বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা




বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ




বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ব্রিকসের ব্যাংক, বাড়ছে এক বিলিয়ন ডলারের ঋণ সহায়তা

ব্রিকসভুক্ত উদীয়মান অর্থনীতির দেশগুলোর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সাংহাই ভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠান ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)’ চলতি বছর বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে।

এনডিবির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান।

তিনি বলেন, ঢাকার পানি সরবরাহ খাতে স্থিতিশীলতা আনতে ‘এক্সপ্যান্ডেড ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্ট প্রকল্পে’ ইতোমধ্যে ৩২০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের প্রয়োজন বিবেচনায় চলতি বছর তারা এই সহায়তা তিনগুণের বেশি করতে আগ্রহী।

ভ্লাদিমির কাজবেকভ আরও জানান, বাংলাদেশের গ্যাস খাতের অবকাঠামো উন্নয়নে বড় আকারের অর্থায়নেও আগ্রহী এনডিবি। পাশাপাশি বেসরকারি খাতকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করতে চায় তারা।

এ সময় দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্য আবাসনসহ সামাজিক অবকাঠামো উন্নয়নে ঋণ সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, উন্নয়ন সহযোগী হিসেবে এনডিবি বাংলাদেশের অবকাঠামো খাতে বড় ধরনের ভূমিকা রাখতে পারে।

ভ্লাদিমির কাজবেকভ বলেন, এনডিবি এখন বহুমুদ্রাভিত্তিক ঋণ কার্যক্রম শুরু করেছে, যা বাংলাদেশকে বৈদেশিক মুদ্রা বিনিময়ে সুবিধা দেবে এবং উন্নয়ন প্রকল্পে স্থিতিশীলতা আনবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এনডিবিকে অনুরোধ জানান, বাংলাদেশে ‘কান্ট্রি স্ট্র্যাটেজি প্রোগ্রাম’ চালু করার জন্য, যাতে দেশটির উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সংগতি রেখে প্রকল্প গ্রহণ করা যায়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দেশে এতোদিন বিনিয়োগের অনুকূল পরিবেশ ছিল না: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি এসব কথা আজ (৮ এপ্রিল) চীনা বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে বলেন, যা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অংশগ্রহণ করতে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ যোগদান করতে ঢাকায় এসেছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “গত আট মাস ধরে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে বিনিয়োগ সহজ করার জন্য কাজ করছে। দেশে এখন যে বিনিয়োগ পরিবেশ তৈরি হয়েছে, তাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য এটি আরও কার্যকরী হবে।” তিনি আরও জানান, সরকারের প্রবর্তিত বাণিজ্য এবং শ্রম-সম্পর্কিত সংস্কার বিদেশি বিনিয়োগকে আরও উৎসাহিত করবে, বিশেষত চীনা ও দক্ষিণ কোরিয়ার উৎপাদন কারখানাগুলির বাংলাদেশে স্থানান্তর সহজতর করবে।

প্রফেসর ইউনূস জানান, তিনি কোরিয়া এবং চীনা বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতঃরাশ সভা করবেন, যেখানে তারা বাংলাদেশে তাদের বিনিয়োগ সম্পর্কিত যেকোনো উদ্বেগ তুলে ধরতে পারবেন এবং তাদের বিনিয়োগ প্রক্রিয়া দ্রুততর করার উপায় নিয়ে আলোচনা করবেন।

এছাড়াও, বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) প্রতি মাসে কোরিয়ান এবং চীনা বিনিয়োগকারীদের সঙ্গে মাসিক প্রাতঃরাশ বৈঠক আয়োজন করবে, যাতে তারা বিনিয়োগ সংক্রান্ত সমস্যা ও উদ্বেগ তুলে ধরতে পারে। প্রধান উপদেষ্টা আরও একটি হটলাইন এবং কল সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন, যা বিদেশি বিনিয়োগকারীদের অভিযোগ নিবন্ধন এবং তাৎক্ষণিকভাবে সমাধান করতে সাহায্য করবে।

এই বৈঠকে অন্তর্ভুক্ত ছিলেন চীনের বৃহত্তম কোম্পানির প্রতিনিধিরা, যাদের মধ্যে ৩০ জন বিশিষ্ট চীনা বিনিয়োগকারী ছিলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডগিয়ার কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট পলিন এনগান।

ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সাথে তার সাম্প্রতিক বৈঠকের বিষয়ও তুলে ধরেন, যেখানে প্রেসিডেন্ট শি শীর্ষ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করতে উৎসাহিত করার কথা বলেন।

এছাড়া, প্রধান উপদেষ্টা বলেন, “আমি এই আহ্বানে মুগ্ধ হয়েছি এবং আশা করি চীনা বিনিয়োগকারীরা দ্রুত বাংলাদেশে তাদের বিনিয়োগ কার্যক্রম শুরু করবে।”

মো: তুহিন হোসেন,
স্পেশাল করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




এজেন্সির গাফিলতিতে ১০ হাজার যাত্রীর হজ অনিশ্চিত

এ বছর ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রীর হজ অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ ৯টি হজ এজেন্সি মক্কা ও মদিনায় বাড়িভাড়া এবং হজযাত্রী পরিবহন চুক্তি যথাসময়ে সম্পন্ন করেনি। ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এজেন্সিগুলোর গাফিলতির কারণে মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া সংক্রান্ত কোনো তথ্য আপলোড হয়নি ‘নসুক মাসার সিস্টেম’-এ। এর ফলে ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রীর হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। তবে, সৌদি আরবের প্ল্যাটফর্মে সময়সীমা শেষ হলেও এখনো বাড়ি ভাড়া করার সুযোগ রয়েছে, এই বিষয়ে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

এদিকে, মন্ত্রণালয়ের কর্মকর্তারা ৭ এপ্রিল হজ এজেন্সিগুলোর সঙ্গে একটি বৈঠক করেন এবং বিষয়টি সমাধান করার জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। ধর্ম উপদেষ্টা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সি গুলোর কার্যক্রম শেষ না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং লাইসেন্স বাতিলসহ ফৌজদারি মামলা করা হতে পারে।

এ বছর ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালনের জন্য নিবন্ধন করেছেন, তাদের মধ্যে ১০ হাজার ৪৮৭ জনের বাড়ি ভাড়া এখনও চূড়ান্ত হয়নি।

মো: তুহিন হোসেন,
স্পেশাল করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মালয়েশিয়া গমনকালে ২১৪ রোহিঙ্গা আটক

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ২১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৮ এপ্রিল) বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমের একটি মাছ ধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাদের আটক করে।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাছ ধরার নৌকা ‘এফভি কুলসুমা’-এর গতিপথ রোধ করে তল্লাশি চালানোর পর ২১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে। তারা সবাই মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিক বলে জানা যায়।

নৌবাহিনী আরও জানায়, আটককৃত নৌকাটি ৮ এপ্রিল মধ্যরাতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, নৌকাটি জীবনের প্রয়োজনীয় সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য ও পানি ছাড়াই যাত্রা করছিল, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয়ের সৃষ্টি করতে পারত। নৌবাহিনীর কার্যকর পদক্ষেপের মাধ্যমে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন পিটার হাস

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানির মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পিটার হাস, আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অফিসের প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সাক্ষাৎ সম্পর্কে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে, তবে এতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান এবং পরে অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে যোগ দেন।

অ্যাকসিলারেট এনার্জি, যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান, যা এলএনজি সরবরাহের পাশাপাশি এলএনজি রূপান্তরের ভাসমান টার্মিনাল ও অবকাঠামো উন্নয়নে কাজ করে। প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ বিভিন্ন দেশে, যেমন আরব আমিরাত, যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা, ফিলিপাইন, সিঙ্গাপুরে তাদের ব্যবসা পরিচালনা করছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ঈদের ছুটিতে বরিশাল শেবাচিম হাসপাতালে ১৮৫ রোগীর মৃত্যু

ঈদের ছুটির আট দিনে বরিশাল শের-ই-বংলা মেডিকেল কলেজ হাসপাতালে সড়ক দুর্ঘটনা, বিভিন্ন রোগ ও অন্যান্য কারণে ১৮৫ রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১ হাজার ৮৫০ জন রোগী ভর্তি আছেন। তবে ঈদের ছুটিতে কিছু রোগীর স্বজনরা অভিযোগ করেছেন যে, বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সংকটের কারণে রোগীরা যথাযথ চিকিৎসা পাননি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন ৩০ মার্চ হাসপাতালে ২১ জন রোগীর মৃত্যু হয়। এদিন হাসপাতালে ১ হাজার ৭৯৯ জন রোগী ভর্তি ছিল। এদিন ৪০৫ জন নতুন রোগী ভর্তি হয়, এবং ৩৬৪ জন রোগী ছাড়পত্র নিয়ে চলে যান।

ঈদের পরের দিন ৩১ মার্চ হাসপাতালে ১৯ জন রোগী মারা যান, এবং ৪৪৬ জন নতুন রোগী ভর্তি হয়। পরবর্তী দিন, ১ এপ্রিল মৃত্যু হয় ১৮ জন রোগীর। একইভাবে ২ এপ্রিল, ৩ এপ্রিল, ৪ এপ্রিল, ৫ এপ্রিল ও ৬ এপ্রিল দিনগুলোতে যথাক্রমে ২৮, ২৩, ২৮, ২৫, ২৩ জন রোগী মারা যান।

হাসপাতাল সূত্র জানায়, ঈদের সময় হাসপাতালে প্রায় ২ হাজার রোগীর চিকিৎসা দেওয়ার জন্য ৩০ থেকে ৩৫ জন চিকিৎসক দায়িত্ব পালন করেছেন। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, মৃত্যুর সংখ্যা বেশি হলেও চিকিৎসা সেবায় কোনো ত্রুটি ছিল না, কারণ এখানে প্রতিদিন গড়ে ২০ জন রোগীর মৃত্যু হয়।

হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাহামুদ হাসান জানিয়েছেন, প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৮০০ রোগী ভর্তি হয়ে থাকে, এবং ছুটির দিনগুলোতে যেসব রোগী ভর্তি হন, তারা প্রায়ই মুমূর্ষু অবস্থায় আসেন। তাঁর মতে, এই পরিমাণ মৃত্যু স্বাভাবিক এবং কোনো বিশেষ অস্বাভাবিকতা নেই।




গণতান্ত্রিক সরকারই পারে দেশকে স্থিতিশীল করতে: আহমেদ আযম

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আযম খান বলেছেন, গণতান্ত্রিক সরকারই পারে দেশের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে। তিনি নির্বাচন নিয়ে কালক্ষেপন না করার আহ্বান জানিয়ে বলেন, “সুন্দর নির্বাচন করার পর আমরা যেন ড. ইউনূসকে ফুল দিয়ে বিদায় জানাতে পারি।”

আজ মঙ্গলবার ভোলার চরফ্যাসনদলীয় অফিসে এক সমাবেশে এ কথা বলেন তিনি। আহমেদ আযম খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনএর দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি চরফ্যাসনে ব্যবসায়ী মোঃ মাসুদমনপুরার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সম্পাদক মোঃ রাসেদ হত্যা প্রসঙ্গে বলেন, হত্যার বিচার দাবি করে, যদি বিএনপির কেউ এতে জড়িত থাকে, তা তদন্ত করে দেখা উচিত।

নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য কুশল বিনিময় করে সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ এর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন, সাবেক যুবদল সভাপতি আশরাফুল আলম দিপু এবং ফরাজি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

গত শুক্রবার উপজেলার আহাম্মদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আল-আমিন এর নেতৃত্বে হামলায় নিহত হন মাসুদ, এবং মনপুরায় দলের অপর এক গ্রুপের হামলায় নিহত হন রাসেদ। এই হত্যাকাণ্ডে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমযুবদল সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়ন পৃথকভাবে শোক জানান এবং নিহতদের বাড়িতে গিয়ে শান্তনা জানান।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




খেয়াঘাটের ইজারা নিয়ে বিরোধ, ব্যবসায়ীর দোকানে তালা

পিরোজপুরের কাউখালীতে খেয়াঘাটের ইজারা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীর দোকানে তালা দিয়ে চাবি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির ও তার লোকজনের বিরুদ্ধে।

এ অভিযোগ করেছেন উপজেলার আমড়াঝুড়ি এলাকার ব্যবসায়ী লিমন তালুকদার

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আমড়াঝুড়ি খেয়াঘাট এর ইজারার জন্য লিমনকে দরপত্র জমা দিতে নিষেধ করেন বিএনপি নেতা অহসান। নিষেধ উপেক্ষা করে দরপত্র জমা দেওয়ায় আহসান ক্ষিপ্ত হন। এর পরেই ২৪ মার্চ রাতে আহসান ও তার লোকজন লিমন তালুকদারের দোকানে হামলা চালান। হামলার সময় দোকানের ক্যাশ বাক্সে থাকা দেড় লাখ টাকা লুট করা হয় এবং কর্মচারীদের মারধর করে সিসিটিভি ক্যামেরা ভেঙে ডিভিডি নেওয়া হয়। পরে দোকানে তালা দিয়ে চাবি নিয়ে চলে যান তারা।

লিমন তালুকদার জানান, হামলার পর দোকান বন্ধ থাকায় তার ব্যবসার বড় ক্ষতি হয়েছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, “বিষয়টি আমি শুনেছি, তবে কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া, অভিযুক্ত এসএম আহসান কবির অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।