বরিশালে ডায়রিয়ার প্রকোপ, জায়গা হচ্ছে না হাসপাতালে

চৈত্র মাসের তাপপ্রবাহ ও কাঠফাটা রোদে বরিশালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বরিশাল জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে ৩০-৪০ জন রোগী ভর্তি হচ্ছেন। তবে হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীদের সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত স্যালাইন মজুদ রাখা হয়েছে। কিন্তু বেড সংকটের কারণে রোগীদের জন্য কষ্টকর পরিস্থিতি তৈরি হয়েছে। বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের নার্স অর্চনা রানী বলেন, “গরম বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন গড়ে ৩০-৪০ জন রোগী ভর্তি হচ্ছেন এবং সামনে চাপ আরও বাড়তে পারে। বেড সংকটের কারণে রোগীরা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।”
এদিকে, হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ভর্তিকৃত রোগীদের মধ্যে বয়স্কদের সংখ্যা বেশি। তারা ধারণা করছেন, অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণেও ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। বরিশাল জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক ডা. আশিকুর রহমান বলেন, “যেহেতু ডায়রিয়া পানিবাহিত রোগ, তাই পরিষ্কার পানি পান করাটা খুবই জরুরি। রোগীরা যদি অপরিষ্কার অবস্থায় থাকেন, তাহলে এ রোগ হতে পারে। সবাইকে সচেতন থাকতে হবে।”
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে অনেকেই প্রথমে পেটের ব্যথা ও বমি অনুভব করেন, পরে ডায়রিয়া শুরু হলে হাসপাতালে ভর্তি হন। কিছু রোগী শুরুতে ফার্মেসি থেকে ওষুধ কিনে ব্যবহার করলেও তাতে কাজ না হওয়ায় তারা হাসপাতালে এসেছেন। ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রোগী আকলিমা বেগম জানান, “হঠাৎ পেট খারাপ হলে হাসপাতালে ভর্তি হয়েছি। ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়েছি, কিন্তু কাজ না হওয়ায় হাসপাতালে এসেছি।”
বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল জানান, “প্রতিদিন ৩০-৪০ জন রোগী ভর্তি হচ্ছে, এছাড়া বহির্বিভাগেও অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন। আমাদের কাছে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ মজুদ রয়েছে, তবে বেড সংকটের কারণে সমস্যা হচ্ছে।”
চিকিৎসকদের ধারণা, সামনের দিনে তাপমাত্রা আরও বাড়লে হাসপাতালে রোগীর চাপ আরও বৃদ্ধি পেতে পারে। বরিশালের আবহাওয়া অফিস জানায়, চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, এবং ভবিষ্যতে তাপমাত্রা আরও বাড়তে পারে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








