বিতীয় ইনিংসে ম্যাচজয়ী সেঞ্চুরি ছিল আলোচনার বিষয়। তবে এর মাঝে ঘটে গেছে একটি অদ্ভুত ঘটনা, যা ক্রিকেট বিশ্ব কখনোই দেখেনি।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পর্যাপ্ত খেলোয়াড় না থাকার কারণে মাঠে নেমে আসেন তাদের ফিল্ডিং কোচ ওয়ান্ডিল গাভু। ত্রিদেশীয় সিরিজের জন্য পাকিস্তানে ১৩ জন ক্রিকেটার নিয়ে এসে দল, যার মধ্যে দুইজন খেলোয়াড় অতিরিক্ত ছিল। কিন্তু যখন তৃতীয় খেলোয়াড় মাঠে নামানোর দরকার ছিল, তখন দক্ষিণ আফ্রিকার সাজঘরে আর কোনো অতিরিক্ত খেলোয়াড় ছিলেন না। তাই বাধ্য হয়ে মাঠে নামতে হয় গাভুকে, যিনি সাদা বলের ক্রিকেটে দলের ফিল্ডিং কোচ।

তার ফিল্ডিং করার ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।

এদিকে, আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ড ৬ উইকেটে জয় পায়, যেখানে দক্ষিণ আফ্রিকা ৩০৪ রান করে, এবং নিউজিল্যান্ডের উইলিয়ামসনের সেঞ্চুরির মাধ্যমে জয়ের দেখা পায়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আ.লীগ ভারতকে খুশি রাখতে ১০ চুক্তি করেছে: মুফতি রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগ ভারতকে খুশি রাখতে ১০টি চুক্তি করেছে, যার মধ্যে অন্যতম ট্রানজিট করিডোর। এসব চুক্তিতে শুধুমাত্র ভারতের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ভারতের উচিত ছিল আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা। কিন্তু তারা সেটি করেনি, বরং শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখেছে।

তিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে পটুয়াখালীর কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম আরও বলেন, “গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রতি সমর্থন জানিয়ে ইসলামী আন্দোলন রাজপথে মিছিল ও সমাবেশ করেছে।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা সহসভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার প্রমুখ। জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বেতাগীতে অতিরিক্ত দামে সার বিক্রিতে ব্যবসায়ীকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে মো. বশির উদ্দিন নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ, সোমবার দুপুরে বেতাগী পৌর শহরের উপজেলা পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। অভিযানে, বেতাগী বাজারের মেসার্স মনির এন্টারপ্রাইজ নামে একটি সার ডিলারির দোকানে সরকারের নির্ধারিত মূল্য চেয়ে বেশি দামে সার বিক্রি করার প্রমাণ মেলে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির মালিক মো. বশির উদ্দিনকে জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মো. মিজানুর রহমান এবং বেতাগী থানা পুলিশের একটি দল। বরগুনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, “কৃষকরা আমাদের দেশের সম্পদ, এবং তাদের স্বার্থে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের প্রতারণা করার চেষ্টা করছেন, যা আমরা মেনে নেব না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিইওকে আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল সিইও বিল উইন্টার্সের কাছে বাংলাদেশে বিনিয়োগ ও সংস্কার কর্মসূচি তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বিভ্রান্তিমূলক প্রচারণার শিকার হয়েছে, এবং তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তা কামনা করেন। তিনি উল্লেখ করেন, “আপনার কণ্ঠস্বর আমাদের জন্য অত্যন্ত মূল্যবান হবে।”

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ১২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বিল উইন্টার্স ঢাকা সফরে এসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগতির প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রতি এক অনুরোধ জানিয়ে বলেন, “তারা যেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠদের দ্বারা বিদেশে পাচার করা কয়েক বিলিয়ন মার্কিন ডলার শনাক্ত করার এবং দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করেন।”

অধ্যাপক ইউনূস আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ডের সহায়তা কামনা করেন।

এদিকে, বিল উইন্টার্স আশ্বাস দেন যে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তার আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী বিশেষজ্ঞ দক্ষতার মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনা বাস্তবায়নে সহায়তা করবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনা হোক দাবি বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানিয়েছে।

আজ, ১০ ফেব্রুয়ারি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে একটি চিঠি প্রদান করে। চিঠিতে বিএনপি উল্লেখ করেছে, আওয়ামী লীগ দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছে। দলটি দাবি করেছে যে, বর্তমান সরকারের শাসন অব্যাহত থাকার ফলে দেশে বিশৃঙ্খলা, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিনিয়োগ-বাণিজ্য স্থবিরতা দেখা দিয়েছে, যা জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

চিঠিতে বিএনপি আরও দাবি করেছে যে, দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির অবসান প্রয়োজন। তারা রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি “Charter of Reforms” প্রণয়ন করার আহ্বান জানিয়েছে এবং অবিলম্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি তুলেছে।

এছাড়া, বিএনপি দাবি করেছে, সরকারের দুর্নীতি, রাজনৈতিক সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে এবং তা নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আহত ও শহিদ পরিবারকে রাষ্ট্রীয় আর্থিক সহায়তা প্রদান শুরু

অন্তর্বর্তী সরকার দেশের জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেছে।

আজ সোমবার, ১০ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি ২১টি শহিদ পরিবার এবং সাতজন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তর করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শহিদ পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, “দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।” তিনি আরও বলেন, “যাদের ত্যাগের মাধ্যমে আমরা আজ স্বাধীন বাংলাদেশ বলার সাহস পাচ্ছি, তাদের ত্যাগ কোনো মাপ দিয়ে মাপা যায় না। আপনারা জীবন্ত ইতিহাস।”

বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান। শহিদ পরিবার এবং আহতদের কথা শুনে, তাঁরা বিভিন্ন বিষয়ে যেমন হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় সম্মাননা, আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, “এ দেশের প্রতিটি শহিদ পরিবার ও আহত যোদ্ধার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাদের এই ত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না।”

এছাড়া, শহিদ পরিবারের প্রতি সরকারের ঘোষণা অনুযায়ী, প্রতি পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। এর মধ্যে ১০ লাখ টাকা ২০২৪-২০২৫ অর্থবছরে এবং ২০ লাখ টাকা ২০২৫-২০২৬ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে প্রদান করা হবে। পাশাপাশি, শহিদ পরিবারের সদস্যরা সরকারি ও আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

আহত “জুলাই যোদ্ধাদের” জন্যও দুটি ক্যাটাগরি অনুযায়ী সহায়তা প্রদান করা হবে। গুরুতর আহতদের এককালীন ৫ লাখ টাকা প্রদান করা হবে, এবং মাসিক ২০ হাজার টাকা ভাতা প্রদান করা হবে। তারা চিকিৎসা সুবিধা ও পুনর্বাসন সুবিধা পাবেন।

জুলাই শহিদ ও যোদ্ধাদের পরিচয়পত্রও প্রদান করা হবে, যা তারা সরকারি বিভিন্ন সুবিধা গ্রহণে ব্যবহার করতে পারবেন।

এদিকে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখন পর্যন্ত ৮৩৪ জন শহিদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এবং আহতদের তালিকাও প্রস্তুত করা হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মব করা বন্ধ করুন, না হলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে’: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বলেছেন, “মব করা বন্ধ করুন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করুন, আর যদি মব করেন, তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে।”

সোমবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এই বক্তব্য দেন। মাহফুজ আলম সতর্ক করে বলেন, “আজকের ঘটনার পর আর কোন অনুরোধ করা হবে না। আপনাদের কাজ আইন নিজের হাতে তুলে নেয়া নয়।”

তিনি আরও বলেন, “কথিত আন্দোলন এবং মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেয়া হবে না।”

আন্দোলনকারীদের উদ্দেশ্যে মাহফুজ আলম বলেন, “তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পর শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনার আহমকি বা উগ্রতা সেই শান্তি বিনষ্টের কারণ হতে পারে।”

তিনি শেষপর্যন্ত সবাইকে সতর্ক করে বলেন, “জুলুম করা থেকে বিরত থাকুন, না হলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওয়ালা তুযলামুনা—যুলুম করবেন না, যুলুমের শিকারও হবেন না।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ছোট-বড় সব অপরাধী ডেভিল হান্টে ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “ছোট-বড় সকল অপরাধী ডেভিল হান্টে ধরা পড়বে।” তিনি আরও জানিয়েছেন, যদি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাদেরও কোনো রেহাই দেওয়া হবে না। ডেভিল হান্ট অপারেশন চলবে, যতদিন না এটি সম্পূর্ণ মুক্ত হচ্ছে।

আজ (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে না। এ বিষয়ে একাধিক কমিটি রয়েছে, যারা বিষয়টির মনিটরিং করবে।” তিনি আশ্বস্ত করেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভুক্তভোগী ব্যক্তিরা আইনি সহায়তা পাবে এবং লিগ্যাল এইড ডিপার্টমেন্ট থেকেও তারা প্রয়োজনীয় সহায়তা পাবেন।

এছাড়া, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ব্যাপারে উপদেষ্টা বলেন, “তারা যদি আদালতে নির্দোষ প্রমাণিত হতে পারে, তবে তাদের বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে।” চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জনগণের ভূমিকার প্রশংসা করেন উপদেষ্টা। তবে তিনি সতর্ক করেন, “আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।”

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে, বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। “ছোলা, খেজুরের সরবরাহ ভালো হওয়ায় বাজারে অস্থিতিশীলতা থাকবে না,” বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানোর বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং জনগণকে সচেতন করার জন্য তিনি সাংবাদিকদের প্রশংসা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি ড. বাহারুল আলম, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আকতারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র‌্যাবের কর্মকর্তারা।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম