এতোবড় বিপর্যয়ের পরও আ.লীগের পরিবর্তনের কোন লক্ষণ নেই: মঞ্জু

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “এতোবড় গণঅভ্যুত্থান ও বিপর্যয়ের পরও আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোন লক্ষণ নেই।” তিনি এসব কথা বলেন দলীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেফতার করার গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ার প্রতিবাদে এবি পার্টির আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে।

সোমবার (২৪ মার্চ) দুপুর ২টায় বিজয় নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, “রোববার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আওয়ামীপন্থী ব্লগার গুজব ছড়িয়েছিল যে, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে। এই গুজবের ফলে রাতভর ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানকালীন ২০২৪ সালের ৫ আগস্ট এবি পার্টির বিক্ষোভ সমাবেশে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের একটি পুরোনো বক্তব্যকে সাম্প্রতিক সময়ের বক্তব্য বলে চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই।” তিনি রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের মধ্যে ব্যাপক অস্থিরতা থাকার কথা উল্লেখ করে জনগণকে ধৈর্য এবং ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইন, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, সহকারী স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




তামিম এখন কেমন আছেন জানালেন ডাক্তার

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এ খেলতে গিয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর ব্লক ধরা পড়ায় তামিমের হার্টে রিং পরানো হয়েছে। তামিমের এই অসুস্থতার খবর গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে।

তামিমের চিকিৎসা সম্পর্কে সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমকে জানান, “একটা হার্ট অ্যাটাক হয়েছিল, এজন্য এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়েছে। এটি খুবই স্মুথলি এবং এফিসিয়েন্টলি হয়েছে। আমাদের কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ এটি করেছেন। ব্লকটি পুরোপুরি চলে গেছে এখন। তামিমের শারীরিক অবস্থা কিছুটা ক্রিটিক্যাল ছিল, তবে এখন তিনি অবজারভেশনে আছেন। কিছু সময় লাগবে, আমরা প্রাণপণে চেষ্টা করছি।”

তামিমের অসুস্থতার খবর পাওয়ার পর বিসিবি কর্মকর্তারা বোর্ড সভা স্থগিত করে হাসপাতালে যান। বিসিবি পরিচালক মাহবুবুল আনাম বলেন, “প্রত্যেকটা স্টেপে মনে হয়েছে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে প্রতিটা স্টেপে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এছাড়া, তামিমের অফিশিয়াল ফেসবুক পেজে তার অসুস্থতার বিস্তারিত জানানো হয়। সেখানে বলা হয়েছে, টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে তামিম বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রথমে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসার পর তিনি বিকেএসপিতে ফিরে আসেন।

এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করা হয়, তবে পরিস্থিতি জটিল হয়ে পড়লে তাকে কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে পুনরায় ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে এবং দ্রুত এনজিওগ্রাম করা হয়, যার পর রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




পটুয়াখালীতে মরুর ফল ‘সাম্মাম’ চাষে সফলতা

পটুয়াখালীর ব্যাংক কর্মকর্তা কামরুজ্জামান জুয়েল মরু অঞ্চলের সুস্বাদু ও পুষ্টিকর ফল সাম্মাম চাষ করে সাড়া ফেলেছেন। আধুনিক কৃষি প্রযুক্তির সহায়তায় জেলার আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি সফলভাবে এই ফল উৎপাদন করছেন।

প্রথমবারের মতো পটুয়াখালীতে বাণিজ্যিকভাবে সাম্মাম চাষ শুরু করেন কামরুজ্জামান জুয়েল। ঢাকায় গিয়ে উন্নত জাতের বীজ সংগ্রহ করে তিনি পাঁচ বিঘা জমিতে দুই ধরনের সাম্মাম ফলের চাষ করেন। ইন্টারনেট থেকে প্রাপ্ত জ্ঞান ও জেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে চাষাবাদ শুরু করেন তিনি।

সাম্মাম একটি সুগন্ধযুক্ত, মিষ্টি ও রসালো ফল, যা সাধারণত মরু অঞ্চলে চাষ হয়। জুয়েল তার জমিতে দুই ধরনের সাম্মাম উৎপাদন করছেন—একটির বাইরের অংশ সবুজ ও ভেতরে লাল, অপরটির বাইরের অংশ হলুদ ও ভেতরে লাল। জমির মাটিতে সরাসরি এবং মাচা পদ্ধতিতে এই ফলের চাষ করা যায়। মাত্র দেড় মাসের মধ্যেই গাছে ফল আসে এবং তিন মাসের মধ্যেই তা পরিপক্ব হয়ে যায়।

বর্তমানে সাম্মাম পাইকারি বাজারে প্রতি কেজি ১৫০ টাকা এবং খুচরা বাজারে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। এর স্বাদ, গুণগত মান ও সুগন্ধের কারণে স্থানীয় বাজারে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

কৃষি উদ্যোক্তা কামরুজ্জামান জুয়েল বলেন, “ছোটবেলা থেকেই কৃষির প্রতি আগ্রহ ছিল। অবসরে চাষাবাদ করতে চেয়েছিলাম। সাম্মাম চাষ করে ভালো ফল পাচ্ছি, যা আমাকে আরও উৎসাহিত করছে।”

তার সফলতা দেখে অনেক কৃষক সাম্মাম চাষে আগ্রহী হয়েছেন। স্থানীয় কৃষক কামাল উদ্দিন বলেন, “ফলের বাজার মূল্য ভালো থাকায় আমিও সাম্মাম চাষ করতে চাই এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিচ্ছি।”

পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জালাল বলেন, “সাম্মাম চাষের শুরু থেকেই আমরা জুয়েলকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছি। আরও কেউ আগ্রহী হলে তাকেও সহায়তা করা হবে।”

পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, “সাম্মাম চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। যেকোনো নতুন কৃষি উদ্যোগের ক্ষেত্রে আমরা পরামর্শ ও সহযোগিতা প্রদান করছি।”

সাম্মাম চাষে পটুয়াখালীতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। কৃষি উদ্যোক্তাদের জন্য এটি একটি লাভজনক ফসল হতে পারে। সঠিক পরিচর্যা ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এই ফলের বাণিজ্যিক চাষ আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে জোয়ারই ভরসা




তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা

বরিশালের বিকেএসপিতে খেলতে গিয়ে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হওয়া বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার পক্ষে ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন।

নিজাম উদ্দিন জানান, হার্ট অ্যাটাকের পর তামিমকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার শারীরিক অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করা হয়।

এদিকে, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং খেলোয়াড়ের চিকিৎসার জন্য কোনো সহায়তা দিতে প্রস্তুত। তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে নিয়মিত তথ্য প্রদান করবে বিসিবি।

উল্লেখ্য, তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বিভিন্ন পর্যায়ে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




সন্দ্বীপে ফেরি সার্ভিসের উদ্বোধন, দ্বীপবাসী উচ্ছ্বাসে মাতোয়ারা

আজ এক ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে সন্দ্বীপের ইতিহাসে। প্রথমবারের মতো সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে পৌঁছেছে ‘কপোতাক্ষ’ নামক ইম্প্রুভড মিডিয়াম ফেরি। এই নতুন ফেরি সার্ভিস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দ্বীপবাসী উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে উঠেছে।

বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পার করে যখন ফেরিটি গুপ্তছড়া ঘাটে পৌঁছায়, তখন সেখানে ছিল এক উৎসবমুখর পরিবেশ। হাজারো মানুষ হাত নেড়ে, মোবাইলে ছবি তুলে এবং বাঁশি বাজিয়ে এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করছে। অনেকের চোখে জল, কারণ এই স্বপ্ন ছিল বহু বছরের।

প্রবীণ বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের জন্য এটি যেন আশীর্বাদের মতো। এতদিন যে কষ্টের মধ্যে ছিলাম, তা এবার লাঘব হবে।” অন্যদিকে, আনোয়ার হোসেন বলেন, “এখন থেকে নিরাপদ ও সহজ যাতায়াত করতে পারব, তবে বর্ষায় কোস্টাল ফেরি চালানোর জন্য সরকারের আরও পদক্ষেপ কামনা করি।”

এমনকি শিশুরাও এই পরিবর্তনের আনন্দে উদ্বেলিত। ১৩ বছর বয়সী রায়হান বললেন, “আগে দাদুর বাড়ি যেতে কাদা-পানি পার হতে হতো, এবার আর সেই কষ্ট নেই।”

সন্দ্বীপের সন্তার বিএনপি নেতা বেলায়েত হোসেন বলেন, “এই ফেরি সার্ভিস সন্দ্বীপবাসীর জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘদিন ধরে আমরা নিরাপদ নৌপথের দাবি জানিয়ে আসছিলাম। আজ সেটি বাস্তবায়িত হওয়ায় আমরা আনন্দিত।”

এই ফেরি সেবাটি শুধু যাতায়াতই সহজ করবে না, দ্বীপের অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সন্দ্বীপের সন্তান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “এই উদ্যোগ সন্দ্বীপের মানুষের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।”

এছাড়া, ফেরির ফি সম্পর্কে জানানো হয়েছে যে, সাধারণ যাত্রীদের জন্য ১০০ টাকা, মোটরসাইকেল ২০০ টাকা, সিএনজিচালিত অটোরিকশা ৫০০ টাকা, ব্যক্তিগত গাড়ি ৯০০ টাকা, বাস ৩ হাজার ৩০০ টাকা, ট্রাক ৩ হাজার ৩৫০ টাকা এবং ১০ চাকার গাড়ির জন্য ৭ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ভোলা-চট্টগ্রাম রুটে কর্ণফুলী ক্রুজলাইনের নতুন যাত্রীবাহী লঞ্চ সার্ভিস শুরু

ভোলা থেকে চট্টগ্রাম রুটে যাত্রীবাহী লঞ্চ সেবা চালু করেছে কর্ণফুলী ক্রুজলাইন। দীর্ঘদিনের যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে এই সেবা শুরু করা হয়েছে, যা নিশ্চিত করবে নিরাপদ ও আরামদায়ক যাত্রা। এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস নামে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল জাহাজ এই রুটে চলাচল করবে।

এই সেবা বেতুয়া লঞ্চ ঘাট থেকে শুরু হয়ে লালমোহনের মঙ্গলসিকদার ঘাট ও তজুমদ্দিন ঘাটে যাত্রী ওঠানামা করবে। জাহাজ দুটি প্রতিদিন সকাল ৮টায় বেতুয়া থেকে ছাড়বে এবং বিকেল ৫টায় চট্টগ্রামের সদর ঘাটে পৌঁছাবে। চট্টগ্রাম থেকে আবার সকাল ৮টায় লঞ্চটি ছাড়বে।

এছাড়া, যাত্রীদের সুবিধার্থে লঞ্চ দুটি লালমোহন, তজুমদ্দিন, মনপুরা (ঢালচর) এবং হাতিয়া ঘাটেও যাত্রী ওঠানামা করবে।

কর্ণফুলী ক্রুজলাইনের পরিচালক মো. শামসুল আলম জানান, “আমরা যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন এবং আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে এই লঞ্চ সেবা চালু করেছি। এটি আমাদের ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা হিসেবেও বিবেচনা করা হচ্ছে।”

এদিকে, গত ১৮ মার্চ কর্ণফুলী ক্রুজলাইনের এমভি বারো আউলিয়ার ক্যাপ্টেন মো. ফরিদ হোসেন এবং সার্ভে টিম বেতুয়া, লালমোহন মঙ্গলসিকদার এবং তজুমদ্দিন ঘাট পরিদর্শন করেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




তামিম ইকবালের সুস্থতার জন্য দোয়া চাইলেন তাসকিন, শরিফুল ও শাকিব

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। তার শারীরিক অবস্থা এতটাই সংকটজনক ছিল যে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তামিমের সুস্থতার জন্য তার সাবেক সতীর্থ তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও চিত্রনায়ক শাকিব খান সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় দোয়া চেয়েছেন।

ফেসবুকে তাসকিন আহমেদ লিখেন, “তামিম ইকবাল ভাই সাভারে বিকেএসপিতে ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থা আরও খারাপ হয়েছে। সে এখন লাইফ সাপোর্টে। দয়া করে তার জন্য প্রার্থনা করুন, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিক।”

চিত্রনায়ক শাকিব খান তার পেইজে লিখেন, “বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।”

শরিফুল ইসলাম তার ফেসবুক পেইজে লিখেন, “তামিম ভাই, আপনি শিগগিরই সুস্থ হয়ে উঠুন। আমরা আপনার ফিরে আসার অপেক্ষায় আছি। সবাই মিলে তামিম ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।”

এর আগে, তামিম ইকবালের শারীরিক অবস্থা গুরুতর হলে তাকে ঢাকায় আনার পরিকল্পনা করে তার ক্লাব মোহামেডান। এই উদ্দেশ্যে বিকেএসপিতে এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল, তবে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে, পানির সংকটে বাধা

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে নতুন করে লাগা আগুনের তীব্রতা কিছুটা কমেছে। তবে পানির সংকট এবং ভাটার কারণে নদী শুকিয়ে যাওয়ায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের চেষ্টা এখনও অব্যাহত রয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু বক্কর জানান, আগুনের প্রকোপ কিছুটা কমেছে। তবে পানির সংকটের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেন, “রাতে এই দুর্গম এলাকায় কাজ করা খুবই চ্যালেঞ্জিং। ভাটার সময় নদীতে পানি থাকে না, ফলে আগুন নেভাতে সমস্যা হচ্ছে।”

তিনি আরও জানান, “রাতে জোয়ার থাকায় পানি ছিটাতে পেরেছি, যার ফলে আগুন কিছুটা কমেছে। তবে শুকনো পাতা ও মরা ডালের স্তরের কারণে আগুন কিছুটা বাকি থাকে। ফলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এখনও সম্ভব হয়নি।”

রোববার সকালে ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করে বন বিভাগ আগুন শনাক্ত করে এবং সেই অনুযায়ী নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে। তবে দুর্গম পরিবেশ, তাপমাত্রা, ধোঁয়া ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এ অবস্থায় কাজ করতে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ বেগ পেতে থাকেন।

ভাটার কারণে নদীতে পানি না থাকায় পাম্প বসানো সম্ভব হয়নি, কিন্তু সন্ধ্যার আগে মরা ভোলা নদীতে পাম্প স্থাপন করা হয়। রাত সাড়ে ৮টার পর পানি দেওয়া শুরু হলেও পুনরায় ভাটার কারণে তা ব্যাহত হয়। মধ্যরাত থেকে জোয়ারের সাথে আবারও পানি দেওয়া শুরু হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম জানান, “আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পানির সংকটের কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হলেও আমরা একসাথে কাজ করছি।”

এদিকে, গত দুই দিনে সুন্দরবনের দুটি পৃথক স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দিনরাত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তবে দুর্গম এলাকা এবং পানির সংকটের কারণে আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গুরুতর অসুস্থ তামিম ইকবাল, নেয়া হয়েছে লাইফ সাপোর্টে

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাকে বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে শাইনপুকুরের বিরুদ্ধে মোহামেডানের খেলায় ফিল্ডিং করছিলেন তামিম। হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি, এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তবে অবস্থা অবনতি হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে, তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নিয়ে যান।

এছাড়া, হেলিকপ্টারে করে তামিমকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা চলছে, তবে চিকিৎসকরা মনে করছেন তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে স্থানান্তর করাটা খুবই কঠিন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম