তুলসী গ্যাবার্ডের বক্তব্যে বাংলাদেশের গভীর উদ্বেগ

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশে চরমপন্থা ও সন্ত্রাসীদের উত্থান সংক্রান্ত বক্তব্যের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার (১৭ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে সরকারের প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, “তুলসী গ্যাবার্ডের মন্তব্য বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যার অভিযোগ এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে ধরে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।”
সরকারের পক্ষ থেকে জানানো হয়, গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নয়, বরং এটি একটি বিভ্রান্তিকর ধারণার ওপর দাঁড়িয়ে আছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও চরমপন্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। আইন প্রয়োগ, সামাজিক সংস্কার এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ সন্ত্রাসবিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশকে ‘ইসলামী খেলাফত’ ধারণার সঙ্গে যুক্ত করা সম্পূর্ণ অবাস্তব ও ভিত্তিহীন। এটি দেশের শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতির বিরুদ্ধে অপপ্রচার।”
বাংলাদেশ সরকার এই ধরনের মনগড়া মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, রাজনৈতিক নেতা ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের উচিত তাদের বক্তব্য বাস্তব তথ্যের ভিত্তিতে প্রদান করা, যাতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে না পড়ে।
এছাড়া, চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টাকে সফল করতে বাংলাদেশ সব সময় সত্যনিষ্ঠ আলোচনা ও আন্তর্জাতিক নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








