বরিশালের উজিরপুরের জয়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি

বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী বাজারে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত এই বাজারে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ব্যাপক রূপ নেয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গৌরনদী স্টেশনের ফায়ার সার্ভিস অফিসার মো. বিপুল হোসেন জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করি। আমাদের সঙ্গে উজিরপুরসহ আরো কয়েকটি ইউনিট কাজ করছে। তবে, আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।”

স্থানীয়দের মতে, বাজারের দোকানপাট ও ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করছেন। এই ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং হতাশা বিরাজ করছে, অনেকে তাদের জীবনজীবিকার সবকিছু হারানোর শঙ্কায় রয়েছেন।

বাজার কমিটির সভাপতি মো. জাকির হোসেন বলেন, “এই বাজারটি আমাদের জীবিকার প্রধান উৎস। আগুনে দোকানপাট পুড়ে যাওয়ায় অনেকেই সর্বস্ব হারিয়েছেন। সরকার থেকে দ্রুত সহায়তা কামনা করছি।”

বরিশাল উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছি। ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, তবে তদন্ত চলছে।”




বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, কুয়েটে হামলার প্রতিবাদ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। তাদের দাবি, সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তৃতা দেন আন্দোলনের জেলা সদস্য সচিব ওয়াহিদুর রহমান, মুখপাত্র সুমি হক, মহানগর আহ্বায়ক হুসেইন আল সোহান, মুখপাত্র ইসরাত মায়া এবং অন্যান্যরা। তারা সকলেই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

মো: তুহিন হোসন 
স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল




বছরের মধ্যে ধসে পড়েছে সেতুর সংযোগ সড়ক ও সুরক্ষা দেয়াল, আতঙ্কে এলাকাবাসী

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের উত্তর চর মোন্তাজ গ্রামে গত এক বছর আগে নির্মিত সেতুর সংযোগ সড়ক ও সড়ক সুরক্ষা দেয়াল (গাইড ওয়াল) ধসে পড়েছে। এই ধসের ফলে সেতুর নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং এলাকাবাসী ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে জানান, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পুরো গাইড ওয়াল ধসে পড়তে পারে, যা সেতুটিকে বিপদে ফেলবে।

সম্প্রতি ঘূর্ণিঝড় রিমাল ও ভারী বর্ষণের পর থেকে নতুন নির্মিত সেতুর সংযোগ সড়কের মাটি সরে গিয়ে সড়কে ফাটল দেখা দেয়, এবং গাইড ওয়াল ধসে পড়তে শুরু করেছে। এক বছরের মধ্যেই এই অবস্থা সৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

চর মোন্তাজ ইউনিয়নের চর লক্ষী ও চর মারগ্যারেট গ্রামবাসীরা ইউপি কার্যালয়ে সহজে পৌঁছানোর জন্য এই সড়ক ব্যবহার করেন। সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিনের বাড়ি সংলগ্ন খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর)। ৬৬ মিটার সেতু এবং ৩৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণের জন্য সাড়ে ৬ কোটি টাকা ব্যয় হয়। তবে সেতু নির্মাণের মাত্র ৬-৭ মাস পরেই ধসে পড়ে সেতুর সংযোগ সড়ক ও গাইড ওয়াল।

ইজিবাইক চালক মো. সলেমান বলেন, “বছরের মধ্যে এই সড়ক ধসে পড়েছে। এখন ঝুঁকি নিয়ে আমাদের সেতুর সংযোগ সড়ক পার করতে হচ্ছে।” তিনি আরো বলেন, দ্রুত সেতু এবং সংযোগ সড়কের সংস্কার না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

উত্তর চরমোন্তাজ গ্রামের বাসিন্দা বাহাদুর ইসলাম জানান, ভারী বর্ষণের কারণে সেতুর সংযোগ সড়ক ও গাইড ওয়াল ভেঙে পড়ছে। তার মতে, মাটি সরে যাওয়ার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। ঠিকাদারের প্রতিনিধি মো. জামাল হোসেন জানান, ঘূর্ণিঝড় ও ভারী বর্ষণ কারণে এই ধস হয়েছে। তবে তিনি দ্রুত সংস্কারের কাজ শুরু করবেন।

রাঙ্গাবালী উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, “ঠিকাদারের সাথে ইতিমধ্যে আলোচনা হয়েছে। জামানত জমা রয়েছে এবং সকল ক্রুটি ঠিক করার পর সংস্কার কাজ শুরু হবে।”

মো: আল আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পাসপোর্ট পেতে নাগরিকদের ভোগান্তি শেষ, নতুন পরিপত্র জারি

অবশেষে দেশের নাগরিকদের জন্য পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সম্প্রতি একটি পরিপত্র জারি করেছে, যার মাধ্যমে নাগরিকদের পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিল করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত এ পরিপত্রে জানানো হয়েছে, এখন থেকে নতুন পাসপোর্টের আবেদনে নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের পর, পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়া হবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্টের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে। তাদের আবেদনগুলো অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট ইস্যু করা যাবে।

এছাড়া, পাসপোর্ট পুনরায় ইস্যুর ক্ষেত্রে নাগরিকদের পুরনো পাসপোর্টের মৌলিক তথ্যের (নিজ নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান) পরিবর্তন হলে, সেগুলো জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করা যাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




তিস্তা বাঁচানোর পদযাত্রায় জনস্রোত 




চলতি মাসেই শতভাগ বিদ্যালয়ে বই পৌঁছাবে: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, দেশের ৮৫% প্রাথমিক বিদ্যালয়ে ইতোমধ্যে বই পৌঁছে গেছে। চলতি মাসের মধ্যেই দেশের সব বিদ্যালয়ে বই পৌঁছে যাবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, “প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ডিসিরা প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছেন এবং সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদ্যালয়গুলোর নির্মাণকাজ যাতে সঠিকভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

এছাড়া, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধন না থাকলে, তা দ্রুত করার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে, প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ সংক্রান্ত আন্দোলন বিষয়ে উপদেষ্টা বলেন, “আমি তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করি, তবে এই বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আমি এ নিয়ে মন্তব্য করতে পারব না।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বলিভিয়ায় বাস খাদে পড়ে নিহত ৩১, আহত ১৫

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন এবং আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন শিশু রয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) পশ্চিম বলিভিয়ার পোটোসি এবং ওরুরো বিভাগের সংযোগকারী মহাসড়কের পাশে একটি পাবলিক বাস খাদে পড়ে যায়। স্থানীয় পুলিশ জানায়, এ দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং আরও এক ডজনেরও বেশি লোক আহত হন।

এদিকে, বিভাগীয় পুলিশ কমান্ডের মুখপাত্র কর্নেল লিমবার্ট চোক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ৩১ জন নিহত হয়েছেন এবং মৃতদেহ উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ৮০০ মিটার গভীর খাদে পড়ে যায়। পাহাড়ি এলাকা, আকা-বাঁকা রাস্তা এবং বাসের উচ্চ গতি এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

এ ঘটনাটি এলাকাবাসী ও স্থানীয় প্রশাসনের জন্য এক বড় ধরনের শোকের সৃষ্টি করেছে, এবং উদ্ধার কার্যক্রম দ্রুততার সাথে চলমান রয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ




বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ‘ফ্যাসিস্টের দোসর’ বললেন শিক্ষকরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে সম্প্রতি ‘ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যা দেওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। শিক্ষকরা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, গত ১৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীকে ফ্যাসিস্ট বলে অভিহিত করেছেন।

এ বিষয়ে গতকাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক সংবাদ সম্মেলন আয়োজন করে শিক্ষক সমাজ। শিক্ষক সঞ্জয় কুমার সরকার লিখিত বক্তব্যে বলেন, “আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার গত কয়েকদিন ধরে একাধিক অনাকাক্সিক্ষত ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি। উপাচার্য ড. শুচিতা শরমিন, যিনি নিজে ২০২৪ সালের নির্বাচনের পক্ষে দাঁড়িয়ে বিশেষ বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলকে ফ্যাসিস্ট বলে অভিহিত করেছেন। এটি অত্যন্ত লজ্জাজনক এবং ঘৃণার বিষয়।”

তিনি আরও বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ই বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা পুলিশ বাহিনীকে প্রতিহত করে প্রথম বিজয় অর্জন করেছিল। সেই সময় শিক্ষকরা সব ধরনের নির্যাতন ও হয়রানি উপেক্ষা করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু উপাচার্য নিজেই ফ্যাসিস্ট শক্তির দোসর হিসেবে পরিচিত।”

এসময়, শিক্ষক সমাজ উপাচার্যকে তার এই বক্তব্যের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে। সংবাদ সম্মেলনে সিন্ডিকেট সদস্য ড. মো. মুহসিন উদ্দীনসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ইভেন্ট ৮৪ গ্রুপের মানবিক উদ্যোগ: বরিশালের অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন সদস্যরা

নব্বই বছর বয়সী মোঃ খালেক হাওলাদার, বরিশাল সদর উপজেলার চরমোনাই রাজার চর এলাকার একজন অসহায় বৃদ্ধ, যিনি বর্তমানে একা জীবন পার করছেন। তাঁর স্ত্রী ২৫ বছর আগে মারা গেছেন এবং তাঁর ছেলেমেয়ে কেউই খোঁজ খবর রাখেন না। দীর্ঘ সময় ধরে স্থানীয় মসজিদের বারান্দায় রাত কাটাতে হয় তাঁকে। জীবনযাপন করতে নাতি-নাতনির সঙ্গীর বদলে আজ তিনি রাস্তায় বসে ছোটখাটো ব্যবসা করে বেঁচে থাকার চেষ্টা করছেন। সিটি মার্কেট থেকে বোম্বাই মরিচ কিনে রাস্তার পাশে বসে বিক্রি করেন তিনি।

এই পরিস্থিতিতে বৃদ্ধের পাশে দাঁড়িয়েছে ইভেন্ট-৮৪ গ্রুপ। শনিবার, ইভেন্ট ৮৪ গ্রুপের সদস্যরা বৃদ্ধ খালেক হাওলাদারের হাতে বোম্বাই মরিচের ডালা কিনে দেওয়ার মাধ্যমে তার ব্যবসাকে সহায়তা করে। শুধু তাই নয়, গ্রুপের সদস্যরা ঘোষণা দিয়েছেন যে, বৃদ্ধের যেকোনো সমস্যায় তারা পাশে থাকবেন।

এমন মানবিক সহায়তা পেয়ে মোঃ খালেক হাওলাদার অত্যন্ত খুশি এবং তাঁর মুখে এক অদ্ভুত তৃপ্তির অনুভূতি প্রকাশ পেয়েছে। ইভেন্ট ৮৪ গ্রুপের সদস্যরা জানাচ্ছেন, এটি শুধুমাত্র একটি ছোট্ট উদ্যোগ, তবে এই ধরনের সহায়তা তাদের অন্তরকে স্পর্শ করেছে। গ্রুপটির এডমিন, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ জানান, তিনি তাঁর এস এসসি ৮৪ ব্যাচের বন্ধুদের নিয়ে এই গ্রুপটি গঠন করেছেন, এবং মানবিক কাজের মাধ্যমে সমাজের সহায়তা করতে তারা সচেষ্ট।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম