ট্রাম্পের অভিযোগ ‘সত্য নয়’ : বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্টত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু দিন আগে তোলা অভিযোগে বলা হয়েছিল, বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ২৯ মিলিয়ন ডলার পেয়ে যায়, যার নামও কেউ শোনেনি। এই অভিযোগটি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় অস্বীকার করেছে। ৩ মার্চ সোমবার, পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৯ মিলিয়ন ডলারের প্রকল্পটি বাংলাদেশের জন্য ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) ইন বাংলাদেশ’। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রকল্প নিয়ে কিছু বক্তব্য প্রদান করেছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টির বিস্তারিত অনুসন্ধান করেছে এবং এর সত্যতা খতিয়ে দেখেছে।
অনুসন্ধান ফলাফল অনুযায়ী, প্রকল্পটি ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এর মাধ্যমে বাস্তবায়িত হয়। প্রকল্পটি শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক নির্বাচিত একটি প্রকল্প হিসাবে, যেখানে ইউএসএআইডি একটি স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি নির্বাচিত করে। এই প্রকল্পের অর্থায়ন বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের মাধ্যমে ধাপে ধাপে হয়েছে। এর অর্থায়নে যুক্তরাজ্যের ডিএফআইডি (বর্তমানে এফসিডিও) এবং ইউএসএআইডি ছিল গুরুত্বপূর্ণ অংশীদার।
প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক সহিংসতা হ্রাস করা, রাজনৈতিক দলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা, দলের সক্ষমতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার উন্নয়ন। এই প্রকল্পের অধীনে জরিপ কার্যক্রমও পরিচালিত হয়।
এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, মার্কিন সরকারের আর্থিক ব্যবস্থাপনা নীতির অধীনে প্রকল্পটির পর্যালোচনা এবং নিরীক্ষণ প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করা হয়। প্রকল্পের অর্থায়ন সম্পর্কিত সমস্ত নথিপত্র সংরক্ষিত থাকে এবং প্রয়োজনে পুনঃনিরীক্ষণের ব্যবস্থা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, ট্রাম্পের অভিযোগটি ভ্রান্ত এবং প্রকল্পটি দুজন বাংলাদেশি ব্যক্তি বা তাদের প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। প্রকল্পটির বাস্তবায়ন হয়েছে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা চুক্তি (DOAG) এর আওতায়।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








