মাগুরার মৃ’ত্যুবরণ করা শিশুটির পরিবারের দায়িত্ব নেবে জামায়াত আমির

মাগুরার শ্রীপুরে পাশবিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা আট বছরের শিশুটির পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির
মাগুরার শ্রীপুরে পাশবিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা আট বছরের শিশুটির পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
রোববার (১৬ মার্চ) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। একই তথ্য তিনি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতেও শেয়ার করেন।
প্রায় আট দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শিশুটি গত ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছেন।
শিশুটির পরিবারের অসহায় অবস্থার কথা উল্লেখ করে জামায়াত আমির তার পোস্টে লেখেন, “মাগুরার এই শিশুর পরিবার অত্যন্ত অসহায়। তার বাবা মানসিকভাবে অসুস্থ, পরিবারের মধ্যে কোনো পুরুষ সদস্য নেই। মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ পরিবারের দায়িত্ব নিচ্ছে, ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, পরিবারটিকে বিষয়টি ইতোমধ্যে জানানো হয়েছে এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যেন এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।
এর আগে, ১৫ মার্চ সকালে জামায়াত আমির ড. শফিকুর রহমান মাগুরার শ্রীপুরে শিশুটির বাড়িতে যান এবং পরিবারকে সান্ত্বনা দেন। তিনি এই ঘটনায় দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








