বিকেএসপিতে ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ তামিম, হাসপাতালে ভর্তি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা তামিম ইকবাল। বিকেএসপির মাঠে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালে বুকে তীব্র ব্যথা অনুভব করায় তামিমকে দ্রুত সাভারের ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিসিবির মেডিকেল বিভাগের সূত্র জানিয়েছে, ম্যাচ চলাকালে তামিম শারীরিক সমস্যায় পড়লে প্রথমে মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটি সূত্র জানায়, তামিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় আনা হতে পারে। এমনকি জরুরি পরিবহনের জন্য বিকেএসপির মাঠে একটি হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছিল।

তামিম বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামেন এবং টসও করেন অধিনায়ক হিসেবে। তবে ম্যাচের শুরুতেই তার অসুস্থতা দেখা দেয়। বর্তমানে হাসপাতালের চিকিৎসকরা তামিমের শারীরিক অবস্থার অবস্থা পর্যবেক্ষণ করছেন।

এদিকে, তামিমের অসুস্থতার খবর পেয়ে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে, যা দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল। বিসিবির পরিচালক ও কর্মকর্তারা তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।

মো: তুহিন হোসেন,
স্পোর্টস রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




যুক্তরাষ্ট্রে মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে যদি কেউ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে অবস্থান করেন, তবে ভবিষ্যতে ওই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এই বিষয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সোমবার (২৪ মার্চ) তার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি সতর্কতা জারি করেছে।

ফেসবুক পোস্টে মার্কিন দূতাবাস জানায়, “আপনি যদি যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও সেখানে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন। কনস্যুলার অফিসারদের কাছে আপনার অভিবাসন ইতিহাস থাকে, এবং আগের যেকোনো ধরনের নিয়ম লঙ্ঘনের তথ্য তারা সহজেই জানাতে পারেন। ‘ভুলবশত’ এমন কিছু করার সুযোগ নেই। আপনার দায়িত্ব হলো ভিসার শর্তগুলো যথাযথভাবে মেনে চলা।”

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে দেশটি অভিবাসন নীতিতে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে জার্মানি তাদের নাগরিকদেরও এ বিষয়ে সতর্কতা প্রদান করেছে, যেখানে নতুন বিধিমালা এবং কঠোরতা ভ্রমণকারীদের জন্য কার্যকর হয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




 পিএসএলে পুরো আসর খেলতে পারছেন না লিটন-নাহিদ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ এর আসরে বাংলাদেশের দুই ক্রিকেটার লিটন কুমার দাস এবং নাহিদ রানার অংশগ্রহণ সীমিত হবে। যদিও তারা দলে নির্বাচিত হয়েছেন, তবে তাদের পুরো টুর্নামেন্ট খেলা হচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তারা পিএসএলের চলমান আসরে কিছু ম্যাচের জন্য বিকল্প খুঁজছে।

লিটন এবং নাহিদ উভয়েই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট সিরিজে অংশগ্রহণ করবেন, যার কারণে পিএসএলের শুরুর কয়েকটি ম্যাচে তারা অংশ নিতে পারবেন না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে তাদের অনাপত্তিপত্র (এনওসি) এখনও দেয়নি, কিন্তু তাদের ম্যাচে অংশ না নেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত।

পিএসএল ২০২৫ এর প্লেয়ার্স ড্রাফট আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে, এবং সোমবারের ড্রাফটের মাধ্যমে লিটন ও নাহিদের পরিবর্তে নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হবে। এদিকে, রিশাদ হোসেন যেহেতু টেস্ট অভিষেক করেননি, তিনি পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন।

এছাড়া, পিএসএলে অংশ নেওয়া অন্যান্য খেলোয়াড়দের জন্যও কিছু পরিবর্তন হতে পারে। দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন, নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং মার্ক চ্যাপম্যানেরও কিছু ম্যাচ মিস করার সম্ভাবনা রয়েছে। তাদেরও বদলি খুঁজবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর দক্ষিণ আফ্রিকার করবিন বশের পুরো টুর্নামেন্টই খেলবেন না, কারণ তিনি আইপিএলে সুযোগ পেয়েছেন। তার পরিবর্তে পেশাওয়ার জালমি নতুন খেলোয়াড় নিয়োগের পরিকল্পনা করছে।

মো: তুহিন হোসেন,
স্পোর্টস রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গাজীপুরে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

গাজীপুর মহানগরীর কাশিমপুরে বসতবাড়ীর কথা কক্ষ থেকে স্ত্রী, সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের ধারণা স্ত্রী সন্তানকে হত্যার পর নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।

রোববার (২৩ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকার একটি বসতবাড়ী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, নাজমুল ইসলাম (২৯), স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের চার বছরের সন্তান নাদিয়া আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার শুলাপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে নাজমুল তিনি প্রতিনিয়ত নেশা করতেন। কোন কর্ম না থাকার সুবাদে শ্বশুর বাড়ির এক কক্ষে স্ত্রী সন্তানসহ থাকতেন তিনি।

দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল। এসব নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে গত শনিবার রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে তারা নিজ ঘরে গিয়ে শুয়ে পড়েন। পরদিন ঘুম থেকে না ওঠায় সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করতে থাকেন। কোনো সারা শব্দ না পেয়ে তারা ঘরের পেছন দিকের জানালা টেনে ফাঁকা করে দেখেন নাজমুলের মরদেহ ঝুলে আছে। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে আছে। পরে প্রতিবেশীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্টোপলিটন কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইফতেখার হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




 যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলায় ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের লাস ক্রুস শহরের ইয়ং পার্কে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। এই হামলা শুক্রবার (২২ মার্চ) রাতে একটি অনুমোদনহীন গাড়ি প্রদর্শনী আয়োজনের সময় ঘটে। ঘটনাটি রাত ১০টার দিকে ঘটে, যখন দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গোলাগুলির সময় পার্কে অন্তত ২০০ জন লোক জমায়েত ছিল। পুলিশ প্রধান এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনাস্থল থেকে ৬০টি বুলেট শেল উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত হামলায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

নিহতদের মধ্যে দুইজনের বয়স ১৯ এবং একজনের বয়স ১৬ বছর। তবে নিহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

এই ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, এবং পুলিশ হামলাকারীদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার সুযোগ নেই: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম শনিবার (২২ মার্চ ২০২৫) জাতীয় প্রেসক্লাবে রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরামের (আরডিআরএফ) আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন।

সারজিস আলম বলেন, “সেনাবাহিনীর প্রধানকে সরানোর কোনো প্রশ্ন কখনো আসেনি। বরং এখন ‘গুজব ছড়ানো হচ্ছে’। আমরা মনে করি, এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং নির্বাচনের পূর্ব পর্যন্ত এ ধরনের পরিস্থিতি তৈরি না হওয়ার জন্য আমরা প্রত্যাশা করি। সেনাবাহিনীর প্রতি রাজনৈতিক দলগুলোর যে শ্রদ্ধাবোধ ছিল, সেটি ভবিষ্যতেও থাকবে।”

তিনি আরো বলেন, “সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান, যার প্রতি আমাদের সবার আস্থা ও শ্রদ্ধা রয়েছে। আমরা এই শ্রদ্ধাবোধ বজায় রাখতে চাই। সাম্প্রতিক সময়ে যা ঘটছে, তা সেনাবাহিনীকে সরাসরি প্রতিপক্ষ করার পরিস্থিতি তৈরি করছে না।”

সারজিস আলম আরও জানান, “জাতীয় নাগরিক পার্টি ও আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ রাখি, এবং আশা করি তারা ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের পাশে থাকবে।”

তিনি মন্তব্য করেন, “আমরা যদি কোনো একটি বিষয় নিয়ে মতামত বা সমালোচনা করি, সেটি যুক্তিসংগত আলোচনার মাধ্যমে হবে। তবে, সেনাবাহিনীর সাথে কখনও মুখোমুখি হওয়ার প্রশ্ন ওঠে না।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




সেনাবাহিনী জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান

চন্দ্রদ্বীপ ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতরা যেন কখনো মনোবল না হারায়। বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে সবসময় থাকবে।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সেনামালঞ্চে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এ সময় সেনাবাপ্রধান জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

সেনাপ্রধান বলেন, আহতদের জন্য ডিজিএফআই, এসএসএফ, ব্যাংকার ও সেনাবাহিনী টাকা দিয়েছে। গণঅভ্যুত্থানে আহত চার হাজার ২১৫ জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং এখনো ৩৯ জন সিএমএইচে চিকিৎসাধীন। আহতদের আর্থিক সহযোগিতা সেনাবাহিনীর পক্ষ থেকে জারি থাকবে।

আহতের উদ্দেশ্যে সেনাপ্রধান আরও বলেন, আপনারা কখনও মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নেই। আপনারা জাতির কৃতি সন্তান। দেশ ও জাতির জন্য আপনারা অনেক কিছু ত্যাগ করেছেন। আপনাদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।




সেনাবাহিনী সবসময় জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “আপনাদের মনোবল হারানোর কিছু নেই। আপনারা জাতির কৃতি সন্তান। আপনাদের দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে এই নিশ্চয়তা (অ্যাস্যুরেন্স) দিচ্ছি যে, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।”

রবিবার (২৩ মার্চ) ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন।

এ অনুষ্ঠানটি জুলাই গণ-অভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে আয়োজন করা হয়। সেনাবাহিনী প্রধান এই আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

আইএসপিআর জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে আহত ৪,২১৫ জনকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৮৯ জনের সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ৩৯ জন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পিরোজপুরে মসজিদে হামলা-ছিনতাই, জাতীয় নাগরিক কমিটির সদস্য গ্রেপ্তার

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাঙচুর এবং টাকা ছিনতাইয়ের ঘটনায় জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর জেলার সদস্য মুসাব্বির মাহমুদ সানি (৩২) গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (২২ মার্চ) দুপুরে পিরোজপুর সদর থানার ডিবি পুলিশ তাকে কাপুরিয়াপট্টি এলাকা থেকে আটক করে। মামলার অভিযোগ অনুযায়ী, গত ২১ ফেব্রুয়ারি দুপুরে মুসাব্বির সানি ও তার নেতৃত্বে থাকা ৩০-৪০ জনের একটি দল পিরোজপুর পৌরসভার অধীনে নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে হামলা চালায়। তারা সাইটের কর্মচারীদের থাকার ঘর ভাঙচুর করে এবং অফিস কক্ষে রাখা ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। হামলাকারীরা সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও ধ্বংস করে।

এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার শহিদুল ইসলাম থানায় মামলা করেছেন। মামলায় মুসাব্বির মাহমুদ সানি, তার ভাই সাজিদ এবং সহযোগী সাজিদুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে।

জানা গেছে, মুসাব্বির সানি এর আগে সংশ্লিষ্টদের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সোবাহান বলেন, “মুসাব্বির সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। এছাড়া পিরোজপুর বালেশ্বর ব্রিজ টোল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে, তবে ওই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “যদি আমরা জনগণের চাওয়া এবং লক্ষ্য বুঝে কাজ না করি, তবে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না।”

রবিবার (২৩ মার্চ) রাজধানী ঢাকার বিজয়নগরে ফারস হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।

তারেক রহমান আরও বলেন, “পলাতক স্বৈরাচার দেশের যেসব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল, সেগুলো পুনরায় মেরামত করতে হবে। আমাদের রাজনীতি যদি দেশের জনগণের চাওয়া অনুযায়ী না হয়, তবে এই দেশকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব হবে না।”

তিনি যোগ করেন, “জুলাই-আগস্টে জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের সমর্থন ছিল, বলেই পলাতক স্বৈরাচারের মতো একজন মাফিয়াকে এ দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। জনগণ রাজপথে নেমে এসে রাজনৈতিক দলগুলোর পাশে দাঁড়িয়েছিল এবং পরিবর্তনের পক্ষে সমর্থন দিয়েছিল।”

এছাড়াও, তারেক রহমান দেশের রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং বলেন, “যতই সংস্কারের কথা উঠুক না কেন, আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণ। তাদের সমস্যাগুলি নিয়ে আমাদের কথা বলা উচিত এবং তা সমাধান করতে হবে।”

এফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মোহাম্মদ কামাল হোসেন, ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, এবং জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম