ঈদে মিষ্টিমুখ: নতুন স্বাদের তিনটি রেসিপি

ঈদ মানেই উৎসব, আর উৎসব মানেই সুস্বাদু খাবার! এবার ঐতিহ্যবাহী লাচ্ছা সেমাই বা নারকেলের সেমাইয়ের পরিবর্তে চমৎকার তিনটি নতুন রেসিপি দিয়ে ঈদ আনন্দ বাড়িয়ে তুলুন।
বাতাসার পায়েস
উপকরণ:
- দুধ – ১ লিটার
- আতপ চাল – ৫০ গ্রাম
- বাতাসা – ২৫০ গ্রাম
- ঘি – ১ চা চামচ
- দুধের গুঁড়া – ১০০ গ্রাম
- তেজপাতা – ২টি
- এলাচ – ২টি
- কিসমিস – ১৫টি
- কাজুবাদাম – ১৫টি
প্রস্তুত প্রণালী: প্রথমে দুধ জ্বাল দিয়ে কিছুটা গরম হলে কিছুটা দুধ আলাদা রেখে দিন। এতে গুড়ো দুধ মিশিয়ে রাখুন। এরপর দুধে তেজপাতা ও এলাচ দিন। চাল ধুয়ে শুকিয়ে নিন এবং ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার দুধ ঘন হলে তাতে চাল দিয়ে ফুটিয়ে নিন। চাল সিদ্ধ হলে মিশ্রিত গুড়া দুধ দিন এবং কিছুক্ষণ নেড়ে বাতাসা যোগ করুন। নাড়তে নাড়তে ঘন হলে নামানোর আগে বাদাম ও কিসমিস ছড়িয়ে দিন।
নবাবী সেমাই
উপকরণ:
- লাচ্ছা সেমাই – ২৫০ গ্রাম
- দুধ – ১ কেজি
- মিল্ক পাউডার – ২০০ গ্রাম
- কর্নফ্লাওয়ার – ৩ চামচ
- কনডেন্সড মিল্ক – ৫০ গ্রাম
- ঘন ক্রিম – ৫০ গ্রাম
- চিনি – স্বাদমতো
প্রস্তুত প্রণালী: প্রথমে কড়াইতে ঘি গরম করে সেমাই ভাজুন। এরপর চিনি ও মিল্ক পাউডার দিয়ে আরও ভাজুন। অন্য একটি পাত্রে দুধ জ্বাল দিন। ৫ মিনিট পর কনডেন্সড মিল্ক ও চিনি দিয়ে নেড়ে নিন। এরপর ক্রিম ও কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে ঘন করুন। একটি পাত্রে ভাজা সেমাই দিয়ে তার উপর ক্রিম মিশ্রণ ছড়িয়ে দিন। এর উপর আবার সেমাই দিন এবং বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
শাহী টুকরা
উপকরণ:
- পাউরুটি – ৪-৬ টুকরা
- দুধ – ১/২ লিটার
- ঘি – ২ টেবিল চামচ
- চিনি – ১/২ কাপ
- পানি – ১ কাপ
- ছোট এলাচ – ২-৩টি
- কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম ও কিসমিস – পরিমাণমতো
প্রস্তুত প্রণালী: প্রথমে চিনি ও এলাচ দিয়ে ঘন সিরাপ তৈরি করে ঠান্ডা করুন। পাউরুটির চারপাশ কেটে কোণাকুণি করে নিন। ফ্রাইপ্যানে ঘি গরম করে পাউরুটির টুকরাগুলো ভালোভাবে ভেজে নিন। এরপর এগুলো সিরায় কয়েক সেকেন্ড ডুবিয়ে তুলুন।
এবার ফ্রাইপ্যানে বাদাম ও কিসমিস হালকা আঁচে ভেজে নিন। দুধ জ্বাল দিয়ে ঘন হলে তাতে বাদাম মিশিয়ে নিন। সাজিয়ে রাখা পাউরুটির উপর এই দুধের মিশ্রণ ছড়িয়ে পরিবেশন করুন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








