যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষে নিহত ৩, আহত ২

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (১৯ মার্চ) সকালে যশোরের নবীননগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ভাই বাবলু (৫৫) এবং বামন আলী গ্রামের হাসান ইকবালের শিশু কন্যা রত্না খাতুন (১২)।

এ ছাড়া, নিহত শিশুর বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন গুরুতর আহত হয়েছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গণঅধিকার পরিষদের দাবি, উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে জাতীয় ঐক্য সংহতি ধ্বংসের অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। সংগঠনটি আগামী ১৫ দিনের মধ্যে তাদের পদত্যাগ না করলে গণ-অভ্যুত্থানের ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, “যদি তারা পদত্যাগ না করেন, তবে গণ-অভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে যমুনা ঘেরাও করা হবে।”

তিনি অভিযোগ করেন, উপদেষ্টা মাহফুজ আলম ইসলামি শক্তিকে সহ্য করতে পারছেন না এবং আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কটাক্ষ করেছেন। রাশেদ খাঁন আরও বলেন, “মাহফুজ আলম জাতীয় ঐক্য সংহতি সম্পূর্ণ ধ্বংস করেছেন এবং তিনি একজন বিতর্কিত ব্যক্তি। এ রকম বিতর্কিত ব্যক্তিকে সরকারের উপদেষ্টা পদে রাখা উচিত নয়।”

দলের মুখপাত্র ও সহসভাপতি ফারুক হাসান বলেন, “যেহেতু অন্তর্বর্তী সরকারের ৩ জন ছাত্র উপদেষ্টা ছিল, তাদের মধ্যে একজন পদত্যাগ করে দলের প্রধান হয়েছেন, বাকিরাও সরকারে থাকার নৈতিকতা হারিয়েছেন।” তিনি আরও দাবি করেন, “সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে বাকি ২ জন ছাত্র উপদেষ্টারও পদত্যাগ করা উচিত।”

গণঅধিকার পরিষদের নেতা জানান, এই উপদেষ্টা পরিষদে বিতর্কিত ব্যক্তিরা রয়েছে এবং তাই প্রধান উপদেষ্টার নেতৃত্বে পরিষদের পুনর্গঠন প্রয়োজন। তিনি হাইকোর্টের রায় উল্লেখ করে বলেন, “এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার (১৯ মার্চ) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, আপিলের শুনানি আজই হতে পারে।

এ বিষয়ে হাইকোর্ট বেঞ্চের বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন পূর্বে ১ ডিসেম্বর তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছিলেন। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। বর্তমানে লন্ডনে অবস্থানরত তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হন। এই হামলার ঘটনায় শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বাঁচেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

র‌্যাব-৮ এর সহায়তায় ধর্ষণে অন্তঃসত্ত্বা এক নারীর দায়ের করা মামলার প্রধান আসামি আলী আকবর ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার সকালে গ্রেপ্তারকৃত আলী আকবরকে আদালতে প্রেরণ করা হবে জানিয়ে এজাহারের বরাত দিয়ে জেলার বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা জানান, উপজেলার চাখার এলাকার ইলেকট্রিক মেকার মো. আলী আকবর ফকির (৫৬) ও তার সহযোগি মাহাবুব সিকাদার স্থানীয় এক নারীকে (৩৮) বিয়ে দেওয়ার কথা বলেন।

২০২৪ সালের ৩১ অক্টোবর রাত ১০টার দিকে তারা পাত্রের সাথে দেখা করার কথা বলে ওই নারীকে উত্তর চাখার গ্রামের একটি নির্জন বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়।

সেখানে আলী আকবর ফকির কৌশলে গামছা দিয়ে ওই নারীর মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার সহযোগি মাহাবুব সিকদার লোকজনের গতিবিধি লক্ষ্য করে। পরে তারা ওই নারীকে বিষয়টি কারো কাছে না বলার জন্য বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করে। পরেরদিন ভোরে মাহাবুব সিকদার তার ভ্যানে করে ওই নারীকে চাখার বাজারে নামিয়ে দেয়।

ওসি জানান, এ ঘটনায় ওই নারী অন্তঃসত্ত্বা হলে তিন মাস পর এ বিষয়টি পারিবারিকভাবে প্রকাশ করেন। পরবর্তীতে চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি ভিকটিম নারী বাদি হয়ে আলী আকবর ফকির ও তার সহযোগি ভ্যানচালক মো. মাহাবুব সিকদারকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এরপর থেকে আসামিরা নিজ এলাকা থেকে আত্মগোপন করেন। পরে তাদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-৮ এর সহায়তা চাওয়া হয়। র‌্যাব-৮ এর সহায়তায় ওই মামলার প্রধান আসামি মো. আলী আকবরকে ঢাকার মিরপুর থেকে মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে গ্রেপ্তার করতে সক্ষম হন।




বরিশালে দিনে দুপুরে স্বর্ণের দোকানে চুরি, প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিল দুর্বৃত্তরা

বরিশালের বাকেরগঞ্জে বর্ষন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ঘটিত এ চুরির ঘটনায় প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক।

ঘটনাটি ঘটে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সদর রোডে অবস্থিত বর্ষন জুয়েলার্সে, যা বাকেরগঞ্জ থানার পাশেই। চুরির সময় দোকানটি বন্ধ ছিল, আর দিনের আলোতেই থানা এলাকার কাছেই এমন ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বর্ষন জুয়েলার্সের মালিক বিমল চন্দ্র দাস জানান, “দুপুর ২ টায় দোকান বন্ধ করে বাসায় চলে গিয়েছিলাম। বিকেলে ৪ টায় দোকান খুলে দেখি সাটারের তালা খোলা এবং শোকেস ভাঙ্গা। এতে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি হয়ে গেছে।”

বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম এ বিষয়ে জানান, “চুরির ঘটনা জানার পর দ্রুত পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

এ ঘটনায় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে বলেন, একদিকে দিনে দুপুরে এ ধরনের ঘটনা, অন্যদিকে থানার পাশেই চুরি হওয়া, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলার মতো।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মিরপুরে নারী সাংবাদিকের ওপর ভয়াবহ নির্যাতন

রাজধানীর মিরপুরের পল্লবীতে এক নারী সাংবাদিক ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। সোমবার (১৭ মার্চ) গভীর রাতে পল্লবী থানার বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মঙ্গলবার (১৮ মার্চ) থানায় মামলা দায়ের হয়েছে।

ভুক্তভোগী নারী সাংবাদিক একটি জাতীয় দৈনিকে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। সম্প্রতি তিনি জানতে পারেন, একটি সংঘবদ্ধ চক্র ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় নিরীহ নারী-পুরুষদের প্রলোভনে ফেলে অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল করছে। এই চক্রের কার্যকলাপ অনুসন্ধানের জন্য তিনি নিজেই মাঠে নামেন।

সোমবার রাত ১১টার দিকে তথ্য সংগ্রহের জন্য মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে গেলে মামলার আসামিরা তাকে ঘিরে ফেলে। এলোপাতাড়ি মারধর করে টেনেহিঁচড়ে নির্জন স্থানে নিয়ে যায়। পরে গভীর রাতে তাকে বালুরঘাট এলাকার নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার অন্ধকার কক্ষে আটকে রেখে রাতভর নির্যাতন করা হয়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মামলায় এনায়েত হক, হামিদুর রহমান, ছোট ইয়াসিন, বড় ইয়াসিন, শাহীন, রবি, হাসান, আনু ও আরও ৮ অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, ইতোমধ্যে অভিযুক্তদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারী সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মানবপাচারের সিন্ডিকেট ভেঙ্গে দিতে সরকার বদ্ধপরিকর

জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান বলেছেন, সরকার মানবপাচারের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর। তিনি জানান, যে সকল এজেন্সি মানবপাচারে জড়িত, সরকার ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তিনি আরও বলেন, বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশকে সচেতন করা হয়েছে যাতে বৈধ কাগজপত্র ছাড়া কেউ বিদেশে যেতে না পারে।

মঙ্গলবার (১৮ মার্চ) বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘মানবপাচারের শিকার ব্যক্তির সুরক্ষা ও সহায়তায় জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো’ শীর্ষক বিভাগীয় পর্যায়ের শেয়ারিং ও ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, সরকার জাতীয় কর্মপরিকল্পনার আওতায় পাচারের ঝুঁকিতে থাকা মানুষের নিরাপত্তা, পাচারের শিকার ব্যক্তির মনোসামাজিক পুনর্বাসন, পাচারকারীদের আইনের আওতায় আনা, এবং সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন যে, জাতীয় রেফারেল কাঠামোর আওতায় পারস্পরিক সহযোগিতা ও সংযোগ সুরক্ষা কাঠামোকে শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা ও দারিদ্র্যের সাথে লড়াই করা মানুষগুলো বেশি মানবপাচারের শিকার হয়। এদের মধ্যে অনেক সময় বেকার যুবসমাজও মানবপাচারের শিকার হয়। সরকার এ অবস্থা থেকে উত্তরণের জন্য এসব অঞ্চলে জনসচেতনতা বৃদ্ধি করতে কাজ করছে।

সভায় বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোশের্দ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও, সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিনের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী এবং কর্মশালার উদ্দেশ্য উপস্থাপন করেন উইনরক আশ্বাস প্রকল্পের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ দীপ্তা রক্ষিত।

সভায় বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আহসান কবীর, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




আগামীর নির্বাচন হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, “আগামীর নির্বাচন হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, যাতে জনগণ সমর্থন দেয় এবং এই সংবিধানকে কিভাবে সংস্কার করা যায় তা নির্ধারণ করা যায়। জনগণের সমর্থন পাবার পর এই সংস্কার কেউ বদলাতে পারবে না, কারণ জনগণের সমর্থনই সর্বোচ্চ।”

মঙ্গলবার (১৮ মার্চ) বরিশাল নগরীর সদর রোডে জেলা গণসংহতি আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত ‘নির্বাচনের জন্য সংস্কার-সংস্কারের জন্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি আরও বলেন, “গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরা ৬ মাসের মধ্যে সংবিধান সংস্কার শেষ করার প্রস্তাব দিয়েছি। সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন একই সঙ্গে সরকার গঠনেরও নির্বাচন হবে। নির্বাচনের পরপরই সরকার গঠন ও সংবিধান সংস্কারের কাজ শুরু হবে। আমরা এই তিনটা গুরুত্বপূর্ণ দাবি আদায়ে আগামী দিনে লড়াই করবো।”

তিনি আরো বলেন, “জুলাই অভ্যুত্থানের অংশীজন ছাত্র-শিক্ষক, শ্রমজীবী, রাজনৈতিক দলসহ সবাই। তাই সবাই মিলে আমরা একটি সম্মিলিত জায়গায় আসতে পারি, এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। কেউ কেউ যদি বিষয়টি এককভাবে নিয়ন্ত্রণ করতে যায়, তাহলে সেটা সংকটের জন্ম দিবে। আমাদের ফাঁদে ফেলবে।”

এ সময়, বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে সংবিধানের সংক্ষিপ্ত সংস্কারের পর, আগামীর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান। তারা জানান, জনগণের ভোটে নির্বাচিত সংসদ শুধু সংবিধান নয়, সামগ্রিক সংস্কারও করবে।

বরিশাল জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড। সভা পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ ও সদস্য হাসিব আহমেদ।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




অপহরণ-ধর্ষণ, মামলা করায় বাবাকে হত্যা’ মামলায় চাঞ্চল্যকর তথ্য

অপহরণ-ধর্ষণ, মামলা করায় বাবাকে হত্যা’ মামলায় চাঞ্চল্যকর তথ্য ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল এমন কল রেকর্ড ও প্রেমিককে লেখা প্রেমিকার চিঠিতে মোড় ঘুরেছে অনুসন্ধানের।

বরগুনার কালিবাড়ি এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ‘অপহরণ-ধর্ষণ ও মামলা করায় বাবাকে হত্যা’ মামলায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে অনুসন্ধানে। ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল এমন কল রেকর্ড ও প্রেমিককে লেখা প্রেমিকার চিঠিতে মোড় ঘুরেছে অনুসন্ধানের। পুলিশি তদন্তেও সত্যতা মিলেছে উভয়ের প্রেমের সম্পর্কের।

কালিবাড়ী এলাকার ‘অপহরণ ও ধর্ষণের শিকার’ দাবি করা সপ্তম শ্রেণির ছাত্রীর সাথে সৃজীব চন্দ্র রায়ের ১১ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ফোনালাপ এসেছে প্রতিবেদকের হাতে। তাদের ফোনালাপে শোনা যায়, তারা স্বামী-স্ত্রী হিসেবে কথা বলছেন, আবার হাসির ছলে কখনো আপত্তিকর কথাও বলছেন।

ফোনালাপের শুরুতেই সৃজীব ওই মেয়েকে বলেন,তুমি বরগুনা আসবা কবে? পাঁচ দিনের কথা বলে গেলা, কাল পাঁচ দিন হবে।” মেয়ে তখন শান্তনা দিয়ে বলছে, তোমার শ্বশুরকে বলো, সে না চাইলে কীভাবে আসব?” তখন সৃজীব বলে, মাথা খারাপ হবে কিন্তু। তারাতারি বরগুনা আসো।” তখন ওই মেয়ে বলে, তুমি আসো। তোমার শ্বশুর মাছ ধরছে, তুমিও আসো। সৃজীব বলে, আমি মাছ ধরব আর তুমি ব্যাগে মাছ নিয়ে আমার পিছনে থাকবা। তখন ওই মেয়ে রাজি না হওয়ায় সৃজীব বলে, তাহলে আমার শালীরাই ভালো। আমার পঁচা বউ তুমি। আমি শালীদের নিয়েই থাকব।” এসময় ওই ছাত্রী কিছু অশালীন কথা বলে।

অনুসন্ধানে দেখা যায়, প্রেমিক সৃজীবকে বিভিন্ন সময় প্রেমপত্র দিয়েছে ওই ছাত্রী। চিঠির সাথে তার বর্তমান লেখা খাতায় হাতের লেখার মিল পাওয়া গেছে।

এদিকে আদালতে ওই ছাত্রীর দেয়া ২২ ধারার জবানবন্দিতে সৃজীবের সাথে ফোনে কথা বলার বিষয়টি স্বীকার করলেও তিনি দাবি করেন- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণ করেছিল সৃজীব। তাদের প্রেমের বিষয়টি এলাকাবাসীর নজরেও এসেছে। তারা জানিয়েছেন, বিভিন্ন সময়ে ডিসি পার্কে একান্ত সময় কাটাতেন এই প্রেমিক যুগল।

স্থানীয় বাসিন্দা আবু সালেহ বলেন, এই ছেলে-মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত দুই/তিন মাস ধরে তারা প্রায় প্রতিদিন বিকালে ডিসি পার্কে বসে গল্পো করত। এক জনের কোলে মাথা দিয়ে আরেক জন শুয়ে থাকত।”

সৃজীবের পরিবারও স্বীকার করেছেন তাদের প্রেমের সম্পর্কের কথা। সৃজীবের মা কনিকা রানী বলেন, “আমি কয়েকদিন আগে জানতে পেরেছি তাদের প্রেমের সম্পর্কের কথা। ছেলেকে বুঝিয়ে বলেছিলাম। কিন্তু বয়স কম, কথা শোনেনি। তবে, আমার ছেলে অপহরণ করেনি, ধর্ষণও করেনি। আমার স্বামীকে মিথ্যা মামলায় জেলে দিয়েছে। তারা অপরাধী না, প্রেম করা যদি অপরাধ হয় তাহলে সেই শাস্তি আমার ছেলে পাবে, এটা আমিও চাই। কিন্তু আমার স্বামীকে কেনো ধরে নিয়ে গেলো?

যদিও ধর্ষণ-হত্যা মামলায় গ্রেপ্তার রয়েছেন তবু পুলিশি তদন্ত ও আদালতের রায়ের আগে স্বামী-সন্তানকে ধর্ষণ ও হত্যাকারী হিসেবে উল্লেখ না করতে অনুরোধ করেন তিনি। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান।

এদিকে নির্যাতনের শিকার ওই ছাত্রী ও তার মা প্রেমের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের দুজনেরই দাবি কোনো সম্পর্ক ছিল না ওই ছেলের সাথে। জানতে চাইলে ওই ছাত্রী বলেন, কল দিলে আমি নিষেধ করতাম, আমি প্রেম করিনি। আদালতে মেয়ের দেওয়া জবানবন্দি, পাশে প্রেমিকের কাছে লেখা চিঠি (ডানে)।

তবে, পুলিশি তদন্তে প্রেমের সম্পর্কসহ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। যা পুলিশের হাতে রয়েছে এবং এ ঘটনায় নড়েচড়ে বসেছে বরগুনা পুলিশ প্রশাসন। নতুন করে তদন্ত শুরু করেছেন তারা।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম এ বিষয়ে চন্দ্রদ্বীপ নিউজ ২৪.কম-কে বলেন, “তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এটা প্রাথমিকভাবে প্রমাণিত। আমরা গভীরভাবে আবারও গোটা বিষয়টি তদন্ত করছি। যে যতটুকু অপরাধ করেছে, আমরা তাকে ততটুকু সাজা নিশ্চিৎ করতে রিপোর্ট দেবো। কল রেকর্ডসহ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। বাকিটা তদন্ত শেষে বলা যাবে।”

উল্লেখ্য, বরগুনায় হিন্দু সম্প্রদায়ের কিশোরীকে অপহরণ ও ধর্ষণের বিচার চেয়ে মামলা করার ছয় দিনের মাথায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার বাবা। তার মরদেহ উদ্ধার করা হয়েছে নিজ বাড়ির পেছনের ঝোপ থেকে। নিহত ব্যক্তি বরগুনা পৌরশহরে একটি মুরগির দোকানের কর্মচারী ছিলেন। তার স্বজনদের দাবি, ধর্ষণের মামলার জের ধরে অভিযুক্তের স্বজনরা প্রতিশোধ নিতে তাকে হত্যা করেছে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার হয় এবং পরে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৫ মার্চ বরগুনা সদর থানায় মামলা করেন তার বাবা। ওই মামলায় অভিযুক্ত সৃজীব চন্দ্র রায় ও তার বাবা শ্রীরামসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




ভোলার ১০ হাজার টিউবওয়েলে পানি সংকট, বাড়ছে মানুষের ভোগান্তি

ভোলার চরফ্যাশন উপজেলার পৌর শহরসহ ২১টি ইউনিয়নে প্রায় ১০ হাজার ডিপ টিউবওয়েলে (গভীর নলকূপ) পানি না ওঠায় স্থানীয়দের মধ্যে চরম ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে, আর কিছু টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে হলেও তা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তীব্র দাবদাহে পুকুর ও খালের পানি শুকিয়ে যাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে, যার কারণে টিউবওয়েলগুলো কাজ করছে না। এর ফলে, সুপেয় পানির সংকট মারাত্মক হয়ে উঠেছে।

পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের কৃষক আবদুল মান্নান বলেন, ‘চরফ্যাশন শহরের চারপাশের খালগুলো অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে এবং খালের পানি শুকিয়ে গেছে। একসময় কৃষি কাজে খালের পানি ব্যবহার করা হতো, কিন্তু এখন খালে পানি না থাকায় সাবমার্সিবল পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি তুলে কৃষি জমিতে ব্যবহার করতে হচ্ছে।’

পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাইনুল ইসলাম সোহেল বলেন, ‘চরফ্যাশন শহরের জমির দাম বছরে দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় শহরের অধিকাংশ পুকুর ভরাট করা হয়েছে। এতে ভূগর্ভস্থ পানির স্তর কমে গেছে এবং গভীর নলকূপেও পানি উঠছে না। ফলে, পরিবারের দৈনন্দিন প্রয়োজনীয় কাজ, যেমন রান্না এবং গোসলের জন্য প্রয়োজনীয় পানি সংগ্রহ করা যাচ্ছে না।’

উপজেলা জনস্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন পৌরসভা এবং ২১টি ইউনিয়নে ১০ হাজার ৭৩টি হস্তচালিত নলকূপ স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৯ হাজার ৮৫১টি সচল এবং ২২২টি অকেজো। এখন পর্যন্ত ২৮টি নলকূপ মেরামত করা হয়েছে।

এদিকে, উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের তথ্য অনুযায়ী ১০ হাজার ৭৩টি হস্তচালিত নলকূপ স্থাপন হলেও স্থানীয়দের ভাষ্য মতে, এই সংখ্যাটি প্রায় চারগুণ। উপজেলার ৬০ শতাংশ বাসিন্দা নিজস্ব অর্থায়নে গভীর নলকূপ স্থাপন করেছেন, এর মধ্যে ৪০ শতাংশ নলকূপ অকেজো হয়ে পড়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এর চরফ্যাশন উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. আরিফ হোসেন বলেন, ‘ভূগর্ভস্থ পানি উত্তোলনের জন্য সাবমার্সিবল পাম্পের অনুমোদন দেওয়া হয় না। খাল থেকে পানি তুলে কৃষি জমিতে দেওয়ার জন্য বিএডিসির ৮২টি সেচ পাম্প রয়েছে, এছাড়া ১ হাজার ৭১৮টি সেচ পাম্প ব্যক্তিগত মালিকানায় খালে পানি তুলে কৃষি জমিতে ব্যবহার করা হচ্ছে।’ তবে, যেসব কৃষি জমির পাশে খাল নেই বা খালে পানি নেই, সেসব কৃষকরা অবৈধভাবে সাবমার্সিবল পাম্প ব্যবহার করছেন, এর সংখ্যা অবশ্য জানা নেই।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। শুষ্ক মৌসুমে এ ধরনের সংকট দেখা দেয়, তবে বর্ষাকালে এ সমস্যা থাকে না। এমনকি কিছু এলাকাতে আমাদের কাছে খবর এসেছে যে, হস্তচালিত নলকূপ থেকেও পানি তোলা যাচ্ছে না। অপরিকল্পিত পুকুর ভরাটের কারণে গভীর নলকূপগুলোর পানির স্তর কমে গেছে।’

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”