২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে সরকার। রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং এ তারিখকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ (সরকারি ছুটি ব্যতীত) হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১১ অক্টোবর ২০২৪ তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০২.১৭.৬৫৪ সংখ্যক পরিপত্রের ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।




চরমোনাইর মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

বরিশালের চরমোনাই পিরের মাহফিল থেকে ফেরার পথে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে রোজিনা পরিবহনের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ভুট্টা ক্ষেতে পড়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোহাম্মদ আলী (৪৫) নামে এক ব্যক্তি মারা যান। এছাড়া, আরও পাঁচজন আহত হন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রংপুর নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কলাবাড়ি আনোয়ারুল উলুম কুরআন একাডেমি মাদরাসার সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোহাম্মদ আলী লালমনিরহাট জেলার আদিতমারী থানার পাগলার চর এলাকার মৃত ফজলার রহমানের ছেলে ছিলেন।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার এসআই সুলতান মিয়া জানান, ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদেরও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছেন, এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়ার কাজ চলছে।




“বিদেশে ঘুরতে গেলেই সবাই ভাবেন পাত্র খুঁজতে গেছি”: পায়েল

বয়স ৪০ হলেও এখনো বিয়ে করেননি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। তার বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে পায়েল জানালেন, বিদেশে ঘুরতে গেলেও লোকজন মনে করেন তিনি পাত্রের খোঁজে গিয়েছেন।

পায়েল বলেন, “আমি যখন আমেরিকায় একটি পুরস্কার নিতে যাই, তখন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলাম। ওই ছবিগুলো দেখার পর অনেকেই আমাকে বলতে শুরু করল, আমি নাকি পাত্র খুঁজতে আমেরিকায় গিয়েছি! অথচ ছবিটা নিয়ে কেউ কোনো আলোচনা করেনি। মনে হয়, অভিনেত্রীদের কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই মানুষের আগ্রহ বেশি।”

পায়েল আরও বলেন, “বাঙালির আধুনিক চিন্তাধারা কোথাও যেন হারিয়ে গিয়েছে।”

তবে, প্রেম-বিয়ে নিয়ে অভিনেত্রীর ভাবনা কী? পায়েল বলেন, “কমলদা (পরিচালক কমলেশ্বর মুখার্জি) একবার বলেছিলেন, ‘ক্যারিয়ার তৈরি করতে হলে তাড়াতাড়ি বিয়ে করা যাবে না।’” তিনি যোগ করেন, “আবার জীবনে এমন একজন মানুষও আসতে পারেন, যে আমাকে আমার ক্যারিয়ারে পূর্ণ সমর্থন দেবে। একজন প্রকৃত পুরুষ কখনো তার সঙ্গীকে পিছিয়ে রাখতে চাইবেন না, বরং তাকে সব সময় এগিয়ে দেবেন।”

এছাড়া, পায়েল মনের মতো কাউকে কি খুঁজে পেয়েছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেখা যাক, ঠিক সময়ে জানবেন।”

গত বছর এক সময়ে গুঞ্জন ছড়িয়ে ছিল, পায়েল নাকি এক প্রবাসীকে বিয়ে করতে যাচ্ছেন। তবে তিনি ওই গুজব উড়িয়ে দিয়ে জানান, তিনি কলকাতার কোনো ছেলেকে বিয়ে করবেন।

বর্তমানে পায়েল চারটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে ‘দি অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ সিনেমার কাজ শেষ করেছেন এবং ‘বিষণ্ন’, ‘এখানে অন্ধকার’, ‘আপনজন’ সিনেমার কাজ চলছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গাছ হবে এমন কলম উদ্ভাবন করলেন বরগুনার আমিরুল ইসলাম

বরগুনার আমতলী উপজেলার ১৬ বছর বয়সী শিক্ষার্থী আমিরুল ইসলাম পরিবেশবান্ধব কলম উদ্ভাবন করে আলোচনায় এসেছেন। তার তৈরি এই কলম ব্যবহারের পর মাটিতে পুঁতে দিলে গাছের চারা জন্মাবে। পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার কমাতে আমিরুলের এই উদ্যোগ ইতিমধ্যে প্রশংসিত হয়েছে।

আমিরুল ইসলামের তৈরি কলমটি বিশেষভাবে ডিজাইন করা, যেখানে শক্ত কাগজের ভিতরে বিভিন্ন ফলদ গাছের বীজ রাখা হয়। কলমের কালি শেষ হলে সেটি মাটিতে পুঁতে দিলে গাছের চারা জন্ম নেয়। এই উদ্ভাবন শুধু পরিবেশ রক্ষায় সহায়ক নয়, বরং ভবিষ্যতে অর্থনৈতিক সম্ভাবনাও সৃষ্টি করতে পারে। তিনি জানান, এই কলমের দাম রঙিন কাগজে মোড়ানো হলে ১০ টাকা, আর সাদা কাগজে মোড়ানো হলে ৫ টাকা।

গত বছরের সেপ্টেম্বরে প্লাস্টিকের দূষণ নিয়ে চিন্তা করতে করতে এই ধারণা তার মাথায় আসে। দুই মাসের পরিশ্রমের পর, গত বছরের নভেম্বরে তিনি সফলভাবে পরিবেশবান্ধব কলম তৈরি করতে সক্ষম হন। ইতিমধ্যে, তিনি দুই হাজার কলম বিক্রি করেছেন এবং তার কলমের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হান্নান বলেন, “আমিরুলের উদ্যোগটি শুধু পরিবেশবান্ধব নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করছে।”

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম জানিয়েছেন, “এমন সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করা উচিত এবং এই প্রকল্পকে বড় পরিসরে সম্প্রসারণে সহায়তা প্রদান করা হবে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




শাশুড়িকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাসের ধাক্কায় পুত্রবধূ নিহত

বরিশাল নগরীর কাশীপুর বাজার এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোসা. তানিয়া আক্তার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বরিশাল নগীরর কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় অটোরিকশাচালক সবুর আলী, নিহতের শাশুড়ি রাহিমা বেগম আহত হন। নিহত তানিয়া বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের মালয়েশিয়া প্রবাসী কবির হোসেন মৃধার স্ত্রী ও দুই সন্তানের জননী।

জানা যায়, তানিয়া আক্তার তার শাশুড়ি রহিমা বেগমকে নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখানোর জন্য সিএনজিচালিত অটোরিকশায় বরিশালের উদ্দেশ্যে রওনা হন। কাশিপুর বাজার এলাকায় অটোরিকশাটি পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস তাদের গাড়িকে ধাক্কা দিলে ছিটকে পড়ে তানিয়া আক্তারের কোমরের নিচে ডান পায়ের হাড় ভেঙে আলাদা হয়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পথচারী মো. রাজু নামের একজন তানিয়া আক্তারকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘাতক বাসটির এখনও কোনো হদিস পাওয়া যায়নি। আমরা ঘাতক বাসটি শনাক্তকরণে কাজ করছি। নিহত তানিয়া আক্তারের মরদেহ মর্গে রয়েছে।

 




ভোলায় বাসের ধাক্কায় প্রাণ হারাল জান্নাত, মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল

ভোলার লালমোহন উপজেলায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশু জান্নাত বেগম (৭) নিহত হয়েছে। মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

২২ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৮টার দিকে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু জান্নাত ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী গ্রামের বাসিন্দা মো. আকবর হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে জান্নাত তার মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল। এই সময় চরফ্যাশন উপজেলা থেকে ভোলা সদরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। বাসটি সজোরে শিশুটিকে ধাক্কা দেয়, যার ফলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় জান্নাত। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, “ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ভোলায় মাহফিল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভোলার লালমোহনে ইসলামিয়া কামিল মাদ্রাসার মাহফিল থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা আরাফাত রহমান ফাহিম (২১) গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরাফাত রহমান ফাহিম লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। তিনি সদ্য কামিল পাশ করে কবি নজরুল কলেজে অধ্যয়নরত। তিনি ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবিদুর রহমান আকিবের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমের পরিবার আওয়ামী লীগ সমর্থিত এবং তার বাবা ও ভাই আওয়ামী রাজনীতির পদে অধিষ্ঠিত ছিলেন। তবে মাদ্রাসায় পড়াশোনার সময় ফাহিম উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন, তবে তিনি কখনও অনৈতিক কর্মকাণ্ড বা সহিংসতার সাথে জড়িত হননি।

পুলিশের সূত্রে জানা যায়, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে জুলাই আন্দোলনকেন্দ্রিক হত্যাকাণ্ড ও সহিংসতা সম্পর্কিত মামলায় ভোলা-৩ আসনের সাবেক সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “গ্রেপ্তার হওয়া ফাহিম ছাত্রলীগ নেতা ছিলেন এবং তিনি ওই মাদ্রাসা ছাত্রলীগের সাথেও জড়িত ছিলেন। তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জলন, ধর্ষণবিরোধী বিক্ষোভ

সারাদেশে ধর্ষণের ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জলন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। ২২ ফেব্রুয়ারি, শনিবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে, ধর্ষণ, শ্লীলতাহানি এবং আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

বিক্ষোভে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন, প্রক্টর, সহকারী প্রক্টর এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ। তারা প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন প্রতিরোধ সেল গঠনের এবং এই সেলকে আরও সক্রিয় করার জোর দাবি জানান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নুসরাত জাহান রানির সঞ্চালনায় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের ভূমিকা সরকার, সমাজবিজ্ঞান বিভাগের নিশাত মালিহা ঐশি, জাহিদুল ইসলাম, আইন বিভাগের আব্দুর রহমান, ইসরাতুন্নেহা প্রমুখ।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, “ধর্ষণের বিরুদ্ধে আজ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে। বিচারের জন্য কেন আমাদের দাঁড়াতে হবে? কেন দেশে বিচারহীনতার সংস্কৃতি দিনদিন বেড়ে চলেছে? আইনশৃঙ্খলা অবনতির কারণে সারাদেশে নারীদের শ্লীলতাহানি এবং নারী নির্যাতন বেড়ে যাচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “মহামারির মতো ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। নারীকে পণ্য বানানোর যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত নারীদের মর্যাদার জীবন নিশ্চিত করতে হবে।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মামজুদা মোস্তফা লামিয়া বলেন, “নারী-পুরুষের ভেদাভেদ থাকা উচিত নয়। নারীদের সম্মানের চোখে দেখলে ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হতো না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, ধর্ষকদের গ্রেফতার করে আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করা হোক।”

তিনি আরও বলেন, “নিরাপত্তা বাহিনীকে নীরব ভূমিকা থেকে বেরিয়ে আসতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশাল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট, বাড়ছে সেশনজট

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ১৪ বছর, তবে এখনও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শ্রেণিকক্ষের ব্যবস্থা করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ১০,০০০ শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের জন্য প্রয়োজন ৭৫টি শ্রেণিকক্ষ, কিন্তু বাস্তবে রয়েছে মাত্র ৩৬টি। কক্ষসংকটের কারণে অনেক সময় খোলা মাঠেও পাঠদান করতে হচ্ছে। শ্রেণিকক্ষ ও শিক্ষকসংকটের ফলে অধিকাংশ বিভাগে সেশনজট ক্রমেই বাড়ছে।

শিক্ষার্থীদের মতে, ১৪ বছরেও বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো পূর্ণাঙ্গ হয়নি। প্রয়োজনীয় সুবিধা যেমন আবাসন, পাঠদান কক্ষ, শিক্ষক, পরিবহন এবং গ্রন্থাগারে বইয়ের সংকট এখনো প্রকট। এর মধ্যে শ্রেণিকক্ষের সংকট সবচেয়ে বেশি ভোগাচ্ছে শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক চূড়ান্ত পর্বের শিক্ষার্থী নাবিলা জান্নাত বলেন, “আমাদের বিভাগের পাঁচটি ব্যাচে ৪৫০ শিক্ষার্থী রয়েছে, তবে একটি মাত্র শ্রেণিকক্ষ ব্যবহার করা হয়। অন্য একটি কক্ষ অন্যান্য বিভাগের সঙ্গে ভাগাভাগি করা হয়। ফলে আমাদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় এবং শ্রেণীকক্ষে ক্লাস কম হওয়ায় সিলেবাসও এগোয় না। এর ফলে আমরা এক বছরের সেশনজটে পড়েছি।”

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র জানায়, বর্তমানে ১৬৭ জন শিক্ষক দিয়ে ১৫০টি ব্যাচের শিক্ষা কার্যক্রম চলমান। তবে অনেক শিক্ষক ছুটিতে থাকায় পাঠদান কার্যক্রম মুশকিলের মুখে।

বিশ্ববিদ্যালয়ে ১০,০০০ শিক্ষার্থীর জন্য ৩৬টি শ্রেণিকক্ষ রয়েছে। সহকারী রেজিস্ট্রার মো. সাইদুজ্জামান বলেন, দুটি একাডেমিক ভবনে ২৮টি ও প্রশাসনিক ভবনে ৮টি শ্রেণিকক্ষ রয়েছে। ল্যাবের জন্যও ৩২টি কক্ষ রয়েছে, তবে শিক্ষক এবং বিভাগের চেয়ারম্যানদের জন্য কক্ষসংকট আরও প্রকট।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, “গত ছয় বছরে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত কোনো কাজ হয়নি। আমি এসেছি অল্প কয়েক দিন হলো। দেখেছি এখানে নানা সংকট রয়েছে, তাই প্রকল্প অনুমোদন নেওয়ার চেষ্টা চলছে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পুলিশ জনগণের, কোনো দলের নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে পুলিশ—এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “বাংলাদেশ রাষ্ট্র কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য নয়, এটি সব নাগরিকের। পুলিশও সেই নীতিতে বিশ্বাসী।”

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিস) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সমাপনী কুচকাওয়াজে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশ কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না, বরং তারা জনগণের স্বার্থে আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে।” রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “আজ আপনাদের এক বছরব্যাপী মৌলিক প্রশিক্ষণের শেষ দিন। এখন থেকে আপনারা মেধাবী, চৌকস ও সুপ্রশিক্ষিত পুলিশ অফিসার হিসেবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। জনগণের জান-মালের নিরাপত্তায় আপনারা আন্তরিকতার সঙ্গে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা।”

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “জনগণ থানায় এসে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পুলিশ বাহিনীর গৌরব ধরে রাখতে জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আইনের ভিত্তিতে সকলকে সেবা দিতে পুলিশকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।”

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নবীন কর্মকর্তাদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম