জামায়াত আমিরের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “এটাই প্রথম যে, রাশিয়ান কোনো রাষ্ট্রদূত আমাদের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন। আমাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল এবং আছে, তবে অফিসিয়ালি এটি প্রথমবার রুশ রাষ্ট্রদূতের এখানে আসা।”
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
ডা. তাহের আরও বলেন, “বৈঠকে রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক, অর্থায়ন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামী কী ধরনের বাংলাদেশ দেখতে চায়, এবং আমাদের মধ্যে আন্তঃসম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”
তিনি আরও জানান, বৈঠকে দুটি বিষয়ে একমত হওয়া হয়েছে: প্রথমত, বাংলাদেশে রাশিয়ার আর্থিক সহযোগিতা ও অর্থায়ন বাড়ানো হবে এবং দ্বিতীয়ত, জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা হবে।
বৈঠক থেকে একাত্তরের স্বাধীনতার যুদ্ধে রাশিয়ার সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। যখন নির্বাচনের বিষয়টি জানতে চাওয়া হয়, তাহের বলেন, “হ্যাঁ, বাংলাদেশের নির্বাচন নিয়েও কথা হয়েছে।”
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








