আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ার ঘোষণা এনসিপি আহ্বায়কের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। যদি ক্যান্টনমেন্ট বা ভারত আওয়ামী লীগের রাজনীতি করার পথ করে দিতে চায়, তবে তাদেরও প্রতিহত করা হবে।”
শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে আওয়ামী দোসরদের মুক্ত করতে হবে এবং যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “যেসব প্রতিষ্ঠান ২০২৪ সালের আন্দোলনে স্বৈরাচারের সহযোগিতা করেছিল, সেসব প্রতিষ্ঠানের দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।”
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে এনসিপির কোতোয়ালি, বংশাল, লালবাগ, চকবাজার ও কামরাঙ্গীরচরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম












