“এনসিপি’র রাজনৈতিক দর্শন পাইনি: রিজভী”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে নানা ইতিবাচক বক্তব্য হলেও, সেখানে রাষ্ট্র নিয়ে কোনো সুস্পষ্ট রাজনৈতিক দর্শন পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১ মার্চ) ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই অনুষ্ঠানটি আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) এবং অনুষ্ঠিত হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের (আইডিইবি) মুক্তিযোদ্ধা মিলনায়তনে।

বুদ্ধিজীবীদের সমালোচনা করে রিজভী বলেন, “কিছু বুদ্ধিজীবী দাবি করেন বিএনপি ক্ষমতায় আসার পর সৃষ্টি হয়েছে, কিন্তু তারা ভুলে যাচ্ছেন, বিএনপি একটি নতুন রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেছে।” তিনি বলেন, “জিয়াউর রহমান তার সময়ে একটি নতুন রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেছিলেন যা অন্যদের থেকে ভিন্ন।”

রিজভী আরও বলেন, “শেখ মুজিবুর রহমান বাংলা জাতীয়তাবাদ এবং বাঙালির স্বায়ত্তশাসনের একটি ন্যারেটিভ তৈরি করেছিলেন, কিন্তু স্বাধীনতার পর যে রাজনৈতিক দর্শন প্রয়োজন ছিল, তা দিয়েছেন জিয়াউর রহমান। তিনি একদলীয় শাসন ব্যবস্থা ভেঙে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যা কোনো গণতান্ত্রিক শাসককেই করতে হতো।”

তিনি বলেছিলেন, “বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করেছিলেন, আর জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সেই অন্ধকার গুহা থেকে গণতন্ত্রের আলোর মশাল জ্বালিয়েছিলেন।”

রিজভী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেরও প্রশংসা করেন এবং বলেন, “গণতন্ত্র সংকটের মুখে পড়লে খালেদা জিয়া তার প্রেরণায় ৯০-এর দশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।” তিনি তার জীবনের নানা সংগ্রামের কথা তুলে ধরে বলেন, “আমরা দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, কিন্তু আমাদের প্রেরণার উৎস ছিল বেগম খালেদা জিয়া।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম-মহাসচিব হাবিবউননবী খান সোহেল, বিশিষ্ট রসায়ন বিজ্ঞানী প্রফেসর ড. তাজমেরী এস এ ইসলাম, ছাত্র সম্পাদক রফিকুল ইসলাম বকুল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনু, এবং আরও অনেকে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




“সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার”

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের সীমান্ত এখন পুরোপুরি সুরক্ষিত রয়েছে এবং এখানে কোনো ধরনের সমস্যা নেই। তিনি শনিবার (১ মার্চ) কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে নবগঠিত ৬৪ বিজিবি ব্যাটালিয়নের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

তিনি বলেন, “বিজিবি বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করছে। মিয়ানমার ও আরাকান আর্মির সীমান্ত দখল নিয়ে কোনো অস্থিরতা থাকলেও আমাদের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত।”

নতুন ৬৪ বিজিবি ব্যাটালিয়নকে নিয়ে বিজিবির সক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “এই এলাকা দিয়ে মাদক প্রবাহিত হয় এবং রোহিঙ্গা সমস্যা রয়েছে, তাই এই নতুন ব্যাটালিয়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে আরও ব্যাটালিয়ন প্রয়োজন হলে সেটাও তৈরি করা হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কিছু সমস্যা থাকলেও সরকার পুরোপুরি সচেতন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।”

রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান বন্ধের জন্য নতুন ৬৪ বিজিবি ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। “বাংলাদেশের সীমান্ত রক্ষা করতে বিজিবি সদস্যদের জন্য যে কোনো প্রতিকূলতা সামলানো অত্যন্ত জরুরি,” যোগ করেন তিনি।

এছাড়া, সীমান্ত হত্যা বন্ধে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের কথা উল্লেখ করে তিনি বলেন, “এগুলো বন্ধ করতে আমরা নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে সীমান্তে অস্ত্র ব্যবহার করা হচ্ছে, তাই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




“গত বছরের তুলনায় পণ্যের দাম কম, দাবি প্রেস সচিবের”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন যে, এবার রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম গত বছরের তুলনায় অনেক কম এবং সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি শনিবার (১ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, “সরকার গত রোজার তুলনায় এবার ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পুরো রমজান জুড়ে এই পরিস্থিতি ধরে রাখার জন্য কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে।” তিনি আরও জানান, বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই উদ্যোগের ফলে বাজারে সাপ্লাই পরিস্থিতি আরও ভালো হবে। আশা করা হচ্ছে, দাম সহনীয় থাকবে।

বাজারে সয়াবিন তেল সঙ্কটের বিষয়ে প্রেস সচিব বলেন, “খোলা এবং প্যাকেটজাত সয়াবিন তেলের ঘাটতি থাকলেও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে খোলা তেলের সঙ্কট অনেকটা কমে এসেছে। পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

চন্দ্রদ্বীপ ডেস্ক : জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্ব গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। আর এ নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।

মীম আক্তার বলেন, ইতিহাসে দেখিনি বোনের কাঁধে ভাইয়ের লাশ। আমরা দুই বোনের কাঁধে ছিল ভাইয়ের লাশ।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু
পরে সদস্য সচিব আখতার হোসেন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

এতে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন ডা. তাসনিম জারা, নাহিদা সরওয়ার রিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন আবদুল হান্নান মাসউদ।

বিকেল ৪টার পর নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

এ ছাড়া অনুষ্ঠানে কূটনৈতিকদের মধ্যে পাকিস্তানের হাইকমিশনারের পক্ষে একজন কাউন্সিল অংশ নিয়েছেন বলে মঞ্চ থেকে জানানো হয়।




ছাত্রদের নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই : আসিফ মাহমুদ

চন্দ্রদ্বীপ ডেস্ক : সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে নিজ গ্রামে আকবপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, এই সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে, সে জায়গা থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না। তবে শুধু নতুন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক দলই জনকল্যাণমুখী হবে এটাই আমাদের প্রত্যাশা। জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়।




যেকোনো প্রয়োজনে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান




বরিশালে উন্নয়ন থমকে, দুর্ভোগে নগরবাসী

বরিশাল নগরীর অসংখ্য রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও ম্যানহোল দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অপরিকল্পিত ইজারা কার্যক্রম পরিচালিত হলেও নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ নেই বলে অভিযোগ উঠেছে।

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এক বছরের জন্য হাট-বাজার ও বাস টার্মিনাল ইজারা দেওয়ার জন্য নতুন করে দরপত্র আহ্বান করেছে। একইসঙ্গে তিন বছরের জন্য পাঁচটি পুকুর ইজারা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনও জলমহাল, হাট-বাজারসহ বিভিন্ন সরকারি সম্পত্তি ইজারা কার্যক্রম পরিচালনা করছে। তবে এসব কার্যক্রম যতটা সক্রিয়, উন্নয়নমূলক কাজ ততটাই স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন নগরবাসী।

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় সড়ক, ড্রেন ও ম্যানহোল সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ছয় মাস পেরিয়ে গেলেও অধিকাংশ ম্যানহোলের ঢাকনা লাগানো হয়নি, ফলে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এছাড়া, নগরীর প্রধান প্রধান সড়কজুড়ে রয়েছে খানাখন্দ। এসব রাস্তায় চলাচল করা সাধারণ মানুষের জন্য কষ্টকর হয়ে উঠেছে। এমনকি বরিশালের গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগ রাস্তাগুলোও সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সিটি করপোরেশন সম্প্রতি নগরীর বিভিন্ন বাজার, বাস টার্মিনাল ও পাবলিক টয়লেট ইজারা সংক্রান্ত দরপত্র প্রকাশ করেছে। ইজারার তালিকায় উল্লেখ করা হয়েছে ১৫টি হাট-বাজার, দুটি বাস টার্মিনাল, তিনটি পাবলিক টয়লেট এবং একটি জবাইখানা। তবে নাগরিক আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, তালিকায় ১৬টি হাট-বাজারের নাম রয়েছে, যা নতুন করে একটি বাজার যুক্ত করার ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে।

নাগরিক আন্দোলনের নেতারা বলছেন, বরিশাল নগরীতে উন্নয়ন কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। সড়ক, সেতু, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কিংবা নাগরিক সেবা নিয়ে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

বরিশাল নাগরিক আন্দোলনের সদস্য সচিব প্রকৌশলী আবু সালেহ বলেন,“প্রশাসক ও সিইও নগরীর আয় বৃদ্ধির বিষয়ে যতটা আগ্রহ দেখাচ্ছেন, নগর উন্নয়নে ততটাই অনাগ্রহী। রাস্তাঘাটের দুরবস্থার কারণে সাধারণ মানুষ চরম কষ্টের মধ্যে থাকলেও প্রশাসন এ নিয়ে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।”

এ বিষয়ে বরিশালের সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার বলেন,“নগরবাসীর মৌলিক চাহিদা উপেক্ষা করে শুধু টেন্ডার ও ইজারার দিকেই মনোযোগ দেওয়া হচ্ছে। বরিশাল এখন মাফিয়া নিয়ন্ত্রিত শহরে পরিণত হয়েছে।”

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল শাখার নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন,“বরিশাল সিটি করপোরেশনের কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই, তাই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু তিনি জনগণের সঙ্গে কোনো সম্পৃক্ততা তৈরি না করেই সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। উন্নয়নের নামে শুধু টেন্ডার বাণিজ্য চলছে।”

শুধু বরিশাল নগরী নয়, সদর ও বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামেও উন্নয়ন প্রকল্পের কাজ বছরের পর বছর ধরে থমকে আছে।

  • সদর উপজেলার পূর্ব কর্ণকাঠী থেকে চরকারঞ্জী হাইস্কুল সড়কের দুটি সেতুর কাজ বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে।
  • নেহালগঞ্জ সেতু ও বাকেরগঞ্জের গোমা সেতু নিয়েও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

প্রশাসনের প্রতিশ্রুতি, নাগরিকদের সংশয়

জেলা প্রশাসনের কাছে একাধিকবার এসব অনিয়মের তথ্য জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন জানান,
“উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে।”

তবে তিন মাস পার হলেও এই সমস্যার কোনো সমাধান হয়নি।

এ বিষয়ে বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছার বলেন,
“বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাউল বারী একই প্রতিশ্রুতি দিয়েছেন। তবে নগরবাসী ও নাগরিক আন্দোলনের নেতারা মনে করছেন, প্রশাসনের এই আশ্বাস শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাস্তবায়ন হবে না।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন

চন্দ্রদ্বীপ ডেস্ক : একটি সেতু ও টানেলের নাম পরিবর্তন করেছে সরকার। উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী বঙ্গবন্ধু সেতুর নাম বদলে করা হয়েছে যমুনা সেতু। এটি দেশের প্রথম বড় সেতু এবং তা টাঙ্গাইল ও সিরাজগঞ্জের মধ্যে যমুনা নদীতে নির্মিত।

জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগ—তিন সরকারই যমুনা সেতু প্রকল্পটি বাস্তবায়নে ভূমিকা রেখেছে। এইচ এম এরশাদের আমলে প্রকল্পটি নেওয়ার সময় এর নাম ছিল যমুনা বহুমুখী সেতু। খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রথম বিএনপির সরকারের আমলেও একই নাম বহাল থাকে। উদ্বোধনের পর তৎকালীন আওয়ামী লীগ সরকার এটির নাম বঙ্গবন্ধু সেতু করে। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নাম পরিবর্তন করে যমুনা বহুমুখী সেতু ফিরিয়ে আনা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগের সরকার এসে আবার বঙ্গবন্ধু সেতু নামকরণ করে। এবার অন্তর্বর্তী সরকার শুরুর নামে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেলের নামকরণ করা হয়েছে কর্ণফুলী টানেল। এটির নাম আগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।

আজ বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন নামকরণের এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেতু বিভাগের আওতাধীন সেতু কর্তৃপক্ষের নির্মিত দুটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।




পবিপ্রবির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম কেন্দ্র পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) তাদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে। দীর্ঘ ১৬ বছর পর এভাবে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা হলো।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্যাম্পাসজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকাল সাড়ে ৯টায় বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উপাচার্য বলেন,
“দক্ষ জনশক্তি তৈরি, উচ্চশিক্ষার প্রসার এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে আমরা নিরলস কাজ করছি। ভবিষ্যতে পবিপ্রবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, গবেষণা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবো।”

দুপুরের পর কেন্দ্রীয় খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, হাঁড়িভাঙা, হাঁস-মুরগি দৌড় ও রশি টানাটানির মতো জনপ্রিয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে টিএসসি কনফারেন্স হলে ‘বিশ্ববিদ্যালয়ের অর্জন’ শীর্ষক বৈজ্ঞানিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, শিক্ষার্থী হল, একাডেমিক ভবনসহ পুরো ক্যাম্পাস সাজানো হয়। প্রবেশপথে তোরণ নির্মাণ, রোড ডিভাইডার ও আইল্যান্ডসমূহ নান্দনিকভাবে সাজানো হয়।

বর্তমানে পবিপ্রবিতে ৮টি অনুষদে প্রায় ৪,২৯৬ শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে অধ্যয়ন করছেন। এখানে ২৪৭ জন শিক্ষক, ২২০ জন কর্মকর্তা ও ৪৮৯ জন কর্মচারী কর্মরত আছেন।

উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ৪৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় নতুন একাডেমিক ভবন, হল, মিনি স্টেডিয়াম, আধুনিক ব্যায়ামাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। গবেষণায়ও বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, ইতোমধ্যে ৮০১টি গবেষণা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

উপাচার্য বলেন,
“আমরা গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা দেওয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারে জোর দিচ্ছি। দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে পবিপ্রবি এখন একটি গর্বের নাম।”


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্বে মাহফুজ আলম

উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নাহিদ ইসলাম আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাশাপাশি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার পদত্যাগের ফলে দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ শূন্য হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাহফুজ আলম শুধুমাত্র তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব সরাসরি প্রধান উপদেষ্টা পরিচালনা করবেন। ফলে বর্তমানে প্রধান উপদেষ্টা সাতটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের তিন তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম দায়িত্ব গ্রহণ করেছিলেন। সম্প্রতি নতুন রাজনৈতিক দলে যুক্ত হতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম