গাছে গাছে আমের মুকুল, কৃষকের মুখে হাসি

বরিশালের আগৈলঝাড়ায় আম গাছগুলো এখন আমের মুকুলে ভরে উঠেছে, যা দেখতে বেশ মনোরম। মুকুলের পূর্ণ মৌসুম শুরু না হলেও গত এক সপ্তাহ ধরে শীত কমে যাওয়ার কারণে এবছর আম গাছে আগাম ফুল এসেছে।
এখনকার আবহাওয়া যদি এমনই থাকে, তবে আমের উৎপাদন এবার দ্বিগুণ হতে পারে, জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়।
তিনি আরও বলেন, উপজেলায় বানিজ্যিকভাবে আম চাষ করা চাষীরা মুকুল ঝরে পড়া রোধ করতে ও পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে মুকুলে ঔষধ প্রয়োগ করছেন। বিশেষ করে, শীত কম হওয়ার ফলে এবং ফাল্গুনের আগেই কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনার কারণে অধিকাংশ গাছেই আগাম মুকুল দেখা দিয়েছে।
এবারে আমের বাগান বাড়ছে এবং এ অঞ্চলের ব্যক্তি মালিকানাধীন বাগানের পাশাপাশি বন বিভাগ এবং বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক পার্শ্ববর্তী খালি জায়গায় সারিবদ্ধভাবে আম গাছ লাগানো হচ্ছে। ফলে এখন চারপাশে আমের মুকুলের মিষ্টি গন্ধে এক নতুন আভা তৈরি হয়েছে।
কৃষি কর্মকর্তা জানান, যদিও ৯৯ শতাংশ মুকুলে গুটি পরিপূর্ণ হয় না, তবে পোকার আক্রমণ ও এ্যানথ্রাকনোজ রোগের আশঙ্কা রয়েছে। সে কারণে চাষিরা মুকুলে ঔষধ প্রয়োগ করে এবছর ভালো ফলনের আশা করছেন।
উপজেলার আম চাষি ইয়াসিন আলী জানান, তার আম বাগানের বেশিরভাগ গাছে মুকুল এসেছে, তবে বেশিরভাগ গাছই নতুন। নতুন গাছগুলো আগেভাগেই মুকুল আসতে শুরু করেছে। মুকুলের মাথাগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে স্প্রে করা হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে, ফেব্রুয়ারির শেষ নাগাদ সব গাছে মুকুল দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








