বরিশালে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার

বরিশালে চাঞ্চল্যকর যুবদল নেতা সুরুজ গাজী হত্যা মামলার প্রধান আসামি শাহিন সরদারকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (৮ মার্চ) গভীর রাতে রাজধানীর মাদারটেক কাঁচাবাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব-৩ ও র‍্যাব-৮-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

রোববার (৯ মার্চ) দুপুরে বরিশাল র‍্যাব-৮-এর কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৮-এর অধিনায়ক নিস্তার আহমেদ। তিনি জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শাহিন সরদারকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে বরিশালের কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত শাহিন সরদার বরিশালের কাউনিয়ার গাউয়াসার এলাকার মৃত দেলোয়ার সরদারের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা।

র‍্যাব জানায়, নিহত সুরুজ গাজী ও আসামি শাহিন একই রাজনৈতিক দলের অনুসারী ছিলেন। তাদের মধ্যে রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধ ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। রোববার দুপুরে বরিশালের কাউনিয়া হাউজিং এলাকায় আয়োজিত বিক্ষোভে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সেরাজুল হক, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি আতাউর রহমান এবং বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেলসহ অন্যান্য নেতাকর্মীরা।

গত ২ মার্চ বরিশালে যুবদল নেতা সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই শাহিন গাজী বাদী হয়ে কাউনিয়া থানায় শাহিন সরদারকে প্রধান আসামি করে তার স্ত্রী, দুই সন্তানসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুই দফায় অভিযুক্ত শাহীনের বাড়িতে আগুন দেয়। পুলিশ ইতোমধ্যে মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




২০২৫ সালেই ৭টি কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার

দেশের তেল-গ্যাস অনুসন্ধান ও উন্নয়ন কর্মসূচি জোরদার করতে একশ কূপ খনন প্রকল্প থেকে ৭টি কূপ এগিয়ে এনে ২০২৫ সালেই খননের সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা

পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান জানান, ২০২৬-২০২৮ সালের জন্য নির্ধারিত ১০০ কূপ খনন প্রকল্প থেকে সবচেয়ে সম্ভাবনাময় ৭টি কূপ ২০২৫ সালেই খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

১০০ কূপ খনন প্রকল্পের কাঠামো:

  • ৬৯টি অনুসন্ধান ও উন্নয়ন কূপ
  • ৩১টি পুরাতন কূপের ওয়ার্কওভার

প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলো

বাপেক্স: ৫২টি অনুসন্ধান ও উন্নয়ন কূপ, ৩১টি ওয়ার্কওভার
বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি (বিজিএফসিএল): ৯টি অনুসন্ধান ও উন্নয়ন কূপ, ১২টি ওয়ার্কওভার
সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি (এসজিএফসিএল): ৮টি অনুসন্ধান কূপ, ৩টি ওয়ার্কওভার

প্রকল্পের ব্যয় ও অর্থায়ন:

  • মোট বাজেট: ১৯,০৫০ কোটি টাকা
  • গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) ও কোম্পানির নিজস্ব অর্থায়ন: ৫,৭২২ কোটি টাকা
  • সরকারি তহবিল: ১৩,৩২৮ কোটি টাকা

প্রথম ধাপে অগ্রাধিকারপ্রাপ্ত কূপ:

প্রথম পর্যায়ে ৩৫টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে বেগমগঞ্জ-৫, বেগমগঞ্জ-৬, সুনেত্র-২, চরলক্ষা-১, সেমুতাং-১, সুবর্ণচর-১, নোয়াখালী-১ ও সুন্দলপুর-৫ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বর্তমান কূপ খনন প্রকল্পের অগ্রগতি:

বর্তমানে ৫০ কূপ খনন প্রকল্প চলমান রয়েছে, যার মধ্যে ১০টি কূপ খনন সম্পন্ন হয়েছে। জামালপুর কূপের কাজ চলমান, শ্রীকাইল-৫, সুন্দলপুর-৪ ও সুন্দলপুর সাউথ-১ শিগগিরই শুরু হবে।

জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, দেশে গ্যাস সংকটের মূল কারণ অনুসন্ধান কার্যক্রমের স্থবিরতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুল ইমাম বলেন, গ্যাস অনুসন্ধানে ব্যর্থ হলে হাল ছেড়ে দিলে হবে না, কারণ একটি সফল কূপই বিপুল গ্যাস সরবরাহ করতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভূঁইয়া মন্তব্য করেন, ২৫টি কূপ খননের পরও যদি ২৬তম কূপে গ্যাস পাওয়া যায়, তবে সেটির মূল্য হবে অনেক বেশি, যা পুরো খরচ উঠে আসতে সাহায্য করবে।

পেট্রোবাংলার নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশীয় গ্যাস উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি আসতে পারে বলে আশা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরিশালে ১৬ রুটে বাস চলাচল শুরু, ধর্মঘট প্রত্যাহার

চেকপোস্টে হামলা ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে বরিশালে বাস-মিনিবাস মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাসের পর শনিবার (৮ মার্চ) সন্ধ্যার পর থেকেই দক্ষিণাঞ্চলের ১৬টি রুটে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে, শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিভাগের ১১টি বাস মালিক সমিতি ও ১১টি শ্রমিক ইউনিয়ন আন্দোলনে নামে। ফলে বিকাল থেকেই দক্ষিণাঞ্চলের ১৬টি রুটে বাস চলাচল বন্ধ ছিল।

রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, খয়রাবাদ সেতুর ঢালে বাস মালিক সমিতির চেকপোস্ট পরিচালিত হয়। তবে শনিবার সকালে সিএনজি-থ্রি-হুইলার ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকার নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়। এ সময় শ্রমিক ও যাত্রীদের মারধর করা হয়।

এই ঘটনার বিচার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বাস-মিনিবাস মালিক সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয়।

সিএনজি শ্রমিকদের অভিযোগ, বাস মালিক ও শ্রমিকরা সড়কে তাদের চলাচলে বাধা দিচ্ছে।

সিএনজি চালক আনিসুর রহমান বলেন, “আমরা যাত্রী নিয়ে বরিশাল থেকে রওনা দিলে বাস শ্রমিকরা গাড়ি থামিয়ে আমাদের যাত্রী নামিয়ে দেয়। খয়রাবাদ ব্রিজের ঢালে ও ঝালকাঠি রুটে ষাটপাকিয়া এলাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে।”

আরেক চালক ইব্রাহিম খলিল বলেন, “বাস শ্রমিকরা আমাদের যাত্রী নিতে বাধা দেয়। আমরা প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা করা হয়।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু বিচারের আশ্বাস ও হামলায় জড়িতদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।

বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ জিয়াউদ্দিন শিকদার জিয়া জানান, প্রশাসনের আশ্বাসে ধর্মঘট তুলে নেওয়া হয়েছে এবং বাস চলাচল স্বাভাবিক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় স্বস্তি ফিরেছে এবং যাত্রীরা আবারও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বিএনপির পূর্বনির্ধারিত ইফতার মাহফিল স্থগিত

রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির পূর্বনির্ধারিত ইফতার মাহফিলের কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (৯ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত এ আয়োজন স্থগিত করা হয়েছে।

দলটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে এ সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিপ্লবী নারী পরিষদের আত্মপ্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : নির্যাতন নিপীড়ন বঞ্ছনার অবসান ঘটিয়ে বাংলাদেশের নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং ক্ষমতায়নের লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে আত্মপ্রকাশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদের নারী সংগঠন বিপ্লবী নারী পরিষদ।

এ সংগঠনের নেতৃত্বে রয়েছেন জুলাইয়ে রাজধানীর উত্তরায় রাজপথের সংগ্রামী রোটারিয়ান রাবেয়া আক্তার ও শহীদ রানা তালুকদারের মা রুবি বেগম।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংগঠনটির ২৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

কমিটিতে লেখক ও প্রকাশক সুলতানা আক্তারকে উপদেষ্টা, রোটারিয়ান রাবেয়া আক্তারকে আহ্বায়ক ও রুবি বেগমকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়াও কমিটিতে লাইলী বেগম ও নুসরাত রহমানকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক; খুরশিদা মামুন, তামিমা জোবায়দা ও মেহেরুন্নেসা যুগ্ম আহ্বায়ক; শারমিন জাহান, নাসরিন আক্তার, অবনি আক্তার ও সুচি কুমকুম তৃপ্তিকে সহকারী সদস্য সচিব; রাবেয়া সুলতানা, তাহামিনা আকন্দ ও আফতিহা জাহান আমরিনকে সমন্বয়ক; মোসা. মাহমুদা খাতুন, জাকিয়া জাফরিন তন্নী, জয়নব আশ শিফা, মরিয়ম, সাহিদা সুলতানা তামান্না, ইসরাত জাহান জ্যোতি, তাহমিনা বেগম ও শামসুনাহার বীথিকে সদস্য করা হয়েছে।




বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান।

প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার (৮ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে। এই সফরে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।

তিনি আরও জানান, ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতা চুক্তি হয়েছে। স্টারলিংক টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে। এর মধ্যে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি এবং কিছুক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টারলিংক।




নারী অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “পতিত স্বৈরাচার দেশে অরাজকতা সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। আমাদের সতর্ক থাকতে হবে, যেমনটি আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে থাকি।”

শনিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে। একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সরকারকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব।”

নারীর অধিকারের বিষয়ে তিনি বলেন, “আজকের বিশ্বে নারীরা যে অধিকার ও স্বাধীনতা ভোগ করছেন, তা অর্জিত হয়েছে লড়াই-সংগ্রামের মাধ্যমে। আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়েছিল নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারের জন্য সংগ্রামের মধ্য দিয়ে। বাংলাদেশেও নারীরা যুগ যুগ ধরে নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। তেভাগা আন্দোলন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

প্রফেসর ইউনূস বলেন, “আমরা ইতিহাসের অনেক বীর নারীদের ভুলে গেছি। তাদের আত্মত্যাগের কথা অনেকে জানেও না। তবে জুলাই কন্যাদের অবদান কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। তারা আমাদের মুক্তির পথ দেখিয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময়ে তাদের সংগ্রাম ও আশা-আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেখানে নারীদের অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব নয়। এই লক্ষ্য অর্জনে পুরুষদেরও নারীদের পাশে দাঁড়াতে হবে।”

সমাজে নারীদের ন্যায্য স্থান প্রতিষ্ঠায় পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “‘নতুন বাংলাদেশ’ গড়তে আমাদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। যেখানে সকল বাবা-মা, ভাই-বোন তাদের অধিকার নিশ্চিত করতে পারবে।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক নারী দিবস আমাদের নতুন করে নারীদের সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেয়। এটি আমাদের অনুপ্রাণিত করে, সাহস জোগায়। সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করছেন, তাদের বলছি— যত বাধাই আসুক, আমরা থামব না। ইতিহাস আমাদের সুযোগ দিয়েছে, আমরা তা কাজে লাগাব। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য থেকে আমরা পিছপা হব না।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে কন্যা শিশুকে ধর্ষন চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

পটুয়াখালী কলাপাড়ায় মাদ্রাসা পড়ুয়া এক কন্যা শিশুকে (১০) ধর্ষন চেষ্টার অভিযোগে এনছান মৃধা ওরফে গেদু (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (শনিবার) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে সকালে ওই কন্যা শিশুর মা বাদী হয়ে কলাপড়া থানায় একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশি এনছান মৃধার নাতনীর সঙ্গে ওই কন্যা শিশু প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করতো। গত বুধবার (৫ মার্চ) বেলা এগারোটার দিকে ওই শিশু বড়ই খেতে এনছান মৃধার বাড়িতে যায়। এসময় এনছান তাকে বেশি বড়ই দেয়ার কথা বলে তাদের উঠানের দক্ষিন পাশে নিয়ে জড়িয়ে ধরে শরীরের স্পর্শ কাতর স্থানে একাধিকার হাত দিয়ে ধর্ষন চেষ্টা চালায়। এসময় ওই কন্যা শিশু জোড়াজুড়ি করে কোন রকমের তার কাছ থেকে ছুটে দৌড়ে বাড়িতে গিয়ে তার মাকে সব খুলে বলে। কিন্তু বিষয়টি তার মা তেমন গুরুত্ব দেয়নি। গতকাল রাতে ওই শিশুর মা শরীরে এলার্জির মলম লাগাতে গিয়ে বাম পাশের স্তন ফুলা দেখে তাকে চিকিৎসার জন্য হাসাপতালে নিয়ে আসে এবং সকালে থানায় মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, আসামীকে গ্রেফতারের পর আদালতে প্রেরন করা হয়েছে।
মো: আল-আমিন



বরিশালে সাংবাদিক লাঞ্ছিত, থানায় আটকে রাখার অভিযোগ ওসির বিরুদ্ধে

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি (অপারেশন) গাজী মিজানুর রহমানের বিরুদ্ধে সাংবাদিক রিপন রানাকে মারধর করে থানা গারদে আটকে রাখার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, রিপন রানার মোবাইল, ক্যামেরা ও বুম ছিনিয়ে নিয়ে ডকুমেন্ট মুছে ফেলা হয় এবং রোজাদার থাকা সত্ত্বেও তাকে ইফতারের সুযোগ দেওয়া হয়নি।

শুক্রবার (৭ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। রিপন রানা বরিশাল টিভি ও বরিশাল টাইমসের রিপোর্টার।

তিনি জানান, বরিশালের কনটেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সির সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডার খবর পেয়ে থানায় যান তিনি। সেখানে পাবেলের সঙ্গে কথা বলার সময় এসআই জুবায়ের সাংবাদিকদের কটূক্তি করেন। এর প্রতিবাদ করলে ওসি (অপারেশন) গাজী মিজানুর রহমানও কটূক্তি করেন এবং এরপর পুলিশ কমিশনারকে ফোন করায় রিপনকে মারধর করা হয়।

একপর্যায়ে তাকে থানার গারদে আটকে রেখে আরও মারধর করা হয় এবং তার মোবাইল ও ক্যামেরার তথ্য ডিলিট করা হয়। গারদে বসে ইফতারের জন্য পানি চাইলে ওসি তা দিতেও নিষেধ করেন বলে অভিযোগ করেছেন রিপন।

থানার গারদে থাকা এক কিশোর (অন্তর) বলেন, সাংবাদিক রিপন ভাইকে অহেতুক পুলিশ মারধর করেছে। তার কোনো ভুল আমার চোখে পড়েনি।

রিপন দাবি করেন, পুরো ঘটনাটি থানার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড রয়েছে এবং সেটি পর্যালোচনা করলেই ঘটনার সত্যতা জানা যাবে।

ওসি (অপারেশন) গাজী মিজান সাংবাদিকদের বলেন, অনুমতি ছাড়া রিপন ভিডিও ধারণ করছিলেন, এর বাইরে কিছু বলবো না। বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে এসআই উজ্জ্বল জানান, ওসি স্যার নামাজে আছেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, ভুক্তভোগী সাংবাদিককে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক সংগঠনগুলো ঘটনার নিন্দা জানিয়ে পুলিশের ভূমিকার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।




পটুয়াখালীতে পোল্ট্রি খামারে বিষ প্রয়োগ, চার হাজার মুরগি নিহত

পটুয়াখালীর বাউফলে একটি পোল্ট্রি খামারে বিষ প্রয়োগের মাধ্যমে চার হাজার মুরগি হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার বগা ইউনিয়নের চাবুয়া গ্রামের ‘জিহাদ পোল্ট্রি খামারে’ এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাতের আঁধারে কে বা কারা বিষ জাতীয় পদার্থ ছিটিয়ে দেয়, যা খেয়ে মুরগিগুলো মারা যায়। বাউফল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অতিরিক্ত মাত্রায় বিষ প্রয়োগের কারণেই মুরগিগুলো মারা গেছে। এছাড়া, যেসব মুরগি এখনো জীবিত রয়েছে, সেগুলোও অসুস্থ হয়ে পড়েছে।

খামার মালিক চান মিয়া বলেন, ২০০৭ সালে তিনি খামারটি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এটি সম্প্রসারণ করেন। তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ব্যবসা চালিয়ে এলেও সম্প্রতি তার ভাই আমির মাস্টার ও ভাতিজা বরকত জায়গার মালিকানা দাবি করেন। তারা চান মিয়াকে খামার সরিয়ে নিতে চাপ দিয়ে আসছিলেন। কয়েকবার হুমকিও পেয়েছিলেন তিনি।

চান মিয়ার দাবি, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরেই তার ভাই ও ভাতিজা পরিকল্পিতভাবে খামারে বিষ প্রয়োগ করেছেন। তিনি জানান, এর আগেও তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এবার আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তবে আমির মাস্টার বিষ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন এবং এ বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম