মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’

চন্দ্রদ্বীপ ডেস্ক : জার্মান পত্রিকা দের স্পিগেলের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ মার্চ) এটি প্রকাশ করা হয়েছে। এই সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান, সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, শেখ হাসিনার দুঃশাসন, সংস্কার প্রস্তাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি।

এরমধ্যে সংস্কার প্রস্তাবনা নিয়ে দের স্পিগেলের সাংবাদিক লরা হোফলিঙ্গার তাকে জিজ্ঞেস করলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব করা হয়েছে। যেগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে এবং তাদের সংস্কার বিষয়ে ‘সম্মত’, ‘অসম্মত’, অথবা ‘পরিবর্তনসহ সম্মত’ এ তিনটি উত্তর দিতে বলা হবে। এরমাধ্যমে দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হবে এবং সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যেন সাধারণ মানুষ দেখতে পারেন কারা কথা রেখেছে আর কারা রাখেনি। এছাড়া এটি ‘জুলাই সনদ’ হিসেবেও স্বীকৃতি পাবে বলে জানান ড. ইউনূস।

তাকে প্রশ্ন করা হয়— “(সাবেক প্রধানমন্ত্রী) হাসিনা ও তার দল ২০০৯ সালে সুষ্ঠু নির্বাচনের পর ক্ষমতায় এসেছিল। তবে পরবর্তী সরকার যেন (হাসিনা ও আ. লীগের মতো স্বৈরাচার না হতে পারে) রাষ্ট্রকে অবমূল্যায়ন না করতে সেজন্য আপনি ১৫টি সংস্কার কমিশন তৈরি করেছেন। যেগুলো নজর দিচ্ছে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য বিষয়গুলোর ওপর। এখন পর্যন্ত কতগুলো সংস্কার কার্যকর করা হয়েছে।”




এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত : প্রধান উপদেষ্টা

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে সম্পর্কিত এবং এজন্য একটি পরিষ্কার রোডম্যাপ তৈরি করা প্রয়োজন। তিনি এ কথা বলেছেন চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া (BFA) সম্মেলনে।

এশিয়ার দেশগুলোর একে অপরের ভাগ্য ও উন্নতির উপর গুরুত্ব দিয়ে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “এই পরিবর্তিত বিশ্বে, এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত। আমাদের অভিন্ন ভবিষ্যত এবং সমৃদ্ধির জন্য একটি পরিষ্কার রোডম্যাপ তৈরি করা উচিত।”

আর্থিক সহযোগিতা নিয়ে তিনি বলেন, “এশিয়াকে একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে হবে। আমাদের নির্ভরযোগ্য তহবিলের প্রয়োজন যা আমাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে সক্ষম হবে।”

বাণিজ্য সহযোগিতা সম্পর্কে তিনি আরও বলেন, “এশিয়া এখনও সবচেয়ে কম সংহত অঞ্চলগুলোর মধ্যে একটি। আমাদের অবিলম্বে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে।”

খাদ্য নিরাপত্তা এবং কৃষি সহযোগিতার বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, “এশিয়ার দেশগুলোকে সম্পদ-দক্ষ কৃষিকাজ উৎসাহিত করতে হবে এবং খাদ্য নিরাপত্তার জন্য দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে। আমাদের আমদানি নির্ভরতা কমাতে হবে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে।”

এছাড়াও, তিনি প্রযুক্তিভিত্তিক টেকসই কৃষি সমাধান এবং জলবায়ু-স্মার্ট কৃষিকাজে উদ্ভাবনের উপর গুরুত্ব আরোপ করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “এশিয়াকে একটি শক্তিশালী প্রযুক্তিগত ইকোসিস্টেম গড়ে তুলতে হবে, যা পুনরুদ্ধারমূলক, বিতরণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। আমাদের জ্ঞান ও তথ্য ভাগাভাগি করতে হবে এবং প্রযুক্তির বিকাশ ও উদ্ভাবনে বিনিয়োগ করতে হবে। ডিজিটাল সমাধানের ক্ষেত্রে সহযোগিতা অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাবে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




কারখানার গাড়ি বিক্রি করে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য সরকার তিনটি পোশাক কারখানাকে ১২ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দিয়েছে। এছাড়া, টিএনজেড গ্রুপের একটি পোশাক কারখানার গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছে কর্তৃপক্ষ।

আজ (২৭ মার্চ) বৃহস্পতিবার, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, “রোয়ার ফ্যাশন নামের প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনাদি পরিশোধের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের আপদকালীন হিসাব থেকে ১ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দেওয়া হয়েছে। তবে, এই উদ্যোগ অন্য কোনো প্রতিষ্ঠানে প্রসারিত করা যাবে না।”

শ্রম উপদেষ্টা আরও জানান, “টিএনজেড গ্রুপের অ্যাপারেলস ইকো লিমিটেড তাদের গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছে। এধরনের উদ্যোগ বাংলাদেশে এটি প্রথম ঘটেছে বলে জানা যায়।”

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মাহমুদ গ্রুপের দুটি প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ১১ কোটি টাকা নগদ সহায়তা ছাড় করা হয়েছে। এছাড়া, স্টাইলক্রাফট অ্যান্ড ইয়াংওয়ান বিডি লিমিটেডের মালিক ও শ্রমিকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।

শ্রম উপদেষ্টা আরও বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, যাতে শ্রমিকরা তাদের পাওনা পেয়ে যান। যারা এখনও পাওনা পাননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই ঈদ অন্যান্য ঈদ থেকে অনেক ভালো হবে এবং পোশাক শিল্পে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের নতুন মেয়র ঘোষণা

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে আদালত শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করেছে। সেই সাথে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে।রায় ঘোষণার বিস্তারিত

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম নির্বাচনী ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন, যিনি বিজয় মিছিলও করেছেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারির সিটি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ নির্বাচন ও ফল বাতিল চেয়ে মামলা করেছিলেন। মামলায় মোট আটজনকে বিবাদী করা হয়, এর মধ্যে ছিলেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন, এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ইশরাক হোসেনের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, “অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন।”

২০২০ সালের সিটি নির্বাচনে ঢাকা উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে, তাদের শপথ গ্রহণের পর সরকার পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত আটক

ভোলা জেলার তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে ৫ ডাকাত আটক করা হয়েছে। বুধবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট প্লেয়ার উদ্ধার করা হয়।

আজ (২৭ মার্চ) কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ ভোলা খেয়াঘাট সড়কে কোস্টগার্ড বেইসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিন বাহিনীর ৫ সদস্যকে আটক করা হয়।

আটক ডাকাতরা হলেন- মোঃ হারুন দফাদার (৫০), মোঃ রুবেল (২৬), মোঃ কবির মাঝি (৪৭), মো. ইউনুস (৩৬) এবং মোঃ ফেরদৌস ওরফে হেজু (৪০)। তারা সবাই চর মোজাম্মেল এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে জলদস্যুতা করে আসছিলো বলে জানিয়েছে কোস্টগার্ড।

আটক ডাকাতদের ও জব্দকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আমতলীতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল সাতটি দোকান

আমতলী উপজেলার মাইঠা বাজারে বুধবার (২৬ মার্চ) মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। তবে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় বাজারের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন।

অগ্নিকাণ্ডটি শুরু হয় মাইঠা বাজারের ব্যবসায়ী মিলন গাজীর মুদি দোকান থেকে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। শেষ পর্যন্ত সাতটি দোকান পুড়ে যায়। দোকানগুলোর মধ্যে রয়েছে মুদি, ইলেকট্রনিক্স ও অন্যান্য ব্যবসা। স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের মধ্যে মিলন গাজী, ফেরদৌস খন্দকার, রুহুল আমিন খন্দকার, ফারুক মোল্লা, জব্বার খন্দকার, নাজমুল আহসান এবং মন্নান খন্দকার রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাডাকি শুনে তাঁরা বাজারে এসে আগুন দেখতে পান, এবং পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

দোকান মালিক মিলন গাজী কান্নাজনিত কণ্ঠে বলেন, “আমার সব কিছু পুড়ে গেছে। জীবনের প্রতিটি সঞ্চয় এখানে ছিল। এখন কোনরকমে ঈদ পালন করা তো দূরের কথা, কিছুই রইল না।” ইলেকট্রনিকস ব্যবসায়ী রুহুল আমিন খন্দকার বলেন, “একমাত্র এ দোকানেই জীবন-যাপন করছিলাম। এখন এক নিমিষেই সব শেষ হয়ে গেছে। অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হানিফ জানান, বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে সহায়তা প্রদান করা হবে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




জাতীয় নাগরিক পার্টি: একক ব্যক্তির দল নয় : আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, “জাতীয় নাগরিক পার্টি কোনো একক ব্যক্তির দলের প্রতিনিধিত্ব নয়। এটি গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্বের একটি দল, যারা দেশের উন্নতির জন্য একত্রিত হয়েছেন।”

আজ (২৭ মার্চ) দুপুরে রংপুর নগরীর মাহীগঞ্জে আয়োজিত জনসংযোগ কর্মসূচিতে সাংবাদিকদের সাথে আলাপকালে আখতার হোসেন এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, “আমাদের দলের বিভিন্ন সদস্যের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি সম্পূর্ণ ভুল ধারণা। দলের শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় সদস্যরা এবং দেশের অন্যান্য নেতৃবৃন্দ একত্রে কাজ করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য ঐক্যবদ্ধ।”

আখতার হোসেন জানান, এনসিপি দেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপন এবং জনসংযোগ বৃদ্ধির জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, “যদি জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে, তবে আমরা দলগতভাবে তাদের যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করবো।”

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজশে দেশের মধ্যে গণহত্যার ঘটনা ঘটানো হয়েছে দাবি করে তিনি বলেন, “আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেশজুড়ে ডামি নির্বাচন আয়োজন করেছে এবং জনগণ দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসনের অধীনে পিষ্ট হয়েছে। ২০২৪ সালে সংঘটিত গণহত্যার পেছনে সরাসরি মদদদাতা ছিল আওয়ামী লীগ এবং তাদের সহযোগী জাতীয় পার্টি।”

আখতার হোসেন আরও বলেন, “পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, এবং জুলাই অভ্যুত্থানে আওয়ামীর লীগের নেতৃত্বে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই ধরনের দল কোনোভাবেই গণতন্ত্রের পক্ষের শক্তি হতে পারে না।”

এনসিপি সদস্যসচিব ভবিষ্যতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে গণপরিষদ নির্বাচনের বাস্তবতার বিষয়টি উল্লেখ করে বলেন, “বর্তমান সাংবিধানিক কাঠামো জনগণের সুষ্ঠু অধিকার নিশ্চিত করছে না। দেশের মানুষ নতুন এক রাজনৈতিক সংগঠন প্রত্যাশা করছে এবং এ পরিস্থিতি বদলাতে গণপরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আশা প্রকাশ করেন যে, প্রধান উপদেষ্টা যদি নির্বাচনের সময়সীমা অনুযায়ী সংস্কার কার্যক্রম শুরু করেন, তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূল হতে পারে।

আজ আখতার হোসেন প্রথমবারের মতো রংপুরে আসেন এবং শহরের সাতমাথা থেকে জনসংযোগ শুরু করেন। ভ্যানযোগে পীরগাছা ও কাউনিয়ায় জনসংযোগ শেষে তিনি টেপামধুপুর বাজারের কারবালা মাঠে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আদালতের রায় শুনে যা বললেন ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আদালতের রায় ঘোষণা শোনার পর বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, “শপথ নেব কি না তা দলের সিদ্ধান্তে নির্ভর করবে।”

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মার্কা নিয়ে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন করেছিলাম। কিন্তু পরে সারা বাংলাদেশ এবং জাতি দেখেছে, দিনে-দুপুরে ভোট ডাকাতি হয়েছে।”

ইশরাক আরও বলেন, “২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। আজ আদালতের রায় অনুযায়ী, আমাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ফজলে নূর তাপসের গেজেট বাতিল করা হয়েছে।”

তিনি বলেন, “আমি এবং আমার দলের পক্ষ থেকে আদালতকে সম্মান জানাই। তবে শপথ নেওয়ার ব্যাপারে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ সহ অন্যান্য নেতারা।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




আ. লীগের আমলে নিপীড়িতদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আওয়ামী লীগের আমলে যারা লুটপাটের রাজনীতি করে, তাদের কাছে চব্বিশ কোনো স্বাধীনতা নয়। তবে গত ১৫ বছরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হওয়া জনগণের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা।”

তিনি বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে মোদি বিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং বিচারের দাবিতে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার ভারতীয় স্বার্থ রক্ষা করেছে এবং তাদের খুশি করার জন্য নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, তবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।” তিনি আরও বলেন, “সীমান্ত হত্যার আজও কোনো সুরাহা হয়নি, এবং পানির ন্যায্যতা আমরা পাইনি। বাংলাদেশের জনগণের অধিকার আদায় করতে হবে।”

তিনি আরও বলেন, “পিলখানা হত্যাকাণ্ড, মোদিবিরোধী আন্দোলন এবং জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত। এসবের বিচার নিশ্চিত করতে হবে, কারণ যদি এখন বিচার না হয়, তবে ভবিষ্যতে এর আর কোনো সুযোগ থাকতে পারে না।”

সংখ্যালঘুদের প্রসঙ্গে তিনি বলেন, “ভারতে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানাই। দেশটির মিডিয়া ৫ আগস্ট পরবর্তী গুজব ছড়াচ্ছে এবং এসবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম


 




চব্বিশ আমাদের হাতে আরেকটি সুযোগ তৈরি করে দিয়েছে: রাশেদ খান

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে অন্যতম রাশেদ খান বলেছেন, “চব্বিশ আমাদের হাতে আরেকটি সুযোগ তৈরি করে দিয়েছে। এইবার যদি আমরা গড়তে না পারি, তাহলে এই গণঅভ্যুত্থান অতীতের বিপ্লবের মতো ব্যর্থ হবে।” তিনি আরও জানান, একাত্তরের সঙ্গে চব্বিশকে কোনোভাবেই তুলনা করা যাবে না।

রাশেদ খান বুধবার (২৬ মার্চ) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি যোগ করেন, “একাত্তর আমাদের স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছে, এবং এই স্বাধীনতাকে অন্য কোনো বিপ্লব বা আন্দোলনের সঙ্গে তুলনা করা যাবে না। একাত্তরের শহীদরা আমাদের পথ দেখিয়েছিলেন বলেই পরবর্তীতে আমরা অন্যান্য আন্দোলন করার সাহস পেয়েছি।”

রাশেদ খান চব্বিশের আন্দোলন নিয়ে আরও বলেন, “চব্বিশে আমরা সর্বশেষ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। এই লড়াই সবে মাত্র শুরু হয়েছে। হাসিনার পতন হয়েছে, কিন্তু তার ফ্যাসিবাদী শাসন এখনো শেষ হয়নি। এখনো সচিবালয়, পুলিশ, র‌্যাব, বিজিবি সহ সকল বাহিনীতে আওয়ামী লীগের প্রেত্মাতারা রয়েছেন।”

তিনি শেষ করেন, “আমাদের লড়াই তখনই শেষ হবে, যখন আমরা আওয়ামী লীগের সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে ফেলতে পারব।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম