পবিত্র রমজান শুরুর আগের দিন বরিশালের নিত্যপণ্যের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। শনিবার (১ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত বাজারগুলোতে ছিল উপচেপড়া ভিড়। ইফতার সামগ্রী কিনতে গিয়ে চড়া দামের কারণে ক্রেতারা পড়েছেন বিপাকে।
বাজার ঘুরে দেখা গেছে, লেবু, বেগুন, শসা, বিভিন্ন ফল, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে। কয়েক মাস ধরে চলা ভোজ্যতেলের সংকট কাটেনি, এখনও দোকানে পর্যাপ্ত সয়াবিন তেল মিলছে না।
বরিশাল নগরীর পোর্ট রোড বাজারে দেখা যায়, ছোলা, ডাল, খেজুর, গরুর মাংসসহ প্রায় সব পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ব্যবসায়ীরা রমজান এলেই দাম বাড়ানোর যে প্রবণতা দেখান, সেটি এবারও অব্যাহত রয়েছে।
বাড়তি দামের তালিকা:
- বেগুন: ৬০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা কেজি
- ছোলা: ২০ টাকা বাড়িয়ে ১১৫ টাকা কেজি
- চিনি: ১৫০ টাকা কেজি
- মসুর ডাল: ১৩০ টাকা কেজি
- গরুর মাংস: প্রতি কেজি ৮০০ টাকা
- খেজুর: দাম বেড়েছে তিনগুণ
ক্রেতারা অভিযোগ করেছেন, প্রশাসনের মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। অন্যদিকে কৃষি বিভাগ জানিয়েছে, রমজানের বাজার নিয়ন্ত্রণে রবিবার থেকে মনিটরিং কার্যক্রম শুরু হবে।
বাজারে থাকা সাধারণ মানুষ প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ হয় এবং রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় থাকে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম