বরিশালে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

বরিশাল, ব্যুরো চীফ: বরিশালের আগৈলঝাড়া থানায় পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন বুধবার (২৪ ডিসেম্বর) জানান, মঙ্গলবার রাতে পৃথক অভিযানে উপজেলা শ্রমিক লীগের সদস্য ও বাকাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আসাদুজ্জামান খলিফা, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান এবং বাগধা ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক আজিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান শীঘ্রই পদত্যাগ করে নির্বাচনে মনোনয়ন জমা দেবেন

ঢাকা, নাগরিক অনলাইন: জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আগামী শনিবার তার পদত্যাগ করবেন। বুধবার (২৪ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) তিনি ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের মনোনয়নপ্রার্থীরূপে অংশগ্রহণের ঘোষণা দেন। পদত্যাগের পর তিনি সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবেন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ফিরে এসে সকলকে সাথে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিবো। আমি এমপি হতে চাই এলাকার উন্নয়ন ও সন্ত্রাস মুক্ত শৈলকুপা গড়ার জন্য।”

তিনি এই মন্তব্য করেন বিকেলে শৈলকূপা উপজেলা বিএনপির আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদির রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলারের বেশি অর্থায়ন দিচ্ছে বিশ্বব্যাংক

দেশের নিম্নআয়ের তরুণ জনগোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে অতিরিক্ত ১৫ কোটি ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (১৫০.৭৫ মিলিয়ন) অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এই অর্থায়নের মাধ্যমে বিশেষভাবে নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিশ্বব্যাংক জানায়, ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (RAISE)’ প্রকল্পের আওতায় এই অতিরিক্ত অর্থায়ন করা হচ্ছে। নতুন এই তহবিল যুক্ত হওয়ায় প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়ে আগের ২ লাখ ৩৩ হাজারের সঙ্গে আরও ১ লাখ ৭৬ হাজার তরুণকে অন্তর্ভুক্ত করা হবে।

এই প্রকল্পের আওতায় অংশগ্রহণকারীরা পাবেন—

  • বাজারচাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
  • শিক্ষানবিশ (Apprenticeship) কর্মসূচি
  • উদ্যোক্তা উন্নয়ন সহায়তা
  • ক্ষুদ্রঋণ ও আর্থিক সহায়তা

এ ছাড়া নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াতে মানসম্মত শিশু যত্ন কেন্দ্র (চাইল্ড কেয়ার) এবং জলবায়ু সহনশীল জীবিকাভিত্তিক কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেল মার্টিন বলেন,
“একটি ভালো চাকরি শুধু একজন মানুষের জীবন নয়, একটি পরিবার ও একটি সমাজকে বদলে দিতে পারে। প্রতিবছর বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও অনেকেই কাঙ্ক্ষিত কাজ পায় না। এই অতিরিক্ত অর্থায়ন নিম্নআয়ের তরুণদের—বিশেষ করে নারীদের—বাজারচাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনে সহায়তা করবে।”

প্রকল্পের টিম লিডার অনিকা রহমান বলেন,
“RAISE প্রকল্প ইতোমধ্যেই প্রমাণ করেছে যে লক্ষ্যভিত্তিক সহায়তা তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে। নতুন অর্থায়নের মাধ্যমে শিশু যত্নের মতো উদ্ভাবনী উদ্যোগ যুক্ত করা হচ্ছে, যা নারীদের কর্মজীবনে যুক্ত হতে আরও সহায়ক হবে।”

বিশ্বব্যাংক আরও জানায়, প্রকল্পটি শুধু শহরকেন্দ্রিক নয়—এটি গ্রামীণ পর্যায়েও সম্প্রসারিত করা হবে। বাড়িভিত্তিক মানসম্মত ও সাশ্রয়ী শিশু যত্ন সেবা চালু করতে নারীদের প্রশিক্ষণ ও স্টার্টআপ অনুদান দেওয়া হবে। এতে একদিকে নারীদের কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে শিশুদের প্রাথমিক স্বাস্থ্য ও বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।

এ ছাড়া চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সংযোগ তৈরিতে চাকরি মেলা (Job Fair) আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে শুরু হওয়া RAISE প্রকল্পের ফলাফল ইতোমধ্যেই আশাব্যঞ্জক। প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৮০ শতাংশের বেশি শিক্ষানবিশ প্রশিক্ষণ শেষ করার তিন মাসের মধ্যেই কর্মসংস্থান পেয়েছেন। এ পর্যন্ত ৫০ হাজারের বেশি করোনা-ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তা এবং ২ লাখ ৫০ হাজারের বেশি বিদেশফেরত অভিবাসী এই প্রকল্পের মাধ্যমে সহায়তা পেয়েছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




হিন্দু ভোটের হিসাব ঘিরে পিরোজপুরে বিএনপি-জামায়াতের তৎপরতা তুঙ্গে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পিরোজপুর জেলায় ফের জমে উঠেছে নির্বাচনী মাঠ। জেলার সাতটি উপজেলা নিয়ে গঠিত তিনটি সংসদীয় আসনে এবার মূল লড়াই হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগের সুযোগ না পাওয়া সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে এবার ভোট দেওয়ার প্রবল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

জেলার তিনটি আসনেই জামায়াতে ইসলামী তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। বিএনপি দুটি আসনে প্রার্থী দিলেও পিরোজপুর-১ আসনে এখনো মনোনয়ন চূড়ান্ত হয়নি। তবুও তিনটি আসনেই প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা সভা-সমাবেশ, গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটের সমীকরণে বড় পরিবর্তন এসেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশেষ করে পিরোজপুর-১ আসনে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু ভোটার থাকায় তাদের সমর্থন আদায়ে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা বাড়তি গুরুত্ব দিচ্ছেন।

পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী)

এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। তিনি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং পিরোজপুরকে একটি ‘বাসযোগ্য ও শান্তিপূর্ণ জেলা’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন।

অন্যদিকে বিএনপি এখনো এ আসনে প্রার্থী ঘোষণা না করায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলমগীর হোসেন ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান মনোনয়ন প্রত্যাশী হলেও জোটগত সমঝোতার মাধ্যমে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার মনোনয়ন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় এক-চতুর্থাংশ হিন্দু ভোটার থাকায় এই আসনে সংখ্যালঘু ভোট ব্যাংককে নিজেদের পক্ষে আনতে দুই দলই সক্রিয়।

পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ)

এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন শামীম সাঈদী। অতীতে ভোটাধিকার হরণের অভিযোগ তুলে তিনি সাধারণ ভোটারদের সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন।

অন্যদিকে বিএনপির প্রার্থী ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহাম্মেদ সোহেল মঞ্জুর সুমন। ক্লিন ইমেজ ও পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে তাকেও শক্ত প্রার্থী হিসেবে দেখছেন স্থানীয়রা। সাবেক এমপি আনোয়ার হোসেন মঞ্জু নতুন কোনো রাজনৈতিক জোট থেকে প্রার্থী হলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া)

জেলার দক্ষিণাঞ্চলের মঠবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি ও জামায়াত উভয় দলের প্রার্থীরাই জোরালো প্রচার চালাচ্ছেন। অতীতে আওয়ামী লীগের প্রভাব বেশি থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে এবার সমীকরণ বদলেছে বলে মনে করছেন স্থানীয়রা।

জামায়াত মনোনীত প্রার্থী শরীফ আবদুল জলিল এবং বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রুহুল আমীন দুলাল নিয়মিত গণসংযোগ করছেন। অতীতে দলীয় দ্বন্দ্ব থাকলেও বর্তমানে বিএনপিতে ঐক্য ফিরেছে বলে দাবি নেতাকর্মীদের। এ ছাড়া রুস্তম আলী ফরাজী নতুন কোনো জোট থেকে প্রার্থী হলে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভোট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে পিরোজপুরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা চলছে। তাদের প্রত্যাশা, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হলে তা তুলনামূলক সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। তবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিছুটা সংশয়ও রয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুরের সহসভাপতি আফজাল হোসেন লাভলু বলেন, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে চায়।

সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুরের সভাপতি আতা-ই রব্বানী ফিরোজ বলেন, নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা গেলে এবারের নির্বাচন গ্রহণযোগ্য হবে।

নতুন ভোটার আজমাইন নূর রেজা ও শাইরা সাহিদ নূর জানান, তারা একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন চান, যাতে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তারেক রহমানকে স্বাগত জানাতে বরগুনা থেকে ঢাকায় যাচ্ছে ৫০ হাজার বিএনপি নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে বরগুনা জেলা বিএনপি। এ কর্মসূচিতে যোগ দিতে বরগুনা থেকে বাস ও লঞ্চযোগে অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরছেন। এই উপলক্ষে সারা দেশের মতো বরগুনাতেও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৪ ডিসেম্বর বরগুনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

বরগুনা-১ আসনের (বরগুনা সদর, আমতলী ও তালতলী) উপজেলা থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন বলে জানা গেছে। অপরদিকে বরগুনা-২ আসনের (পাথরঘাটা, বামনা ও বেতাগী) তিন উপজেলা থেকেও ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী ও সমর্থক রাজধানীতে অনুষ্ঠেয় কর্মসূচিতে অংশ নেবেন।

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, তারেক রহমান বরগুনাসহ সারা দেশের মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক। তার আগমনকে ঘিরে বরগুনার মানুষের আগ্রহ ব্যাপক। যদিও যানবাহনের সীমাবদ্ধতা রয়েছে, তারপরও প্রত্যেক উপজেলা থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। একটি লঞ্চ ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে এবং আমতলী উপজেলার অনেক নেতাকর্মী পটুয়াখালী হয়ে লঞ্চে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে আয়োজিত এই কর্মসূচি দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণকালের অন্যতম বৃহৎ আয়োজন হতে যাচ্ছে। ইতোমধ্যে বরগুনা থেকে অনেকে ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় পৌঁছে গেছেন। আগামী দিনে বরগুনা-১ আসন থেকেই অন্তত ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি বলেন, বরগুনা-২ আসনের তিন উপজেলা থেকে প্রায় ৩০টি বাসে নেতাকর্মী ও সমর্থকরা ঢাকায় যাবেন। কেউ কেউ মোটরসাইকেলসহ বিভিন্ন মাধ্যমে আগেভাগেই রওনা হয়েছেন বলেও তিনি জানান।

বরগুনা জুড়ে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে উত্তাল বরিশাল, নদীবন্দরে প্রস্তুত বিশাল লঞ্চ

 ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বরিশালে দেখা দিয়েছে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ। এই উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য ঐতিহাসিক জনসমাবেশে যোগ দিতে সড়ক ও নদীপথে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল বিভাগের হাজার হাজার নেতাকর্মী।

বরিশাল নদী বন্দরে ইতোমধ্যে বিশালাকৃতির চারটি লঞ্চ ধুয়ে-মুছে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। নদী বন্দর কর্তৃপক্ষ জানায়, বরিশাল জেলা বিএনপির উদ্যোগে লঞ্চগুলো ভাড়া নেওয়া হয়েছে এবং বিকেলের মধ্যেই নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এসব লঞ্চ।

এদিকে বরিশাল জেলার ১০টি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা সকাল থেকেই সড়কপথে ঢাকায় যাওয়ার জন্য বাসস্ট্যান্ডগুলোতে ভিড় জমাচ্ছেন। অনেকেই নিজ উদ্যোগে বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত যানবাহনে রাজধানীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মাঝে এদিনটি ঘিরে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন, দলের গুরুত্বপূর্ণ এই নেতার দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং ভোটের রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

নদী বন্দরে সরেজমিনে দেখা গেছে, লঞ্চের ভেতরে উপজেলা পর্যায়ের নেতারা রশি ও চিহ্ন ব্যবহার করে নিজ নিজ কর্মীদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করছেন, যাতে যাত্রাপথে শৃঙ্খলা বজায় থাকে।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন জানান, বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে চারটি লঞ্চ ও প্রায় ২০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী ইতোমধ্যেই ঢাকার পথে রওনা দিয়েছেন। বরিশাল মহানগর থেকেও আলাদাভাবে দুটি লঞ্চ ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বরিশাল বিভাগে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি দাবি করেন, বরিশাল বিভাগ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক নেতাকর্মী সড়ক ও নদীপথে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ইসলামের সেবায় জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা হেলাল

পটুয়াখালীর বাউফল উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা হেলাল উদ্দিন মুন্সী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি দলটিতে যোগদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নবাগত সদস্য হেলাল উদ্দিন মুন্সীকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দলে যোগদানের বিষয়ে হেলাল উদ্দিন মুন্সী বলেন, তিনি প্রায় ২৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এখন তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামের খেদমতে নিজেকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে নাজিরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সম্মিলিতভাবে কাজ করবেন এবং আসন্ন নির্বাচনে উল্লেখযোগ্য জনসমর্থন গড়ে তুলতে সচেষ্ট থাকবেন। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে হেলাল উদ্দিন মুন্সীর যোগদানের ঘটনায় বাউফল উপজেলায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও কৌতূহল দেখা দিয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা অনুদান, তাসনিম জারার তহবিলে ব্যাপক সাড়া

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিল সংগ্রহে ব্যাপক সাড়া মিলেছে। মাত্র ২২ ঘণ্টায় তিনি ৩৭ লাখ টাকা অনুদান পেয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খুব অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর নির্বাচনী ক্যাম্পেইনের জন্য আর্থিক সহযোগিতা করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, মাত্র ২২ ঘণ্টার ব্যবধানে ৩৭ লাখ টাকা সংগ্রহ হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছে এই ফান্ড রেইজিং কার্যক্রম। তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের এই ভালোবাসা ও বিশ্বাস তাঁকে আরও দায়িত্বশীল করে তুলছে।

ডা. তাসনিম জারা আরও জানান, তাঁর নির্বাচনী তহবিল সংগ্রহের চূড়ান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। অর্থাৎ আরও প্রায় ৯ লাখ টাকা সংগ্রহ হলেই আনুষ্ঠানিকভাবে এই তহবিল সংগ্রহ কার্যক্রম বন্ধ করা হবে।

অনুদান পাঠানোর বিষয়ে তিনি জানান, বিকাশ অ্যাকাউন্টের নির্ধারিত লেনদেন সীমা শেষ হয়ে যাওয়ায় বর্তমানে বিকল্প হিসেবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। যারা এখনো সহযোগিতা করতে আগ্রহী, তারা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে অনুদান দিতে পারবেন।

সংগৃহীত অর্থের স্বচ্ছতা ও জবাবদিহি প্রসঙ্গে তিনি বলেন, শুরু থেকেই প্রতিটি টাকার হিসাব জনগণের সামনে স্পষ্ট রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কোনো নগদ অর্থ গ্রহণ করা হচ্ছে না এবং সব লেনদেন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, যা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন।

এছাড়া নিয়মিতভাবে আয়ের হিসাব প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনের কাছেও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হবে বলে জানান তিনি। সংগৃহীত অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এর আগে মাত্র ১৪ ঘণ্টায় ২৩ লাখ ৬৮ হাজার টাকা সংগ্রহের তথ্য জানিয়েছিলেন ডা. তাসনিম জারা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নেতৃত্ব পরিবর্তনের অংশ হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে। সোমবার এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে জানানো হয়, এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেই যেকোনো সময় এ বিষয়ে গেজেট প্রকাশ হবে বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ এ নিয়োগের মাধ্যমে দেশের বিচার বিভাগে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে।

সরকারি সূত্র জানিয়েছে, আগামী ২৮ ডিসেম্বর তিনি ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণের পর থেকে তিনি দায়িত্ব পালন করবেন, যা বিচার বিভাগের নীতি নির্ধারণ, বিচার ব্যবস্থার উন্নয়ন এবং গণমানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে তিনি সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রফিক আহমেদের বিদেশ সফরের সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফলে প্রধান বিচারপতির দায়িত্ব পালনে তার প্রশাসনিক অভিজ্ঞতা ইতোমধ্যে রয়েছে, যা নতুন দায়িত্বে সহায়ক হবে বলে আইনজীবী ও আদালত সংশ্লিষ্টরা মনে করছেন।

জুবায়ের রহমান চৌধুরীর দীর্ঘ চার দশকের পেশাগত জীবনে রয়েছে উল্লেখযোগ্য কর্মজীবন। ১৯৮৫ সালে তিনি জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন, এবং দুই বছর পর ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। বিচার বিভাগের প্রতি নিষ্ঠা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এরপর দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।

চৌধুরীর বিচারিক যাত্রা আরও এগিয়ে যায় ২০২৪ সালের ১২ আগস্ট, যখন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। তার গুরুত্বপূর্ণ রায় এবং বিচার ব্যবস্থার উন্নয়নে অবদান তাকে সুপ্রিম কোর্টে একজন অভিজ্ঞ ও দক্ষ বিচারপতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন অত্যন্ত সফল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জনের পর আন্তর্জাতিক আইনে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাজ্যে অধ্যয়ন করেন। এই আন্তর্জাতিক অভিজ্ঞতা বিচার বিভাগে সমসাময়িক আইন ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বোঝার ক্ষেত্রে তাকে আরও শক্তিশালী করে তুলেছে।

আইনজীবীদের মতে, তার নেতৃত্ব বিচার বিভাগে স্বচ্ছতা, ডিজিটাল সেবা সম্প্রসারণ, মামলা নিষ্পত্তির গতি বৃদ্ধি এবং বিচারব্যবস্থা আধুনিকায়নের নতুন পথ তৈরি করবে। নতুন প্রধান বিচারপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণকে বিচার বিভাগে একটি ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 




পিরোজপুরে ৪০ লাখ টাকার বিশেষ বরাদ্দ লোপাট ও ফাইল গায়েবের অভিযোগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের বিশেষ বরাদ্দের ৪০ লাখ টাকার ফাইল গায়েব এবং অর্থ লোপাটের অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (সিএ) মো. ইয়াসির আরাফাতের বিরুদ্ধে। স্থানীয় পর্যায়ে এই ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

সূত্রে জানা গেছে, তিনটি প্রকল্পের মাধ্যমে এই অর্থ লোপাট করা হয়েছে:

  1. উপজেলা ডরমেটরি ভবন সংস্কারের জন্য বরাদ্দ করা ১০ লাখ টাকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের প্রতিষ্ঠান ‘শফিক এন্টারপ্রাইজ’-এর মাধ্যমে নামমাত্র কাজের আড়ালে ব্যবহার করা হয়েছে।

  2. উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনের রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা ২০ লাখ টাকা সদর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোজাম খানের প্রতিষ্ঠান ‘মেসার্স খান এন্টারপ্রাইজ’-এর মাধ্যমে লোপাটের অভিযোগ।

  3. ইউএনও অফিস সংস্কারের নামে বরাদ্দ করা ১০ লাখ টাকা পার্শ্ববর্তী কাউখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমনের প্রতিষ্ঠান ‘মেসার্স আল মাহমুদ এন্টারপ্রাইজ’-এর নামে ব্যবহার করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ইয়াসির আরাফাত তার ঘনিষ্ঠ বন্ধু ও পরিচিতদের লাইসেন্স ব্যবহার করে লোক দেখানো দরপত্রের মাধ্যমে কাজগুলো নিয়ন্ত্রণ করেন এবং নামমাত্র কাজের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেন।

তৎকালীন উপজেলা প্রকৌশলী মো. রাইসুল ইসলাম বলেছেন, “আমি এই কাজ বা বরাদ্দ সম্পর্কে কিছুই জানি না।”
অডিটে দেখা গেছে, সংশ্লিষ্ট কাজের কোনো ফাইল দেখানো যায়নি। অডিটর নূরে আলম জানান, তদন্তে ব্যাপক অনিয়মের প্রমাণ মিলেছে, বিশেষ করে নাজিরপুর সদরের পাকমঞ্জীল মাদরাসা এবং বৈরাগী এলাকার প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলনের সত্যতা পাওয়া গেছে। তিনি ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে জমা দিয়েছেন।

তৎকালীন ইউএনও মো. ফজলে রাব্বি বলেন, “অফিস থেকে ফাইল গায়েব হওয়ার কথা নয়। ইঞ্জিনিয়ারের স্বাক্ষর ছাড়া কোনো ফাইলে সই করিনি। কাজ শেষ হওয়ার আগে বিল উত্তোলনের বিষয়টি খোঁজ নিয়ে জানাব।”
মূল অভিযুক্ত সিএ মো. ইয়াসির আরাফাত নিজেকে মানসিকভাবে অসুস্থ দাবি করে বলেন, “এসব বিষয়ে এখন কোনো কথা বলব না, অফিসে আসেন।”
বর্তমান ইউএনও শাজিয়া শাহনাজ তমা জানান, তিনি নতুন যোগদান করেছেন, তাই আগের কাজের বিষয়ে বিস্তারিত জানেন না।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫