আইন নিজের হাতে তুলে না নিতে জনগণের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে ‘কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি’ অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ এবং যৌথবাহিনী কঠোরভাবে কাজ করে যাচ্ছে, তবে জনগণকে আরও সচেতন হতে হবে। পরিবারগুলোকে তাদের সন্তানদের অপরাধমূলক কার্যকলাপ থেকে বিরত রাখার শিক্ষা দিতে হবে।”
তিনি আরও যোগ করেন, “পুলিশ, আর্মি, র্যাব, এবং বিজিবি কাজ করছে। তবে কিছু অঘটন ঘটছে, সেসব ক্ষেত্রে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। জনগণের মধ্যে অপরাধ দমনে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “রাতে অপরাধীরা বেশি তৎপর থাকে, তাই সেসময় আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নজরদারি রাখতে বলা হয়েছে। পুলিশসহ অন্যান্য বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা, তা নিশ্চিত করা হচ্ছে।”
কৃষি সেক্টরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দেশে জনসংখ্যার বৃদ্ধির কারণে কৃষি জমি কমে যাচ্ছে, কিন্তু আমাদের কৃষকরা ভালো উৎপাদন করছে যা চাহিদার অনেকটা পূরণ করছে। সরকার তাদের সহযোগিতার জন্য কাজ করছে এবং আজকের এই অ্যাপ উদ্বোধন তারই অংশ।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








