বিনিয়োগ সম্মেলন শুরু আজ




গাজায় হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক

ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল ও ইসলামিক ফোর্সেস গ্রুপ। আগামীকাল সোমবার, ৭ এপ্রিল এই ধর্মঘট পালনের ঘোষণা দিয়ে ফিলিস্তিনের পক্ষ থেকে বিশ্বের প্রতিটি দেশের বিবেকবান মানুষকে এই প্রতিবাদে শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ওয়াফা’কে উদ্ধৃত করে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ফিলিস্তিনের জনগণের ওপর চলমান হত্যাযজ্ঞকে বিশ্ববাসীর সামনে স্পষ্টভাবে তুলে ধরার সময় এখন। এ লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টির কথা বলা হয়েছে বিবৃতিতে। ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে বেগবান করার পাশাপাশি ইসরায়েলি আগ্রাসনের আন্তর্জাতিক জবাবদিহিতার দাবি জানিয়েছে সংগঠনটি।

ফিলিস্তিনি ন্যাশনাল ও ইসলামিক ফোর্সেস একটি গুরুত্বপূর্ণ জোট, যারা দেশটির স্বাধীনতা ও অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয়। জোটটি কারাবন্দি নেতা মারওয়ান বারগুতিকে তাদের নেতা হিসেবে মান্য করে এবং তার নির্দেশনায় আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আজ রোববার গাজায় ইসরায়েলের চালানো হামলায় আরও ৪৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই ভয়াবহ সংঘর্ষে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। গাজায় প্রতিদিন যেভাবে নিরস্ত্র মানুষদের ওপর হামলা চালানো হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধের সামিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্ব শিশু সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, শুধুমাত্র গত দুই সপ্তাহেই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ৩০০-রও বেশি শিশু। এই নিষ্ঠুরতা ও ধ্বংসযজ্ঞে গাজা শহর এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ধ্বংস হয়েছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বসতবাড়ি।

বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলোও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। ধর্মঘটের আহ্বান বাস্তবায়নের মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলা এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানানো হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ: ৪৮ ঘণ্টার মধ্যে দুটি চিঠি দেবে বাংলাদেশ সরকার

বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ৩৭ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাণিজ্য দপ্তর ইউএসটিআরকে দুটি চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টার দপ্তরে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে এই তথ্য জানান তিনি। চিঠিগুলোর একটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ট্রাম্পকে এবং অপরটি বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে ইউএসটিআরকে পাঠানো হবে।

প্রেস সচিব বলেন, চিঠিতে বাংলাদেশের রপ্তানি খাত রক্ষায় সম্ভাব্য কর্মপরিকল্পনার কথা থাকবে। এগুলো হবে ব্যবসাবান্ধব এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ উভয়ের স্বার্থ রক্ষায় সহায়ক। বিশ্বের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে বাংলাদেশ যাতে আরও ব্যবসা সম্প্রসারণ করতে পারে, সে দিকেও জোর দেওয়া হবে।

সভায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চারজন উপদেষ্টা, চারজন ব্যবসায়ী প্রতিনিধি, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, ১০ জন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার নির্বাহী চেয়ারম্যান প্রমুখ।

অর্থ উপদেষ্টা চারটি কৌশলগত দিক তুলে ধরেন— ১. যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ,
২. প্রতিযোগী দেশের তুলনায় তৈরি পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধি,
৩. যুক্তরাষ্ট্র থেকে পণ্য ছাড়াও অন্যান্য সেবা আমদানি,
৪. অশুল্ক বাধা দূরীকরণ।

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে ইতিবাচক বার্তা পাওয়া গেছে এবং অচিরেই কর্মপন্থা চূড়ান্ত হবে।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শ্রমিকের মজুরি কমানো নয়, বরং উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি অশুল্ক বাধা দূর করে বাণিজ্য সম্প্রসারণে জোর দেওয়া হবে।

ব্যবসায়ী প্রতিনিধি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, সরকারের পদক্ষেপে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে তিনি পোশাকের বাইরে নতুন খাত চিহ্নিত করার দিকেও নজর দেওয়ার পরামর্শ দেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




হাছান মাহমুদের ৯ ও তার স্ত্রীর ৫৬ ব্যাংক হিসাব, লেনদেন ৭২২ কোটি




ক্রিকেটার সাকিব দুর্নীতি মামলারও আসামি হতে পারেন 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দুর্নীতির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি ভবিষ্যতে দুর্নীতি মামলার আসামি হতে পারেন।



যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক সামাল দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে অর্থনীতিতে প্রভাব পড়লেও তা সামাল দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে সরকার উদ্বিগ্ন হলেও ইতোমধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশাবাদী, পরিস্থিতি থেকে ভালো কিছুই বেরিয়ে আসবে।”

উল্লেখ্য, এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক কার্যকর ছিল। তবে গত ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন হঠাৎ করেই তা বাড়িয়ে ৩৭ শতাংশ করার ঘোষণা দেয়, যা রপ্তানিখাতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

তবে ড. সালেহউদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, “রমজান ও ঈদের সময় পণ্যের দাম স্থিতিশীল ছিল, যা সাধারণ জনগণকে স্বস্তি দিয়েছে। এবার মানুষের ঈদ ভালো কেটেছে। মার্চ মাসে ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। অর্থনীতির সামগ্রিক অবস্থা উন্নতির পথে রয়েছে।”

মো. আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীর দুমকিতে আওয়ামী লীগ নেতাসহ দুইজন আটক

পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রেজাউল হক রাজন এবং মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কলেজ শিক্ষক ফরিদ আহম্মেদ মোল্লাকে আটক করেছে পুলিশ। পৃথক মামলায় তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে মো. রেজাউল হক রাজনকে আটক করা হয়। পরে তাকে মির্জাগঞ্জ উপজেলার একটি মামলায় আটক দেখিয়ে মির্জাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, রবিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজার এলাকা থেকে আজিজ আহমেদ ডিগ্রি কলেজের হিসাবরক্ষণ বিষয়ের প্রভাষক ফরিদ আহম্মেদ মোল্লাকে আটক করে পুলিশ। তাকে দুমকি উপজেলা বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ আহম্মেদ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন। এছাড়া জুলাই মাসে অনুষ্ঠিত আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে হামলা চালান তিনি, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো. আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি বাড়ানোর আশাবাদ প্রকাশ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি কমবে না, বরং আরও বাড়বে। তিনি বলেন, “আমরা এমন কিছু পদক্ষেপ গ্রহণ করব, যার ফলে বর্তমানে বাংলাদেশ যে পরিমাণ রফতানি করে, তার চেয়ে এটি আরও বৃদ্ধি পাবে।”

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সরকারের পদক্ষেপ সম্পর্কে শফিকুল আলম বলেন, “যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন শুল্ক হার নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ বৈঠকে আমাদের রেসপন্স কী হবে এবং মার্কিন প্রশাসনকে কীভাবে লিখিত প্রতিক্রিয়া প্রদান করা হবে, সে বিষয়ে আলোচনা করা হবে।”

এছাড়া, প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, “বর্তমান সরকার অত্যন্ত ব্যবসাবান্ধব এবং এক্সপোর্টবান্ধব। আমি নিশ্চিত, আজকের বৈঠকে কিছু ইতিবাচক সিদ্ধান্ত আসবে, যা দেশের অর্থনীতির জন্য ভালো ফল বয়ে আনবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর জন্য আমদানি বৃদ্ধি বিবেচনা করছে সরকার

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করার পর, বাণিজ্য ঘাটতি কমানোর উপায় হিসেবে আমদানি বৃদ্ধির বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শনিবার (৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন তিনি।

শেখ বশিরউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের কারণে দেশের বাণিজ্য পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, তবে এটি মোকাবিলায় সরকার বিভিন্ন কৌশল নিয়ে কাজ করছে। তিনি জানান, এই সংকটকালে বাণিজ্য ঘাটতি হ্রাস করার জন্য আমদানি বৃদ্ধি নিয়ে সরকার আলোচনা করছে। শুল্ক ছাড়াও, দেশের বাণিজ্যিক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যা অপসারণ হলে বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া এবং অন্যান্য প্রতিযোগী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পণ্য বৈচিত্র্যপূর্ণ হওয়ায়, এই পরিস্থিতি শুধু প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বরং নতুন সম্ভাবনার দুয়ারও খুলে দিতে পারে।

এছাড়া, প্রধান উপদেষ্টা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।

বিশেষ দূত ড. খলিলুর রহমান বলেন, “আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা এখনো যুক্তরাষ্ট্রের সাথে নিবিড় আলোচনায় আছি। আমরা আশা করছি যে, এই আলোচনা থেকে ইতিবাচক ফলাফল পাবো।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরগুনা-আমতলীতে ভাড়া নিয়ন্ত্রণে অভিযানে জরিমানা ৩১ হাজার টাকা

ঈদ পরবর্তী সময় কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বরগুনা বাস টার্মিনাল ও লঞ্চঘাট এবং আমতলী উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে যৌথবাহিনীর অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুর থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসান। অভিযানে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ বাহিনীও। নৌবাহিনীর পক্ষে নেতৃত্ব দেন বরগুনা নৌ কন্টিনজেন্ট তালতলী ডিটাচমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট এম নাইম হাসান এবং পুলিশের পক্ষ থেকে ছিলেন আমতলী থানার উপ-পরিদর্শক মো. আলমগীর।

অভিযানে যৌথবাহিনী বাসস্ট্যান্ডের প্রতিটি কাউন্টারে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং টিকিটের মূল্য যাচাই করেন। এ সময় বেশ কয়েকটি পরিবহন সার্ভার সমস্যার কারণে টিকিট বিক্রি বন্ধ রয়েছে বলে দাবি করে।

পরে আমতলী লঞ্চঘাটে এমভি ইয়াদ-১ ও এমভি ইয়াদ লঞ্চে অভিযান চালানো হয়। নিয়মিত যাত্রীসেবা না দেয়া এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩০,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া গণশৌচাগারে অতিরিক্ত টোল আদায়ের দায়ে আরও ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসান বলেন, “যাত্রীরা যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। যাত্রী হয়রানির অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম